বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আবহাওয়া স্বাভাবিক হলে ১১টা ৩০ মিনিটে আবারও চলাচল শুরু হয়। এ ঘটনায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, চলাচল বন্ধ থাকায় লঞ্চগুলো পন্টুনে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাসে করে ঈদে ঘরমুখী যাত্রীরা লঞ্চঘাট এলাকায় আসছেন। তাঁরা টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠে পড়ছেন। অনেকে পন্টুনে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদী অববাহিকায় ঝোড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনার আশঙ্কায় নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঈদুল আজহার আগে ঘরমুখী মানুষ দুর্ভোগে পড়েন।

আজ বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্নালাল নন্দী প্রথম আলোকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৮টি লঞ্চ আছে। আজ সকাল থেকে ঈদে ঘরমুখী যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাটুরিয়া লঞ্চঘাটটি নদীতে বিলীন হওয়ায় ঘাটটি সরিয়ে আজ সকালে পুরোনো ট্রাক টার্মিনালের দক্ষিণে স্থানান্তর করা হয়েছে। ঘাট মেরামতের কাজ এখনো চলছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সুপারভাইজার মো. তরিকুল ইসলাম বলেন, ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ বেলা পৌনে ১১টা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব