জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আবদুর রহমান আজ সোমবার বলেন, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত কমিশন অনুমোদন করেছে। যেকোনো সময় তা সরকারিভাবে প্রকাশ করা হবে।

সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য গতকাল রোববার শপথ নিয়েছেন। বর্তমান সংসদের আসনবিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি নারী আসন পায়। জোটের ১২ জন প্রার্থী গতকাল শপথ নিলেও বাকি একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জোটের অন্যতম প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ের সময় বাতিল হয়ে যায়।

অন্যদিকে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে আবেদন করায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরবর্তী সময়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কমিশন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে এবং বাছাই শেষে তা বৈধ বলে গণ্য হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইসি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এরপর আঞ্চলিক মহাসড়কগুলোও একইভাবে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ঈদুল ফিতরের সময় দুই-তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা মোটামুটিভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো সুরক্ষা নিশ্চিত করতে পারিনি। এবার আমরা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে চাই।

রবিউল আলম রবি বলেন, বাংলাদেশে সড়ক প্রশস্ত করার চাহিদা রয়েছে। গত দুই মাসে সংসদ সদস্যদের দেওয়া ডিও অনুযায়ী সড়ক সম্প্রসারণে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে। কিন্তু বাজেটে সর্বোচ্চ হয়তো ৪০ হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে—এটা আমার ধারণা, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। এ বছরের বাজেটে কী পাওয়া যাবে, তা এখনো জানা নেই। তাই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিকরা মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার ইচ্ছা ও প্রচেষ্টা আমাদের রয়েছে। তবে আমাদের মহাসড়কগুলো এখনো পুরোপুরি সুরক্ষিত নয়। আমরা এখনো থ্রি-হুইলারের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারিনি। এর প্রধান কারণ হলো, সড়কের বিভিন্ন জায়গায় ছোট সংযোগ সড়ক রয়েছে। ফলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এখন নিয়ন্ত্রণ কিছুটা বেশি করা গেছে। পর্যায়ক্রমে এটি আরও নিয়ন্ত্রণে আনা হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে থ্রি-হুইলার চলছে, তা গ্রহণযোগ্য নয়।

ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়ে মন্ত্রী বলেন, এটি খুবই বিপজ্জনক এবং একটি খারাপ প্রবণতা। এটি বন্ধ করতে জেলা প্রশাসকদের আরও তৎপর হতে বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে সক্রিয় করা হচ্ছে। জনসচেতনতা বাড়ানোও জরুরি। অনেক সময় দেখা যায়, শিশুরা খেলতে গিয়ে ট্রেনের কাচে ঢিল ছোড়ে। এসব এলাকায় সচেতনতা বাড়াতে কাজ চলছে।

চাঁদাবাজি প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এটি একটি অপরাধ। যারা চাঁদাবাজি করছে, তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে আনা হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজটের বিষয়ে তিনি বলেন, যানজট এড়াতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এবার চ্যালেঞ্জ আরও বেশি হবে, কারণ বিপুল সংখ্যক গরুবাহী ট্রাক চলাচল করবে। গতবার প্রায় দেড় কোটি মানুষ ঢাকা থেকে বাইরে গিয়েছিল, এবার তা আড়াই কোটির কাছাকাছি হতে পারে। পাশাপাশি প্রায় এক কোটি পশু পরিবহন করা হবে। ফলে যানবাহনের চাপ অনেক বাড়বে। আমরা এ বিষয়ে কাজ করছি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও সর্বোচ্চ সফলতা অর্জনের চেষ্টা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাংলাদেশের পারস্পরিক বাণিজ্যচুক্তির (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড-এআরটি) বৈধতা নিয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড-এআরটি) সই হয়। এই চুক্তি নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে। রিট আবেদনকারী হলেন আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম। তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক ও বৈষম্যমূলক উল্লেখ করে আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, আপাতদৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির টুঁটি চেপে ধরার মতো ব্যবস্থা। কেননা, চুক্তিতে বাংলাদেশের ১৩১টি বিষয়ে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ৬টি বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। চুক্তিটি শুধু বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্যই নয়; বরং বৃহত্তর জনসাধারণের জন্যও ক্ষতিকর। চুক্তি নিয়ে আলোচনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টরা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছেন। মূলত এসব যুক্তিতে রিটটি করা হয়। বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি আগামীকাল উত্থাপন করা হবে।

রিটের প্রার্থনায় দেখা যায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড-এআরটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় চুক্তির বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক লিখিত নোটিফিকেশন ইস্যু এবং আদান–প্রদান কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

হেরে গেলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জিতছেন।

ভবানীপুর আসনে মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। শেষ হাসি হাসলেন শুভেন্দু।

শুভেন্দু এবার ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসনে নির্বাচন করেন। দুটি আসনেই জিতে গেলেন এই বিজেপি নেতা।

অন্যদিকে এবার একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা। হেরে যাওয়ায় এবার বিধানসভায় যাওয়া হচ্ছে না তাঁর।

সূত্র: আনন্দবাজার ডট কম।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন বা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে কাজ করবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে কান না দিয়ে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনে আশাবাদী।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুতই নিরসন হবে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে ভারত। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং আমরা আশা করছি দ্রুতই এর সুফল পাওয়া যাবে।

প্রতিমন্ত্রী জানান, সীমান্ত দিয়ে পুশ-ইন বন্ধ করা এবং দীর্ঘদিনের অমীমাংসিত পানি চুক্তিসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। 

তিনি আরও বলেন যে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও এই আলোচনাগুলো আরও জোরালো হবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর থাকবে।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৪ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সরকার দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। 

মির্জা ফখরুল ইসলাম বলেন,  নারী সদস্যরা শপথ নিয়েছেন যে তারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকর করতে এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন নতুন নারী সংসদ সদস্যরা। 

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে টানা দ্বিতীয়দিনের মতো বিরোধের জেরে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিতরা। তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেন পদবঞ্চিতরা। এই খবর পৌরসভা এলাকায় অবস্থান নেওয়া নতুন কমিটির পক্ষে স্বাগত মিছিল করতে তৈরি হওয়া নেতাকর্মীদের কাছে পৌঁছালে তারা সংঘবদ্ধ হয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া পদবঞ্চিতদের হটিয়ে দেন, ধাওয়া খেয়ে পদবঞ্চিতরা দলীয় কার্যালয় থেকে পালিয়ে যান। পরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নতুন কমিটির পক্ষে স্লোগান দিতে থাকে কয়েকশত নেতাকর্মী। এতে বন্ধ হয়ে যায় সড়কে সব যান চলাচল।

এরপর পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। একই সময় বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন দুইপক্ষই ফিরে গেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

গত শনিবার রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সেক্রেটারিসহ নেতারা গিয়ে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর সোমবার বিকেল তিনটায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেন নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবর শুনে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা।

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে পৌঁছায়। এ সময় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে আজ সকাল ৮টা ৪৭ মিনিটে জামিলের মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি জামালপুরের উদ্দেশে রওনা হয়। আজ সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে জানাজার পর বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সরেজমিনে দেখা যায়, জামিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামে প্রবেশ করতেই স্বজন ও গ্রামবাসী যানটির পেছনে ছুটতে থাকেন। সেটি বাড়ির আঙিনায় পৌঁছাতেই তাঁরা মরদেহটিকে একনজর দেখার জন্য ভিড় করেন।

মরদেহবাহী গাড়িটি আঙিনায় রাখামাত্র নারী-পুরুষ সবাই সেটিকে ঘিরে ধরেন। শেষবারের মতো জামিলকে একনজর দেখার আকুলতায় ভিড় বাড়তেই থাকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবার-পরিজন। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জামিলের বাবা জহুরুল হক। তাঁকে ধরে ঘরের বারান্দায় রাখা চেয়ারে বসান কয়েকজন।

একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জামিলের বাবা জহুরুল হক
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জামিলের বাবা জহুরুল হক
 

জামিলের চাচা হেলাল উদ্দিন বলেন, ‘ছেলের নিথর দেহ বাড়িতে ফিরছে—এই কষ্ট আমরা কোথায় রাখব, কীভাবে সহ্য করব বুঝতে পারছি না। যে বা যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের ফাঁসি চাই।’

নিহত জামিল আহমেদ ওরফে লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে। কর্মসূত্রে জহুরুল হক দীর্ঘদিন গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করেন। সেখানেই জামিলের বেড়ে ওঠা ও পড়াশোনা। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট ভাই জোবায়ের হোসেন।

জামিল আহমেদ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশ ও পুলিশবাহিনীর মধ্যে পুলিশের বিদ্যমান যে পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। পোশাকটা আসলে মানানসই হয়নি। সেজন্য তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টা বিবেচনা করেছি।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ঐতিহ্যবাহী পোশাক নির্ধারণের বিষয়টি বিবেচনা করেছি, যা গ্রহণযোগ্য হবে। আগের মতোই ওপরের অংশে শার্ট থাকবে, যেটি আগে মেট্রোসহ সারাদেশের জন্য নির্ধারিত ছিল, তা বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট বা পাজামার ক্ষেত্রে খাকি রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত মতবিনিময়ের পর এটিকে একটি গ্রহণযোগ্য পোশাক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা জড়িত, ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে যুক্ত এমনকি যারা বড় আকারে সীমান্ত দিয়ে হোক, ভেতর দিয়ে হোক, তাদেরকে আটক করার ব্যবস্থা করছি।

শীর্ষ সন্ত্রাসী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগি আসামি জেলখানা থেকে বেরিয়েছে, তখন লক্ষ্য করেছি। তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। কীভাবে-কেন আদালত জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক পুলিশ তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন দাবি করে তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও গতিশীল। এ সংসদে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক বিতর্ক হয়েছে। সরকারি ও বিরোধীদল মিলেও বিভিন্ন জাতীয় ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে এবং যৌথভাবে কাজ করেছে। গণতন্ত্রে মতভেদ থাকবেই, তবে সেই ভিন্নমতই সংসদীয় বিতর্কের অংশ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দেওয়া ভিন্ন বক্তব্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যেটা বক্তব্য দিয়েছি ওটাই তো আপনারা ছাপিয়েছেন। এখানে আর বাকি তো বলার দরকার নেই। সেটা তিনি কীভাবে বলেছেন জানি না। হয়তো আপনাদের লেখার মধ্যেও মিসইন্টারপ্রেট হয়ে যেতে পারে। কিন্তু যেটা ডিসিপ্লিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

হাইকমিশনার আরও বলেন, উভয় দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ভারত সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

অপরদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।

এছাড়া সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয় এবং নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে যাওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দুবাই ও সৌদি আরবে ২০৮ জন প্রবাসীকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেফতার ও সাজা দিয়ে দেশে পাঠানোয় তাদের প্রত্যেককে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এই বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট শুনানি শেষে এ রুল জারি করেন।
 
রিটকারী আইনজীবী বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় তাদের গ্রেফতার করা হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গণতান্ত্রিক সমাজ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করতে সরকার ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ জোরদারের আহ্বান জানিয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দ্বিচারিতা পরিহারেরও তাগিদও দিয়েছেন তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন নূরুল কবীর। আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রতিবছর ৩ মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।’

নূরুল কবীর বলেন, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, সংবাদমাধ্যম গণতান্ত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—বিষয়টি সমাজে আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

সভায় উপস্থিত তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নূরুল কবীর বলেন, অতীতে দেখা গেছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ‘দায়িত্বশীল সাংবাদিকতা’র কথা বললেও বিরোধী দলে গেলে ভিন্ন অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোকে এই প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সম্পাদক পরিষদের এই নেতা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার দীর্ঘ আন্দোলন ও গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হওয়ায় জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নূরুল কবীর বলেন, নতুন করে কমিশন বা আইন প্রণয়নের আশ্বাসের বদলে অতীতের বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসার আগে সরকারের সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাভিত্তিক প্রস্তুতি থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নোয়াব সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী ও সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আলোচনা সভায় সঞ্চালনা করেন।