• Colors: Purple Color

দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি, অন্য কোনো ফোরামে নয়।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী গত জুলাইয়ে আলোচিত ‘জাতীয় সনদ’-এর প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ওই সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে দেশের উচ্চ আদালতে প্রশ্ন উঠেছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, এই পরিষদের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে এবং উচ্চ আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।

তিনি আরও জানান, কোনো বিশেষ রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে কোনো পরিষদের কথা আসলেও যতক্ষণ পর্যন্ত তা আইনি কাঠামোয় যুক্ত না হচ্ছে, ততক্ষণ তার কোনো রাষ্ট্রীয় কার্যকারিতা থাকে না।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে সংস্কার পরিষদ গঠনের আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে কোনো নতুন পরিষদ বা কাঠামো গঠন করতে হয়, তবে তার জন্য একটি নির্দিষ্ট সাংবিধানিক পথ অনুসরণ করতে হবে। 

তিনি আরও বলেন, সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। এর বাইরে কোনো পন্থায় পরিষদ গঠন করা হলে তা অসাংবিধানিক হিসেবে গণ্য হবে।

 

ঢাকা

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে. এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী),
এছাড়া পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে .এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন ও কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

 

ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  


রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।

 

দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এই পাঁচ জেলার আগের জেলা প্রশাসকদের ১ মার্চ প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন গাজীপুরে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পঞ্চগড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীন, কুষ্টিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন–হাসান এবং নেত্রকোনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান।

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। 

রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের উপরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহত রাকিবুল শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। তার বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল নামের ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।

অন্যদিকে হাসপাতালে আহত রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শহিদ মিনারে রাকিবুল নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। বর্তমানে আহত রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় একটি গুলি বিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব