কিশোরগঞ্জ

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক তুলে দেওয়ার কথা ছিল।

পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য স্বীকৃতি হিসেবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়।

এবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।

 

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান তারা।

এর আগে, শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়। এর জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

 

, ঢাকা

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল রোববার চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই বার্ষিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশের কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের নয়নাভিরাম, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন। বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিদেশি কূটনীতিক, অতিরিক্ত আইজিপি, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো বিশেষভাবে সাজানো হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এবারের আয়োজনে বড় ধরনের কাটছাঁট করে সাত দিনের অনুষ্ঠান চার দিনে নামিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে ইভেন্ট ও অতিথির সংখ্যা। ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

প্রতিবছর অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়। কিন্তু এবার পদক দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ১১৭ জনকে এবং এর আগের বছর ২৩০ জনকে এই পদক দেওয়া হয়েছিল।

চার দিনের অনুষ্ঠানসূচি

রোববার: প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যরা অংশ নেবেন।

সোমবার: সকাল ১০টার দিকে নগরীর ফুলবাড়িয়ায় আইজিপির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশাসনিক বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সময় রাজারবাগ পুলিশ মিলনায়তনে হবে পুনাক সমাবেশ। সন্ধ্যা ৭টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার: সকাল ৭টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস শিল্ড প্যারেড ফাইনাল প্রতিযোগিতা, সকাল ১০টার দিকে আইজি ব্যাজ প্রদান এবং অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হবে। বিকেল ৪টার দিকে আইজিপির কাছে পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাজের উপস্থাপন করা হবে। সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন হবে।

বুধবার: সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে আইজিপির সঙ্গে এসবি, সিআইডি ও পিবিআইয়ের অপরাধবিষয়ক সম্মেলন। বেলা আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা, বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা শঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মারছা পরিবহনের দ্রুতগতির বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। অন্যটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। লোহাগাড়ার চুনতি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। অন্য বাসটি মহাসড়কের পশ্চিম পাশে থাকা একটি দোকানে ঢুকে যায়। এ সময় মালামালের ক্ষতি হলেও দোকানের ভেতরে থাকা কেউ হতাহত হননি।

বাসে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
বাসে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, ছবি: সংগৃহীত
 

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করি। এ ছাড়া ছয়জনকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘আরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাঁদের বাসিন্দারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।’

লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী বলেন, ‘ঘটনাস্থলে মৃত্যু হওয়া যাত্রী একজন নারী। তাঁর আনুমানিক বয়স ৬৬ বছর। হাসপাতালে মৃত্যু হওয়া যাত্রী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।’ তিনি আরও জানান, দুর্ঘটনায় ২০–২৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। 

আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম। এসময় তার বানানো ছোট এই বাহনটি দেখেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম।

প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরো আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন।

সাক্ষাৎকালে তারেক রহমানকে স্মার্ট কার তৈরির গল্প শুনিয়েছেন ওয়াকিমুল ইসলাম। তিনি জানান, একসময় সারাদিন বাসায় বসে থাকতেন, বাহিরে বের হতে পারতেন না। কীভাবে বাহিরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে তিনি কারটি বানানো শুরু করেন। ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।  

তিনি আরও জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। 

এ সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার। 

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে এনসিপির সংলাপে তিনি এসব কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও ক্লিয়ার পজিশন নেয়নি। একটা ছলচাতুরী করছে। তারা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনও ক্লিয়ার না। 

তিনি আরও বলেন, দেশে একটা অচলাবস্থা তৈরী হয়েছে। এই অচলাবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। 

নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে আলোচনার জায়গা না রাখা হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হবে। কতটা কঠিন হবে তা নির্ভর করবে সরকার কীভাবে সাড়া দেয় তার ওপর।

এছাড়া তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় দেশের মানুষ এখনো এর সুফল ভোগ করতে পারছে না। এছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতিরও উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস বিদ্যমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। 

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে এক নারী, তিন শিশু ও এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী, তাদের তিন সন্তান এবং ফোরকানের শ্যালক।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফোরকানের স্ত্রীকে জানালার সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়ে ছিল ২ থেকে ৫ বছর বয়সী তিন শিশুর গলাকাটা মরদেহ এবং খাটের ওপর পড়ে ছিল ফোরকানের শ্যালকের মরদেহ। পুলিশ বাড়িটি তল্লাশি করে মাদক সেবনের বেশ কিছু আলামত জব্দ করেছে।

এই হত্যাকাণ্ডের সবচেয়ে রহস্যময় দিক হলো, মরদেহের পাশে পড়ে থাকা কিছু প্রিন্ট করা কাগজ। তিনটি ভিন্ন স্থানে থাকা মরদেহের পাশেই এই কাগজগুলো পাওয়া গেছে, যা কোনো মামলার নথিপত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নথিতে কী লেখা ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে ফোরকান তার স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছেন।

বর্তমানে বাড়িটিতে সাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের ফরেনসিক দল আলামত সংগ্রহের কাজ করছে। 

গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একাধিক সংস্থা রহস্য উদ্ঘাটনে কাজ করছে এবং দ্রুতই প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৯ মে) সকালে ১০টা ৪৫ মিনিটে কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মতবিনিময় সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

 

দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা অনুপস্থিত থাকায় সংবাদমাধ্যমেও তার নেতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর শেষ দিনের সকালের সেশনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন কামাল আহমেদ। এই সেশনে আলোচনার বিষয় ছিল ‘পলিটিকো-গভর্ন্যান্স ইকোসিস্টেম অ্যান্ড ফ্রি মিডিয়া’। সেশনটির সঞ্চালক ছিলেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

কামাল আহমেদ বলেন, দীর্ঘ শাসনব্যবস্থার অবসানের পর পরিবর্তনের একটি সুযোগ তৈরি হলেও সেটিকে কাজে লাগানোর বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সংবাদমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও এটি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়। সমাজে গণতন্ত্র, সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে সংবাদমাধ্যমও স্বাধীন থাকতে পারে না।

কামাল আহমেদ বলেন, দেশে এখনো এমন পরিস্থিতি নেই, যেখানে মানুষ নিশ্চিন্তে সব ধরনের মত প্রকাশ করতে পারে। উদাহরণ হিসেবে তিনি ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনায় একজনের কারাভোগ এবং খাগড়াছড়িতে এক সাংবাদিকের বিরুদ্ধে একই দিনে একাধিক মামলা হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘সারা দেশে যা চলছে, সংবাদমাধ্যমেও সেটাই প্রতিফলিত হবে।’

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী মতকে উপেক্ষা করার প্রবণতা গভীরভাবে প্রোথিত বলে উল্লেখ করেন কামাল আহমেদ। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠের শাসন দেখছি, কিন্তু ভিন্নমতকে যথেষ্ট জায়গা দেওয়া হচ্ছে না।’ এর প্রভাব সংবাদমাধ্যমেও পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাবকেও বড় সংকট হিসেবে দেখেন কামাল আহমেদ। তিনি বলেন, যেসব রাজনৈতিক দলে নিজস্ব গণতান্ত্রিক কাঠামো নেই, তারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমও প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের মালিকানা কাঠামো, সম্পাদকীয় নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোয়ও রাজনৈতিক প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। একই সঙ্গে সাংবাদিকতার সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সাহসের অভাবের কথাও তুলে ধরেন তিনি।

‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর দ্বিতীয় সেশনে আলোচকেরা। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে
‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর দ্বিতীয় সেশনে আলোচকেরা। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে
 

বাংলাদেশে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে উল্লেখ করে কামাল আহমেদ বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার দায়িত্ব পেলেও বাস্তবে সে ভূমিকা পালন করতে পারেনি। এমনকি সংবাদপত্রের ওপর আঘাতের ঘটনাতেও প্রতিষ্ঠানটির কার্যকর অবস্থান দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আর্থিক স্বনির্ভরতার ওপরও জোর দেন বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকা কামাল আহমেদ। তিনি বলেন, ‘গণমাধ্যম যত দিন অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াতে না পারবে, তত দিন প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না।’ কামাল আহমেদ আরও বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যম—উভয় ক্ষেত্রেই কালোটাকার প্রভাব স্পষ্ট।’

বক্তব্যে সমাধানের কথা উল্লেখ করে কামাল আহমেদ বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সমন্বিত উদ্যোগ ও জাতীয় ঐকমত্য প্রয়োজন। তবে এ ক্ষেত্রেও আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা আসলে সবাই একমত হতে পারছি না।’

আলোচনায় আরও বক্তব্য দেন পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বিবিসির সাবেক সাংবাদিক আনোয়ার শাকিল, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।