• Colors: Purple Color

শুধু ঘুষ গ্রহণই দুর্নীতি নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকালে আকস্মিক মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে তাদের প্রাপ্য সেবাটুকু পায়—সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পরিদর্শনকালে হাসপাতালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং ডাক্তার-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে সিটি স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার হয়। নিয়ম অনুযায়ী এরপর আজ সকালে করা সিটি স্ক্যানের রিপোর্ট আসে শনিবার দুপুরের পর। সে রিপোর্টসহ তার চিকিৎসার বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে সিঙ্গাপুরে।

এই মুহূর্তে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এই বিএনপি নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে, তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে। তবে এখন তাঁরা ভিসা নবায়নের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীরা ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া অনলাইনেও আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, ইতিমধ্যে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাঁদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার। ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ছুটিতে অবস্থান করা কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হলে বা শিগগিরই শেষের দিকে হলে, সংশ্লিষ্ট দেশে গিয়ে তাঁদের ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তাঁদের ভিসা নবায়নের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে অবস্থিত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস, যা দেশের অভ্যন্তরীণ জ্বালানি খাতকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) সকালে শ্রীকাইল গ্যাসক্ষেত্রে কূপটির উদ্বোধন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমদানির ওপর নির্ভরশীল করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হলে যেকোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা এখন পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আমরা প্রত্যাশা করছি, নিজেদের চাহিদার চেয়েও বেশি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কূপটি অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে। গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে কূপের খননকাজ সম্পন্ন হয়। তবে নানা জটিলতায় এটি চালু করার উদ্যোগ থমকে ছিল। কূপটি থেকে আগামী ১০ বছর গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে; যার মধ্যে প্রায় ২৮ বিসিএফ উত্তোলনযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ-৫-এর উপ-প্রকল্প পরিচালক মো. আবদুল বাতিন বলেন, গত বছর ২৮ সেপ্টেম্বর এই কূপের খনন শুরু করে। এ বছরের জানুয়ারিতে খননকাজ শেষ হয়। এই কূপে মজুত আছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস। আজ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

উদ্বোধনের সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশনস রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

 

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন- অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি রাজশাহী সিটি করপোরেশনে- মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন- মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত ২২ ফেব্রুয়ারি এই নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাঁদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস তাঁর সঙ্গে যাবেন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ অনেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব