• লন্ডনের উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা, শুরু ১৭ মে

    লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে।

    রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ৪০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরান, চীন, ফিলিপাইন ও তাজিকিস্তান।

    উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটি প্রদর্শিত হবে ১৭ মে দুপুর ১২টায়। আর ২৩ মে সন্ধ্যা ছয়টায় ভারতের ‘স্বার্থপর’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

    এবারের উৎসবে বাংলাদেশের মোট ছয়টি চলচ্চিত্র থাকছে। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘আগন্তুক’, ‘নয়া মানুষ’ ও ‘উড়াল’। এর মধ্যে ‘নয়া মানুষ’ দেখানো হবে দ্বিতীয় দিনে এবং ‘উড়াল’ চতুর্থ দিনে।
    এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘পাথর হওয়ার গল্প’।

    ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে
    ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে
     

    উৎসব প্রসঙ্গে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল বলেন, ‘অনেক দিন ধরেই এই উৎসব আয়োজন করা হচ্ছে। আশা করছি, এবারও সফল হবে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করবে।’

    উৎসবে অংশ নেওয়া ‘নয়া মানুষ’–এর নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা অংশ নিলে গর্ব হয়। ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়, যা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।’

    আন্তর্জাতিক পরিসরে প্রদর্শিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অব ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অব লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’। এ ছাড়া ফিলিপাইনের ‘রেপুব্লিকা এনজি পিলিপিনাস’ ও তাজিকিস্তানের ‘মোহি দার’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র থাকছে তালিকায়।

    সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলে আয়োজিত বাকি সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

  • লা লিগা রিয়াল নামার আগে ব্যবধান বাড়াল বার্সা, জয়ের নায়ক আরাউহো-গার্সিয়া

  • লা লিগা হেতাফে-গেরো খুলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

    হেতাফের এই কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে বারবার পথ হারিয়েছে বার্সেলোনা। টানা ছয় বছর এই মাঠে লিগে কোনো জয় ছিল না বার্সেলোনার। অবশেষে  সেই অপেক্ষা ফুরাল আজ, ধরা দিল কাঙ্ক্ষিত জয়। হেতাফেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

    ৩৩টি করে ম্যাচ শেষে লিগে এখন বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। শিরোপার হিসেব-নিকেশও এখন বেশ পরিষ্কার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলতে বার্সার প্রয়োজন আর মাত্র দুটি জয়।

    ফেরমিন লোপেজের গোল উদযাপন। আজ হেতাফের বিপক্ষে।
    ফেরমিন লোপেজের গোল উদযাপন। আজ হেতাফের বিপক্ষে। বার্সেলোনা
     

    ম্যাচের শুরু থেকেই হেতাফে তাদের চেনা কৌশলে বার্সাকে আটকে রাখার চেষ্টা করছিল। সুযোগ তৈরিতে ধুঁকতে থাকা বার্সেলোনার হয়ে অচলাবস্থা ভাঙেন ফেরমিন লোপেজ। ৪৪ মিনিটে গাভির বাড়ানো এক দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে এগিয়ে দেন এই স্প্যানিশ উইঙ্গার।

  • লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ান রাজশাহীর বর্ণিতা

    ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি।

    দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী সিনেমা নির্মাণ করবেন।

    প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা—তাঁর প্রাপ্তি তিন লাখ টাকা।

    শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি
    শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি
     

    চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী—আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
    ২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।

    লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

    ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ীবিজয়ী বর্ণিতা(মাঝে)
    ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ীবিজয়ী বর্ণিতা(মাঝে)
     

    অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ওয়েব সিনেমা নির্মাণ করবেন।
    ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড নাবিলা জাবীন খান বলেন, ‘লাক্স সুপারস্টারের গল্পগুলো সব সময়ই অনুপ্রেরণার। এটি একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার যাত্রা।’

    সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অনেকে।
    এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব শাহীন, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিমসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

  • লিফটে সালমানকে দেখে অবাক

    শুরু থেকেই নিজেকে আলাদা করে তুলে ধরার চেষ্টায় আছেন সাই মাঞ্জরেকার। ২০১৯ সালে জনপ্রিয় ‘দাবাং থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এরপর একাধিক বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকার-কন্যা। এবার পিরিয়ড ড্রামা দ্য ইন্ডিয়া হাউস-এ আসছেন সাই। প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবি, নিজের অভিনয় অভিজ্ঞতা এবং সালমান খানকে ঘিরে কিছু স্মৃতির কথা বলেছেন তিনি।

    সাই বলেন, ‘“দ্য ইন্ডিয়া হাউস” আমার ক্যারিয়ারের সবচেয়ে গভীর ছবি।’ দক্ষিণের তারকা রামচরণের প্রযোজনায় একই সঙ্গে হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি তৈরি হচ্ছে। ‘মেজর’-এর পর এটি সাইয়ের দ্বিতীয় ছবি, যা একই সঙ্গে দুই ভাষায় শুট হচ্ছে। একই সঙ্গে দুই ভাষায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা রোমাঞ্চকর, আবার চ্যালেঞ্জিংও। একই দিনে আবেগ, ভাষা আর সাংস্কৃতিক ভিন্নতা সামলাতে হয়েছে।’

    হিন্দি ও তেলেগু—দুই ভাষার ছবিতেই অবশ্য আগে কাজ করেছেন তিনি, ‘“মেজর”-এ কাজের অভিজ্ঞতা থাকায় বিষয়টি কিছুটা পরিচিত ছিল। তবে প্রতিটি ছবি নতুন কিছু শেখায়।’ ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ছবিটিতে তাঁর চরিত্রের নাম ‘সতী’। ‘চরিত্রটি ফুটিয়ে তুলতে সেই সময়ের মানুষ, তাদের শক্তি, দুর্বলতা আর নীরব দৃঢ়তাকে বুঝতে হয়েছে।’

    প্যান-ইন্ডিয়া সেটআপে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত সাই, ‘এ ধরনের প্রজেক্টে সিনেমাই একটা ভাষা হয়ে যায়। ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসা মানুষ একসঙ্গে কাজ করে শুধু গল্পের জন্য।’ সহশিল্পী নিখিল সিদ্ধার্থ, পরিচালক বামসিসহ পুরো টিমের প্রশংসা করেন তিনি।

    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    ক্যারিয়ারের প্রসঙ্গে সাই জানান, ‘মেজর’, ‘অরো মে কহাঁ দম থা’ ও ‘স্কন্দা’র মতো ছবিতে কাজ করে তিনি অনেকটা পথ এগিয়েছেন। প্রিয় তারকাদের কথা বলতে গিয়ে বলেন, ‘ছোটবেলা থেকেই শাহরুখ স্যার আর সালমান স্যারকে খুব ভালোবাসতাম। অক্ষয় কুমারের কমেডি ছবি দেখেই বড় হয়েছি।’ শৈশবের নায়িকাদের কথাও স্মরণ করেন তিনি। বলেন, ‘সোনালি বেন্দ্রের সৌন্দর্যে আমি মুগ্ধ ছিলাম। রানী মুখার্জি আর কাজলকে নিয়ে তখন খুব আবেগপূর্ণ ছিলাম।’

    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    কথাপ্রসঙ্গে জানালেন, সালমান খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি আজও উজ্জ্বল, ‘আমার বয়স তখন তিন-চার। টিভিতে জুড়ওয়া খুব দেখতাম। দুবাইয়ে লিফটে হঠাৎ সালমান স্যারকে দেখে শুধু ভাবছিলাম—“ওহ মাই গড!”’ সালমান খানের আদর আর একবার ফ্লাইটে তিরামিসু খাওয়ানোর স্মৃতি আজও মনে আছে।

    শৈশবের সেই বিস্ময় আর মুগ্ধতাই সময়ের সঙ্গে ঘুরে এসে বাস্তব হয়ে ধরা দেয়। যে মানুষটিকে তিন-চার বছর বয়সে লিফটে দেখে বিস্মিত হয়েছিল ছোট্ট সাই, কয়েক বছর পর সেই সালমান খানেরই বিপরীতে দাঁড়িয়ে অভিনয় করেন ‘দাবাং থ্রি’-তে। পর্দায় দেখা নায়ক হয়ে ওঠেন তাঁরই সহশিল্পী। সেই স্মৃতির বৃত্ত পূর্ণ করেই আজ বলিউড ও দক্ষিণ—দুই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা গড়ে তোলার পথে এগিয়ে চলেছেন সাই মাঞ্জরেকার।

    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সাই মাঞ্জরেকার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
  • লিভারপুলের হার, ইয়ামালে বাঁচল বার্সা

    চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় অম্লমধুর রাত কেটেছে ফেবারিটদের। গতকাল রাতে প্রথম লেগে লিভারপুল ১-০ গোলে হেরেছে গালাতাসারাইয়ের বিপক্ষে। নিউক্যাসলের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বার্সেলোনা। তবে দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। টটেনহামকে ৫–২ গোলে হারায় আতলেতিকো। আর আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন।

    লিভারপুলের দুঃখ গালাতাসারাই

    প্রিমিয়ার লিগ শিরোপা এরই মধ্যে হাত ফসকে গেছে। এমনকি পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে লিভারপুলের জন্য ‘লাইফলাইন’ হতে পারে চ্যাম্পিয়নস লিগ। কিন্তু শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের কাছে হেরে গেছে তারা। লিগ পর্বের ম্যাচেও তুরস্কের ক্লাবটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেবারও একই ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল ‘অল রেড’রা।

    গালাতাসারায়ের কাছে হেরেছে লিভারপুল
    গালাতাসারায়ের কাছে হেরেছে লিভারপুল, এএফপি
     

    গতকাল রাতে তুর্কি লিগের শীর্ষে থাকা গালাতাসারায়ের হয়ে একমাত্র গোলটি করেন মারিও লেমিনা। ৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে জাল খুঁজে নেন। এর আগে বলটি নামিয়ে দিয়েছিলেন ভিক্টর ওসিমেন। দ্বিতীয়ার্ধে ওসিমেন আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে রক্ষা পায় লিভারপুল।

    আগামী সপ্তাহে ঘরের মাঠ অ্যানফিল্ডে গালাতাসারাইকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লিভারপুল। হারের পর লিভারপুলের হয়ে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করার মাইলফলক স্পর্শ করা কোচ আর্নে স্লট বলেন, ‘এখানে খেলা কঠিন। তার ওপর ১–০ গোলে পিছিয়ে থাকলে কাজটা আরও কঠিন হয়ে যায়।’

    বার্সাকে বাঁচালেন ইয়ামাল

    সেন্ট জেমস পার্কে বার্সেলোনার বিপক্ষে ৮৬ মিনিটে গোল করে পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন হার্ভে বার্নেস। এই গোলেই বার্সেলোনাকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল নিউক্যাসল। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। যোগ করা সময়ের ৬ মিনিটে ম্যাচের শেষ কিকে গোল করে বার্সেলোনাকে দারুণ এক ড্র এনে দেন লামিনে ইয়ামাল।

    যোগ করা সময়ের একেবারে শেষ দিকে দানি ওলমোকে ফাউল করে বার্সাকে পেনাল্টি উপহার দেন নিউক্যাসলের মালিক থিয়াউ। স্পটকিক থেকে বল জালে জড়ান ইয়ামাল। ম্যাচজুড়ে নিষ্প্রভ ইয়ামালের গোলেই শেষ পর্যন্ত হার এড়িয়ে মাঠ ছেড়েছে বার্সা।

    এর ফলে আগামী বুধবার ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে ন্যূনতম ব্যবধানে জিতলেই কোয়ার্টারে ফাইনালে পৌঁছে যাবে বার্সা। ম্যাচ শেষে নিউক্যাসলের সম্ভাবনা নিয়ে কোচ এডি হাও বলেন, ‘আশা অবশ্যই আছে। নিজেদের ওপর আমাদের বিশ্বাস আছে, সামর্থ্যের ওপর বিশ্বাস আছে। আজ আমরা সেটাই প্রমাণ করেছি।’

    ইয়ামালের পেনাল্টি গোলেই হার এড়াল বার্সা
    ইয়ামালের পেনাল্টি গোলেই হার এড়াল বার্সারয়টার্স

    আতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম

    আতলেতিকোর কাছে গতকাল রাতে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে টটেনহাম। আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় ম্যাচের ১৫ মিনিটের মধ্যে ৩–০ গোলে পিছিয়ে পড়ে টটেনহাম। এই বিপর্যয় থেকে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আতলেতিকোর হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

    একটি করে গোল মার্কোস লরেন্তে, আতোয়াঁন গ্রিজমান ও রবিন লে নরমান্দের।
    জয়ের পাশাপাশি তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে দারুণ খুশি আলভারেজ।

    মুভিস্টার প্লাসকে ম্যাচ শেষে আলভারেজ বলেন, ‘জয় আর তিন গোলের লিডে আমি খুব আনন্দিত। কিন্তু এখনো ৯০ মিনিট বাকি। ওরা কিছু ভুল করেছে, আমরা জানতাম সেই সুযোগ কীভাবে নিতে হয়। চাপ তৈরি করে খেলেছি, আর সেটাই আমাদের গোলের সুযোগ এনে দিয়েছে।’

    জয়ের পর আতলেতিকোর উদ্‌যাপন
    জয়ের পর আতলেতিকোর উদ্‌যাপনএএফপি

    ‘সিক্স স্টার’ বায়ার্ন

    আতলেতিকোর মতো বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। দারুণ ছন্দে থাকা দলটি আতালান্তাকে উড়িয়ে দেয়  ৬–১ গোলে। দুর্দান্ত এই জয়ে শিরোপার দাবিটা যেন আরও জোরালো করল বায়ার্ন। এই ম্যাচে খেলেননি বায়ার্নে মূল স্ট্রাইকার হ্যারি কেইন।

    যদিও তাতে কোনো সমস্যা হয়নি জার্মান চ্যাম্পিয়নদের। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল জোসিপ স্টানিসিক, সের্হে নাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালার। এ জয়ে বায়ার্নের শেষ আটে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

    ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রাইম ভিডিওকে বলেন, ‘আমরা ঠিক এমন পারফরম্যান্সই চেয়েছিলাম। ম্যাচজুড়ে আমরা আক্রমণাত্মক ও বিপজ্জনক ছিলাম। আমাদের দলে প্রতিভা ও মানসম্পন্ন খেলোয়াড় আছে…তাই ছেলেরা যখন এভাবে খেলতে পারে, তাতে অবাক হওয়ার কিছু নেই।’

  • লুবাবার বাগ্দান হয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিয়ে

    আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী সিমরিন লুবাবা বলছেন, তিনি এখনো বিয়ে করেননি, তবে বাগ্‌দান সেরেছেন।

    গতকাল রাতে লুবাবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ সন্ধ্যায় আরেক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

    বাগ্‌দত্তার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।’

    বাগ্‌দত্তার সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সিমরিন লুবাবা
    বাগ্‌দত্তার সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সিমরিন লুবাবাফেসবুক থেকে

    দুজনের ছবিটি পেছন থেকে তোলা, ফলে বাগ্‌দত্তাকে চেনা যাচ্ছে না। তাঁর পরিচয়ও প্রকাশ করেননি।

    বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। কেউ কেউ বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ বছর হয়নি।

    বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে লুবাবা ফেসবুকে লিখেছেন, তিনি এখনো বিয়ে করেননি। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

    লুবাবা ও তাঁর দাদা প্রয়াত অভিনেতা আবদুল কাদের
    লুবাবা ও তাঁর দাদা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরফাইল ছবি

    সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন।

    তবে গত বছরের শেষ দিকে হঠাৎই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা।

  • লেইকা লেন্সযুক্ত শক্তিশালী ক্যামেরার নতুন স্মার্টফোন আনল শাওমি

    দেশের বাজারে ‘শাওমি ১৭টি’ মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনটি প্রদর্শনের পাশাপাশি বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, ফোনটির পেছনে লেইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ৫০ ও ১২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ১২০এক্স এআই আলট্রা জুম–সমর্থিত টেলিফটো ক্যামেরা থাকায় ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজোল্যুশনের ছবি তোলা যায়।

    অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ১৭টি মডেলের ফোনটিতে লাইকার মতো বিশ্বমানের অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা উন্নত করতে ভবিষ্যতে আরও বেশ কিছু মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে শাওমির।

    অনুষ্ঠানে জানানো হয়, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আলট্রা প্রসেসরে চলা ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড পর্দা রয়েছে। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। শুধু তা-ই নয়, পর্দার উজ্জ্বলতা ৩ হাজার ৫০০ নিটস হওয়ায় দিনের আলোতেও লেখা ও ছবি স্পষ্ট দেখা যায়। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে শাওমি ভিশন কেয়ার ও আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

    শাওমি হাইপারওএসে চলা ফোনটিতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ও গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো অত্যাধুনিক ফিচার যুক্ত রয়েছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সহজেই দৈনন্দিন বিভিন্ন কাজ করা যায়।

    ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ফোনটি দ্রুত চার্জ করার পাশাপাশি একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। শুধু তা-ই নয়, আইপি৬৮ রেটিংযুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স–সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা।

  • লড়াইয়ের স্বীকৃতি পেলেন ফারজানা-রেনু-রোকেয়ারা

    রাজধানীর কোলাহল ছাপিয়ে রাত দুইটার নিস্তব্ধতায় যাঁদের বঁটির ধারালো শব্দে বেঁচে থাকার ছন্দ তৈরি হয়, সেই অদম্য নারীদের পাশে দাঁড়িয়েছেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্টজনেরা। অনলাইনে মাছ বিক্রির প্রতিষ্ঠান ‘রিভার ফিশ’-এ কর্মরত ফারজানা রহমান, রেনু বেগম এবং আশি ছুঁই ছুঁই রোকেয়া বেগমের হাতে আজ মঙ্গলবার তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ ও ঈদ উপহার। এই তিনজনসহ মাছ কাটেন রিভার ফিশের আরও চার নারী—হাসনা বেগম, পারভিন আকতার, সকিনা বেগম ও রহিমা আকতারকে নগদ অর্থ ও ঈদ উপহার দেওয়া হয়।

    ১০ ফেব্রুয়ারি অনলাইনে ‘মাছ কাটার বঁটিতেই অভাব কেটেছে ফারজানা, রেনু ও রোকেয়াদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আজ রাজধানীর হাতিরঝিল এলাকায় রিভার ফিশের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই নারীদের অদম্য জীবনযুদ্ধের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল্লাহ এইচ কাফি। বর্তমানে তিনি এশীয়-ওশেনীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন অ্যাসোসিওর আজীবন সভাপতি এবং জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক।

    অদম্য এই নারীদের সংগ্রামের গল্প শুনে আবেগাপ্লুত হয়ে আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘উদ্যোক্তা হওয়ার চেয়েও বড় বিষয় হলো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ফারজানা, রেনু আর রোকেয়ারা প্রমাণ করেছেন যে কোনো কাজই ছোট নয়। তাঁদের এই আত্মসম্মানবোধ আমাদের সমাজের জন্য এক বড় শিক্ষা।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনলাইনভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন। তিনি এই নারীদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    রিভার ফিশের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার এবং তাঁর স্বামী সফটওয়্যার প্রকৌশলী তানভীর আজাদ জানান, এই নারীরা কেবল শ্রমিক নন, তাঁরা প্রতিষ্ঠানের প্রাণ। তাঁদের সততা ও পরিশ্রমই রিভার ফিশকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। উপহার হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম।

    উপহার পেয়ে অশ্রুসিক্ত চোখে রেনু বেগম বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের কাজকে আপনারা যে সম্মান দিলেন, এটাই আমাদের বড় পাওয়া। এই উপহার আমাদের জন্য আনন্দের।’

    ফারজানা, রেনু ও রোকেয়াদের মতো নারীরা সমাজের তথাকথিত ‘ছোট কাজ’কে জীবনের ঢাল বানিয়ে যে নতুন পৃথিবী গড়েছেন, সে লড়াইয়ে শামিল হতে পেরে অতিথিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • শনিবারের পর আজ আবার বাড়ল সোনার দাম, ভরিতে ৩,২৬৬ টাকা

    গত শনিবারের পর আজ মঙ্গলবার আবার সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা।

    বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এর ফলে গত শুক্রবারের পর সোনার দাম ভরিপ্রতি বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা। তার আগে টানা কিছুদিন দাম কমেছে।

    নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

    বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

    সোনার সঙ্গে আজ রুপার দামও বাড়ানো হয়েছে। পরে ২২ ক্যারেট অর্থাৎ, ভালো মানের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৭১৬ টাকা। এই মূল্যবৃদ্ধির আগে রুপার দাম ছিল প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা। অর্থাৎ, আজ রুপার দাম বেড়েছে ভরিপ্রতি ৩৫১ টাকা।

    বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে। তবে মূলত বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউইয়র্কের স্থানীয় সময় ৩১ মার্চ স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৯ ডলার বেড়েছে।

    বিশ্ববাজারে সোনার দাম এখন প্রতি আউন্স ৪ হাজার ৫৫৫ ডলার। শনিবার যখন শেষবার মূল্য বৃদ্ধি করা হয়, তখন দাম ছিল ৪ হাজার ৪৯৪ ডলার। অর্থাৎ, এর মধ্যে সোনার দাম আউন্সপ্রতি ৬১ ডলার বেড়েছে।

    তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এই সময় সোনার দাম আউন্সপ্রতি ৭৬৯ ডলার কমেছে। সে কারণে ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। এরপর বিশ্ববাজারে দাম আবার বাড়ার কারণে ২৮ মার্চ থেকে আজ পর্যন্ত তিন দফায় সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ল।

    বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে।

    অর্থাৎ, সোনার দাম এখন ঐতিহাসিকভাবে অনেকটাই বেশি। সে কারণে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম কমেছে। তার সঙ্গে আছে ডলারের শক্তিবৃদ্ধি। ফলে বিনিয়োগকারীরা এখন মার্কিন বন্ডের দিকে ঝুঁকছেন।

    সাধারণত সোনা ও ডলারের দাম একসঙ্গে বৃদ্ধি পায় না। এ দুটোর সম্পর্ক বিপরীতমুখী, তবে কখনো কখনো ব্যতিক্রম দেখা যায়। এখন সে রকম কিছু দেখা যাচ্ছে না।

    গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

  • শাকিবের কাজের ক্ষুধাই বেশি মুগ্ধ করেছে সাবিলাকে

    ঢাকা

  • শাকিরা, বার্না বয়দের নিয়ে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ১০ ছবি

    পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে কাল রাতে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এই আয়োজনের ১০টি ছবি দেখুন এখানে।
     
    ‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
    ‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠানরয়টার্স
    স্টেডিয়ামের মাঝে বেশ বড় সোনালি ট্রফি। চারপাশে সোনালি পোশাকের পারফরমার। আজতেক সভ্যতার সোনালি সময় ফুটেছে তাঁদের পোশাক ও নাচের ঢঙে
    স্টেডিয়ামের মাঝে বেশ বড় সোনালি ট্রফি। চারপাশে সোনালি পোশাকের পারফরমার। আজতেক সভ্যতার সোনালি সময় ফুটেছে তাঁদের পোশাক ও নাচের ঢঙেরয়টার্স
    উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন কলম্বিয়ান গায়ক ও প্রযোজক জে বলভিন
    উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন কলম্বিয়ান গায়ক ও প্রযোজক জে বলভিন, রয়টার্স
    ইতালীয় গায়ক আন্দ্রেয়া বোচেলি এবং দক্ষিণ কোরিয়ান-আমেরিকান গায়ক এজে পারফর্ম করে মুগ্ধ করেন সবাইকে
    ইতালীয় গায়ক আন্দ্রেয়া বোচেলি এবং দক্ষিণ কোরিয়ান-আমেরিকান গায়ক এজে পারফর্ম করে মুগ্ধ করেন সবাইকে, এএফপি
    স্টেডিয়ামের বাইরেও উৎসবের কমতি ছিল না
    স্টেডিয়ামের বাইরেও উৎসবের কমতি ছিল না, এএফপি
     
    কলম্বিয়ান কিংবদন্তি শাকিরার সঙ্গে নাইজেরিয়ান গায়ক বার্না বয়
    কলম্বিয়ান কিংবদন্তি শাকিরার সঙ্গে নাইজেরিয়ান গায়ক বার্না বয়, রয়টার্স
     
    সানগ্লাস চোখে পারফরমারদের নিয়ে ‘দাই দাই’ গানের সুর ধরেন শাকিরা
    সানগ্লাস চোখে পারফরমারদের নিয়ে ‘দাই দাই’ গানের সুর ধরেন শাকিরা, রয়টার্স
    উদ্বোধনী অনুষ্ঠানে বিচিত্র সাজে
    উদ্বোধনী অনুষ্ঠানে বিচিত্র সাজে, এএফপি
    পুরো অনুষ্ঠানে ফুটে উঠেছে মেক্সিকোর ঐতিহ্য
    পুরো অনুষ্ঠানে ফুটে উঠেছে মেক্সিকোর ঐতিহ্য, রয়টার্স
     
    শাকিরা যখন পারফরমার...
    শাকিরা যখন পারফরমার...এএফপি
  • শাকিরার সুরে পর্দা উঠল বিশ্বকাপের

    স্টেডিয়ামের মাঝে বেশ বড় সোনালি ট্রফি। চারপাশে সোনালি পোশাকের পারফরমার। আজতেক সভ্যতার সোনালি সময় ফুটেছে তাঁদের পোশাক ও নাচের ঢঙে। লিলা ডাউনস দাঁড়িয়ে তাঁর মাঝে। সুরেলা কণ্ঠে মেক্সিকান সংগীতশিল্পী স্বাগত জানালেন বিশ্বকে, ‘বিশ্ববাসী, মেক্সিকোয় স্বাগত!’

    ব্যস, ঢাকে কাঠি পড়ল ২০২৬ বিশ্বকাপের। রঙিন রঙের আবির ছড়িয়ে পড়ল আজতেকা স্টেডিয়ামের চারপাশে। ওটা ফুটবলের ‘ক্যাথেড্রাল’—তিনটি বিশ্বকাপের উদ্ধোধন হওয়া ইতিহাসের প্রথম এবং একমাত্র স্টেডিয়াম। গতকাল রাতে সেই আজতেকাতেই বিশ্বকাপের ‘প্রথম’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববাসীকে স্বাগত জানাল মেক্সিকো।

    প্রথম বলার কারণ, সহ–আয়োজক দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে আজতেকার ইতিহাস এবং ঐতিহ্য বিচারে বিশ্বকাপের আসল উদ্ধোধন হয়ে গেল আসলে সেখানেই। মেক্সিকোর কিংবদন্তি রক ব্যান্ড ‘মানা’ মঞ্চে ‘ওই মি আমোর’ (হে, আমার ভালোবাসা) গানের সুর তুলতেই গ্যালারিতে জন্ম হলো ‘মেক্সিকান ওয়েভ’। হাত ছড়িয়ে দর্শকদের তোলা সেই ঢেউ ছুঁয়েছে পর্দার দর্শকের হৃদয়ও।

    আজতেক সভ্যতার সংস্কৃতি তুলে ধরা হয় উদ্ধোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের বিশাল এক ট্রফিও ছিল মাঠে
    আজতেক সভ্যতার সংস্কৃতি তুলে ধরা হয় উদ্ধোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের বিশাল এক ট্রফিও ছিল মাঠেএএফপি

    ভেনেজুয়েলার গায়ক ড্যানি ওশান পারফর্ম করার পর মেক্সিকান মিউজিক্যাল গ্রুপ লস অ্যাঞ্জেলস আজুলসের সঙ্গে ফোক ব্যালে পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরপর এলেন কলম্বিয়ান গায়ক জে বলভিন। কিন্তু মজাটা যেন তখনো সেভাবে ঠিক জমছিল না। কারণ, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ‘রানি’ তখনো মঞ্চে আসেননি।

    শাকিরা! হলুদ, বেগুনি ও সাদা পোশাকে যখন মঞ্চে উঠলেন, তখন যেন শুরু হলো বিশ্বকাপের আসল ঢেউ। সানগ্লাস চোখে পারফরমারদের নিয়ে ‘দাই দাই’ গানের সুর ধরেন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ও ভালো সঙ্গ দেন কলম্বিয়ান কিংবদন্তিকে। কিন্তু সব চোখ আসলে কলম্বিয়ান কিংবদন্তির ওপরই ছিল। শাকিরা ছাড়া বিশ্বকাপ আবার জমে নাকি! ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়েই তো চিরস্মরণীয় হয়ে গেছেন।

    পাখির চোখে ওপর থেকে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান। আজতেকা স্টেডিয়ামে
    পাখির চোখে ওপর থেকে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান। আজতেকা স্টেডিয়ামেএএফপি

    জমে না বলেই শাকিরার কণ্ঠে সুর খেলা করতে দর্শক উন্মাতাল হয়েছে সবচেয়ে বেশি। আজতেকার বাইরেও তখন বেশ চড়া হয়েছে উৎসবের সুর। নাচে-গানে মেতেছিলেন ফুটবলপ্রেমীরা, তার মধ্যে বেশির ভাগই মেক্সিকান। উদ্বোধনী এই অনুষ্ঠানের পরই যেহেতু তাঁদের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে—তাই স্বাগতিক হিসেবে যেন পুরো প্রস্তুতি নেওয়া ছিল। যেখানে চোখ যায় সেখানেই মেক্সিকান সমর্থক, ফুটবলপাগল মেক্সিকানদের ভিড়ে ‘বাফানা বাফানা’ সমর্থকদের খুঁজে পাওয়াই দায়!

    বর্ণিল পোশাকে পারফর্ম করেন পারফরমাররা
    বর্ণিল পোশাকে পারফর্ম করেন পারফরমাররাএএফপি

    অলিম্পিক অনুষ্ঠানের মতো বিশ্বকাপে অংশ নেওয়া সবগুলো দেশের পতাকা নিয়ে প্রতিনিধিরা ছিলেন মাঠে। প্রতিটি দেশের নামও ঘোষণা করেন স্পিকারের ঘোষক। ৪৮টি দেশ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ‘প্রথম’ উদ্বোধনী এই অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রফিটি তুলে ধরার সঙ্গে গর্জনে ফেটে পড়ে ৮০ হাজার আসনের গ্যালারি।

    বিশ্বকাপের উৎসব যে ততক্ষণে জমে গেছে, সেটা বার্তা সংস্থা এএফপিকে বলেন এক ফুটবলপ্রেমী, ‘পার্টি এরই মধ্যে শুরু হয়ে গেছে। অসাধারণ লাগছে।’ স্টেডিয়ামে যখন এমন উৎসবের সুর, তখন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের ফ্যান জোনে ঢুকতে রীতিমতো লড়াই করতে হয়েছে ফুটবলপ্রেমীদের। ধাক্কাধাক্কিতে ধৈর্য হারিয়ে কেউ কেউ বোতলও ছুড়ে মারেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লেগে যায় দর্শকদেরও।

    গান ও সুরের মূর্চ্ছনায় মেতেছিলেন দর্শক
    গান ও সুরের মূর্চ্ছনায় মেতেছিলেন দর্শক, এএফপি
     

    ব্যবস্থাপনা নিয়ে এক দর্শকের অভিযোগ, ‘অবিশ্বাস্য উন্মাদনা। ব্যবস্থাপনা আরও ভালো হতে পারত।’ তবে ফ্যান জোন আগেই দর্শকে টইটম্বুর হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন আগেই দর্শকদের অন্য কোথাও যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সব জায়গাতেই প্রচুর ভিড় জমেছিল দর্শকের।

    আজতেকাকেও সাজানো হয়েছিল নতুন করে। লাল রঙে স্টেডিয়ামের চারপাশটা রাঙানো হয়। বিভিন্ন রঙের আবির ও আলোকসজ্জা, বাদ্যি-বাজনায় ভরপুর হয়ে উঠেছিল উদ্বোধনের উৎসব। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল মাঠে ঢোকার পরও গ্যালারিতে বসে গান শুনেছেন দর্শক।

    বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। আজতেকা স্টেডিয়ামে
    বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। আজতেকা স্টেডিয়ামে, এএফপি
     

    খেলা শুরুর মিনিট বিশেক আগে গ্যালারিতে ‘মেক্সিকান ওয়েভ’–এর ঢেউ ফিরিয়ে আনেন তাঁরা। ’৮৬ বিশ্বকাপে এই আজতেকা স্টেডিয়ামেই জন্ম হয়েছিল দর্শকদের এমন উদ্‌যাপনের। তার ১৬ বছর আগে ’৭০ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল আজতেকায়।

  • শান মাসুদকে ফেরালেন তাইজুল

    ফিরলেন শান মাসুদও 

    পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৬২/৫। জয়ের জন্য ২৭৫ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৫ উইকেট।

    সৌদ শাকিলের পর ফিরলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদও। তাইজুলের বলে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৭১ রান করা এ ব্যাটসম্যান।

    সৌদ শাকিল আউট

    পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৪ ওভারে ১৫৬/৪। জয়ের জন্য ২৮১ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৬ উইকেট।

    ৪৪ তম ওভারের চতুর্থ বলে নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন সৌদ শাকিল। মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর শাকিল রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ২১ বলে ৬ রান করেছেন শাকিল।

    ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আগা। ৬৫ রানে অপরাজিত শান মাসুদ।

  • শামসুন্নাহার সিনিয়রের চোখে ভারত ম্যাচ ‘ফিফটি–ফিফটি’

    গোয়া থেকে

  • শাড়ি ও ব্যাকলেস ব্লাউজে মৌনীর ফেস্টিভ লুক

    শাড়ি, বোল্ড স্টেটমেন্ট ব্লাউজ আর মিনিমাল গয়নার কম্বিনেশনে মৌনী রায়ের নতুন ফেস্টিভ লুক নজর কাড়ছে। উৎসবের সাজে অনুপ্রেরণার এক নিখুঁত উদাহরণ এই লুক।

    মৌনী রায় নামটির সঙ্গে ফ্যাশনজগতের কমবেশি সবাই পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি মেয়ের দাপট এখন বলিউড জুড়েও। অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়েও বেশি নজর কাড়েন ফ্যাশন সেন্সে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে তাঁর উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু।

    এথনিক হোক বা ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান স্বচ্ছন্দ ও আকর্ষণীয়। তবে বাঙালি বলেই হয়তো শাড়ির লুকে মৌনী যেন হয়ে ওঠেন অপ্সরীর মতো সুন্দর।

     
     

    সম্প্রতি তেমনই এক লুকে ধরা দিয়েছেন তিনি। হালকা পেস্তা-সবুজ টোনের একটি শিয়ার শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে, যার জমিনজুড়ে রয়েছে সূক্ষ্ম সিকুইন ডিটেইলিং।

     

    শাড়িটির নরম, স্বচ্ছ টেক্সচার লুকে এনেছে এক ধরনের স্বপ্নিল আবহ। ঝিলমিল করা সোনালি বর্ডারটি মিনিমাল হলেও পুরো লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া।

    এই লুকের অন্যতম আকর্ষণ তাঁর ব্লাউজ। ব্যাকলেস ডিজাইনে তৈরি এই ব্লাউজে রয়েছে স্টাইলিশ আবেদন। উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের ডিপ-নেক ব্লাউজটি ভারী গোল্ড সিকুইন ও সূক্ষ্ম এমবেলিশমেন্টে অলংকৃত, যা শাড়ির সফট টোনের সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট।

     

    শাড়ির সঙ্গে মিনিমাল কিন্তু নজরকাড়া গয়না পরেছেন তিনি। ট্র্যাডিশনাল গোল্ড ঝুমকা এবং হাতে পরা আংটি ছাড়া অতিরিক্ত কিছু নেই সাজে । মেকআপে ফুটে উঠেছে সফট গ্ল্যাম আমেজ । স্মোকি আই লুকের সঙ্গে পিচি-ন্যুড লিপকালার আর কপালে সাদা পাথরের টিপে সেজেছেন।

     
     

    কোমর ছুঁয়ে থাকা চুলগুলো  হালকা ওয়েভে স্টাইলে ছেড়ে রাখা। সব মিলিয়ে, শাড়ি, বোল্ড স্টেটমেন্ট ব্লাউজ এবং মিনিমাল গয়নার সমন্বয়ে তৈরি হয়েছে এক নিখুঁত ফেস্টিভ লুক—যা সহজেই অনুপ্রেরণা হতে পারে যেকোনো উৎসবের সাজে।

    ছবি: ইন্সটাগ্রাম

  • শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা

    প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে (এসকেটি) অধ্যয়নরত সব শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।

    উপবৃত্তির টাকা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও টিফিন বক্স ইত্যাদি কেনা যাবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সরকারের ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ অনুযায়ী পরিচালিত হবে।

    নির্দেশিকায় বলা হয়েছে, প্রাক্‌–প্রাথমিক শ্রেণির জন্য প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৭৫ (পঁচাত্তর) টাকা হারে উপবৃত্তির টাকা পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে কোনো পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ১৫০ (এক শ পঞ্চাশ) টাকা, দুজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৩০০ (তিন শ) টাকা হারে উপবৃত্তির টাকা পাবে। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু রয়েছে, সেসব বিদ্যালয়ে কোনো পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ২০০ (দুই শ) টাকা, দুজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৪০০ (চার শ) টাকা হারে উপবৃত্তির টাকা পাবে। পরিস্থিতি বিবেচনা করে উপবৃত্তির পরিমাণ সরকারের অনুমোদন সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি করা যাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ দুজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে।

    উপবৃত্তি পাওয়ার শর্ত

    প্রাক্‌–প্রাথমিকের জন্য ন্যূনতম বয়স চার বছর এবং প্রতি মাসে পাঠদিবসের অন্যূন ৮০ শতাংশ উপস্থিতি। প্রথম শ্রেণির জন্য প্রতি মাসে পাঠদিবসের অন্যূন ৮০ শতাংশ উপস্থিতি। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য প্রতি মাসে পাঠদিবসের অন্যূন ৮০ শতাংশ উপস্থিতি এবং পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর প্রাপ্তি। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বেলায় প্রতি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর প্রাপ্তির শর্ত প্রযোজ্য হবে। নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ছাড়পত্রে শিক্ষার্থীর নম্বর প্রাপ্তির বিষয়টি উল্লেখ থাকতে হবে। প্রাক্‌–প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন সনদ (বাংলা ও প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি) থাকতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মুঠোফোনে খোলা সক্রিয় এমএফএস অ্যাকাউন্ট থাকতে হবে।

    অন্যান্য শর্তের মধ্যে রয়েছে

    প্রযোজ্য ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে, সে উপবৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। অথবা ধারাবাহিকভাবে তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। শিক্ষার্থী কোনো মাসে নিয়মিত উপস্থিতির শর্ত ভঙ্গ করলে উক্ত মাসের উপবৃত্তি প্রদান করা যাবে না। উক্ত শিক্ষার্থী পরবর্তী সময় শর্তপূরণ করলে শর্তপূরণের মাস থেকে আবার উপবৃত্তি প্রাপ্তির জন্য যোগ্য হবে। শিক্ষার্থীকে যুক্তিসংগত কারণ ছাড়া প্রতি মাসে অন্যূন ৮০ শতাংশ পাঠদিবসে উপস্থিত থাকতে হবে। যুক্তিসংগত কারণ প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্ধারণ করবেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপস্থিতি ৮০ শতাংশ পাঠদিবসের কম হলে, তা প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যুক্তিসংগত কারণ বলে বিবেচিত হলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শিথিল করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোনো এলাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা সম্ভব না হলে, দুর্যোগের কারণে বিদ্যালয়ের পাঠদান স্থগিতকালীন উপস্থিতি দিবসগুলো উক্ত এলাকার শিক্ষার্থীদের মাসিক উপস্থিতি নির্ধারিত হারের চেয়ে কম হলেও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে উপবৃত্তি দেওয়া যাবে। জুন মাসের উপবৃত্তির টাকা বিতরণের ক্ষেত্রে ১০ জুন পর্যন্ত পাঠদিবসের ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে উপবৃত্তি বিতরণ করা যাবে।

    **নির্দেশিকা দেখুন এখানে...

  • শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার ৫০০ মামলা: শিক্ষামন্ত্রী

    বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

    শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা জানান তিনি।

    এসময় দেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টারের অভাব রয়েছে। এই সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। এ জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

    তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মন্ত্রী আরও বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ভাইভা অতি শিগগিরই শুরু হবে। আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক।

    এছাড়া, শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত শিক্ষকদের বদলি সহজ করতে সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু একদিনে হয় না, তবে আমরা দ্রুত সময়ের মধ্যে এ ব্যবস্থা চালু করতে চাই।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। 

     

  • শিক্ষাখাতে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

    শিক্ষাখাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অবকাঠামো নয়, শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে পারে।

    শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় আয়োজিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।

    চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
     
    বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, বহু বছর আগে থেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এবং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করতে হলে শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগ ও দক্ষতা উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে চীনের শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়ন বাংলাদেশের জন্য একটি কার্যকর মডেল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।
     
    চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত বৈঠক ও সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করে তিনি জানান, দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

    শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, শিক্ষা, গবেষণা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

     

  • শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

    ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কার্যকর হবে ২৪ মে (রোববার) থেকে। কিন্তু তার আগে ২২ মে (শুক্রবার) এবং ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। অর্থাৎ, ২২ মে থেকেই কার্যত শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।
    ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।

    অন্যদিকে, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। মাদরাসার ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদরাসার ক্লাস পুনরায় শুরু হবে ১৪ জুন। অর্থাৎ মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের (সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিন) বড় ছুটি পাচ্ছে।

    জুন মাসে স্কুল-মাদরাসা খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি রয়েছে।

    মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের অবকাশ যাপনের জন্য সমন্বয় করে শিক্ষাপঞ্জিতে প্রতি বছরই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

     

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব