• প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত

    প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ব্যয় করা হবে পৌনে ৮ লাখ কোটি রুপিরও বেশি, যা গেল বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। উন্নত প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র কিনতে কাজে লাগবে এসব অর্থ। এছাড়া, নৌবহর উন্নয়ন ও সশস্ত্র বাহিনী আধুনিকীকরণের জন্যও বরাদ্দ হয়েছে বাজেট। মওকুফ করা হবে বিমান তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের শুল্কও।

    রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের পার্লামেন্টে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান।

    মূলত, বৈশ্বিক ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে প্রতিরক্ষা খাতে প্রতি বছর বাজেট বাড়িয়ে চলেছে ভারত। ২০২৬-২৭ অর্থবছরেও হয়নি এর ব্যতিক্রম। নতুন এ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ লাখ ৮৫ হাজার কোটি রুপি, যা গেল বছরের তুলনায় প্রায় ১ লাখ কোটি বেশি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট ছিল ৬ লাখ ৮১ হাজার কোটি রুপি। 

    এর মধ্যে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি মূলধন খাতে এবং রাজস্ব খাতে ব্যয় হবে প্রায় ৫ লাখ ৫৪ হাজার কোটি রুপি। এই দুই খাতে এবার বরাদ্দ বেড়েছে যথাক্রমে ২১ দশমিক ৮৪ ও ১৭ দশমিক ২৪ শতাংশ। নতুন বাজেটে বেশ খুশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেন, 'প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয় খুবই খুশি। আমরা এবার যা বরাদ্দ পেয়েছি, তা গেল বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 'এই বাজেট জনগণের অনুভূতি ও প্রত্যাশার প্রতিফলন। এটি প্রধানমন্ত্রী মোদির ২০৪৭ সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত ভারত গঠনের যে লক্ষ্য রয়েছে তা পূরণেও একটি দৃঢ় ভিত্তি প্রদান করে।'

    ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, সশস্ত্র বাহিনী আধুনিকীকরণে বরাদ্দ হয়েছে ২ দশমিক ১৯ লাখ কোটি রুপি। রাফাল বিমান, আধুনিক সাবমেরিন ও ড্রোনসহ নানা যুদ্ধাস্ত্র কিনতে ব্যয় হবে এ অর্থ। এছাড়া নৌবহর আধুনিকায়নের জন্যও রয়েছে উচ্চ বাজেট। 

    বলা হচ্ছে— বেসামরিক, প্রশিক্ষণ এবং অন্যান্য বিমানের উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর মওকুফ করা হবে শুল্ক। এছাড়া বিমান যন্ত্রাংশের মেরামত, রক্ষণাবেক্ষণ ও কাঁচামালের ওপর দেয়া হবে শুল্কছাড়। সবমিলিয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণই এখন নয়াদিল্লির মূল লক্ষ্য

    এদিকে, নয়া অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রতিবেশি দেশগুলোর জন্যও বৈদেশিক সহায়তা খাতে বিপুল অর্থ বরাদ্দ রেখেছে দেশটি। সর্বোচ্চ ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে ভুটানের জন্য। এছাড়াও নতুন অর্থবছরে নেপালকে ৮শ কোটি, শ্রীলঙ্কাকেও ৪শ কোটি এবং আফগানিস্তানকে দেড়শ কোটি রুপি সহায়তা দেবে নয়াদিল্লি।

    বাংলাদেশের জন্য ভারতের বরাদ্দকৃত অর্থে পরিমাণ ৬০ কোটি রুপি। এর আগে, গত অর্থবছরে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ করেছিলো দেশটি। পরে সেটি কমিয়ে প্রায় সাড়ে ৩৪ কোটিতে নামিয়ে আনা হয়েছিলো।

    উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় বাজেট সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে—‘পার্ট এ’ এবং ‘পার্ট বি’। প্রথাগতভাবে ‘পার্ট এ’তে সরকারের নতুন নীতি ও প্রকল্পের বিস্তারিত ঘোষণা থাকে এবং ‘পার্ট বি’ মূলত আয়কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ থাকে।

  • প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

    মেক্সিকো ১ : ০ দক্ষিণ কোরিয়া

    লুইস রোমো খেলেন মেক্সিকোরই ক্লাব সি.ডি গুয়াদালাহারায়। এই ক্লাবের হোম ভেন্যু এস্তাদিও আকরন, যে কারণে প্রায় প্রতি সপ্তাহেই এখানে খেলতে নামেন রোমো। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের সৌভাগ্য, আজ সেই এস্তাদিও আকরনেই তাঁর বিশ্বকাপ অভিষেক হয়েছে।

    তার চেয়েও বড় কথা, অভিষেকের দিনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটিও করেছেন রোমোই। যে গোল ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম দল হিসেবে মেক্সিকো এনে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট।

    ম্যাচের ৫০তম মিনিটে রোমোর গোলটিতে অবশ্য দক্ষিণ কোরিয়ার গোলকিপার কিম সুং-গিউয়েরও ‘অবদান’ আছে। একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগই কাজে লাগান রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।

    রোমোর ভলিতে বল যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জালে
    রোমোর ভলিতে বল যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জালে, এএফপি
     

    এর আগে দুই দলের প্রথমার্ধ ছিল বেশ নিষ্প্রভ। আক্রমণে দুই দলই খুব বেশি ধার দেখাতে পারেনি। মেক্সিকোর হয়ে প্রথমার্ধে একমাত্র অন-টার্গেট  শটটি আসে হুলিয়ান কিনিয়োনেসের হেড থেকে, যা সহজেই ঠেকিয়ে দেন কিম।

    বিরতির পরই ম্যাচের গতি বদলাতে শুরু করে। ৫০তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। গোল খাওয়ার পর দক্ষিণ কোরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও বড় সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। অধিনায়ক সন হিউং-মিন একবার গোলরক্ষক রাউল রানহেলকে পরাস্ত করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

    মেক্সিকোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। ৭৫তম মিনিটে হিমিনেজ বক্সের ভেতর থেকে শট নিলেও কিম তা রুখে দেন। বদলি হিসেবে নামা বেদ ভারগাসের জোরালো শটও ঠেকান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

    ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। চো গুয়ে-সুংয়ের হেড মেক্সিকো গোলকিপার রানহেল প্রতিহত করলেও বিপদ–মুক্ত করতে পারেননি। ফিরতি বলে ইয়াং হিউন-জুন শট নিলে সেটিও ঠেকান দারুণ দক্ষতায়। এই ডাবল সেভই শেষ পর্যন্ত মেক্সিকোর জয় নিশ্চিত করে।

    এই জয়ে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই নিশ্চিত করেছে মেক্সিকো। শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে না হারলেই তারা গ্রুপ–সেরা হিসেবে নকআউট পর্বে যাবে।

    অন্যদিকে হারলেও দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার আশা শেষ হয়ে যায়নি। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানোর সুবাদে এখনো ভালো অবস্থানেই আছে তারা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে এশিয়ান দলটির।

  • প্রথমবার ‘গোপন কথা’ ফাঁস করলেন ফারিণ

    আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে এখন কলকাতায় তাসনিয়া ফারিণ। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ফারিণ। এই সাক্ষাৎকারে ঢাকা, কলকাতার সিনেমাসহ উঠে এসেছে নানা প্রসঙ্গ।

    কলকাতায় শুটিং নিয়ে ফারিণ বলেন, ‘আমি সবশেষ কলকাতায় শুটিং করেছিলেন “আরও এক পৃথিবী” সিনেমার।  তাও কলকাতায় খুব একটা শুটিং হয়নি, বেশির ভাগ শুটিং লন্ডনে হয়েছিল। পুরোপুরি কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

    একটু ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া...আমার তো সব সময় কলকাতার ক্যাফের কালচারটা খুব ভালো লাগে। বিশেষ করে হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

    দেবের সঙ্গে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিণের। কথা ছিল আরও একটি সিনেমার, কিন্তু ভিসা জটিলতায় আর করা হয়নি। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে আলাপ হচ্ছে। ওটা হলেও তো খুব ভালো হয়। এখনো যেহেতু নিশ্চিত হয় কিছু তাই বলতে চাচ্ছি না।’

    [caption id="attachment_268195" align="alignnone" width="1035"] তাসনিয়া ফারিণ,ছবি: ইনস্টাগ্রাম থেকে[/caption]

    দুই বাংলার কাজের ধরন নিয়ে ফারিণ বলেন, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার তারপর খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল। আমাদের পরিবারকেন্দ্রিক জীবন, মূল্যবোধ একই রকম; যে জন্য গল্পগুলো খুব কাছের মনে হয়। এখানকার কারও কোনো স্ক্রিপ্ট পেলে আমার মনে হয় না, অন্য একটা দেশের গল্প পড়ছি।’

    ২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। রেজওয়ান থাকেন যুক্তরাজ্যে, সেই সূত্রে প্রায়াই ঢাকা–লন্ডন করতে হয় অভিনেত্রীকে। লং ডিসট্যান্ট রিলেশনশিপের চ্যালেঞ্জ নিয়ে ফারিণ বলেন, ‘একটু আসা–যাওয়ার মধ্যে থাকতে হয়। ডিফিকাল্ট বাট এখন আমার পেশা ওর পেশা—সবকিছু মিলে আমাদের এটা ছাড়ার উপায় নেই। আমরা যে অনেকক্ষণ ঘণ্টার পর ঘণ্টা কথা বলি সেটা না; আমার সঙ্গে টাইমিংও অনেক আলাদা।’

    [caption id="attachment_268194" align="alignnone" width="1040"] তাসনিয়া ফারিণ,ছবি: ইনস্টাগ্রাম থেকে[/caption]

    সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘গোপন কথা’ ফাঁস করেন ফারিণ। তিনি বলেন, ‘একটা গোপন কথা বলি এটা কোথাও বলিনি—আমার লোকেশন সব সময় ওর সঙ্গে শেয়ার করা থাকে যেন ও যাতে ওটা দেখে ও বোঝে যে আমি ঠিকঠাক আছি।’

     
     
  • প্রাক্তনের কাছ থেকে কী শিখেছেন শাকিবের নায়িকা

    ওপার বাংলার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো নায়িকা হয়েছেন শাকিব খানের। তাঁকে দেখা গেছে ঈদের ‘প্রিন্স’ সিনেমায়। সম্প্রতি সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন এই নায়িকা। আড্ডায় ঘুরেফিরে আসে প্রাক্তন ও প্রেমের কথা।

    বর্তমানে তিনি একা রয়েছেন, নাকি কোনো প্রেমের সম্পর্ক রয়েছেন—এমন প্রসঙ্গে জানতে চাইলে জ্যোতির্ময়ী জানান, তিনি একাই রয়েছেন। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছেন না। এদিকে দেশের ভক্তরা তাঁকে নিয়ে ফেসবুকে বেশ সবর। অনেকেই নাকি তাঁর প্রেমেও পড়েছেন। সে খবরও শুনেছেন। তবে বাংলাদেশে বিয়ে করতে চান না এই নায়িকা।

    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু
    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, ছবি: ফেসবুক থেকে
     

    সিঙ্গেল থাকলেও এর আগে প্রেমে জড়িয়েছিলেন এই নায়িকা। সেই প্রেম ভেঙে যায়। ‘আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়! আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময়ে এসে মনে হচ্ছিল, সব ঠিকমতো হয়ে উঠছিল না,’ বলেন তিনি।

    জ্যোতির্ময়ী জানান, একটা সম্পর্কের শুরু হয় শতটা ভালো লাগা থেকে, কিন্তু নানা কারণে সেই বোঝাপড়া, ভালো লাগা একসময় থাকে না। তাঁর ভাষ্যে, ‘আমরা নিজেরাই সম্পর্ক থেকে সরে এসেছি। ঝগড়া–ঝামেলা না করে আলাদা হয়ে যাই। পরে তারও মনে হয়েছিল, অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারবে। এখন সে তার মতো ভালো আছে। আমি আমার মতো আছি। আমি সব সময়ই মনে করি, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে দরকার বিশ্বাস। কারণ, আমরা বেঁচেই থাকি বিশ্বাসে।’

    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু
    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, ছবি: ফেসবুক থেকে

    প্রাক্তনের কাছ থেকে কী শিখেছেন—এমন প্রশ্নে জ্যোতির্ময়ী আরও বলেন, ‘আমার প্রাক্তন আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর কাছে শিখেছি ভালোবাসা। ওই প্রেমটাই খুব মনোযোগ দিয়ে করেছিলাম। সব মিলিয়ে আমরা একসময় ভালোই ছিলাম। কিন্তু সময় সব সময় একরকম যায় না।’

    জ্যোতির্ময়ী প্রিন্স সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক থেকে
    জ্যোতির্ময়ী প্রিন্স সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক থেকে

    কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড় পর্দায় অভিষেক হয় ‘প্রজাপ্রতি ২’ সিনেমা দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত সিনেমাটি।

    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু
    নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, ছবি: ফেসবুক থেকে
  • প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল ও আর্জেন্টিনা

    প্রীতি ম্যাচের আগে চোটের আঘাত পেল ব্রাজিল ও আর্জেন্টিনা।

    হাঁটুর চোটে ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। গত রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। পুরো সময় মাঠে থাকলেও খেলা শেষে ডান হাঁটুতে ব্যথা পাওয়ার কথা জানান মাগালায়েস।

    রক্ষণভাগ নিয়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনাও। তাদের রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটে পাওয়া আর্জেন্টিনার হয়ে সামনের দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। রোববার এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিভার প্লেটের এই খেলোয়াড়। তাঁর জায়গায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বিকল্প হিসেবে আছেন শুধু আতলেতিকো মাদ্রিদ রাইট ব্যাক নাহুয়েল মলিনা। স্প্যানিশ ক্লাবটির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেও আছেন তিনি।

    লিওনার্দো বালের্দিও চোট পেয়ে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে
    লিওনার্দো বালের্দিও চোট পেয়ে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে, এএফপি
     

    চোটের কারণে সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে। অলিম্পিক মার্শেইয়ের এই খেলোয়াড়ের বদলি হিসেবে দলে রিভার প্লেট সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে ডেকেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেলেন লুকাস মার্তিনেজ।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে স্কালোনির দলের প্রতিপক্ষ মৌরিতানিয়া। এরপর ৩১ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

    ফ্রান্সের বিপক্ষে আগামী বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলবে তারা। মাগালায়েস দুটি ম্যাচ থেকেই ছিটকে পড়লেও তাঁর বদলি হিসেবে কাউকে স্কোয়াডে ডাকেনি ব্রাজিল।

    আর্সেনালের ম্যাচে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস
    আর্সেনালের ম্যাচে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস, এএফপি
     

    ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘ম্যানচেস্টার সিটির গত রোববার ইংলিশ লিগ (কারাবাও) কাপের ফাইনালের পর ডান হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানান এই অ্যাথলেট (মাগালায়েস)। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার মতো ফিট নন গ্যাব্রিয়েল মাগালায়েস। তাঁর বদলি হিসেবে কোনো খেলোয়াড়কে ডাকা হবে না।’

  • পয়েন্ট হারাল কিংস ও ফর্টিস, আবাহনীর জয়

    বাংলাদেশ ফুটবল লিগের ১৩তম রাউন্ডে আজ শীর্ষ দুই দলই পয়েন্ট খুইয়েছে। তবে তৃতীয় হয়ে দিন শুরু করা দল পুরো তিন পয়েন্টই তুলেছে।

    টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী বসুন্ধরা কিংস রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। অন্যদিকে, টেবিলের দ্বিতীয় দল ফর্টিস এফসি আরামবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে।

    তবে উজ্জ্বল ছিল আবাহনী লিমিটেড। পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

    ১৩ ম্যাচে কিংসের পয়েন্ট ২৮, আবাহনীর ২৫, ফর্টিসের ২৪। রহমতগঞ্জ ১৯ পয়েন্ট নিয়ে চারে আছে।

  • ফন ডাইকের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের দুর্দান্ত জয়

    চলতি মৌসুমে সব হারানো লিভারপুলের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া। ফলে সামনে থাকা সব ম্যাচই এখন দলটির জন্য মহাগুরুত্বপূর্ণ। তেমন এক ম্যাচে আজ রোববার রাতে এভারটনের মুখোমুখি হয়েছিল আর্নে স্লটের দল। নানা দিক বিবেচনায় মার্সিসাইড ডার্বির এ ম্যাচটিতে চোখ ছিল অনেকের।

    এভারটনের নতুন মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে এটি ছিল প্রথম ডার্বি ম্যাচ। যেটি আবার লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহর শেষ ডার্বি ম্যাচও বটে। এমন ম্যাচে শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে লিভারপুল। এভারটনের বিপক্ষে লিভারপুলের জয় ২–১ গোলে। লিভারপুলকে প্রথমার্ধে এগিয়ে দেন সালাহ। পরে বেতোর গোলে সমতা ফেরায় এভারটন। সেই সেই সমতাতেই শেষ হওয়ার অপেক্ষায় ছিল ম্যাচ।

    কিন্তু যোগ করা সময়ের দশম মিনিটে চমক উপহার দেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। এই গোলই নিশ্চিত করে লিভারপুলের জয়। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল লিভারপুল। ১০ নম্বরে থাকা এভারটনের পয়েন্ট ৪৭। রাতের অন্য ম্যাচে স্যান্ডারল্যান্ডকে ৪–৩ গোলে হারিয়েছে চারে থাকা অ্যাস্টন ভিলা। যাদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৮।

    এভারটনের মাঠে শুরু থেকেই আক্রমণ ও প্রতি–আক্রমণে জমে ওঠে লড়াই। গতিময় ফুটবলে দুই দলই প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখে। তবে প্রথম দিকে এভারটনের চেয়ে লিভারপুলই চাপে ছিল বেশি। এভারটন একাধিকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়।

    সালাহর গোল উদ্‌যাপন
    সালাহর গোল উদ্‌যাপনএএফপি

    শেষ পর্যন্ত ২৭ মিনিটে হিল ডিকিনসন স্টেডিয়ামে মার্সিসাইড ডার্বির প্রথম গোলটি করেন ইলিমান এনদিয়ায়ের। তখন পর্যন্ত যোগ্যতম দল হিসেবেই গোলটি পেয়েছিল তারা। ডান দিক থেকে জ্যাক ও’ব্রেইনের ক্রসে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এনদিয়ায়ে; কিন্তু ভিএআর যাচাইয়ের পর দেখা গেল, ও’ব্রায়েন অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

    গোল বাতিল হওয়ার হতাশা থেকে বেরোনোর আগেই উল্টো গোল পিছিয়ে পড়ে এভারটন। ৩০ মিনিটে মার্সিসাইড ডার্বিতে নিজের শেষ ম্যাচেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। মাঝমাঠে ভুল করে বল হারান এভারটনের ডিউইট ম্যাকনেইল। সেই সুযোগে কোডি গাকপো নিখুঁতভাবে বল বাড়ান সালাহর দিকে। পুরো ফাঁকা জায়গা পেয়ে ঠান্ডা মাথায় শট নেন সালাহ, আর বল জড়িয়ে যায় জালে। ভালো খেলেও পিছিয়ে পড়ে এভারটন। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি এভারটন।

    বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় এভারটন। তবে ৫৪ মিনিটে সমতাসূচক গোলটি অনেকটা আকস্মিকভাবেই পেয়ে যায় তারা। হঠাৎ বাঁ দিকের চ্যানেলে একটি লং পাস আসলে সেটি ধরার জন্য দৌড়ে যান এনদিয়ায়ে ও ডিউসবারি–হল। ইব্রাহিমা কোনাতেকে পেছনে ফেলে বল পেয়ে যান হল। তিনি গোলমুখে দারুণভাবে বল বাড়ান। সেখানে অপেক্ষায় থাকা বেতো ঠান্ডা মাথায় বল জালে জড়ালে ম্যাচে ফিরে আসে এভারটন।

    এরপর ম্যাচের শেষ পর্যন্ত দুই দলই চেষ্টা করেছে লিড নেওয়ার। এভারটন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে লিভারপুল। শেষ মুহূর্তে ফন ডাইকের গোলই গড়ে দেয় পার্থক্য।

  • ফরেস্টের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ চেলসির

    একটা নয়, দুটো নয়, প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে হার। এ কোন চেলসি! ব্লুদের সর্বশেষ হারটা আজ  নটিংহাম ফরেস্টের মাঠে। ৩-১ গোলের যে হারে চেলসির আগামী মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।

    ৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট চেলসির, দলটি নেমে গেছে নয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগে যাবে শীর্ষ পাঁচ দল। পাঁচে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮। শেষ তিন ম্যাচ জিতলেও চেলসির পয়েন্ট সর্বোচ্চ ৫৭ হবে।

    আজ ম্যাচের শুরুটা ছিল চেলসির জন্য এক বিভীষিকার মতো। মাত্র ৯৮ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসে তারা। দিলান বাকওয়ার ক্রস থেকে হেডে বল জালে জড়ান তাইওয়ো আয়োনিয়ি। ইউরোপা লিগের সেমিফাইনাল সামনে রেখে ফরেস্ট তাদের মূল একাদশে আটটি পরিবর্তন এনেছিল। দ্বিতীয় সারির সেই দলের বিপক্ষেও চেলসির রক্ষণভাগকে মনে হচ্ছিল তাসের ঘর।

    ফরেস্টের গোল উদযাপন, চেলসির হতাশা।
    ফরেস্টের গোল উদযাপন, চেলসির হতাশা। প্রিমিয়ার লিগ
     

    ১০ মিনিটের মাথায় সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু কপাল মন্দ, তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে। ভাগ্যের এই পরিহাস কাটতে না কাটতেই চেলসির বিপদ দ্বিগুণ হয়। বক্সে আয়োনিয়িকে ফাউল করে বসেন মালো গুস্তো। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি ইগর জেসুস। ১৫ মিনিট পার হওয়ার আগেই স্কোরলাইন ২-০!

    বিরতির ঠিক আগে জেসি ডেরি ও জ্যাচ অ্যাবটের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে খেলা বন্ধ থাকে প্রায় ১২ মিনিট। অভিষেক ম্যাচেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ডেরিকে। চেলসি পায় পেনাল্টি। কিন্তু কোল পালমার যেন এদিন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ম্যাট সেলস তাঁর শট আটকে দিলে হতাশা নিয়ে বিরতিতে যায় ব্লুরা।

    দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। মরগান গিবস-হোয়াইটের রক্ষণ চেরা পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আয়োনিয়ি। ৩-০ গোলে পিছিয়ে পড়া চেলসি এরপর  একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। জোয়াও পেদ্রোর একটি গোল ভিএআরে বাতিল হওয়ার পর যোগ করা সময়ে চমৎকার এক ‘ওভারহেড’ কিকে তিনি একটি গোল শোধ করেন ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ।

    টানা ৯ ঘণ্টার গোল খরা ভাঙলেও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা চেলসির জন্য ইউরোপীয় প্রতিযোগিতার পথ এখন ঘোর অমানিশায় ঢাকা।

  • ফাঁকা মাঠে খেলছে ‘ককটেল ২’, মুক্তির আগেই বিক্রি ৫৭ হাজার টিকিট

    শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ককটেল ২’ আজ ১৯ জুন মুক্তি পেয়েছে। শুক্রবার প্রথম শো থেকেই সাড়া ফেলেছে এ সিনেমা। অবশ্য এ সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতিমধ্যে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। জেনে নেওয়া যাক, মুক্তির আগেই ছবিটি কত রুপি ব্যবসা করেছে। এ ছাড়া ‘ককটেল ২’-কে ঘিরে আরও খবর ভাগ করে নেওয়া হয়েছে।

    মুক্তির আগেই আয়
    মুক্তির আগেই বক্স অফিসে ভালো আবহ তৈরি করতে শুরু করেছে ‘ককটেল ২’। অগ্রিম বুকিংয়ে এখন গতি এসেছে। ওপেনিং ডের জন্য এখন পর্যন্ত এই রোমান্টিক ছবির প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা ছবিটির জন্য ইতিবাচক ইঙ্গিত।
    ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লক সিট বাদ দিলে ছবিটি অগ্রিম বুকিং থেকেই প্রায় ১ কোটি ৯৭ লাখ রুপি আয় করেছে। আর ব্লক সিট যোগ করলে সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ রুপি। মুক্তির আগে এখনো এক দিন বাকি থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

    বেড়েছে আগ্রহ
    গত রোববার ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছিল। তবে শুরুতে অগ্রিম বুকিংয়ের গতি কিছুটা ধীর ছিল। মুক্তির দিন যত এগিয়ে এসেছে, টিকিট বিক্রিও তত বেড়েছে। যদিও এটি এ বছরের সবচেয়ে বড় অ্যাডভান্স বুকিং নয়, তবু ছবিটি ভালো সূচনার ইঙ্গিত দিয়েছে। এখন সবার নজর, এই বাড়তি আগ্রহ মুক্তির দিনের আয়েও প্রতিফলিত হয় কি না।

    তিন গুণ বেশি
    বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ককটেল ২’-এর প্রধান তিন অভিনেতা-অভিনেত্রীর পারিশ্রমিক বাবদ মোট ৩৫ কোটি রুপি খরচ করা হয়েছে। এর মধ্যে শহীদ কাপুর নিয়েছেন ২১ কোটি রুপি। অন্যদিকে কৃতি শ্যানন পেয়েছেন ৮ কোটি এবং রাশমিকা মান্দানা পেয়েছেন ৬ কোটি রুপি।

    ‘ককটেল ২’–এর দৃশ্য। আইএমডিবি
    ‘ককটেল ২’–এর দৃশ্য। আইএমডিবি
     

    ছবির বাজেট
    বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘ককটেল ২’ ছবিটি ১৫০ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে। এর মধ্যে ৩৫ কোটি রুপি প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। অন্যদিকে ছবির প্রিন্ট ও বিজ্ঞাপন প্রচারে প্রায় ২০ কোটি রুপি খরচ হয়েছে। বাকি ৯৫ কোটি রুপি ছবির প্রোডাকশন ও পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাবদ ব্যয় করা হয়েছে।

    নেই বড় প্রতিদ্বন্দ্বী
    ‘ককটেল ২’-এর জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, ১৯ জুন এর সঙ্গে বড় কোনো বলিউড ছবি মুক্তি পায়নি। তাই কিছুটা ফাঁকা ময়দানে ইনিংস খেলতে নেমেছেন শহীদ, কৃতি ও রাশমিকা। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ম্যায় বাপাস আউঙ্গা’ ও ‘ভারত ভাগ্য বিধাতা’ বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ফলে ‘ককটেল ২’ সেই সুযোগ কাজে লাগাতে পারে। এ ছাড়া ‘হন্টেড ৩ডি’-ও বক্স অফিসে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। তাই দর্শকদের প্রেক্ষাগৃহে টানার ভালো সুযোগ রয়েছে ‘ককটেল ২’-এর সামনে।

    ‘এ’ ছাড়পত্র
    ‘ককটেল ২’-কে সিবিএফসি ‘এ’ ছাড়পত্র দিয়েছে। এর অর্থ, ছবিটি শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন। ছবিটি বেশ দীর্ঘও। এর মোট রানটাইম ১৫০ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিট।

    তারকাসমৃদ্ধ সিনেমা
    ‘ককটেল ২’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানা। ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। তিনি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক-কমেডি ‘ককটেল’-এরও পরিচালক ছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান ও ডায়ানা পেন্টি। ‘ককটেল ২’ ছবিটি ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করছেন দিনেশ বিজন। পরিচালকের দাবি, এই সিক্যুয়েলে নতুন চরিত্রদের নিয়ে একেবারে নতুন একটি গল্প তুলে ধরা হবে। ‘ককটেল ২’ ছবির সংগীত পরিচালক হলেন প্রীতম। প্রীতমের সুরে গানগুলো এরই মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

  • ফাইনালে চাপহীন ফুটবল খেলতে চান মারিয়ারা

    ভারতের বিপক্ষে আগামীকাল শনিবারের ফাইনালের আগে বাংলাদেশ নারী ফুটবল দল কোনো চাপ নিচ্ছে না বলে অধিনায়ক মারিয়া মান্দা। গোয়ার সমুদ্রপাড়ের এক পাঁচ তারকা হোটেলে আজ শুক্রবার দুপুরে ট্রফি উন্মোচনের আগে সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরল এক পরিণত পেশাদার ফুটবলারের আত্মবিশ্বাস।

    বাংলাদেশ ও ভারত—দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই অবস্থান করছে সমুদ্রপাড়ে একই হোটেলে। ফাইনালের আগে এমন আবহে কোনো মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে কি না, জানতে চাওয়া হলে মারিয়া শুরুতেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন এভাবে, ‘দুই দলই একই হোটেলে অবস্থান করলেও আমরা কোনো চাপ নিচ্ছি না।’

    ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েদের দীর্ঘদিনের। তাই প্রতিপক্ষকে সমীহ করলেও ভড়কে যাওয়ার পাত্রী নন এই মিডফিল্ডার। নিজের পেশাদার মনোভাব প্রকাশ করে অধিনায়কের কথা, ‘আমরা ভারতের বিপক্ষে এর আগেও অনেকবার খেলেছি, তাই এটি আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। আমরা পেশাদার খেলোয়াড়।’

    ভারতের বিপক্ষে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে মিলি আক্তারকে
    ভারতের বিপক্ষে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে মিলি আক্তারকে, বাফুফে
     

    তবে ফাইনালের মঞ্চে যে অতীতের পরিসংখ্যান খাটে না, মাঠের লড়াই যে সম্পূর্ণ নতুন এক চিত্রনাট্য—সেটি মনে করিয়ে দিয়ে মারিয়া যোগ করেন, ‘মাঠের লড়াই একটি সম্পূর্ণ ভিন্ন খেলা ও ভিন্ন পরিস্থিতি। আমরা আমাদের সেরাটা দেব। যে দল সেরাটা দিতে পারবে, তারাই জয়ী হবে।’

    টুর্নামেন্টে ফাইনালের আগপর্যন্ত গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে স্বাগতিক ভারতের সমর্থকদের উপস্থিতি ছিল না বললেই চলে। শূন্য গ্যালারির সামনেই ভারত খেলেছে নিজেদের তিনটি ম্যাচ। তবে ফাইনালে হয়তো কিছু দর্শক হলেও হতে পারে। সেটিতে মোটেও ভয় পাচ্ছেন না মারিয়া।

    কাঠমান্ডুর দশরথ রঙ্গশালার উপচে পড়া নেপালি দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা টেনে মারিয়া বেশ পরিপক্ব উত্তর দেন, ‘গ্যালারির দর্শক আমাদের জন্য কোনো সমস্যা হবে না। নেপালে আমরা গত দুটি ফাইনালে অনেক দর্শকের চাপ সামলে খেলে জিতেছি। আমাদের মূল লক্ষ্য হলো খেলায় এবং নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া। আমরা যদি ভালো ফুটবল খেলার সুযোগ পাই, তবে ফাইনাল জিততে আমরা আমাদের সেরাটা দেব।’

    ফাইনালের আগে দলের শেষ মুহূর্তের প্রস্তুতি ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক বলেন, ‘যেহেতু আমরা এখন ফাইনালে, তাই আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের একটি অনুশীলন সেশন ছিল। দলের সবাই খুব ভালো মেজাজে আছে এবং আশা করি, আমরা আগামীকাল একটি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’

    [caption id="attachment_275688" align="alignnone" width="777"] ফাইনালের আগে অনুশীলনে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন আনিকা–মনিকারা, বাফুফে[/caption]

    দলে নিজের ভূমিকা নিয়ে মারিয়া স্পষ্ট জানান, তিনি বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড বাঁধুন আর না–ই বাঁধুন, দলের একজন সাধারণ সৈনিক হিসেবেও তাঁর লক্ষ্য একটাই—দলের জন্য অবদান রাখা। দলনেতা বা সাধারণ খেলোয়াড় যে ভূমিকাই হোক না কেন, তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

    সবশেষে দেশের ফুটবল ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মারিয়া মান্দা। সাফে হ্যাটট্রিক ট্রফি উঁচিয়ে ধরার এই ঐতিহাসিক লক্ষ্য পূরণে পুরো দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

  • ফারহান ও তারিকের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে সুপার এইটে পাকিস্তান

    না কোনো অঘটন নয়!

    কলম্বোতে আজ নামিবিয়ার বিপক্ষে সহজ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ১৯৯ রান তুলেছিল সালমান আগার দল। সেই রান তাড়া করতে নেমে নামিবিয়া গুটিয়ে গেছে ৯৭ রানে।

    ১০২ রানের জয়ে পাকিস্তান সুপার এইটে জায়গা করেছে ৬ পয়েন্ট নিয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সালমানের দল। এই জয়ে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলাও নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

    রান তাড়ায় নামিবিয়া ২০০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলবে, এমনটা আবহ দলটি তৈরিই করতে পারেনি। ৭.৩ ওভারে ৪৯ রান তুলতেই হারায় ৪ উইকেট, একে একে ফিরে যান লরেন স্টিনক্যাম্প, ইয়ান নিকোল লফটি-ইটনরা।

    ৪ উইকেট নিয়েছেন তারিক
    ৪ উইকেট নিয়েছেন তারিক, এএফপি
     

    পরের ৬ উইকেটে যোগ হয়েছে ৪৮ রান। পাকিস্তানের হয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন স্পিনার উসমান তারিক। ডান হাতি এই রহস্য স্পিনার ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। লেগ স্পিনার শাদাব খান ১৯ রানে নেন ৩ উইকেট।

    এর আগে ব্যাট হাতে পাকিস্তান ১৯৯ রান করে ফারহানের প্রথম আন্তর্জাতিক টি–টুয়েন্টি সেঞ্চুরিতে। ২৯ বছর বয়সী এই ওপেনার ৫৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন করেছেন। এটি টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আহমেদ শেহজাদের ৫৮ বলে সেঞ্চুরি। টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে শুধু ফারহান ও শেহজাদই সেঞ্চুরি করেছেন।

    ফারহানের করা সেঞ্চুরিটি এবারের বিশ্বকাপে তৃতীয়। এর আগে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা। এই প্রথম কোনো টি–টুয়েন্টি বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি দেখা গেল।

    সেঞ্চুরির পথে আজ ফারহান হাঁকিয়েছেন ১১টি চার ও ৪টি ছক্কা। তবে শুরুটা ছিল ধীরগতির—ইনিংসের প্রথম ৩০ রান করতে তিনি খেলেন ২৭ বল। তবে পরের ৭০ রান করেন মাত্র ৩১ বলে। ফারহানের পাশাপাপাশি পাকিস্তান রান পেয়েছে শাদাব ও সালমানের ব্যাট থেকেও। শেষদিকে শাদাব ২২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তার আগে অধিনায়ক সালমান ২৩ বলে ৩৮ রান করে আউট হন।

    সেঞ্চুরি করেছেন ফারহান
    সেঞ্চুরি করেছেন ফারহান, এএফপি

    এই সেঞ্চুরির সুবাদে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন ফারহান। তাঁর মোট রান ২২০। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, তাঁর সংগ্রহ ১৭৮ রান। ম্যাচসেরা হয়েছেন ফারহানই।

    সংক্ষিপ্ত স্কোর

    পাকিস্তান: ২০ ওভারে ১৯৯/৩ (ফারহান ১০০, সালমান ৩৮; ব্রাসেল ২/৪৮, ইরাসমাস ১/২৫)। নামিবিয়া: ১৭.৩ ওভারে ৯৭ (স্টিনক্যাম্প ২৩; তারিক ৪/১৬, শাদাব ৩/ ১৯)। ফল: পাকিস্তান ১০২ রানে জয়ী। ম্যাচসেরা: সাহিবজাদা ফারহান।
  • ফার্নান্দেজের রেকর্ডছোঁয়া রাতে ইউনাইটেডের দারুণ জয়

    ৫ গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে নটিংহাম ফরেস্টকে ৩–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে আজ রাতে ইউনাইটেডের জয়ের পথে নতুন রেকর্ড গড়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে সহায়তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

    ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৫ মিনিটে ফার্নান্দেজের ডান দিক থেকে দেওয়া ক্রস থেকে ‘রেড ডেভিল’দের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রায়ান এমবেউমো। এর মধ্য দিয়ে এক মৌসুমে ২০ অ্যাসিস্টে পৌঁছে যান ফার্নান্দেজ। যার ফলে তিনি ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি (২০০২–০৩ মৌসুম) ও ম্যানচেস্টার সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনাকে (২০১৯–২০)।

    লিগে এখনো ইউনাইটেডের এক ম্যাচ বাকি আছে। অর্থাৎ বাকি দুজনকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ আছে ফার্নান্দেজের। পর্তুগিজ মিডফিল্ডারের রেকর্ডছোঁয়া রাতে এমবেউমো ছাড়া ইউনাটেডের অন্য গোল দুটি আসে লুক শ ও মাতেউস কুনহার কাছ থেকে। আর নটিংহাম ফরেস্টের হয়ে গোল করেন মোরাতো ও মরগান গিভস–হোয়াইট।

    এই ম্যাচটা বিশেষ হয়ে থাকবে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর জন্যও। ম্যাচে ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় পুরো ওল্ড ট্রাফোর্ড দাঁড়িয়ে সম্মান জানায় এই মিডফিল্ডারকে। মৌসুম শেষেই ইউনাইটেডকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই ফুটবল তারকা।

    কাসেমিরো ও ফার্নান্দেজের উদ্‌যাপন
    কাসেমিরো ও ফার্নান্দেজের উদ্‌যাপনরয়টার্স

    এই জয়ের মধ্য দিয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে মাইকেল ক্যারিকের ইউনাইটেড। তবে ধ্বংসস্তূপ থেকে দলটিকে টেনে তোলা ক্যারিককে এখনো স্থায়ী কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

    ম্যাচটি জিতে দলীয়ভাবেও অসাধারণ একটি মাইলফলক স্পর্শ করেছে ইউনাইটেড। ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত টানা ৪০০ ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকার পর কখনো হারেনি ইউনাইটেড। ৩৬৫ ম্যাচ জিতেছে ও বাকি ৩৫ ম্যাচে ড্র করেছে।

  • ফিফটির চেয়ে সেঞ্চুরি বেশি, নাজমুলের জন্য করতালি

    মুমিনুল হক তখন ফিফটি ছুঁয়েছেন, নাজমুল সেটা করে ফেলেছিলেন আগেই। দুজনের জুটিও ততক্ষণে এক শ ছাড়িয়ে গেছে। পেস, স্পিন কিছুতেই কাজ হচ্ছে না—পাকিস্তান দল তখন যেন নিরুপায়!

    মোহাম্মদ রিজওয়ান শর্ট লেগের ফিল্ডারকে একটু পিছিয়ে যেতে বললেন। নন–স্ট্রাইক প্রান্তে পপিং ক্রিজে টানা সাদা দাগের ওপর দাঁড়ালেন সেই ফিল্ডার। বোলাররা যেহেতু পারছেন না, ফিল্ডার সরিয়ে যদি বিভ্রান্ত করা যায় ব্যাটসম্যানকে, যদি একটি উইকেট মেলে!

    তবে ব্যাটিংয়ের জন্য উইকেট ততটাও কঠিন ছিল না। সময় যত যায়, নাজমুলকে দেখেও মনে হলো ব্যাটিং করা কত সহজ! অন ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল—সবকিছুতে স্বচ্ছন্দ। প্রয়োজনে আবার নিখাদ ডিফেন্সিভ ব্যাটসম্যানও!

    সেঞ্চুরির পর ব্যাটে চুমু এঁকে চেনা উদ্‌যাপন শেষ করার পরের বলেই নাজমুল আউট হলেন এলবিডব্লুর শিকার হয়ে। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। নিজের ওপর ক্ষোভ ঝাড়তে ঝাড়তে নাজমুল যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন তাঁকে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান দর্শকেরা। টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে এমন নিখাদ ব্যাটিং যে সরাচর দেখা যায় না।

    সেঞ্চুরি করে নাজমুল যেন হাওয়ায় উড়লেন
    সেঞ্চুরি করে নাজমুল যেন হাওয়ায় উড়লেন

    দুই ওপেনারকে হারিয়ে চাপেই ছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মোহাম্মদ আব্বাসকে চার মেরে যে বাউন্ডারির ঝড় শুরু হয়েছিল, সেটির শেষও হয়েছে তাঁর বলে এসেই। আউট হওয়ার আগের বলেই অবশ্য তাঁকেই বাউন্ডারি মেরে সেঞ্চুরিটা তুলে নেন।

    মুমিনুল হক উইকেটে এসেছিলেন নাজমুলেরও আগে। কিন্তু মুমিনুলের আগেই ৭১ বলে ফিফটি পান নাজমুল। একপ্রান্ত থেকে তাঁর দারুণ ইতিবাচক ব্যাটিংয়ের কারণে অন্য প্রান্তে মুমিনুলও খেলতে পারেন তাঁর মতো করে। ফিফটি তুলে নেন ১০২ বলে।

    পাকিস্তানের তিন পেসার আব্বাস, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী—কাউকেই থিতু হতে দেননি নাজমুল। বাউন্সারে পুল করেছেন, অফ স্টাম্পের বাইরের বল কাভার কিংবা পয়েন্ট দিয়ে পাঠিয়েছেন বাউন্ডারিতে। তাতে ফিল্ডারদের দ্রুত মাঠে ছড়িয়ে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এতে নাজমুলের স্বাভাবিক ব্যাটিংটাও হয়েছে আরও পরিশীলিত।

    পেসাররা মুমিনুল–নাজমুলের জুটি ভাঙতে না পারায় সালমান আগাকে দিয়ে যে ওভারে স্পিন শুরু করেছিল পাকিস্তান, ওই ওভারেই ছক্কা মারেন নাজমুল। ৭১ বলের ফিফটির পর সেঞ্চুরি পেতে খেলেন মাত্র ৫৮ বল। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার অভ্যাসের কারণে নাজমুল কিন্তু আলাদা করে বড় একটা বাহবা পেতেই পারেন। টেস্টে ফিফটির চেয়ে তাঁর সেঞ্চুরিসংখ্যা যে বেশি!

    যে ১৪ বার পঞ্চাশ পেরিয়ে গেছেন এই সংস্করণে, তার মধ্যে ৯টিতেই সেঞ্চুরি করলেন (ফিফটি ৫টি)। শেষ ৮ ইনিংসেই সেঞ্চুরি ৪টি। হয়তো বাকিগুলোর চেয়ে এটা একটু বিশেষও—দুর্দান্তভাবে চাপ কাটিয়ে প্রতিপক্ষকে উল্টো চাপে ফেলেছেন, সচল রেখেছেন রানের চাকাও এবং মুমিনুলের সঙ্গে ১৭০ রানের জুটিতে এক দিন আগেই প্রথম ইনিংসে দলীয় চার শ রান করার প্রতিশ্রুতিরও পথ করে দিয়েছেন।

    সেঞ্চুরির পরপরই আউট হয়ে যাওয়ার হতাশা ভুলে নাজমুলের জন্য তাই শুধু করতালিই প্রাপ্য।

  • ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় ঢুকতে পারেননি ইরানের কর্মকর্তারা

    ফুটবলের প্রভাবশালী ব্যক্তিরা আজ বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে একত্র হচ্ছেন, যেখানে ফিফা আয়োজন করছে ৭৬তম কংগ্রেস। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাসের কম সময় আগে এটি এক গুরুত্বপূর্ণ বৈঠক।

    ইরান-ইসরায়েল যুদ্ধ, বিশ্বকাপ আয়োজনের লজিস্টিক জটিলতা এবং রাশিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিচ্ছেন ২০০টির বেশি সদস্য দেশের প্রায় ১ হাজার ৬০০ প্রতিনিধি।

    তবে ইরানের অনুপস্থিতি ইতিমধ্যেই বৈঠকের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। কানাডায় পৌঁছানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) কর্মকর্তারা হঠাৎই কানাডা ছেড়ে চলে যান এবং ভ্যাঙ্কুভারে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

    ইরানি গণমাধ্যমের দাবি, এফএফআইআরআই সভাপতি মেহদি তাজসহ (যিনি আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সদস্য ছিলেন) আরও দুই কর্মকর্তা কানাডার অভিবাসন কর্মকর্তাদের ‘অপমানজনক আচরণের’ কারণে দেশে ফিরে গেছেন।

    মেহদি তাজ ছাড়া অন্য দুই কর্মকর্তা হচ্ছেন সাধারণ সম্পাদক হেদায়েত মোমবেনি ও তাঁর ডেপুটি হামেদ মোমেনি। অন্যদিকে কানাডা জানিয়েছে, ২০২৪ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর ওই বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দেশটিতে প্রবেশে ‘অনুমোদন দেওয়া হয় না।’

    কানাডার অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোপনীয়তা–সম্পর্কিত আইনের কারণে আমরা কোনো ব্যক্তিগত ঘটনার বিষয়ে মন্তব্য করতে পারি না। তবে সরকার এ বিষয়ে শুরু থেকেই স্পষ্ট ও ধারাবাহিক অবস্থানে রয়েছে। আইআরজিসি–সংশ্লিষ্ট কর্মকর্তারা কানাডায় প্রবেশের যোগ্য নন এবং আমাদের দেশে তাঁদের কোনো জায়গা নেই।’

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোফিফা

    এ ঘটনা ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। গত মাসে ইরানের ফুটবল কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁরা বিশ্বকাপে নিজেদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বদলে সহ-আয়োজক মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্রুতই সেই প্রস্তাব নাকচ করে দেন। ইনফান্তিনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ড্র অনুযায়ী ইরান যেখানে খেলার কথা, সেখানেই তারা বিশ্বকাপের ম্যাচ খেলবে।

    অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে বলেন, ইরানের ফুটবলারদের টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানি প্রতিনিধিদলের যেসব সদস্যের আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে, তাঁদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

    ফিফা সভাপতি ইনফান্তিনো বাড়তি চাপের মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন। বিশ্বকাপের টিকিটের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    গত মঙ্গলবার ফিফা ঘোষণা দিয়েছে, বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক বণ্টনের পরিমাণ বাড়িয়ে প্রায় ৯০ কোটি ডলার করা হয়েছে। গত ডিসেম্বরে এই অঙ্ক ধরা হয়েছিল ৭২ কোটি ৭০ লাখ ডলার। বিশ্বকাপে জায়গা পাওয়া একাধিক দল অভিযোগ করেছিল, ভ্রমণ ব্যয়, কর এবং সামগ্রিক পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এত বড় টুর্নামেন্টে অংশ নিয়েও তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। সেই প্রেক্ষাপটেই ফিফার এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

    এদিকে মানবাধিকার সংগঠনগুলোও ইনফান্তিনোর কাছে দাবি জানিয়েছে, তিনি যেন ফিফা কংগ্রেসে দেওয়া বক্তব্যে বিশ্বকাপ দর্শক, সাংবাদিক ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিয়ে স্পষ্ট আশ্বাস দেন। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে কেউ যেন নির্বিচার আটক, গণ বহিষ্কার বা মতপ্রকাশের স্বাধীনতার ওপর দমন–পীড়নের শিকার না হন, সে বিষয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল
    ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল, এএফপি
     

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারবিষয়ক প্রধান স্টিভ ককবার্ন গতকাল বুধবার বলেন, ‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনো প্রকাশ্যে ব্যাখ্যা দেননি, কীভাবে সমর্থক, সাংবাদিক ও স্থানীয় জনগণ নির্বিচার আটক, গণ বহিষ্কার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর দমন-পীড়ন থেকে নিরাপদ থাকবেন।’

    এক বিবৃতিতে স্টিভ ককবার্ন আরও বলেন, ‘এই ফিফা কংগ্রেসই হওয়া উচিত সেই মুহূর্ত, যখন তিনি বিষয়টি পরিষ্কার করবেন। বিশ্ব ফুটবল সম্প্রদায় শুধু ফাঁকা আশ্বাসের চেয়ে বেশি কিছু পাওয়ার অধিকার রাখে।’

    এর মধ্যে ফিফার দেওয়া শান্তি পুরস্কার বাতিলের দাবিও উঠেছে। ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো এই পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেন। নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আমরা এই পুরস্কার বাতিল দেখতে চাই। এমন কোনো পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না।’

    ফিফা কংগ্রেসে রাশিয়ার আন্তর্জাতিক ফুটবল নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনায় আসতে পারে। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ রয়েছে। তবে চলতি বছরের শুরুতে ইনফান্তিনো রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই রাশিয়াকে আবার ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনেনি। বরং এটি শুধু আরও হতাশা ও ঘৃণা তৈরি করেছে।’

  • ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    মঙ্গলবার (৮ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

    এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাঁর নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন। তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

    বাংলাদেশ ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
    পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার নাম।

     

  • ফুটসাল লিগ যুগে বাংলাদেশ, কাল শুরু ১১ দলের প্রথম আসর

    দেশের ইতিহাসের প্রথম ফুটসাল লিগ শুরু হচ্ছে আগামীকাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে ১১টি করে দল।

    ফুটসাল লিগের প্রথম আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।

    লিগের প্রথম দিনে মাঠে নামবে তিনটি দল। বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপির নারী দল। সন্ধ্যা ৭টায় শুরু পুরুষ বিভাগের প্রথম ম্যাচেও খেলবে একই দল দুটি। দিনের শেষ ম্যাচে রাত ৯টায় খেলবে পুরুষ বিভাগের জেনন এফসি ও ঢাকা অ্যাথলেটিক।

    ফুটসালের প্রথম আসরে তারকাবহুল স্কোয়াড গড়েছে আইএম টেন এফসি। সাফ ফুটসাল জয়ী ৮ জন–সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, স্বপ্না আক্তার, লিপি আক্তার, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া আক্তার ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন এই দলের হয়ে।

    এ ছাড়া ওয়ারিয়র স্পোর্টসের জার্সিতে দেখা যাবে সাফজয়ী দুই খেলোয়াড় সুমি খাতুন ও ইতি রানীকে। অন্যান্য দলের মধ্যে সেনাবাহিনীর জার্সিতে দেখা যাবে মেহেনুর আক্তার ও নওশন জাহানকে। টেকভিল ফুটসাল ক্লাবে নাম লিখিয়েছেন সানজিদা আক্তার ও ফায়েদ আজিম।

    ছেলেদের বিভাগে আইএম টেনের হয়ে মাঠ মাতাবেন কাজী ইব্রাহিম ও মঈদ আহমেদ। ফকির এফসির হয়ে খেলবেন জাতীয় দলের ফয়সাল হোসেন।

    লিগের সূচিতে প্রথম পর্বের পর লম্বা বিরতি রাখা হয়েছে। ২৪ মে থেকে ২২ জুলাই টানা দুই মাস লিগ বন্ধ থাকবে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানিয়েছেন, ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা বিবেচনা করে দীর্ঘ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ফুটবল বিশ্বকাপ সামনে, তখন কে দেখবে আমাদের খেলা। দর্শক দরকার আছে। তাই বিরতিটা সেভাবেই দেওয়া। যাতে বিশ্বকাপ শেষ করে দ্বিতীয় পর্ব শুরু করা যায়।’

    ফুটসাল মূলত ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয়। ৫ খেলোয়াড়ের ফুটসালে সর্বোচ্চ ১২ জন ব্যবহার করা যায়, বদলি করা যায় যত খুশি। বিশ্বের বিভিন্ন দেশে ১৯৩০ সাল থেকে প্রচলিত থাকলেও বাংলাদেশে এর বড় উদ্যোগে পথচলা শুরু ২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।

    এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় জাতীয় পুরুষ ফুটসাল দল।
    সর্বশেষ গত জানুয়ারিতে প্রথম সাফ নারী ফুটসালে অংশ নিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ওই একই সময়ে ছেলেদের ফুটসালে বাংলাদেশ সাত দলের মধ্যে পঞ্চম হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঘরোয়া লিগের মাধ্যমে দেশে ফুটসালের নতুন পথচলা শুরু হচ্ছে।

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা

    বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং সেবা মেসেঞ্জার। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম দুটিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা।

    ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগইন করা যাচ্ছে না, নিউজ ফিডেও নতুন পোস্ট আসছে না। একই সঙ্গে মেসেঞ্জারেও বিভ্রাট দেখা দিয়েছে।

    ঢাকার একজন ব্যবহারকারী বলেন, ‘সন্ধ্যা সাতটার পর হঠাৎ করে দেখলাম, মেসেঞ্জার অটো লগআউট হয়ে গেল। এরপর ফেসবুকে ঢুকে দেখি পোস্ট করা যাচ্ছে না, নতুন পোস্টও আসছে না।’

    বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেসবুকে পোস্ট করেই ৩ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ, কারা পাবেন ও নেপথ্যে কী

    ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে বর্তমানে ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের একচ্ছত্র আধিপত্য চলছে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মগুলোর ভিড়ে আধেয় নির্মাতাদের (কনটেন্ট ক্রিয়েটর) আবার ফেসবুকমুখী করতে এবার বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে একজন নির্মাতা প্রতি মাসে তিন হাজার ডলার পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ পাবেন। মূলত ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক একটি বিশেষ প্রকল্পের আওতায় এই আর্থিক নিশ্চয়তা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের এই শীর্ষ প্রতিষ্ঠান।

    ফেসবুক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের অধীনে আয়ের পরিমাণ সরাসরি নির্ভর করবে একজন নির্মাতার অনুসারী বা ফলোয়ার সংখ্যার ওপর। তবে এটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রযোজ্য হবে। যাঁদের অনুসারী সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, তাঁরা প্রতি মাসে পাবেন প্রায় ১ হাজার ডলার। অন্যদিকে ১০ লাখ বা ১ মিলিয়নের বেশি অনুসারী থাকলে প্রতি মাসে আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ হাজার ডলারে।

    তবে এই নিশ্চিত আয়ের সুযোগটি কেবল প্রথম তিন মাসের জন্য কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নির্মাতাদের ফেসবুকে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। তিন মাস পার হওয়ার পর এই নিয়মিত আয় বন্ধ হয়ে গেলেও ফেসবুকের সাধারণ মনিটাইজেশন ব্যবস্থার মাধ্যমে আয় অব্যাহত রাখা যাবে।

    এই বিশেষ আর্থিক সুবিধা পেতে হলে নির্মাতাদের কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রধান শর্ত হলো সক্রিয়তা ও ধারাবাহিকতা। একজন নির্মাতাকে প্রতি ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি রিলস বা স্বল্পদৈর্ঘ্য ভিডিও পোস্ট করতে হবে। পাশাপাশি পুরো মাসের অন্তত ১০টি পৃথক দিনে ভিডিও আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। তবে এই ভিডিওগুলো অন্য প্ল্যাটফর্মে যেমন ইউটিউব বা টিকটকে প্রকাশিত হলেও ফেসবুকের ক্ষেত্রে তা বাধা হিসেবে গণ্য হবে না।

    মেটা বলছে, বর্তমান বিশ্বে শর্ট-ফর্ম ভিডিও বা স্বল্পদৈর্ঘ্য ভিডিওর জয়জয়কার চলছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুক এখন রিলস নির্মাতাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্দিষ্ট এই আয়ের পাশাপাশি এই প্রকল্পের আওতায় থাকা নির্মাতারা ফেসবুকের নিয়মিত বিজ্ঞাপন বা ইন স্ট্রিম অ্যাডস, ব্র্যান্ড কোলাবরেশন, সাবস্ক্রিপশন এবং স্টারসের মাধ্যমেও উপার্জনের সুযোগ পাবেন। আয়ের স্বচ্ছতা নিশ্চিতে মেটা নতুন কিছু অ্যানালিটিক্স টুলও ব্যবস্থা উন্মুক্ত করেছে। এর মাধ্যমে কোন ভিডিও থেকে কেন এবং কত টাকা আয় হচ্ছে, তা নির্মাতারা নিজেরাই তদারকি করতে পারবেন।

    শত কোটি ব্যবহারকারী থাকা সত্ত্বেও গত কয়েক বছরে অনেক জনপ্রিয় নির্মাতা ফেসবুক ছেড়ে ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মে থিতু হয়েছেন। দর্শকপ্রিয়তা এবং আয়ের স্থিতিশীলতার দৌড়ে ফেসবুক কিছুটা পিছিয়ে পড়ায় নির্মাতাদের ফিরিয়ে আনতেই মেটা এখন এই ‘আর্থিক নিশ্চয়তা ও অ্যালগরিদম সাপোর্ট’ কৌশল গ্রহণ করেছে। ২০২৫ সালে মেটা বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে। যার সিংহভাগই এসেছে রিলস থেকে। অর্থাৎ ফেসবুক এখন টেক্সট বা ছবির চেয়ে ভিডিও কনটেন্টকেই তাদের ব্যবসার প্রধান হাতিয়ার হিসেবে দেখছে।

    সূত্র: টেকলুসিভ

    আহসান হাবীব

  • ফ্রেঞ্চ ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা

    তাঁকে মেয়েদের টেনিসের ভবিষ্যৎ তারকা ভাবা হচ্ছিল অনেক দিন ধরেই। সেই ভবিষ্যৎ চলে এলো বলে!

    প্রথমবারের ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী রুশকন্যা মিরা আন্দ্রিভা। আজ রোলাঁ গারোর ফাইনালে পোল্যান্ডের মায়া চফালিনিয়েস্কাকে ৬–৩, ৬–২ সেটে হারিয়েছেন তিনি। এটি আন্দ্রিভার প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি। ছেলে ও মেয়েদের মধ্যে তিনিই গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী, যার জন্ম ২০০৫ সালের পরে।

    বিশ্ব র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা আন্দ্রিভা ফাইনাল শুরুর আগেই ফেবারিট ছিলেন। ১৫ বছর বয়সে প্রথম ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতা এই রুশ এরই মধ্যে ৫টি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। খেলেছেন উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও।

    বিপরীতে চফালিনিয়েস্কা এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন ১১৪ নম্বরে থেকে। প্যারিসে আসার আগে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মাত্র ২টিতে কোয়ালিফাই করা এই পোলিশ এবারও খেলেছেন বাছাইপর্বে। শেষ পর্যন্ত ফাইনালে উঠে এলেও তাঁর চেয়ে আন্দ্রিভাকেই ফেবারিট ধরা হচ্ছিল।

    জয় নিশ্চিতের পর মিরা আন্দ্রিভা
    জয় নিশ্চিতের পর মিরা আন্দ্রিভা, এএফপি
     

    কোর্টেও শেষ পর্যন্ত রুশকন্যার দাপটই দেখা গেছে। দুই সেটেই জিতে নিয়েছেন ফাইনাল।

    খেলা শেষে চফালিনিয়েস্কা তাঁর প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ‘আমি আশা করেছিলাম আজ আপনারা আরও ভালো একটা ম্যাচ দেখতে পাবেন, কিন্তু মিরা আমার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে; আমার মনে হয় দোষটা ওরই! আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করবেন।’

    ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে নিয়ে আন্দ্রিভা বলেন, ‘আমি যখন অনেক অনেক ছোট, তখন থেকেই টিভিতে রোঁলা গারোর খেলা দেখছি। এই টুর্নামেন্ট জেতা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন আমি এই ট্রফিটা হাতে ধরে আছি!’

  • বন্ধুর বাড়িতে প্রথম দেখা, হোমওয়ার্কের খাতায় লেখা চিঠি: মেসি-আন্তোনেল্লার প্রেমের গল্প

    বন্ধুর বাড়িতে ভিডিও গেম খেলতে গিয়ে ৯ বছর বয়সী এক ফুটবলপাগল ছেলে প্রথম দেখেছিল ৮ বছরের এক মেয়েকে। চোখে চোখ পড়তেই মনের ভেতর কাঁপন। শুরু হয়েছিল এক চুপচাপ প্রেম, যা পরে গড়ায় পরিণয়ে। আজ ভালোবাসা দিবসে পাঠকদের জন্য লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জোর দারুণ প্রেমের গল্প।

    প্রথম দেখা

    গল্পটা শুরু হয়েছিল এক বন্ধুর বাড়িতে।
    প্রেমের গল্পগুলো অবশ্য এমনই হয়। বন্ধুর বাড়িতে দেখা, প্রথম দেখাতেই ভালো লাগা, বুকের ধুকপুকানি বেড়ে যাওয়া...শুরুটা এমন ছিল লিওনেল মেসিরও।
    ১৯৯৬ সালের কথা সেটা। আর্জেন্টিনার রোজারিও শহর। মেসির বয়স তখন ৯। সারা দিন ফুটবল নিয়ে পড়ে থাকা ছেলেটা মাঝেমধ্যে বন্ধু লুকাস স্কাগলিয়ার বাড়িতে যেত ভিডিও গেম খেলতে। এ রকমই এক দিনে মেসি ও স্কাগলিয়া যে ঘরে বসে গেম খেলছিল, সেখানে ঢোকে একটি মেয়ে।
    ‘তোমাদের কিছু লাগবে?’—জিজ্ঞেস করেছিল মেয়েটা।
    ‘না’, উত্তর দিয়েছিল স্কাগলিয়া।
    মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মেসি বন্ধুকে জিজ্ঞেস করেছিল, ‘কে রে এটা?’
    ‘আমার কাজিন, আন্তোনেল্লা।’
    ৯ বছরের মেসি সেই প্রথম দেখেছিল ৮ বছরের আন্তোনেল্লা রোকুজ্জোকে। সেই দেখাই বদলে দিয়েছিল মেসির দুনিয়া।

    বন্ধুর বাড়িতে প্রথম দেখা হয়েছিল মেসি-আন্তোনেল্লার
    বন্ধুর বাড়িতে প্রথম দেখা হয়েছিল মেসি-আন্তোনেল্লার, আন্তোনেল্লার ইনস্টাগ্রাম
     

    গল্পটা অনেক দিন পরে মেসি নিজেই বলেছেন আর্জেন্টাইন এক টেলিভিশনে, ভালোবাসা দিবসের এক অনুষ্ঠানে। এরপর থেকে নাকি মেসি আরও বেশি যেতে শুরু করেছিলেন স্কাগলিয়ার বাড়িতে। তখন উদ্দেশ্য আর শুধু ভিডিও গেম খেলা নয়, যদি আন্তোনেল্লার দেখা মেলে!
    কখনো দেখা হতো, কখনো না। কেউ কেউ এটা টেরও পেলেন। মেসির তখনকার কোচ এনরিকে ডমিঙ্গেজ নাকি একবার স্কাগলিয়ার বাবাকে জিজ্ঞেস করেছিলেন, ‘লিওকে দেখলাম তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ঘটনা কী?
    স্কাগলিয়ার বাবা হেসে উত্তর দিয়েছিলেন, ‘ও আমাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা বের হলে ও আমাদের বাড়িতে ঢুকবে। প্রায়ই আসে।’
    ‘কেন?’
    ‘আসলে উইকেন্ডে লুকাসের কাজিন আন্তোনেল্লা আসে তো, লিও ওকে খুব পছন্দ করে।’
    টের পেয়েছিল হয়তো আন্তোনেল্লাও। নইলে কি আর নিয়ম করে উইকেন্ডে স্কাগলিয়ার বাসায় যেত!

    না পাঠানো সেই চিঠি

    এখন অবশ্য চিঠির যুগ নয়। তবে মেসির কৈশোরের পৃথিবীতে চিঠির চল ছিল। প্রেমে পড়ে কিশোর মেসিও চিঠি লিখেছিল। একদিন নাকি হোমওয়ার্ক করতে বসে খাতায় আনমনেই লিখেছিল, ‘প্রিয় আন্তোনেল্লা... একদিন তুমি আমার হবে, আমি হব তোমার।’
    তবে বরাবরই লাজুক মেসি সেই চিঠি কখনো আন্তোনেল্লাকে পাঠাতে পারেনি।
    এই গল্পটাও মেসি নিজেই বলেছেন।

    হঠাৎ দূরত্ব

    ভালোবাসার গল্পে কিছুটা বিচ্ছেদ, কিছুটা অনাকাঙ্ক্ষিত মোড় না থাকলে কি আর সেটা পূর্ণতা পায়! মেসি-আন্তোনেল্লার গল্পেও এমন বিচ্ছেদ এসেছিল। কিশোর মেসির ফুটবলপ্রতিভার খবর তত দিনে আর্জেন্টিনার রোজারিও ছাড়িয়ে ইউরোপে চলে গেছে। ট্রায়ালে তাঁকে দেখে মুগ্ধ হয়ে হাতের কাছে পাওয়া একটি ন্যাপকিন পেপারেই তাঁর সঙ্গে চুক্তি করে ফেলে বার্সেলোনা। ১৩ বছরের মেসিকে নিয়ে ২০০০ সালে তাঁর বাবা হোর্হে মেসি পাড়ি জমান বার্সেলোনায়।
    বার্সা একাডেমিতে শুরু হলো মেসির নতুন জীবন। মুঠোফোন তখনো সহজলভ্য হয়নি, ইন্টারনেটও না। আন্তোনেল্লার সঙ্গে যোগাযোগের খুব একটা উপায় রইল না মেসির। মাঝেমধ্যে ছুটি কাটাতে রোজারিওতে ফিরলে কখনো দেখা হতো, কখনো না।

    মেসি বার্সেলোনায় চলে যাওয়ার পর কিছুদিনের জন্য একা হয়ে গিয়েছিলেন আন্তোনেল্লা
    মেসি বার্সেলোনায় চলে যাওয়ার পর কিছুদিনের জন্য একা হয়ে গিয়েছিলেন আন্তোনেল্লাআন্তোনেল্লার ইনস্টাগ্রাম

    যেভাবে পুনর্মিলন

    ২০০৫ সালে আন্তোনেল্লার সবচেয়ে প্রিয় বান্ধবী উরসুলা নটজ এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ওই সময়ে আন্তোনেল্লায় মানসিক অবস্থা কী রকম থাকতে পারে, সেটা জানতেন মেসি। বার্সেলোনা থেকে তাই তখন উড়ে গিয়েছিলেন রোজারিওতে, আন্তোনেল্লাকে সান্ত্বনা দিতে! আর্জেন্টিনার ‘প্যারা টি’ সাময়িকীতে পরে আন্তোনেল্লা নিজেই বলেছেন, ওই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়ানোটা কতটা সাহায্য করেছিল তাঁকে। ওই পুনর্মিলনী বড় ভূমিকা রেখেছিল তাঁদের ভালোবাসার সম্পর্কটা আরও শক্ত করতে।

    প্রেম যেভাবে প্রকাশ্যে

    মেসি তত দিনে বার্সেলোনায় এবং ফুটবল-দুনিয়ায় নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছেন। আভাস দিয়েছেন আগামীর মহাতারকা হয়ে ওঠার। আর তারকাদের তো ব্যক্তিজীবনের সবকিছুই গোপন রাখতে হয়। মেসি-আন্তোনেল্লার প্রেম অবশ্য একেবারে গোপন থাকেনি। ২০০৭ সালের দিকে আন্তোনেল্লা নিজেই তাঁর কাছের কয়েকজন বন্ধুকে কথা প্রসঙ্গে জানিয়ে দেন, মেসির সঙ্গে তাঁর হৃদয়ঘটিত ব্যাপারস্যাপার আছে। কিন্তু সেটা গোপন থাকেনি। গুঞ্জন হয়ে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। এর বছর দুয়েক পরে এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলে দেন, আর্জেন্টিনায় এক মেয়ের সঙ্গে তাঁর অনেক দিনের প্রেম! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সংবাদমাধ্যমও নিশ্চিত করে দেয়, রোকুজ্জোই সেই আর্জেন্টাইন মেয়ে।

    আন্তোনেল্লাই প্রথম জানিয়েছিলেন, মেসির সঙ্গে তাঁর প্রেম চলছে
    আন্তোনেল্লাই প্রথম জানিয়েছিলেন, মেসির সঙ্গে তাঁর প্রেম চলছেআন্তোনেল্লার ইনস্টাগ্রাম

    প্রেমের টানে বার্সেলোনায়

    ভ্যানিটি ফেয়ার এস্পানা পত্রিকা জানায়, আন্তোনেল্লা সেই সময়টায় আর্জেন্টিনায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব রোজারিও থেকে মানবিক ও সামাজিক বিজ্ঞানে স্নাতক শেষ করে দন্তচিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর শুরু করেছিলেন। তবে ভালোবাসার টানে তিনি তখন পড়াশোনা ছেড়ে মেসির কাছাকাছি থাকার সিদ্ধান্ত নেন। চলে যান বার্সেলোনায়। সেখানে গিয়ে অবশ্য মডেলিং শুরু করেন। ভালো ক্যারিয়ারও গড়েন।

    অবশেষে বিয়ে

    ২০১৭ সালের ৩০ জুন রোজারিও ডাউনটাউনের পুলম্যান হোটেল রূপ নিল উৎসবের মঞ্চে। মেসি ও আন্তোনেল্লা—দুই শৈশবের বন্ধু, দুজন চুপি চুপি ভালোবেসে বড় হওয়া মানুষ শপথ নিলেন—‘যতক্ষণ না মৃত্যু আমাদের আলাদা করে, ততক্ষণ পর্যন্ত আমরা একে অন্যের সঙ্গে থাকব।’

    বিয়ের দিন মেসি ও আন্তোনেল্লা
    বিয়ের দিন মেসি ও আন্তোনেল্লাএএফপি

    ফুটবলে এই শতাব্দীর অন্যতম আলোচিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন নেইমার, সুয়ারেজসহ মেসির তখনকার বার্সেলোনা দলের প্রায় সব সতীর্থ, ছিলেন পপ স্টার শাকিরা (যিনি তখন মেসির সতীর্থ জেরার্ড পিকের স্ত্রী) এবং মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ ও বন্ধুরা। তত দিনে অবশ্য মেসি-আন্তোনেল্লা জুটির দুই ছেলে থিয়াগো (জন্ম ২০১২) ও মাতেও (জন্ম ২০১৫) পৃথিবীতে চলে এসেছে। বিয়ের এক বছর পর ২০১৮ সালে জন্ম নেয় এই দম্পতির তৃতীয় ছেলে চিরো।

    আন্তোনেল্লা কী করেন

    বার্সেলোনায় মেসির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের সঙ্গে। সেই সূত্রে, ভালো বন্ধু হয়ে ওঠেন মেসির স্ত্রী আন্তোনেল্লা ও সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবিও। ২০১৭ সালে আন্তোনেল্লা ও সোফিয়া মিলে আর্জেন্টিনার ফুটওয়্যার ব্র্যান্ড সারকানির জন্য বার্সেলোনায় একটি বুটিক শপ খোলেন। একই সঙ্গে অ্যাডিডাস এবং স্টেলা ম্যাককার্টনির মতো বিখ্যাত কয়েকটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন আন্তোনেল্লা। সব মিলিয়ে তিনি নিজেও এখন বড় তারকা। এক্স বা ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ইনস্টাগ্রামে আন্তোনেল্লার ৩ কোটি ৫০ লাখেরও বেশি অনুসারী।

    ইনস্টাগ্রামে আন্তোনেল্লার ৩ কোটি ৫০ লাখেরও বেশি অনুসারী
    ইনস্টাগ্রামে আন্তোনেল্লার ৩ কোটি ৫০ লাখেরও বেশি অনুসারী, আন্তোনেল্লার ইনস্টাগ্রাম

    বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি একবার বলেছিলেন, ‘আন্তোনেল্লার অনেক গুণ। ও যেভাবে প্রতিদিনের কাজ সামলায়, সেটার প্রশংসা করতেই হবে। সব সময় হাসিখুশি থাকে এবং প্রতিদিনের সমস্যাগুলোকে খুব ভালোভাবে সামলায়। সে খুব বুদ্ধিমান এবং সব দিক থেকেই দারুণ।’

    এখন দুজনের জীবন

    বার্সেলোনা ছেড়ে মেসি ২০২১ সালে পাড়ি জমান প্যারিসে। নতুন সেই শহরে মেসি পরিবারের মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হয়নি, কারণ আন্তোনেল্লা দারুণভাবে সব সামলেছেন। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, ২০২২ বিশ্বকাপ জয়ের সময় আন্তোনেল্লা কীভাবে পাশে ছিলেন, সেটা তো সারা বিশ্বই দেখেছে।
    ২০২৩ সালের গ্রীষ্মে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর শুরু হয় নতুন শহরে মেসি পরিবারের নতুন অধ্যায়। সেই জীবন কতটা আনন্দময়, সেটা যাঁরা মেসি বা আন্তোনেল্লাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা তো জানেনই।

     

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব