• Colors: Purple Color

সিঙ্গাপুরের বিপক্ষে স্কোরলাইন ১–১; আর তিন মিনিট পরই রেফারির শেষ বাঁশি বাজবে। ঠিক তখনই যেন ম্যাজিক নিয়ে হাজির বাংলাদেশের আইরিন আক্তার। ৫৭ ও ৫৮ মিনিটে দুই গোল করে বাংলাদেশকে নিয়ে গেলেন এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে। ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৩–১ গোলে। বাংলাদেশের তিনটি গোলই আইরিনের।

বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে আজ সন্ধা সাতটায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে চায়নিজ তাইপে। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামীকাল ফাইনাল খেলবেন বাংলাদেশের মেয়েরা।

প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। গত রোববার হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত করে তারা। আজ পেয়ে গেল বাছাইপর্বের ফাইনালের টিকিটটাও।

বাংলাদেশ নারী হকি দলের এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ছেলেদের দল এশিয়ান গেমসের বাছাইপর্বে এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে দুবার।

প্রথমবার অংশ নিয়েই এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রথমবার অংশ নিয়েই এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশের মেয়েরা, ভিডিও থেকে নেওয়া

জাকার্তার জিবিকে হকি মাঠে আজ প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে সিঙ্গাপুর। যদিও বিশ্ব হকির র‍্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে থাকা দলটির বিপক্ষে দশম মিনিটেই আইরিন আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরি।

গোল হজমের পর কিছুটা সতর্ক হয়েই আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। ১৭ মিনিটে বাংলাদেশও একটি পেনাল্টি কর্নার পায়, কিন্তু নাদিরা সেটিকে গোলে রূপ দিতে পারেননি। ১–১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশকে ভোগালেও হার নিয়েই মাঠ ছাড়ে সিঙ্গাপুর
প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশকে ভোগালেও হার নিয়েই মাঠ ছাড়ে সিঙ্গাপুর, ভিডিও থেকে নেওয়া

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণগুলো সিঙ্গাপুরের গোলমুখেই ঘুরপাক খেয়েছে। ৪২ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় পেনাল্টি কর্নার পেলেও অধিনায়ক অর্পিতা পাল গোল করতে পারেননি। ৪৫ মিনিটে শারিকার দারুণ হিট থামিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার ইলিয়া।

১–১ সমতা নিয়ে শুরু চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। ৪৭ ও ৪৮ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পেলেও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশ। তবে দেরিতে হলেও ম্যাচে ফেরে জাহিদ হোসেনের দল। ৫৭ মিনিটে কনা আক্তারের পাস থেকে ফিল্ড গোল করেন আইরিন। এক মিনিট পর আইরিন নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন আরেকটি ফিল্ড গোলে।

নাচের ছন্দে, গানের সুরে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর শিল্পকলা একাডেমির পরিবেশ। বুধবার, ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের নৃত্যানুষ্ঠান। এই আয়োজনে দেশের এক শটির বেশি নৃত্য সংগঠনের ছয় শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন।

এবার বিশ্ব নৃত্য দিবসের প্রতিপাদ্য ‘ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তি’। শিল্পকলা একাডেমি ছাড়াও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনও বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেল পাঁচটায় একাডেমির নৃত্যশালা ভবনের সামনে থেকে নৃত্যশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শিল্পকলা একাডেমির দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক (তথ্য সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়) উপদেষ্টা জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক ও নৃত্য পরিচালক আমানুল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতিসচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জানান একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথি জাহেদুর রহমান বলেন, নাচের সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি শারীরিক উপযোগিতাও রয়েছে। এখন শিশুরা অধিকাংশ সময় পড়ালেখা, সামাজিক যোগাযোগমাধ্যম এসব নিয়ে শারীরিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় জীবন যাপন করে। এতে তাদের নানা রকমের শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায়। নাচের চর্চার প্রসার ঘটলে তাদের জন্য এটি স্বাস্থ্যকর হতে পারে।

মুখ্য আলোচক আমানুল হক আন্তর্জাতিক নৃত্য দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশে সাধারণত নৃত্য দিবস তেমন বড় পরিসরে পালন করা হয় না। শিল্পকলা একাডেমির এই উদ্‌যাপন ভালো লাগছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘তোরা সব জয়ধ্বনি কর’ দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের নৃত্য পরিবেশনার পালা। নৃত্য পরিচালনায় ছিলেন ফিফা চাকমা। এরপর বেনজির সালামের পরিচালনায় ‘একি অপরূপ রূপে মা তোমায়...’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যছন্দের শিল্পীরা। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্য ‘মোরা ঝঞ্ঝার মতো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র। আরিফ হোসেনের নির্দেশনায় ‘মাস্তকালান্দার’ ও ‘মন আমার দেহঘড়ি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাত্ত্বিক শিল্পাশ্রমের শিল্পীরা।

‘তোমায় আমি পাইতে পারি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যায়তনের শিল্পীরা, নৃত্য পরিচালনায় ছিলেন নাজমুল হক। সমসাময়িক নৃত্য ‘চেঞ্জিং ড্রিমস’ পরিবেশন করে সাধনা, নৃত্য পরিচালনায় ছিলেন সাব্বির আহমেদ খান। সাইফুল ইসলামের পরিচালনায় ‘এসো প্রিয় মন রাঙায়ে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ছান্দসিক। মুনমুন আহমেদের পরিচালনায় ‘জাপানি ও রাশিয়ান লোকনৃত্য’ পরিবেশন করেন রেওয়াজ পারফরমারস স্কুলের শিল্পীরা।

প্রথম দিন আরও নৃত্য পরিবেশন করে নূপুরধ্বনি, গুরুকুল কালচারাল সেন্টার, কাথ্যাকিয়া দ্য সেন্টার অব আর্টস, অঞ্জলি নৃত্যাঙ্গন একাডেমি, নৃত্যকল্প, আকৃতি নৃত্যদল, কালারস অব হিল, ঝংকার ললিতকলা একাডেমি, ধ্রুপদি নৃত্যালয়, নাইম খান ড্যান্স কোম্পানি, নান্দনিক নৃত্য সংগঠন, জিনিয়া নৃত্যকলা একাডেমি, ভঙ্গিমা ড্যান্স থিয়েটার, দেব ড্যান্স একাডেমিসহ বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পীরা।

আজকের অনুষ্ঠান: আজ বুধবার সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ২৩টি দলের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।

বাংলাদেশ সরকার পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়ার পর যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাজ্যের কর্তৃপক্ষ ২০২৫ সালের জুন থেকে এসব সম্পদ জব্দ করেছে বলে ঢাকায় দেশটির হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন।

তবে জব্দ হওয়া এসব অর্থ যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে উল্লেখ করে সারাহ কুক বলেছেন, ‘আইনি ব্যবস্থার মাধ্যমে এটি সম্পন্ন করতে হলে যথেষ্ট শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়ে থাকে।’

আজ মঙ্গলবার ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাইকমিশনার সারাহ কুক। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ডিক্যাব টকের আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘গত ১৮ মাস থেকে দুই বছর ধরে সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আসছি। আমরা এ ক্ষেত্রে আরও কাজ করতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তবে সুনির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলতে পারি না। সেগুলোর সব কটিতেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি আমাদের জন্য একটি উচ্চ অগ্রাধিকারের বিষয়।’

সম্পদ জব্দের বিষয়টি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা ও আইনের শাসন বজায় রাখার প্রতি যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন সারাহ কুক। অবৈধ অর্থের প্রবাহ বন্ধে কী করা যায়, সেটা নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।

সারাহ কুক বলেন, ‘এটি এমন কিছু নয়, যা রাতারাতি ঘটে যেতে পারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জব্দ হওয়া অর্থ ফেরাতে হবে।’ এ ধরনের আর্থিক অপরাধ দমনে সহযোগিতার জন্য যুক্তরাজ্য এই গ্রীষ্মে লন্ডনে একটি ইলিসিট ফিন্যান্স সামিট (অবৈধ অর্থায়ন শীর্ষক সম্মেলন) আয়োজন করবে, যেখানে বাংলাদেশের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে প্রণীত জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, স্পষ্টতই বাংলাদেশে এখন একটি সংসদ রয়েছে এবং একটি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যদেরই দায়িত্ব হলো সংসদে একত্র হয়ে বিতর্ক ও আলোচনা করা। সংস্কারগুলো ও জুলাই সনদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণের দায়িত্ব সংসদ সদস্যদের। এটি জাতীয় সংসদে আলোচনা করে ঠিক করতে হবে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো বিষয় নয়।

যুক্তরাজ্য বাংলাদেশে সংস্কারের দৃঢ় সমর্থক বলে উল্লেখ করেন সারাহ কুক। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এমন কয়েকটি ক্ষেত্র ইতিমধ্যে তুলে ধরেছি, যেখানে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি এবং এখন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কীভাবে কাজ করতে পারি তা নিয়ে আলোচনা করছি। অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আমরা কীভাবে একত্রে কাজ করতে পারি, সে বিষয়েও কথা বলেছি।’

যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্বের অনেক ক্ষেত্র রয়েছে উল্লেখ করে সারাহ কুক বলেন, ‘আমরা সেদিকেই মনোযোগ দিতে চাই, কীভাবে এ সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করতে পারি, সেদিকেও নজর দিতে চাই।’

মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সংস্কার নিয়ে বর্তমান সংসদের ভূমিকার বিষয়ে বক্তব্য জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমরা এমন সংস্কারের সমর্থক, যা দেশে সুশাসন, মানবাধিকার ও স্থিতিশীলতা উন্নত করে। আপনি যে নির্দিষ্ট বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন, তা সংসদের বিষয়। এখন একটি কার্যকর সংসদ রয়েছে। সুতরাং কোন সংস্কার এবং কোন আইন ও অধ্যাদেশগুলো এগিয়ে যাবে, তা নির্ধারণ করা সংসদের কাজ।’

বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও গণতন্ত্রের গতিপথ কোন দিকে যাচ্ছে, সে প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে। আমরা বিগত সময়ে গণতান্ত্রিক সংস্কারে একসঙ্গে কাজ করেছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সমর্থন করেছে এবং আরও অন্যান্য কাজের ক্ষেত্র রয়েছে, যেখানে সুশাসন ও গণতান্ত্রিক সংস্কারে সমর্থন দিচ্ছি। সুতরাং এ ক্ষেত্রগুলোতে আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে চাই।’

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে সারাহ কুক বলেন, ‘আমরা কাঠামোগত অর্থনৈতিক সংস্কার নিয়ে অনেক কাজ করছি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও বিডার সঙ্গে কাজ করছি। কিন্তু অবশ্যই, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্বব্যাপী যা ঘটছে তার দ্বারাও প্রভাবিত। সুতরাং এ পরিস্থিতি সামাল দেওয়া বিশ্বের অনেক দেশের জন্যই একটি চ্যালেঞ্জ। এ কারণেই আমরা এই কঠিন অর্থনৈতিক সময়ে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

দু্ই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে কি না জানতে চাইলে সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের একটি অত্যন্ত দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। আমরা একটি সমীক্ষা জাহাজ হস্তান্তরের জন্য দুই দেশের সরকার চুক্তি সই করেছে। আমরা ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গঠনে প্রশিক্ষণে সহায়তা করার জন্যও একসঙ্গে কাজ করছি।’

মানবাধিকার ও মব সংস্কৃতি নিয়ে প্রশ্নে সারাহ কুক বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি অঙ্গীকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য সম্প্রতি মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বৈশ্বিক সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এটিও মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের একটি অত্যন্ত জোরালো সংকেত।

‘সুতরাং আমি আশা করি, এটি প্রমাণ করে যে আমরা এ বিষয়গুলোকে কতটা গুরুত্ব দিই এবং আমাদের কাজের অংশ হিসেবে আমরা বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে কথা বলা চালিয়ে যাব। আর বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই খুব স্পষ্টভাবে জানিয়ে আসছে যে আইনের শাসনের ওপর মনোযোগ দেওয়াই তাদের ইচ্ছা ও উদ্দেশ্য এবং এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। সরকার আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন তিনি।

এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশ চুক্তি সই করেছিল। এ নিয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘এটি দুই দেশের সরকারের মধ্যকার চুক্তি। এর মূল উদ্দেশ্য হলো বিমান চলাচল খাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্বকে উন্নত বা শক্তিশালী করা। একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্য সেই আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করতে পারে। তাই আমরা চুক্তিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ জেলার মধ্যে ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি তিন জেলায় বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ–নদীর পানি বাড়ছে। এর মধ্যে এখন যে বৃষ্টি আছে তা আরও অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া আজ বুধবার সকালে বলেন, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্যই এ অবস্থা।

এর আগে আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেয়।

গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে আজ সকাল থেকেই বৃষ্টি চলছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় বৃষ্টি হয়েছে ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, এ বৃষ্টি যে কোনো এলাকায় একটানা হবে তা নয়। থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। বৃষ্টি চলতে পারে আগামী ৪ মে পর্যন্ত।

চার নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এর বাইরে সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া। তিনি বলেন, এসব নদী আকারে ছোট। তাই ভারী বৃষ্টি হলে এভাবে পানি বেড়ে যায়।

বৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন এই প্রকৌশলী।

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমাত্রিক পরিকল্পনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।

বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা উত্তর সটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন (মিয়াওয়াকি ফরেস্ট) উন্মুক্ত মিডিয়ান জিরো সয়েল-সবুজে আবৃত করা হচ্ছে। সিটির আওতাধীন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষোরপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মেট্রোরেলের নিচের খালি অংশ (মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত) এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের (আবদুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত) নিচের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশদূষণ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকার বায়দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে আধুনিক বাস সার্ভিস এবং ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিচ্ছে। কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহন, কনস্ট্রাকশন কার্যক্রম ও নির্মাণসামগ্রী দ্বারা বায়ূদূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া ঢাকা শহরের বায়ূদূষণ রোধে ঢাকার চারদিকে অবৈধ দূষণকারী ইটভাটাগুলো বন্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঢাকার আশপাশে ইটভাটা নিষিদ্ধ

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর বায়ূদূষণ কমানোর লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে। এই এলাকায় ইটভাটার কার্যক্রম পরিচালনা, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ও আশপাশের নদী–খাল–জলাশয় দূষণরোধে তরল বর্জ্য নির্গমণকারী প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ পর্যন্ত ২৪৮টি ইটিপি স্থাপন করা হয়েছে। স্থাপিত ইটিপি রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা স্থাপন চলমান।

ঢাকা মহানগরে প্রবাহিত ১৯টি প্রধান খালের দূষণের উৎস ও প্রকৃতি নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে বনায়নযোগ্য খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা করছেন, এসব কার্যক্রম ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হবে।

সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নে রাজধানীমুখী মানুষের স্রোত কমানোর বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ। দুর্ভাগ্যজনকভাবে দেশের সব সুযোগ-সুবিধা, চাকরি-বাকরি, চিকিৎসা, পড়ালেখাসহ সবকিছু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এটা এক দিন-দুই দিন না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। সারা দেশকে ঘিরে সুবিধাগুলো গড়ে তোলা হয়নি। সে কারণে স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, আর পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হোক।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আছে দেশের সব অংশে পর্যায়ক্রমিকভাবে মৌলিক সুবিধা গড়ে তোলা। বর্তমান সরকার দেশের বিভিন্ন জায়গায় শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে। একই সঙ্গে চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসেবা গড়ে তুলতে। দেশের বিভিন্ন জায়গায় ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়া। এসব সুবিধা যদি গড়ে তোলা যায়, তাহলে মানুষ ঢাকা শহরে আসার জন্য কম উৎসাহিত হবে। ধীরে ধীরে ঢাকার ওপর চাপ কমানো সম্ভব হবে।

‘বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটা বাইপাস দরকার’

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহের শহরের পরিধি বেড়েছে। আপনি যে বাইপাসের কথা বললেন, আমার নিজ জেলায় (বগুড়া) একটি বাইপাস আছে, যেটি শহরকে বাইপাস করে চলে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সে বাইপাসের দুই পাশে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন মনে হচ্ছে, বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটা বাইপাস দরকার। হয়তোবা ময়মনসিংহ রেলস্টেশন শহর থেকে অন্যদিকে নেওয়া যাবে। কিন্তু আমাদের দেশ আয়তনে ছোট। অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। জমি নষ্ট করবেন কি না, অর্থ ব্যয় করবেন কি না, সবকিছু বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। সব শহরের জন্যই বড় পরিকল্পনা প্রয়োজন।’

 

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার দেশটির শর্তের লঙ্ঘন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে দেওয়া হয়েছে এ বার্তা।

পোস্টে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থী। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

দূতাবাস আরও জানায়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব