ব্রাজিলে ব্যবসা করা মূল বুকমেকার প্রতিষ্ঠানগুলোর হিসাবে, বিশ্বকাপ জয়ের দৌড়ে চতুর্থ ফেবারিট কার্লো আনচেলত্তির দল।
দেশটির ঘরোয়া বাজারের শীর্ষস্থানীয় সাতটি বুকমেকার প্রতিষ্ঠানের (স্পোর্টিংবেট, বেট৩৬৫, বেতানো, নোভিবেট, কেটিও, সুপারবেট এবং বেটএমজিএম) মূল্যতালিকা বিশ্লেষণ করেছে ‘ব্লগ দো রাফায়েল রেইস’। সব কটি প্রতিষ্ঠানের চোখেই শিরোপা জয়ের সম্ভাবনায় ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অধিকাংশ বুকমেকার প্রতিষ্ঠানের হিসাবে ফেবারিটের তালিকায় চতুর্থ স্থানটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ভাগাভাগি করছে ব্রাজিল। অর্থাৎ, ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ে ফেবারিটের তালিকায় যৌথভাবে চতুর্থ। শুধু দুটি প্রতিষ্ঠান মনে করে, এবার আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, বুকমেকার প্রতিষ্ঠানগুলোয় বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনার অনুপাত বা ‘অডস’ ধরা হয়েছে ৯: ১। এর অর্থ, এবার বিশ্বকাপে ব্রাজিল ২৪ বছরের শিরোপাখরা কাটাতে পারলে প্রতি ১ ব্রাজিলিয়ান রিয়াল বাজি ধরার বিপরীতে মিলবে ৯ ব্রাজিলিয়ান রিয়াল।

স্পেনের বিশ্বকাপ জয়ের ‘অডস’ বা অনুপাত ৫.৫:১। ব্রাজিলের সাতটি বড় বুকমেকার প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি স্পেনকে বিশ্বকাপ জয়ে ১ নম্বর ফেবারিট হিসেবে বিবেচনা করছে। কেবল ‘স্পোর্টিংবেট’ ব্যতিক্রম। তাদের হিসাবে, এবার বিশ্বকাপে ১ নম্বর ফেবারিট ফ্রান্স।
বুকমেকার প্রতিষ্ঠানগুলোর এই মূল্যায়নের সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়ের কিছুটা অমিল রয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে এখন বিশ্বের সেরা দল ফ্রান্স (১৮৭৭.৩২ পয়েন্ট)। দ্বিতীয় স্পেন তাদের ঘাড়েই নিশ্বাস ফেলছে (১৮৭৬.৪০) এবং আর্জেন্টিনা তৃতীয় (১৮৭৪.৮১)। ব্রাজিল ১৭৬১.১৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ছয়ে। তালিকায় ৪ ও ৫ নম্বরে থাকা ইংল্যান্ড (১৮২৫.৯৭) ও পর্তুগালের (১৭৬৩.৮৩) চেয়েও পিছিয়ে ব্রাজিল।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড আগেই ঘোষণা করেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। আগামী বুধবার থেকে বিশ্বকাপের অনুশীলন করবে ব্রাজিল। তবে ইউরোপে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং দক্ষিণ আমেরিকায় কোপা লিবার্তোদোরেসে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ থাকায় খেলোয়াড়েরা এখনই অনুশীলনে যোগ দিচ্ছেন না। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল।

মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার রাতে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হবে ব্রাজিলের শেষ ম্যাচ। এরপর ৬ মার্চ ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে আনচেলত্তির দল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ‘সি’ গ্রুপ থেকে ১৩ জুন মরক্বোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আনচেলত্তির দল। গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে ব্রাজিলের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।