আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

তার পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল নয়টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী। দুপুর বারোটায় ময়মনসিংহের ত্রিশালে যাবেন। সেখানে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের। 

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার ময়মনসিংহ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। 

ঈদযাত্রা শুরু হয়েছে আজ। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথমদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মই এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। 

যাত্রীরা বলেন, ট্রেনে অগ্রিম টিকিট পেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভোগান্তি রয়েছে। এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, এবারের ঈদযাত্রায় আমরা তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। ছাদে যাত্রী উঠা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ জোরদার করা হয়েছে । সার্বিকভাবে ভ্রাম্যমাণ আদালত ও পর্যবেক্ষণ টিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ শনিবার এবং আগামীকাল রোববার সরকারি দফতর খোলা থাকবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে!’

গতকাল শুক্রবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর ঘটে যাওয়া নির্মম সহিংসতার খবরে ইউনিসেফ গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। এর মধ্যে রয়েছে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যার মতো ঘটনা। অথচ যেসব জায়গায় তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই এসব সহিংসতার শিকার হয়েছে তারা।

ইউনিসেফ ভুক্তভোগী সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তা দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তা সামনে এনেছে। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তা দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তা সামনে এনেছে। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দূর করতে হবে।

নারী ও শিশুদের জন্য মানসিক সহায়তার পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও শিশুযত্ন কেন্দ্রে জবাবদিহি আরও বাড়াতে হবে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যেন ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকারের প্রতি সম্মান দেখান এবং এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকেন। এর বদলে অপরাধীদের শাস্তি থেকে দায়মুক্তি দেওয়ার অবসান ঘটানো ও মানুষের নিরাপত্তা জোরদার করার দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে।
 

সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। ইউনিসেফ শিশু, নারী, পরিবার ও সমাজের মানুষকে যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছে। এ জন্য প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে, যা ভুক্তভোগী শিশুদের তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা দিয়ে থাকে।

নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানানো উচিত। তাদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন। যাঁরা এগুলো শেয়ার করেন, তাঁরা মূলত ভুক্তভোগী ও তাঁদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি অসম্মান প্রদর্শন করেন।

সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। ইউনিসেফ শিশু, নারী, পরিবার ও সমাজের মানুষকে যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছে। এ জন্য প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে, যা ভুক্তভোগী শিশুদের তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা দিয়ে থাকে।
 

ইউনিসেফ সর্বসাধারণ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তাঁরা ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অধিকারের প্রতি সম্মান দেখান এবং এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকেন। এর বদলে অপরাধীদের শাস্তি থেকে দায়মুক্তি দেওয়ার অবসান ঘটানো ও মানুষের নিরাপত্তা জোরদার করার দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে।

প্রতিটি শিশুরই সব জায়গায়—সমাজে, স্কুলে, ঘরে; এমনকি গণমাধ্যমে তাদের গল্প বা ছবি উপস্থাপনের ক্ষেত্রেও সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

ঢাকা

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সহায়তায় মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় আটক করা হয় ৭ জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদক সেবনের দায়ে দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. আবদুল কাদের (৪২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো. আজিজ (২০), মো. ছাবের আহমেদ (৩৪) ও মো. আলাউদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে কাদের, আজিজ ও ছাবেরকে তিন মাস এবং অন্যদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুয়া খেলার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদকে (৪২)। তাঁদের মধ্যে দিদারুলকে ছয় মাস, আজগরকে তিন মাস এবং অন্যদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বিভিন্ন মেয়াদে ১৩ জনকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলাকে মাদক ও জুয়ার থাবা থেকে মুক্ত করতে ইউনিয়নভিত্তিক অভিযান চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র‍্যাব সদস্যের। শুক্রবার (২২ মে) দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র‍্যাব-৯ এর সদস্য ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কীন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেন তাঁরা। বাপ্পি ধাওয়া খেয়ে থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এসময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে।

তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

 

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত মনির হোসেন। আর ভুক্তভোগীর শিশুর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (২২ মে) গ্রেফতার আসামিকে কারাগারে প্রেরণ করে আদালত।

এর আগে, ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করে। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধেও চলছে মামলার প্রস্তুতি। 

এদিকে, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা জানান, শিশুটি এখন শঙ্কামুক্ত।

চমেকের পরিচালক ব্রি. জেনারেল তসলিম উদ্দিন বলেন, ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তখন বোঝা যাবে, এটা রেইপ কেস কিনা। তবে ফলাফল আসতে এখনও প্রায় ১ মাসের মতো অপেক্ষা করতে হবে।

অন্যদিকে, সিএমপির অতিরিক্ত কমিশনার হোসাইন মো. কবির ভূইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে। এ ঘটনায় বাকুলিয়া থানায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয। একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়। রাতভর পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর আজ সকালে অনেকটাই স্বাভাবিক ছিল এলাকার পরিবেশ। তবে নিপীড়কের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ৫১ বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। 

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণ করতে বলা হয় এবং সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের স্থাপন করা খুঁটি দ্রুত সরিয়ে নেয়।

রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সীমান্তের ১৫০ গজের বাইরে খুঁটি স্থাপনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে বিএসএফ খুঁটি অপসারণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ঢাকায় পা রেখেছেন আজ সকালে। বিকেলেই হাজির হলেন এক অনুষ্ঠানে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ নামের সেই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

টমাস ডুলি—বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ। বাফুফে তাঁকে আগামী দুই বছরের জন্য হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের দায়িত্ব দিয়েছে।

বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডুলি শোনালেন বাংলাদেশের ফুটবল নিয়ে তাঁর লক্ষ্যের কথা। বললেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এ দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান।

১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে আসা।’

তবে ১৮০–এর আশপাশে ঘোরাঘুরি করা র‍্যাঙ্কিং থেকে দ্রুতই যে উন্নতি করা যাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে টমাস ডুলি
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে টমাস ডুলি

ফুটবলারদের ইতিবাচক মানসিকতা ও কঠোর পরিশ্রমের ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, ‘লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। ১৬০-এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো এক বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারব।’

‎২০০৩ সাফের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশকে ভালো করতে হলে ফুটবলারদের ভেতরে ত্যাগের মানসিকতা ও সুন্দর ফুটবল খেলার তাড়না জাগিয়ে তুলতে হবে বলে মনে করেন ডুলি। বলের পেছনে না ছুটে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলবে বাংলাদেশ—এমন দলই গড়তে চান বলে জানালেন তিনি।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ জানিয়েছেন, হামলার পর তাঁরা এখন ঝিনাইদহ থানায় আছেন। এ বিষয়ে পরে জানাবেন।

হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’

হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

দেশের ১৩ জেলায় আজ শুক্রবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতেও গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হয়েছে। তারপরও ভ্যাপসা গরম কমেনি। এরই মধ্যে আজ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, এই ভ্যাপসা গরম এবং বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে আরও অন্তত চার দিন। পরে তাপমাত্রা কমতে থাকবে।

কোনো এলাকায় তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। আজ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো রাজশাহী ও বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৮, পটুয়াখালীতে ৩৬ দশমিক ৭, যশোর, ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৬, নোয়াখালীতে ৩৬ দশমিক ৫, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বিকেল ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাট ও রাজশাহীতে—৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ দেখা গেছে। দুপুর ১২টার পর বৃষ্টিও হয় বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। তারপরও আজকের তাপমাত্রা গতকালে চেয়ে বেড়েছে। গতকাল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বলেন, আজ তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। এ অবস্থা চলতে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে।

চলতি মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ছিল। মাসের অর্ধেক সময় প্রচণ্ড গরম ছিল না। তবে এর পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। প্রায় পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে যায়, বাড়তে থাকে তাপপ্রবাহ। গত বুধবার চলতি মাসের প্রথমবারের মতো তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। অবশ্য গতকালই তা প্রশমিত হয়। তাপপ্রবাহ না থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম ছড়িয়ে পড়েছে।

তবে এই গরমের মধ্যেও আজ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধুমাত্র দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।

নিজের পোস্টে নাবিয়েভ জানান, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি শৃঙ্গে পৌঁছান। এই অর্জন তিনি তার অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন।

তিনি লেখেন, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ জীবিত আছেন, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এর মূল্য আছে।

এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুকে নাবিয়েভের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফলভাবে এভারেস্ট জয় করে বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন এই রুশ অভিযাত্রী।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে রুস্তাম নাবিয়েভ তার দুই পা হারান। তবে সেই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তিনি নিজের পুনরুদ্ধারের লড়াইকে পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের অনুপ্রেরণায় পরিণত করেন।

তার এই অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তাকে সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। একজন মন্তব্য করেন, অসম্ভব বলে কিছু নেই। মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।