• Colors: Yellow Color

ঈদের সিনেমা ‘দম’, ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’–এ অভিনয় করেছেন চার বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরী, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও নাজিফা তুষি। চার নায়িকার মধ্যে ক্যারিয়ারের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে?

নায়িকা হিসেবে শুরুর পর পূজা চেরীর ক্যারিয়ারের এক যুগ পার হয়েছে। তবে ঈদে মুক্তি পাওয়া রেদওয়ান রনির সিনেমা দম–এর জন্য তিনি অডিশন দিয়েছিলেন। ঢাকাই সিনেমার জন্য যা নতুনই বলা যায়। ছবিতে রানী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার হিসাব করলে গত কয়েক বছরে মুক্তি পাওয়া পূজা অভিনীত ‘জ্বীন’, ‘লিপিস্টিক’, ‘টাইগার’—কোনোটাই সেভাবে সাড়া ফেলতে পারেনি। হয়তো ‘দম’ দিয়েই নিজেকে ফিরে পাবেন পূজা। মুক্তির পর সে ইঙ্গিতও মিলছে। ছবিতে নিশোর সঙ্গে রসায়ন থেকে আবেগের দৃশ্য তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। নির্মাতা রেদওয়ান রনিও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। ‘একজন শিল্পীর নিবেদন ছাড়া, তার চরিত্রের প্রতি ভালোবাসা ছাড়া কখনোই এমন একটা জায়াগায় পৌঁছানো সম্ভব নয়, সবাই প্রশংসা করে। পূজা এই গল্প, চরিত্র বিশ্বাস করেছে, ফলে ও চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছে,’ বলেন তিনি।

‘দম’–এর গান ‘কোথায় পাব তাহারে’ গানে পূজা চেরী। ভিডিও থেকে
‘দম’–এর গান ‘কোথায় পাব তাহারে’ গানে পূজা চেরী। ভিডিও থেকে

এবার ঈদের চার বছর পর ফিরেছেন নাজিফা তুষি। ২০২২ সালে মেজবাহউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার পর যেন ‘হাওয়া’ হয়ে গিয়েছিলেন তিনি। এবার ফিরলেন রায়াহন রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে। ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেছেন তিনি। টিজারে তুষিকে দেখা গেছে নানা লুকে, তখন থেকেই প্রশংসিত হচ্ছেন তিনি। গত রোববার রাতে ছবির অন্যতম চিত্রনাট্যকার মেহেদি হাসান ফেসবুক তুষিকে নিয়ে লিখেছেন, ‘একেকজন অভিনেতার একেক রকম প্রসেস থাকে, চরিত্র তো আর অভিনেতা ভেবে হয় না। কিন্তু রেশমা আসলে নাজিফা তুষি না হলে হতো না। যখন ডায়ালগ নিয়ে বসছি, আমরা তখন থেকেই তুষির মেথড অ্যাকটিংয়ের  প্রসেস দেখতাম বসে বসে। কখনো তুষিকে দেখি ভাতের হোটেলে ঘুরছে এই চরিত্র নিয়ে, কখনো লেখার সময় পাশে বোরকা পরে একটা মেয়ে এলে “স্লামালাইকুম” বলতেই দেখতাম, সে আসলে তুষি, কখনো বসে ব্যাকস্টোরি সাজাতাম আমরা, আবার কখনো একদিন হুট করে সব ডায়ালগ নতুন অ্যাকসেন্টে ট্রাই করা। পর্দায় জাস্ট টেক্সটগুলো ব্লার হয়ে গেল আর আমি তুষিকে রেশমা হয়ে যেতে দেখলাম।’ এই সিনেমা ছাড়াও চলতি বছর রইদ সিনেমায় দেখা যাবে তুষিকে। এ ছবি দিয়েই আবার ফিরছেন সুমন–তুষির নির্মাতা–অভিনেতা জুটি।

‘প্রেশার কুকার’ ছবির পোস্টার
‘প্রেশার কুকার’ ছবির পোস্টারফেসবুক থেকে

গত বছরের ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় দেখা যায় তাসনিয়া ফারিণকে। ইনসাফ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে তিনি ছিলেন চলনসই। এরপর আরও কয়েকটি সিনেমার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাঁকে দেখা গেল শাকিব খানের বিপরীতে, ‘প্রিন্স’ ছবিতে। ছবির টিজারে তাঁকে একঝলক দেখা গেছে, পরে এসেছে ছবির ড্যান্স নাম্বার ‘জ্বালা জ্বালা’।

‘প্রিন্স’–এর টিজারে তাসনিয়া ফারিণ। ভিডিও থেকে
‘প্রিন্স’–এর টিজারে তাসনিয়া ফারিণ। ভিডিও থেকে

গানটিতে শাকিবের সঙ্গে তাঁর রসায়নের মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ছবি দেখার পর অনেক দর্শক বলেছেন, ‘প্রিন্স’–এ তাঁকে আরও একটু জায়গা দিলে ভালো হতো। এর আগে কলকাতার ‘আরও এক পৃথিবী’ আর বাংলাদেশে ‘ফাতিমা’ ছবিতে তাঁর পারফরম্যান্সের প্রশংসা হয়েছে। তবে দুটিই ড্রামা–নির্ভর ভিন্নধারার সিনেমা। মূলধারার বাণিজ্যিক সিনেমায় ফারিণের সেরাটা দেখতে হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে।

এবার আসা যাক সাবিল নূরের প্রসঙ্গে। ফারিণের মতো তাঁর গত ঈদের পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়। সেটা ছিল শাকিব খানের নায়িকা হিসেবে, রায়হান রাফীর তাণ্ডব–এ। ছবিতে তাঁর উপস্থিতি স্বল্প হলেও সপ্রতিভ ছিলেন সাবিলা, বিশেষ করে ছবির ‘লিচুর বাগানে’ গানটি আলোচিত হয়। এবার তিনি হাজির হয়েছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’–এ; ছবির প্রধান চরিত্র চিত্রা হিসেবে। এক বিশ্ববিদ্যালয় পড়া তরুণীর চরিত্র। সিনেমাটির জন্য অন্য আরেকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন সাবিলা। কারণ, দুটির শুটিং প্রায় একই সময় পড়েছিল। তারকাবহুল সিনেমা বনলতা, মুক্তির পর থেকে ছবির অন্য পাত্র–পাত্রীদের মতো সাবিলারও প্রশংসা করেছেন অনেকে। মুক্তির পর হল ভিজিটে গিয়ে তিনি বলেছেন, ছবিটি পুরো টিম অ্যাফোর্ট। এমন দারুণ একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। ‘তাণ্ডব’, ‘বনলতা’র পর সামনে হয়তো আরও বৈচিত্র্যময় চরিত্রে পাওয়া যাবে।

‘বনলতা এক্সপ্রেস’–এ সাবিলা নূর। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘বনলতা এক্সপ্রেস’–এ সাবিলা নূর। অভিনেত্রীর ফেসবুক থেকে

পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সে আশায় জল ঢেলে দিল বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণে শাকিরার ফিডিং ইন্ডিয়া কনসার্ট আপাতত স্থগিত করা হলো। অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক টিকিট হোল্ডার পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকিটের অর্থ সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। তবে এ ঘোষণায়ও শান্ত হননি অনুরাগীরা।

[caption id="attachment_270115" align="alignnone" width="917"] শাকিরা। রয়টার্স[/caption]

প্রসঙ্গত, এর আগে মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

২০০৭ সালে শেষবার মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৮-১৯ বছর পর ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তাঁর মঞ্চ মাতানোর কথা ছিল। শাকিরা নিজেও এ সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, কারণ এ অনুষ্ঠানের নেপথ্যে একটি মহৎ উদ্দেশ্য ছিল। আয়োজকেরা জানিয়েছেন যে তাঁরা শিল্পীর টিমের সঙ্গে কথা বলে নতুন দিন ঘোষণা করার চেষ্টা করছেন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬-এর তৃতীয় দিন গতকাল শনিবার সকাল থেকেই তারকাদের উপস্থিতিতে জমে ওঠে মুম্বাইয়ের ফ্যাশনমঞ্চ। একের পর এক বলিউড অভিনেত্রী র‍্যাম্পে হাঁটেন নামী ডিজাইনারদের শোস্টপার হিসেবে। গ্ল্যামার, ঐতিহ্য, আধুনিকতা আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে দিনটির আয়োজন ছিল বৈচিত্র্যময়।
এদিন র‍্যাম্পে নজর কাড়েন নিমরাত কাউর, খুশি কাপুর, তামান্না ভাটিয়া, শানায়া কাপুর, ডায়না পেন্টি ও দিশা পাটানির মতো বলিউড তারকারা। তবে দিনের বড় খবর ছিল ডিজাইনার মনীশ মালহোত্রার বহুল প্রতীক্ষিত শো বাতিল হওয়া। কয়েক দিন আগে তাঁর মায়ের মৃত্যু হওয়ায় ব্যক্তিগত শোকের মধ্যে তিনি শো আয়োজন করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয়। তাঁর নির্ধারিত সময়েই পরে অনুষ্ঠিত হয় ডিজাইনার অনুরাগ গুপ্তার শো।

খুশির ঐতিহ্যবাহী আভা
ল্যাকমের মঞ্চে এদিন ঐতিহ্যবাহী সাজে হাজির হন অভিনেত্রী খুশি কাপুর। ডিজাইনার আয়েশা রাওয়ের তৈরি লেহেঙ্গায় তাঁকে দেখা যায় মোহনীয় রূপে। এর আগেও একাধিক ফ্যাশন উইকে অংশ নেওয়া খুশি এদিনও নিজের সাবলীল উপস্থিতি ও অনাড়ম্বর সৌন্দর্যে নজর কাড়েন।

নিমরাতের ফ্যাশনমন্ত্র
র‍্যাম্পে হাঁটার জন্য পার্টি-ওয়্যার অনুপ্রাণিত পোশাক বেছে নেন নিমরাত কাউর। তিনি নেন ‘যাযাবর’-এর সম্ভার থেকে নির্বাচিত একটি সাজ। শুধু পোশাক নয়, এদিন নিজের ফ্যাশন–ভাবনাও তুলে ধরেন নিমরাত। তাঁর মতে, শরীরের গড়নের সঙ্গে মানানসই পোশাকই একজন মানুষকে সবচেয়ে সুন্দর দেখায়।

ল্যাকমে ফ্যাশন উইকে নিমরাত কৌর। এএফপি
ল্যাকমে ফ্যাশন উইকে নিমরাত কৌর। এএফপি

শানায়ার মায়াবী আধুনিকতা
ডিজাইনার রীতিকা মিরচনদানির ‘কনফ্লুয়েন্স’ সংগ্রহের সমাপ্তি টানতে র‍্যাম্পে হাঁটেন শানায়া কাপুর। তাঁর লুকটিতে ছিল ঐতিহ্য আর আধুনিক গ্ল্যামারের মিশেল। ঝলমলে কালো-রুপালি স্কার্ট, উঁচু স্লিট, গভীর গলার ব্লাউজ আর অভিনবভাবে ড্রেপ করা দোপাট্টা—সব মিলিয়ে তাঁর পোশাকটি যেন এক নতুন ধাঁচের ককটেল শাড়ি। আত্মবিশ্বাসী উপস্থিতিতে শানায়া হয়ে ওঠেন শোয়ের অন্যতম আকর্ষণ।

ল্যাকমে ফ্যাশন উইকে শানায়া কাপুর। এএফপি
ল্যাকমে ফ্যাশন উইকে শানায়া কাপুর। এএফপি

নীলে মোড়া ডায়নার স্বস্তির ফ্যাশন
ডায়না পেন্টি এদিন র‍্যাম্পে হাজির হন নীল রঙের কাপ্তান টিউনিকে। ‘বারান্দা’র ‘ইন্ডিজেন’ শিরোনামের শোয়ে তাঁর উপস্থিতি যেন মঞ্চে একমুঠো সতেজতা ছড়িয়ে দেয়। ডিজাইনারের অনুপ্রেরণা ছিল ঠাকুরমার মুখে শোনা গল্প। ডায়না জানান, ল্যাকমের র‍্যাম্পে তিনি এর আগে বহুবার হাঁটলেও এত আরামদায়ক অথচ রুচিশীল পোশাক খুব কমই পরেছেন।

রক্তিম আভায় তামান্না
ডিজাইনার ভূমিকা শর্মার তৈরি লাল লেহেঙ্গা-চোলিতে এদিন র‍্যাম্পে ওঠেন তামান্না ভাটিয়া। কনের বেশে তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল ও জমকালো। গ্রীষ্মের বিয়ের আসরের জন্য হালকা অথচ দৃষ্টিনন্দন এই সাজ যে অনুপ্রেরণা হতে পারে, তা তামান্নার লুক দেখলেই বোঝা যায়।
ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন তাই ছিল দুই ভিন্ন আবহের মিশ্রণ। একদিকে তারকাদের ঝলমলে উপস্থিতি, অন্যদিকে ব্যক্তিগত শোকের কারণে মনীশ মালহোত্রার শো বাতিল—সব মিলিয়ে দিনটি হয়ে থাকল আলোচিত।

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘ব্রিজারটন’। গত মাসেও সিরিজটির চতুর্থ মৌসুম মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা পেলেও মাত্রাতিরিক্ত অন্তরঙ্গ দৃশ্যের জন্য সমালোচিতও হয়েছে ‘ব্রিজারটন’। এবার সিরিজের এক অভিনেত্রী রুথ গিমেল অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে তাঁর অস্বস্তির কথা জানিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

সিরিজটিতে ভায়োলেট ব্রিজারটনের চরিত্রে অভিনয় করা রুথ গিমেল জানিয়েছেন, আসন্ন মৌসুমে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে—এ তথ্য তিনি জানতে পারেন অপ্রত্যাশিতভাবে, পোশাকের মাপ নেওয়ার সময়। গিমেলের ভাষ্য অনুযায়ী, বিষয়টি তিনি চিত্রনাট্যকার বা প্রযোজকদের কাছ থেকে আগেভাগে জানেননি। বরং কস্টিউম ফিটিংয়ের সময় বুঝতে পারেন, এমন একটি দৃশ্যের জন্য তাঁকে প্রস্তুত করা হচ্ছে, যার বিষয়ে আগে কোনো ধারণাই ছিল না।

এ অভিজ্ঞতা গিমেলকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে তিনি বেশ অবাক হন এবং বাড়ি ফিরে কেঁদেও ফেলেন।
আসন্ন মৌসুমে ভায়োলেট ব্রিজারটনের জীবনে নতুন এক প্রেমের গল্প দেখা যাবে। তাঁর বিপরীতে থাকবেন লর্ড মার্কাস অ্যান্ডারসন চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ফ্রান্সিস। গল্প অনুযায়ী, স্বামী এডমন্ডের মৃত্যুর পর এই প্রথম নতুন সম্পর্কে জড়াচ্ছেন ভায়োলেট, যেখানে একটি অন্তরঙ্গ দৃশ্যও রয়েছে।

‘ব্রিজারটন’–এ সহশিল্পীর সঙ্গে রুথ গিমেল। আইএমডিবি
‘ব্রিজারটন’–এ সহশিল্পীর সঙ্গে রুথ গিমেল। আইএমডিবি

এর আগেও গিমেল স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি এমন দৃশ্যে অভিনয়ে খুব আগ্রহী নন। তাই হঠাৎ এভাবে জানতে পারায় তিনি মানসিকভাবে অপ্রস্তুত হয়ে পড়েন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, অন্তরঙ্গ দৃশ্যের মতো সংবেদনশীল বিষয় আগে থেকেই অভিনেতাদের জানানো উচিত। সমালোচকদের মতে, এমন দৃশ্যের জন্য শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও জরুরি। তাই প্রযোজনা দলের উচিত ছিল বিষয়টি আরও সংবেদনশীলভাবে সামলানো।

‘ব্রিজারটরন’ বরাবরই সাহসী অন্তরঙ্গ দৃশ্যের জন্য পরিচিত। কিন্তু এবার প্রশ্ন উঠেছে—এ ধরনের দৃশ্য পরিচালনার ক্ষেত্রে শিল্পীদের প্রতি যথেষ্ট সম্মান ও স্বচ্ছতা দেখানো হচ্ছে কি না। সব মিলিয়ে, নতুন মৌসুম শুরুর আগেই সিরিজটি আলোচনার কেন্দ্রে। তবে এবার গল্পের জন্য নয়; বরং পর্দার পেছনের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কারণে। তবে এ বিষয়ে নেটফ্লিক্স বা নির্মাতাদের বক্তব্য পাওয়া যায়নি।

ই! নিউজ অবলম্বনে

‘ব্রিজারটন’–এ রুথ গিমেল। আইএমডিবি
‘ব্রিজারটন’–এ রুথ গিমেল। আইএমডিবি

বিয়ে করলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। আজ ঈদের দিন দুপুরে নিজের ফেসবুকে বিয়ের কথা জানান তিনি। বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে

পোস্টে নীলাঞ্জনা নীলা আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিয়ের আসলে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা। অভিনেত্রীর ফেসবুক থেকে

লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।

মহাসমারোহে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১৯ মার্চ শুরু হওয়া চার দিনের এই আয়োজন চলবে ২২ মার্চ পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও দেশের নানা প্রান্তের নামী-অনামী ডিজাইনাররা তাঁদের নতুন ভাবনা, নকশা ও বৈচিত্র্যময় ফ্যাশন-ভাষা নিয়ে হাজির হয়েছেন এ আসরে। আন্তর্জাতিক নানা সংস্কৃতির ছাপ থাকলেও আয়োজনজুড়ে উজ্জ্বলভাবে উঠে এসেছে ভারতীয় ঐতিহ্য ও নান্দনিকতাও।

উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ডিজাইনার বিবেক করুণাকরণের শোস্টপার হয়ে তিনি র‌্যাম্পে ওঠেন বাদামি সিল্ক কোট ও মাটির রঙের ড্রেপড ধুতি প্যান্টে। তাঁর উপস্থিতিতে ছিল একাধারে দৃঢ়তা ও প্রশান্তির ছাপ, যা শোর সূচনাতেই আলাদা মাত্রা যোগ করে।

উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ল্যাকমের ফেসবুক থেকে
উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ। ল্যাকমের ফেসবুক থেকে

বিবেক করুণাকরণের ‘দ্য থাঙ্গাম’ শীর্ষক সংগ্রহে দক্ষিণ ভারতের সোনার সঙ্গে গভীর কিন্তু সংযত সম্পর্ককে আধুনিক আনুষ্ঠানিক পুরুষ পোশাকের ভাষায় প্রকাশ করা হয়েছে। এই সংগ্রহে ব্যবহৃত হয়েছে কাঁচা সিল্ক, তসর, কাঞ্জিভরম ও সিল্ক অর্গানজা। রঙের প্যালেটে ছিল সোনালি, এক্রু আর মাটির আভা।
গণমাধ্যমের সঙ্গে আলাপে সিদ্ধার্থ বলেন, ‘উনি যা-ই ডিজাইন করেন, আমার মনে হয়, সেটা আমি রাজপ্রাসাদেও পরতে পারি, আবার বাড়িতেও।’

প্রথম দিনের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল ‘দ্য বয়’স ক্লাব’, যেখানে সুশান্ত অ্যাবরলের ‘কান্ট্রিমেড’, ধ্রুব বৈশ এবং সাহিল আনেজার নকশা উপস্থাপিত হয়।
‘কান্ট্রিমেড’ সংগ্রহটি অনুপ্রাণিত স্মৃতিস্তম্ভের স্থাপত্য থেকে। এতে ফিকে জলপাই, পোড়া বাদামি, অক্সিডাইজড ব্রোঞ্জ, সাদা ও কালোর ব্যবহার দেখা গেছে। নকশায় ছিল মাড-রেজিস্ট প্রিন্টিং, কোল্ড পিগমেন্ট ডাইং, ব্রোঞ্জ প্যাটিনা, কাঁথা ও কাঁচা প্রান্তের অ্যাপ্লিকের ব্যবহার।

ধ্রুব বৈশ তাঁর সংগ্রহে সমকালীন পুরুষ পোশাকে নীরব নগরজীবনের প্রতিফলন তুলে ধরতে চেয়েছেন। তাঁর নকশায় লিনেন, সুতি, ডেনিম ও প্রিন্টেড সিল্ক ব্যবহারের মধ্য দিয়ে তৈরি হয়েছে সংযত কিন্তু আধুনিক এক ভাষা।
অন্যদিকে সাহিল আনেজার ‘স্ট্রাটা’ সংগ্রহ অনুপ্রাণিত পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ড এবং গলিত পাথরের তরলতা থেকে। বিভিন্ন টেক্সচার ও স্তরবিন্যাসের মাধ্যমে তিনি পোশাকে তৈরি করেছেন আলোছায়ার নাটকীয় বৈপরীত্য।

প্রথম দিনের শেষভাগে অনামিকা খান্না তাঁর একে ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায়। এটি তাঁর আগের যেকোনো শোর তুলনায় আলাদা বলেই মনে হয়েছে। অনামিকার সম্ভারে ছিল ঢোলা ধুতি প্যান্ট, অসমমিত রাফল টপ, রিল্যাক্সড কো-অর্ড সেট ও ফ্লোর-লেন্থ গাউন। সবকিছুই এমনভাবে নির্মিত, যাতে তা একই সঙ্গে অনুষ্ঠান ও দৈনন্দিন ব্যবহারের জন্য মানানসই হয়।
নিজের ভাবনা প্রসঙ্গে অনামিকা বলেন, ‘মূল ভাবনাটা ছিল অসম্পূর্ণতা। সবকিছু নিখুঁত না হলেও সেটাকে মেনে নেওয়ার মধ্যেই সৌন্দর্য আছে।’

প্রথম দিনের শোয়ে দর্শকসারিতেও ছিল তারকাদের উপস্থিতি। আরমান মালিক, আশনা শ্রফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, জনিতা গান্ধী ও বনি কাপুরকে দেখা গেছে বিভিন্ন আয়োজনে।

অনামিকা খান্নার ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায় এক মডেল। ল্যাকমের ইনস্টাগ্রাম থেকে
অনামিকা খান্নার ওকে কালেকশন নিয়ে হাজির হন এক ভিন্ন স্বাদের উপস্থাপনায় এক মডেল। ল্যাকমের ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় দিনের শুরু হয় একঝাঁক নবীন প্রতিভাবান ডিজাইনারের বৈচিত্র্যময় সম্ভার দিয়ে। এনআইএফ গ্লোবাল ‘জেন নেক্সট’ আয়োজনের মাধ্যমে ফ্যাশন–দুনিয়ায় অভিষেক হয়েছে তরুণ ডিজাইনারদের। তাঁদের সৃষ্টিতে ভারতীয় সংস্কৃতির পাশাপাশি উঠে এসেছে জাপান, কোরিয়া ও প্যারিসের নান্দনিক ছোঁয়া। তবে বহির্বিশ্বের এই রেফারেন্সের ভিড়েও ভারতীয় উপাদান ও শিকড়ের উপস্থিতি ছিল স্পষ্ট।
এদিন এক নবীন ডিজাইনারের পোশাক পরে র‌্যাম্প আলোকিত করেন অভিনেত্রী রাধিকা মাদান।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার (এফডিসিআই) সহযোগিতায় আয়োজিত ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬-এ আগামী কয়েক দিনজুড়ে আরও নানা চমক নিয়ে হাজির হবেন প্রতিষ্ঠিত ও উদীয়মান ডিজাইনাররা।

ল্যাকমে ফ্যাশন উইকে রাধিকা মদন। এএফপি
ল্যাকমে ফ্যাশন উইকে রাধিকা মদন। এএফপি

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব