নবনিযুক্ত উপাচার্যকে (ভিসি) প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান আন্দোলন অব্যাহত আছে। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা বলেন, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামে। এই শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মীদের দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায়ও আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। শুক্রবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন অব্যাহত থাকে। নতুন উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ডাক দেওয়া হয়। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এ নিয়ে পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হন।

একই দাবিতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাঁদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। সকাল থেকে ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাঁদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং গতকালের দুই গ্রুপের সংঘর্ষে যারা জড়িত তাদের সবার বিচার করতে হবে।

এদিকে নতুন ভিসি মোহাম্মদ ইকবাল গতকাল সন্ধ্যায় যোগদান করলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। রাতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডুয়েটের ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলা এই আন্দোলনে স্থানীয় ও ক্যাম্পাস ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের স্পষ্ট অবস্থান ও তৎপরতা দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে গতকাল রাতে ডুয়েটিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। দলের হয়ে কেউ ডুয়েটে রাজনীতি করতে পারবে না এবং করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটকে অবস্থান করছেন। নতুন ভিসি এখনো ক্যাম্পাসে আসেননি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে কমিশনার নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমদ। পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর ফলে ওই দুই মামলাসহ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ১২টি মামলায়ই তার জামিন বহাল রয়েছে। তাতে নাসিকের সাবেক এ মেয়রের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে, ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করলে তা রোববার চেম্বার আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে। আর আদালত তার জামিন বহাল রাখেন।

এর আগে, আইভীর বাকি ১০ মামলায় কয়েক দফায় হাইকোর্টের জামিন বহাল রেখে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বৈঠকে অংশ নেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ এবং করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

 

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে আড়াই দশকেরও বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে 'ফৌজদারি অবহেলা' আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়।

রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়েছিল। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, দেশে আবারও হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রিটে যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টরা। হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে দেওয়ার 'অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে' স্বার্থসংশ্লিষ্টভাবে জড়িত থাকার অভিযোগে এই তদন্ত ও নিষেধাজ্ঞার দাবি জানান ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

 

সমালোচকেরা পাত্তা না দিলেও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছিল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। মুক্তির পর ২০ দিনের বেশি পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘মাইকল’–ঝড় চলছেই। মধ্যে বক্স অফিসের শীর্ষস্থান থেকে সেরে গেলেও আবারও উত্তর আমেরিকায় শীর্ষ ফিরেছে সিনেমাটি। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত ছবিটি নতুন করে গতি পেয়েছে আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম স্ক্রিন ফিরে পাওয়ায়।

ছবিটিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। ইতিমধ্যে বিশ্বব্যাপী ছবিটির আয় ৬০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটিই এখন উত্তর আমেরিকায় এটি এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক—অন্তত মূল্যস্ফীতি সমন্বয় ছাড়া হিসাব করলে। এর আগে শীর্ষে ছিল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’।  

‘মাইকেল’–এ জাফর জ্যাকসন। আইএমডিবি
‘মাইকেল’–এ জাফর জ্যাকসন। আইএমডিবি

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহান্তে ‘মাইকেল’ যুক্তরাষ্ট্রে আরও প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার আয় করতে পারে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’–এর প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে। গত সপ্তাহে অধিকাংশ আইম্যাক্স স্ক্রিন দখলে থাকলেও দর্শকের উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি ভিডিও গেম অবলম্বনে নির্মিত এই অ্যাকশন সিক্যুয়েল। ফলে প্রিমিয়াম স্ক্রিনের বড় অংশ আবার চলে গেছে ‘মাইকেল’-এর দখলে।
অন্যদিকে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’।

ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত ছবিটি শুক্রবার বিশ্বব্যাপী ৫০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ফলে ‘বার্বি’র পর এটিই এখন সবচেয়ে বেশি আয় করা নারীপ্রধান চলচ্চিত্র। সপ্তাহ শেষে উত্তর আমেরিকায় ছবিটির আয় দাঁড়াতে পারে প্রায় ১৭ কোটি ৮০ লাখ ডলারে।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’–এর পোস্টার। আইএমডিবি
‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’–এর পোস্টার। আইএমডিবি

তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নতুন এক চমকও। তরুণ নির্মাতা কারি বারকারের অতিপ্রাকৃত হরর ছবি ‘ওবসেশন’ প্রত্যাশার চেয়ে অনেক ভালো সূচনা করেছে। মাত্র সাড়ে সাত লাখ ডলারে নির্মিত ছবিটি প্রথম সপ্তাহেই আয় করতে যাচ্ছে প্রায় দেড় কোটি ডলার। সমালোচক ও দর্শক—দুই পক্ষের কাছ থেকেই দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। রটেন টমেটোসে সমালোচক ও দর্শক উভয় বিভাগেই ছবিটির স্কোর ৯৪ শতাংশ।

‘অবসেশন’-এ অভিনয় করেছেন মাইকেল জনস্টন ও ইনদে নেভারেতি। গল্পে দেখা যায়, এক তরুণ বহুদিন ধরে ভালোবাসে তার বন্ধু নিকিকে। এক রহস্যময় ‘ওয়ান উইশ উইলো’ পাওয়ার পর সে এমন এক ইচ্ছা করে বসে, যা ডেকে আনে ভয়াবহ পরিণতি।
এদিকে ‘মর্টাল কম্ব্যাট ২’ সপ্তাহে বড় ধাক্কা খেতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ছবিটির আয় প্রায় ৬৭ শতাংশ কমে ১ কোটি ২০ থেকে ১ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে নামতে পারে।
শীর্ষ পাঁচে জায়গা ধরে রাখতে পারে ‘দ্য শিপ ডিটেকটিভস’। পরিবারকেন্দ্রিক এই কমেডি-রহস্য ছবিতে একদল কথা বলা ভেড়া তাদের প্রিয় রাখালের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করে।

দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীর চলমান আন্দোলন আজ রোববার সংঘর্ষে রূপ নিয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আজ সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাঁদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকনেতাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় আজ সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল।

ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়
ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়, ছবি: সংগৃহীত
 

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস থেকে আহত অবস্থায় ১৫ জনকে আনা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কেউ আহত হননি বলে জানান তিনি।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সরকারি কর্মকর্তা অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে।

কলম্বিয়ান-ভেনেজুয়েলান এই ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা সাইমে (এসএআইএমই) গতকাল শনিবার নিশ্চিত করেছে।

একজন মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থার এক যৌথ অভিযানে সাব গ্রেপ্তার হন। এর ঠিক এক মাস আগে কারাকাসেই মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নিকোলা মাদুরো।

অ্যালেক্স সাবের এ গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনাকে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতার এক নতুন স্তর হিসেবে দেখা হচ্ছে।

কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ৫৪ বছর বয়সী ব্যবসায়ী অ্যালেক্স সাব এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হন। তখন ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে বন্দী রাখা হয়েছিল।
 

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের অধীন দুই দেশের মধ্যে এমন সহযোগিতার সম্পর্ক দেখা যাচ্ছে। দেলসি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ৫৪ বছর বয়সী ব্যবসায়ী অ্যালেক্স সাব এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হন। তখন ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে বন্দী রাখা হয়েছিল।

পরে ২০২৩ সালে ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে একটি বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবকে বিশেষ ক্ষমায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।

নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে আটককেন্দ্র থেকে হেলিকপ্টারে করে নিউইয়র্কের আদালতের কাছে একটি হেলিপোর্টে নেওয়া হয় তাঁদের। যুক্তরাষ্ট্র, ৫ জানুয়ারি
নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে আটককেন্দ্র থেকে হেলিকপ্টারে করে নিউইয়র্কের আদালতের কাছে একটি হেলিপোর্টে নেওয়া হয় তাঁদের। যুক্তরাষ্ট্র, ৫ জানুয়ারি, ছবি: রয়টার্স
 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, সাবেক প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে আনা অপরাধমূলক মামলাগুলো আরও জোরালো করতে মার্কিন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারেন এই ব্যবসায়ী।

মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে গত জানুয়ারিতে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দুজনই তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
 

উল্লেখ্য, মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে গত জানুয়ারি মাসে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দুজনই তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বহিষ্কারের বিষয়ে অ্যালেক্স সাবের আইনজীবী লুইজি জিউলিয়ানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্স

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিনজন ইউপিডএফের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানের সময় গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হন।

আটকরা হলেন– সাথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (১৯)। এদের মধ্যে সাথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এদের মধ্যে রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও রামগড় থানা পুলিশ।

এ সময় অস্ত্রধারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে সাথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৬ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিনসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার (১৬ মে) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশীদ। অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত আসামি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, তা আমরা বাস্তবায়ন করবো। এতে মানুষ উপকৃত হবে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদের রাজনীতি প্রতিশ্রুতি পালনের। এই রাজনীতি পছন্দ হলে, বিশ্বাস করলে সচেতন থাকতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদরের বিশ্ব খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাল খনন কর্মসূচিতে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ উপকৃত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে কৃষকদের।

তারেক রহমান বলেন, প্রথম পর্বের আন্দোলন সফল হয়েছে। দ্বিতীয় পর্বে দেশকে পুনর্গঠন করতে হবে। ১৬ বছর দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রশাসনকে রাজনীতিকীকরণ করা হয়েছে। আরেকটি দেশের চিকিৎসার সুবিধার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একটা বালিশের দাম ৮০ হাজার টাকা করে বিদেশে পাচার করা হয়েছে।
 
স্বৈরাচাররা বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না বলেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যখন প্রতিশ্রুতি পালন শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ বিভ্রান্তিমূলক কথা বলছে। সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে যে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।

মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যেসব কাজ করার রায় মানুষ দিয়েছে, সেসব কাজ আমরা বাস্তবায়ন করবো। কেউ বাধা দিতে চাইলে মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে। বিভ্রান্তকারীদের ফাদে পা দেয়া যাবে না।

এ সময় সরকারপ্রধান আরও বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণ যতক্ষণ সমর্থন দেবে, দেশের জন্য কাজ করে যাব। তার থেকে একবিন্দু এদিক ওদিক হবে না। ’৭১ সালে যেমন স্বাধীন করেছিলাম, এখন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পথে কুমিল্লার বরুড়া এলাকায় একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। পরে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

জানা গেছে, এই সফরে নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুরজুড়ে সাজসজ্জা, প্রচারণা ও নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি চোখে পড়ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আলোচনা।