আকাশসীমায় ড্রোন সুরক্ষায় নতুন প্রযুক্তি উন্মোচন করেছে ইসরায়েলভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। ‘স্টর্ম শিল্ড’ নামে নতুন এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ইডব্লিউ) সিস্টেম ড্রোনকে শত্রুপক্ষের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের হাত থেকে রক্ষা করতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির।

মূলত, রাফায়েল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর জন্য এবং বিদেশে রফতানির জন্য অস্ত্র, সামরিক এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশ এবং উৎপাদন করে থাকে।

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আয়োজিত এওসি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্মেলনে প্রযুক্তিটি প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। মূলত, শত্রুপক্ষের রেডার ফাঁকি দিয়ে প্রবেশকরা ড্রোনের সুরক্ষা নিশ্চিত করতেই এটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি 'অপারেশন রাইজিং লায়ন' বা ‘এপিক ফিউরি’ অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হওয়ার পর ড্রোন সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। 

মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রায় ৩০ মিলিয়ন ডলার মূল্যের ২৪টি 'এমকিউ-৯ রিপার' ড্রোন হারিয়েছে। একই সময়ে ইসরায়েলেরও এক ডজনের বেশি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি অস্ত্র তৈরির প্রতিষ্ঠান রাফায়েলের দাবি, 'স্টর্ম শিল্ড' সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম (সব ধরনের অদৃশ্য সিগন্যাল কিংবা তরঙ্গ) পুরো রেঞ্জ পর্যবেক্ষণ করে শত্রুপক্ষের রাডার ও সিগন্যাল শনাক্ত করতে পারে। এরপর বিভ্রান্তিমূলক ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ড্রোনকে নিরাপদ রাখে।

এতে ব্যবহৃত হয়েছে ট্রান্সমিটার ও ডিজিটাল আরএফ মেমোরি প্রযুক্তি। একই প্রযুক্তি রাফায়েলের ‘লাইট শিল্ড’, ‘স্কাই শিল্ড’ এবং ‘এক্স-গার্ড’ সিস্টেমেও ব্যবহার করা হয়েছে। তবে নতুন সংস্করণটি আকারে ছোট ও হালকা হওয়ায় বিভিন্ন ধরনের ড্রোনে সহজে সংযুক্ত করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর টিকে থাকার সক্ষমতা বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় স্টর্ম শিল্ড নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব