মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল রোববার থেকে অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নিদের্শেনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

জরুরি পরিষেবা বলতে সাধারণত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম ইত্যাদিকে বোঝোনা হয়।

ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত

ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ আগের মতো ২৪ ঘণ্টা চালু থাকার নির্দেশনা বলবৎ থাকবে।

বিপণিবিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ সন্ধ্যা ছয়টায়

সরকারের সিদ্ধান্ত হলো জরুরি সেবা ব্যতীত সব বিপণিবিতান (মার্কেট), অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ছয়টায় বন্ধ করতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী প্রতিনিধিরা রাত আটটা পর্যন্ত দোকান ও শপিং মল খোলার দাবি জানান। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সন্ধ্যা ছয়টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়েছিল। দীর্ঘদিন পর ২০২৪ সালে জুনে আবার স্বাভাবিক সময়ে, অর্থাৎ নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করা হয়। এখন বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে আবার অফিস সময় এক ঘণ্টা কমল।

শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে বলে গতকাল শুক্রবার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছিল।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল রোববার স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া। যার মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে, অর্থাৎ এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস হবে সশরীর।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকরভাবে অনলাইনে ক্লাস নেওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক আজ বলেন, ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের সন্তানেরা পড়ে। তাদের সবাইকে অনলাইনে ক্লাসের আওতায় আনা অসম্ভব। এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাসের ঘোষণা দেওয়া হয়েছিল। তখন বাস্তবে তাঁদের বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে আনা যায়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র বলেছে, তারাও মনে করে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্লাস নেওয়া কঠিন। এ জন্য খোলা রেখে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়, সেই চিন্তা তাদেরও আছে। তবে সিদ্ধান্তটি আসবে মন্ত্রিপরিষদ থেকে।

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিসংকটে পড়েছে অনেক দেশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে।

জামালপুরে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণ না হওয়া এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ ইউনিট চালু না থাকায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে ভবন নির্মাণ এবং আইসিইউ চালুর দাবিতে রোগীর স্বজন ও সচেতন নাগরিকেরা মানববন্ধন করেছেন। দাবি পূরণে বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন কর্মসূচি থেকে।

আজ শনিবার দুপুরে জেলা স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ কমিটির উদ্যোগে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন ও এনজিও প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা, সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে ৫০০ শয্যার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণকাজ এগোচ্ছে না। একই সঙ্গে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রমও চালু করা সম্ভব হচ্ছে না। ফলে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে দূরদূরান্তে ছুটতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে হাসপাতালের নির্মাণকাজ শুরু করে দ্রুত চিকিৎসাসেবা চালু করতে হবে। পাশাপাশি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবি জানানো হয়। সেই সঙ্গে হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত রেখে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। অন্যথায় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক ও কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।  

প্রসঙ্গত, ২০১৬ সালে জামালপুর পৌর শহরের মনিরাজপুরে ৩৫ একর জায়গার ওপর জামালপুর মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। এখনও ৫০০ শয্যার হাসপাতালের ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়নি। ২০১৫ সালের ৩১ জানুয়ারি জামালপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একটি কক্ষে নতুন আইসিইউর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল; কিন্তু জনবলের অজুহাতে ওই ইউনিট আর চালু করা হয়নি।

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আজ বৃহস্পতিবার বিকেলে এ তেল জব্দ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি ট্যাংকারে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল এসব ডিজেল। অভিযান চালিয়ে সেখান থেকেই তেল জব্দ করা হয়।

নদীতে ট্যাংকারটিতে মজুত করে রাখা হয় ডিজেল
নদীতে ট্যাংকারটিতে মজুত করে রাখা হয় ডিজেল, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হামীম জানান, অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে আজ থেকে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারই অংশ হিসেবে ফার্মগেটে এ অভিযান চলছে। 

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার পর ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় এ অভিযান শুরু হয়।

স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট ও তেজগাঁও ডিসির নেতৃত্বে অভিযান চালাচ্ছে একটি দল। 

সরেজমিনে দেখা যায়, অবৈধভাবে দখল করে ফুটপাতে বসা ব্যাবসায়ীদের তুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করছে আভিযানিক দল।

এর আগে, পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিক আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এই ই–কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সিআইডি আজ সোমবার জানিয়েছে, ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে কাফরুল থানায় গতকাল রোববার মামলাটি করা হয়েছে।

সিআইডি জানায়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ইভ্যালির বিরুদ্ধে। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও উঠেছে।

সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ আসামিরা বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন, বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি। এসব বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন।

এ বছরের জানুয়ারি মাসে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চেক প্রত্যাখ্যানের মামলায় মোহাম্মদ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে দুই মামলায় সাজা পরোয়ানা থাকায়।

প্রতারণার অভিযোগে করা একটি মামলায় মো. রাসেল ও শামীমা নাসরিনকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

লিবিয়ায় বন্দিশালায় দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। এক সপ্তাহের বেশি সময় আগে তাঁদের মৃত্যু হলেও পরিবারের কাছে তা গোপন রাখা হয়েছিল। নিহত দুই যুবকের লাশ দ্রুত দেশে আনার দাবি করেছে পরিবারগুলো।

নিহত দুই যুবক হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকার কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৫) এবং ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বিনতিলুক এলাকার প্রয়াত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩৫)। নিহত দুজনের পরিবার গতকাল শনিবার কাছে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় তিন বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়েছিলেন ইলিয়াস। সেখান থেকে বাংলাদেশি এক দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে গত বছরের আগস্টের শুরুতে কাতার থেকে দালালের সহযোগিতায় লিবিয়ায় পৌঁছান ইলিয়াস। সেখানকার একটি বন্দিশালায় ইলিয়াসকে বন্দী রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন দালাল চক্রের সদস্যরা। ২৩ মার্চ ওই বন্দিশালায় দালালের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মারা যান ইলিয়াস। মৃত্যুর চার দিন পরে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় এক দালালের মাধ্যমে ইলিয়াসের মৃত্যুর খবর পায় পরিবার। এর পর থেকে পরিবারের চলছে মাতম।

গতকাল ইলিয়াসের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বড় ছেলেকে হারিয়ে অনেকটা বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন ইলিয়াসের বাবা কালাম হাওলাদার ও মা রানু বেগম। ইলিয়াসের দুই বছর বয়সী এক ছেলে আছে। বাবা যে আর কখনো ফিরবে না, সেটা বুঝতে পারছে না অবুঝ শিশুটি। ইলিয়াসের স্ত্রী বীথিও কাঁদছিলেন।

লিবিয়াতে দালালের নির্যাতনে ছেলে ইলিয়াসে হাওলাদারের মৃত্যুতে বাক্‌রুদ্ধ বাবা কালাম হাওলাদার। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকায়
লিবিয়াতে দালালের নির্যাতনে ছেলে ইলিয়াসে হাওলাদারের মৃত্যুতে বাক্‌রুদ্ধ বাবা কালাম হাওলাদার। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকায়
 

কালাম হাওলাদার বলেন, ‘আমার দুই ছেলে। দুজনই কাতারে থাকত। ওখানেই ভালো ছিল। বড় ছেলে ইলিয়াস আমাদের কাউকে কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যায়। লিবিয়াতে যাওয়ার পরে আমরা জানতে পারি। ছেলের মুখের দিকে চাইয়ে আমি অনেক কষ্ট করে ২০ লাখ টাকা দালাল হাবিব মাস্টারের কাছে দিই। তবুও আমার ছেলেডা মরে গেল।’ তিনি বলেন, ‘ঘটনার পরে শুক্রবার ঢাকায় দালাল আমাদের নিয়ে বসেছে। তিনি আমার ছেলের লাশ দেশে ফিরিয়ে এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিপূরণও দিবে বলেছেন। তবে সেটা কবে দিবে, তা জানায় নাই।’

মা রানু বেগম বলেন, ‘আমার বাপজানের হায়াত নাই। ওরে আল্লায় নিয়া গেল। আমরা কোনো বিচার চাই না, পোলাডার লাশ যেন দেশে ফিরা আহে, সেটাই চাই।’

খোঁজ নিয়ে জানা যায়, হাবিব মাস্টার ওরফে হাবিবুর রহমান খন্দকারের বাড়ি ডাসার উপজেলার গোপালপুর এলাকায়। তিনি একটি মাদ্রাসার সাবেক শিক্ষক, বাংলাদেশে থেকে লিবিয়ার মানব পাচার চক্রের অন্যতম সদস্য হিসেবে কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত থাকলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে আছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কালকিনি ও ডাসার উপজেলা থেকে অন্তত তিন শতাধিক যুবককে লিবিয়া হয়ে ইতালিতে পাঠিয়েছেন হাবিব। এখনো লিবিয়ার বন্দিশালায় তাঁর অন্তত শতাধিক অভিবাসনপ্রত্যাশী আছেন।

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত হাবিবুর রহমান খন্দকারের মুঠোফোন নম্বরে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে ডাসার উপজেলার বিনতিলুক এলাকার ফারুক হাওলাদার লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে মারা গেছেন ১৮ মার্চ। পরিবার ফারুকের মৃত্যুর খবর পেয়েছে ২৫ মার্চ।

ফারুকের পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফারুক রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি উন্নত জীবনের আশায় চার মাস আগে স্থানীয় দালাল হাবিবুর রহমানের মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছান। পরে তাঁকে একটি বন্দিশালায় আটক রেখে তাঁর পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। তাঁকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে নেওয়ার কথা থাকলেও নির্যাতন করে মেরে ফেলা হয়েছে দাবি পরিবারের।

লিবিয়াতে দালালের নির্যাতনে ছেলে ফারুক হাওলাদারের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা মালেকা বেগম। শনিবার বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বিনতিলুক এলাকায়
লিবিয়াতে দালালের নির্যাতনে ছেলে ফারুক হাওলাদারের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা মালেকা বেগম। শনিবার বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বিনতিলুক এলাকায়
 

গতকাল বিকেলে ফারুকের বাড়ি বিনতিলুক এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভাঙাচোরা টিনশেড ঘরে ফারুকের পরিবার থাকে। মা মালেকা বেগম, স্ত্রী লাবণী আক্তার ছাড়াও ফারুকের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ফারুকের এমন মৃত্যুতে তাঁর পরিবারসহ প্রতিবেশীরাও শোকাহত। ফারুকের মা মালেকা বেগম প্রথম আলোকে বলেন, ‘গেম ঘরে (বন্দিশালা) কী থেকে কী হইছে জানি না। আমার ছেলেডা আর বাঁইচা নাই। ওরে ছাড়া ক্যামনে বাঁচমু? ওর ছোট্ট দুই ছেলেমেয়ে, ওরাও অবুঝ। ওগের কী হবে? কে দ্যাখব?’

ফারুকের শাশুড়ি নাজমা বেগম বলেন, ‘দালাল বলেছে, লাশ এনে দিবে। তারপর তার বিচার চামু। এখন বিচার চাইতে গেলে লাশ দালালে আইনা দিবে না। তাই আমরা আপাতত থানা-পুলিশ কিছু করতেছি না।’

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, লিবিয়ার বন্দিশালায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবার থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। এ ছাড়া দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাতটার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে তারেক রহমান
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে তারেক রহমান, ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে
 

তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে বিকেলে সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তাঁদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাঁরা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছিলেন।

সড়কে নেতা–কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে পারছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

একজন নারী কর্মী বলেন, ‘দুই বছর আগেও আমরা এখানে আসতে পারতাম না। পুলিশে তাড়াত, গ্রেপ্তার করত। আর আজকে…আল্লাহ চাইলে কী না পারে।’

বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে সমুদ্রগামী বিশালাকার নতুন ট্যাংকার। নতুন এই ট্যাংকারের নাম দেওয়া হয়েছে ‘এমটি ওমেরা লিবার্টি’। ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ এই ট্যাংকার সমুদ্রে ভাসিয়েছে।

ট্যাংকারটি নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়ার দেইহান শিপবিল্ডিং। ২০২৩ সালের ২০ জুলাই নতুন ট্যাংকারটি নির্মাণে শিপইয়ার্ডটির সঙ্গে চুক্তি হয়েছিল এমজেএলের। এমজেএল নতুন এ ট্যাংকার কেনায় বিনিয়োগ করেছে ৭৫ মিলিয়ন ডলার (বর্তমান ডলারের বিনিময়মূল্যে ৯২২ কোটি টাকা)।

গত বুধবার নতুন এই ট্যাংকারের নামকরণ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার দেইহান শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম, ইস্ট কোস্ট গ্রুপের শিপিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন ট্যাংকার হিসেবে এটি এখন বাংলাদেশের সর্ববৃহৎ ট্যাংকার। প্রায় একই পরিবহনক্ষমতার এমজেএল বাংলাদেশের আরেকটি ট্যাংকার রয়েছে। ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের ট্যাংকারটি ২০১২ সালের তৈরি। গত বছর এটি বাংলাদেশের বহরে যুক্ত হয়।

জাহাজ নিবন্ধনকারী সংস্থা নৌ বাণিজ্য অফিসের তথ্য অনুযায়ী, নতুন এই ট্যাংকার একসঙ্গে ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল পরিবহনে সক্ষম। ট্যাংকারটি লম্বায় ২৫০ মিটার।

নৌ বাণিজ্য অফিসের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নতুন ট্যাংকারটিসহ বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১০৫–এ উন্নীত হয়েছে। নতুন হিসেবে এমটি ওমেরা লিবার্টি এখন দেশের সবচেয়ে বড় ট্যাংকার। ট্যাংকারটির সাময়িক নিবন্ধন হয়েছে।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের বহরে নতুন ট্যাংকার যুক্ত হওয়ায় দেশি জ্বালানি তেল পরিবহনে যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি বিদেশি জ্বালানি তেল পরিবহন করে দেশের বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার নতুন ট্যাংকারে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কলকাতা