বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত ১১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ এবং ২০তম গ্রেডের সাত ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
চাকরির বিবরণ
১. পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্টে উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: সহকারী স্টোর কিপার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্টে উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।
**২ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৭ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
** আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা।
নির্দেশনা ও শর্তগুলো
১. কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
রাজধানীর হাজারীবাগে নিজের সাবেক প্রেমিক সিয়ামের সন্দেহ ও ক্ষোভে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে হত্যা করেছে। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করায়। পরে হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন।
ডিসি মাসুদ আলম আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের তদন্তে জানা গেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে ফাটল ধরায় সিয়াম সন্দেহ করেছিল যে বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এই বিষয় নিয়ে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে সিয়াম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ডিসি বলেন, সিয়াম হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ছুরি সঙ্গে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে কথার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েও তা সম্ভব হয়নি, তাই সে চরম পথ বেছে নেয়।
ফেসবুক-মেসেঞ্জারে হত্যার হুমকির অভিযোগ এনে এক যুবকের বাড়ির সামনে প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েছেন পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী। একপর্যায়ে সেখানে তাঁকে ঘিরে তৈরি হওয়া ‘জনরোষ’ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ফজলে রাব্বী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুক পোস্টে মন্তব্য ও মেসেঞ্জারে বাগ্বিতণ্ডার জেরে গতকাল সন্ধ্যার পর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আব্দুর রউফ ও তাঁর ছোট ভাই মো. রব্বানীর বাড়ির পাশের সড়কে গিয়ে দাঁড়ান ফজলে রাব্বী। ফেসবুক লাইভে তিনি বলতে থাকেন, ‘আব্দুর রউফের ভাই আমাকে নাকি হত্যা করবে, আমি ওর বাসার সামনে এসেছি। আমরা মৃত্যুকে ভয় পাই না।’ এসব বলে ফজলে রাব্বী আব্দুর রউফকে গ্রেপ্তার না করায় প্রশাসনের সমালোচনা করেন। পঞ্চগড়ে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরের দিন আওয়ামী লীগ অফিস খুলে দেন, ১৭ বছর কোথায় ছিলেন? যাঁরা আওয়ামী লীগ পুনর্বাসন করেন তাঁদের স্পষ্ট করে বলি, হয় আমরা জুলাই বিপ্লবের বিপ্লবীরা থাকব নয়তো আপনারা থাকবেন।’
এ সময় ধীরে ধীরে সেখানে লোকজন জড়ো হতে থাকেন। স্থানীয় লোকজনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। একপর্যায়ে তাঁদের সঙ্গে ফজলে রাব্বীর বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় ফজলে রাব্বীকে নিরাপদে রাখতে পাশের একটি বাড়িতে নিয়ে যান স্থানীয় কয়েকজন। ফজলে রাব্বীকে ঘিরে রেখে ‘তিনি মব সৃষ্টি করতে সেখানে এসেছেন’ অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলে রাব্বীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের জিম্মায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
এ বিষয়ে ফজলে রাব্বী বলেন, ‘মঙ্গলবার বইমেলার কয়েকটি ছবি আমি ফেসবুক পোস্ট করেছিলাম। সেখানে মো. রব্বানী নামের একজন কমেন্ট করেছেন “তুই কামারপাড়া আসিস তো রবের (আব্দুর রউফ) বাড়িতে।” পরে জানতে পারি রব্বানী কামারপাড়ার আব্দুর রউফের ভাই। বিকেলে ওই আইডির মেসেঞ্জার থেকে কল দিয়ে আমাকে ইফতারের পর যেতে বলে। এমনকি আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে কাঁচা লঙ্কা খেয়ে যেতে বলে। এ জন্য আমি সেখানে গেলে স্থানীয় লোকজনসহ বিএনপির ভাইয়েরা সেখানে জড়ো হন। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। এ ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে ছাত্রলীগের কর্মী আব্দুর রউফ বলেন, ‘৫ আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলমতের মন্তব্য নিয়ে কাদা–ছোড়াছুড়ির কারণে আমাদের একজন অপরজনকে শত্রু ভাবা শুরু হয়। ফজলে রাব্বী কয়েকবার আমাকে হেয় করে আমার ছবি দিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে এবং নানা প্রকার হয়রানি করে। বিষয়টি নিয়ে আমার পরিবারের লোকজনের মধ্যে ফজলে রাব্বীকে নিয়ে নেগেটিভ ধারণা তৈরি হয়। সেটা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এতে একে অপরকে হুমকি প্রদান করে। এর জের ধরে ফজলে রাব্বী আমাদের বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কিছু বেসামাল কথাবার্তা বলে হুমকি দিতে থাকে। বিষয়টি আমরা পাড়া–প্রতিবেশী ও পুলিশকে জানাই। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করব।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজ দুপুরে বলেন, ‘খবর পেয়ে আমরা ফজলে রাব্বীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে তাঁকে জেলা জামায়াতে ইসলামীর আমিরের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতে রব্বানীর পরিবারের লোকজন একটা এজাহারের কাগজ নিয়ে এলেও পরে সেটি সংশোধন করতে নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।’
দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্ল্যাক্সটন এলাকার আকাশজুড়ে বিশাল চিমনি থেকে কয়লার ধোঁয়া ছাড়ত। আজ তা ইতিহাসের অংশ। ‘বুল রান ফসিল’ প্ল্যান্টের সেই চিমনি দুটি ধ্বংস করে এখন সেখানে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নতুন ও বৈপ্লবিক এক বিদ্যুৎকেন্দ্র। বিল গেটসের অর্থায়নে পরিচালিত টাইপ ওয়ান এনার্জি নামের একটি প্রতিষ্ঠান সেখানে তৈরি করছে একটি ফিউশন রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরকে বিজ্ঞানীরা ডাকছেন কৃত্রিম সূর্য নামে।
চলতি বছরের ২৯ জানুয়ারি টাইপ ওয়ান এনার্জি টেনেসি ভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ইনফিনিটি ওয়ান প্রকল্পের জন্য লাইসেন্স আবেদন জমা দিয়েছে। সফল হলে এটিই হবে টেনেসি অঙ্গরাজ্যের প্রথম বাণিজ্যিক ফিউশন প্রকল্প। সাধারণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিশন পদ্ধতিতে পরমাণুকে ভেঙে শক্তি উৎপন্ন করা হয়। আর ফিউশন হলো তার উল্টো। এই প্রক্রিয়ায় সূর্য ও নক্ষত্ররা শক্তি উৎপাদন করে। এতে হালকা পরমাণুকে একত্র বা ফিউজ করা হয়। এ থেকে নির্গত হয় বিপুল পরিমাণ শক্তি। এতে তেজস্ক্রিয় বর্জ্যের ঝুঁকি ফিশনের তুলনায় অনেক কম।
ইনফিনিটি ওয়ান রিঅ্যাক্টরটি একটি বিশেষ মডেলের ওপর ভিত্তি করে তৈরি। একে স্টেলারটর বলে। বর্তমানে বিশ্বে প্রচলিত বেশির ভাগ ফিউশন রিঅ্যাক্টর টোমাকাক বা ডোনাট আকৃতির হলেও স্টেলারটরের নকশা অত্যন্ত জটিল। এখানে হাইড্রোজেন প্লাজমাকে প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, যা সূর্যের কেন্দ্রের চেয়েও কয়েক গুণ বেশি গরম। এই প্রচণ্ড উত্তপ্ত প্লাজমাকে ধরে রাখার জন্য অতি-শক্তিশালী চৌম্বক কয়েল ব্যবহার করা হয়। টোমাকাক রিঅ্যাক্টরে প্লাজমার স্থায়িত্ব নিয়ে সমস্যা থাকলেও স্টেলারটরের প্যাঁচানো নকশা প্লাজমাকে দীর্ঘক্ষণ স্থিতিশীল রাখতে সক্ষম।
ফিউশন এনার্জিকে প্রচলিত পারমাণবিক কেন্দ্রের মতো ঝুঁকিপূর্ণ মনে করা হয় না। ২০২৩ সালে মার্কিন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন সিদ্ধান্ত নেয়, ফিউশন রিঅ্যাক্টরকে প্রথাগত পারমাণবিক কেন্দ্রের কঠিন নিয়মের বদলে কণা ত্বরক যন্ত্রের মতো করে বিবেচনা করা হবে। এ কারণে এই প্রযুক্তির দ্রুত বিকাশে বড় ভূমিকা রাখছে।
টাইপ ওয়ান এনার্জি জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে তারা ইনফিনিটি ওয়ান রিঅ্যাক্টরটির কাজ শেষ করতে চায়। এ ছাড়া ভবিষ্যতে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎকেন্দ্র ইনফিনিটি টু তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামি শরিয়াহ মতে আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (এক শ দশ) টাকা প্রদান করতে হবে।
যব দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ (পাঁচ শ পঁচানব্বই) টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৪৭৫ (দুই হাজার চার শ পঁচাত্তর) টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ (দুই হাজার ছয় শ চল্লিশ) টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ (দুই হাজার আট শ পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে।
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
সভায় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস–এর গভর্নর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৪৬ হাজার ২০০ জন বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জনকে মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে।
১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।
২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
এবার শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে।
২০২৫ সালের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
শুরুর দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর ইংরেজি ও ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। সেই স্থগিত পরীক্ষাটি ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। এবার ফল প্রকাশের অপেক্ষাও শেষ হচ্ছে আজ।