আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পাওয়ার পর আফগানিস্তানের নারী ফুটবলাররা এখন থেকে ‘প্রতিরোধের প্রতীক’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন দলটির সাবেক অধিনায়ক খালিদা পোপাল। দীর্ঘ বিরতির পর ফিফার কাছ থেকে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তান নারী দল।

২০১৮ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ২০২১ সালে দেশটিতে তালেবান ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে অনেক খেলোয়াড় দেশ ছেড়ে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হন।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া সেই দেশের জাতীয় দলকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই সংস্থাটির। কিন্তু গত মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফার কাউন্সিল সভায় এই নীতিমালায় সংশোধনী আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে’ এবং ফুটবলারদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণ থাকলে ফিফা নিজেই কোনো জাতীয় বা প্রতিনিধিদলকে নিবন্ধনের অনুমতি দিতে পারবে। ফলে এখন থেকে আফগান নারী ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

বার্তা সংস্থা রয়টার্সকে খালিদা পোপাল বলেন, ‘আমাদের দল সব সময় অধিকার আদায়ের লড়াইয়ের জন্য পরিচিত ছিল। তবে ফিফার এই সমর্থনের ফলে এখন আমরা আমাদের দক্ষতা দেখানোর এবং প্রবাসে থাকা তরুণ প্রতিভাদের বিকশিত করার সুযোগ পাব।’

পোপাল আরও বলেন, ‘আমি জানি, কাজটা কঠিন হবে। কারণ, আফগানিস্তানের ভেতরে থাকা নারীদের জন্য এর অংশ হওয়া দুঃসাধ্য। কিন্তু আমরা যদি তাঁদের কণ্ঠস্বর হয়ে আশার বাণী পৌঁছে দিতে পারি এবং বোঝাতে পারি যে আমরা তাঁদের ভুলে যাইনি, তবে আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের সার্থকতা আসবে।’

বিদেশে আশ্রয় নেওয়া খেলোয়াড়দের দীর্ঘ প্রচেষ্টার পর ২০২৫ সালের মে মাসে ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল গঠন করে ফিফা। মূলত সেই উদ্যোগেরই সফল পরিণতি ফিফার এ সিদ্ধান্ত। ২০২৭ নারী বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ২০২৮ অলিম্পিক বাছাইপর্বে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। আগামী জুনেই তাদের মাঠে ফেরার কথা রয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, এএফপি
 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেডের এই সুন্দর পথচলায় আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে চাই।’

বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের প্রায় ৮০ জন নারী ফুটবলার রয়েছেন। আগামী জুনে নিউজিল্যান্ডে একটি অনুশীলন ক্যাম্পের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করবে ফিফা। ২০২৫ সালে ‘ফিফা ইউনাইটেড উইমেন সিরিজ’-এ তিনটি ম্যাচ খেলেন আফগান নারীরা, যার মধ্যে নভেম্বরে লিবিয়ার বিপক্ষে প্রথম জয়ও পান তাঁরা।

৯ গোলের রেকর্ডগড়া রোমাঞ্চকর এক থ্রিলারে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে ও কাভারাতসখেলিয়া।

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৫ দেখায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের দেখাই পায়নি পিএসজি। ঘরের মাঠে তাই এবার চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন। প্যারিসে সেই লড়াইয়ে রক্ষণভাগের দেয়াল চূর্ণ করে গোলবন্যায় ভেসেছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যা আগে কখনোই দেখা যায়নি।

ম্যাচের ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন। ৭ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে স্বাগতিকরা। দিজিরে দুয়ের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান কাভারাৎসখেলিয়া। ৩১ মিনিটে কর্নার কিক থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। অবশ্য প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় বায়ার্ন। ৪১ মিনিটে ওলিসের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। তবে যোগকরা সময়ের ৫ মিনিটে আলফানসো ডেভিসের হ্যান্ড বলে পেনাল্টি পায় পিএসজি। ওসমান দেম্বেলের স্পট কিকে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা। 

রোমাঞ্চ ছড়ানো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরও দুবার বল জড়ায় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া। ৫৮ মিনিটে দুয়ের পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। তাতে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। 

তবে ম্যাচে ফিরতে সময় লাগেনি বাভারিয়ানদের। ৬৫ মিনিটে জসুয়া কিমিখের ফ্রিকিকে দায়োত উপামেকানোর হেডে স্কোরলাইন হয় ৫-৩। তিন মিনিটের ব্যবধানে লুইস ডিয়াজের জোরালো শটে ব্যবধান আরও কমায় বায়ার্ন।

এরপর বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। তাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে প্যারিসে ৫-৪ গোলের জয়ে প্রথম লেগে বায়ার্নকে হারালো পিএসজি।

ফিরতি লেগে আগামী ৬ মে মিউনিখে ফরাসি জায়ান্টদের আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।

 

টি-টুয়েন্টিতে ছক্কা মারা কি স্রেফ ছেলেখেলা?

প্রশ্নটা বৈভব সূর্যবংশীকে করলে হয়তো সে বলবে, ‘তাই তো! দেখো না, আমি কত মারছি।’
ক্রিকেটের যে সংস্করণে সবচেয়ে বেশি পেশিশক্তির আস্ফালন চলে, সেখানেই ১৫ বছর বয়সী এই কিশোর একের পর এক সব হিসাবনিকাশ ওলটপালট করে দিচ্ছে। টি-টুয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ ‘টিনএজার’ হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এই বিহারি বিস্ময় বালক এখন সবার ওপরে।

[caption id="attachment_272664" align="alignnone" width="857"] সূর্যবংশী[/caption]

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে যখন আইপিএলে পা রাখে, অনেকে ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু এখন সেই কিশোরের ব্যাটের দাপটে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সূর্যবংশী। সেই শুরু। এরপর রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র ২২৭ বল খেলে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ‘ম্যাড ম্যাক্স’কেও (২৬০ বল) পেছনে ফেলে সে–ই এখন দ্রুততম।

সেঞ্চুরির পর সূর্যবংশী
সেঞ্চুরির পর সূর্যবংশী, এএফপি
 

গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে সূর্যবংশী গড়েছেন আরও এক বিশ্ব রেকর্ড। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে মাত্র ৪৭৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করার কীর্তি গড়েছে। আইপিএলে এটি তার দ্বিতীয় আর সব মিলিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি।

সেঞ্চুরির পর সূর্যবংশীর ‘স্যালুট’
সেঞ্চুরির পর সূর্যবংশীর ‘স্যালুট’, এএফপি
 

ভারতীয়দের মধ্যে এত দিন কিশোর বয়সে সবচেয়ে বেশি ছক্কা ছিল ঈশান কিষানের। ২০১৪ থেকে ২০১৮—এই সময়ে ৫২ ইনিংসে তিনি মেরেছিলেন ৫৩টি ছক্কা। তবে সূর্যবংশী শুধু ছক্কাতেই থেমে নেই। টি-টুয়েন্টিতে কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে—৪টি। আর ১০০০ রান করাদের মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যার ক্যারিয়ার স্ট্রাইক রেট ২০০-এর বেশি!

এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল বাংলাদেশ।

সোমবার (২৬ এপ্রিল) জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের নারী দলের জন্য। হংকং প্রথমে এগিয়ে গেলেও, লাল-সবুজের মেয়েরা দ্রুত খেলায় ফিরে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলশূন্য থেকে বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনা আক্তার। পেনাল্টি কর্নার থেকে এমার বাড়ানো বল গোলরক্ষক আটকাতে চেষ্টা করলেও সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বলটি স্টিক দিয়ে অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে দেন কনা। এই গোলে লিড নেয় বাংলাদেশ।

একই কোয়ার্টারে আরও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের জন্য চেষ্টা চালায়, কিন্তু কেউই সফল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল আসরে (জাপানের আইচি-নাগোয়া, সেপ্টেম্বরে) খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

এর আগে, প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। এবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

 

সংবাদ সম্মেলনের ঢোকার সময় লিটন দাসের মুখে মুচকি হাসি, ফিরে যাওয়ার সময়ও তা–ই। মাঝে অনেক প্রশ্নের ফাঁকে এল অস্বস্তির সেই প্রসঙ্গটাও—বাংলাদেশ যে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেনি, আপনারা কি তা থেকে ‘মুভ অন’ করতে পেরেছেন?

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে লিটনের উত্তর, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’

নতুন করে তাঁরা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই বছরের জন্য অধিনায়ক ছিলেন লিটন। এবারও দুই বছরের জন্য দায়িত্বটা এসেছে তাঁর কাঁধেই।

সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাসশামসুল হক

সর্বশেষ বিশ্বকাপটা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কায়। সেটিকে কেন্দ্র করেই দল গড়েছিলেন লিটন। ২০২৮ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেটির জন্যই এখন থেকে থেকে দল গোছানোর লক্ষ্য তাঁর, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’

প্রথম সিরিজটা লিটন শুরু করছেন একটা চ্যালেঞ্জ দিয়েও। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই তাঁর দলে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল।
দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল
দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল
 

লিটন জানালেন তাদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের ভাবনা থেকেই, ‘আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার (২৫ এপ্রিল) দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার কাউকা অঞ্চলের পান-আমেরিকান মহাসড়কের কাজিবিও এলাকার এল টুনেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নর অক্টাভিও গুজমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।

তিনি ঘটনাটিকে নির্বিচার হামলা বলে নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি সরকারের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর এক কমান্ডার হুগো লোপেজ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর জন্য একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী ও অপরাধী বলে আখ্যা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ভাঙচুর হওয়া যানবাহন, ধ্বংসাবশেষ এবং অ্যাম্বুলেন্স ছুটে চলেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে একাধিক সহিংস ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মাদক পাচারকে কেন্দ্র করে ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে। যা সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এমন দিন কি আইপিএলে আগে এসেছে কখনো?

না। আসেনি। শনিবার আইপিএলের ২ ম্যাচে ৭৭.২ ওভারে উঠেছে ৯৮৬ রান। দিল্লিতে দিল্লি–পাঞ্জাব ম্যাচে ৫২৯, জয়পুরে রাজস্থান–হায়দরাবাদ ম্যাচে ৪৫৭। আইপিএলের ইতিহাসে এক দিনে এত রান কখনোই ওঠেনি। এর আগে সর্বোচ্চ ছিল ৮৯৯ রান, ২০২৪ সালের ২৭ এপ্রিলের দুই ম্যাচে।

গতকালের দুই ম্যাচে ছক্কা হয়েছে ৫৯টি। এটিও আইপিএলের এক দিনে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৫৩টি, যা দেখা গিয়েছিল ২০২৫ সালের ৪ মে ও ২৫ মে।

এখানেই শেষ নয়!

জয়পুরে হায়দরাবাদ পেসার প্রফুল হিঞ্জের করা ইনিংসের প্রথম ওভারে ৪টি ছক্কা মেরেছেন রাজস্থানের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে ৪ ছক্কা এর আগে আইপিএলে কখনোই হয়নি। হায়দরাবাদ রান তাড়াতে আবার মেরেছে প্রথম ওভারে ২ ছক্কা। মানে এক ম্যাচের প্রথম ওভারে ছক্কা হয়েছে ৬টি, স্বীকৃত টি-টুয়েন্টিতেই এমন কিছু এই প্রথম।

তবে বোলারদের ওপর ‘সুনামি’ কত তীব্র গতিতে আঘাত হেনেছে, তা বুঝতে নজর দিতে হবে আরও কিছু পরিসংখ্যানে।

৪৭ বলে সেঞ্চুরি করেছেন রাহুল, আইপিএলে তাঁর দ্রুততম
৪৭ বলে সেঞ্চুরি করেছেন রাহুল, আইপিএলে তাঁর দ্রুততম, বিসিসিআই
 

এই ধরুন দিল্লির ওপেনার লোকেশ রাহুলের কথা। দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটসম্যান পাঞ্জাবের বিপক্ষে খেলেছেন ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস। আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।

এমনকি টি-টুয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এর চেয়ে বড় ইনিংস আর কারও নেই। ৪৭ বলে সেঞ্চুরি করা রাহুল যে ম্যাচসেরা হবেন, সেটা তো জানা কথাই। তবু ম্যাচ শেষে তাঁর মুখে ছিল না জয়ের হাসি।

রাহুলের মতো খারাপ লাগার কথা সূর্যবংশীরও! কী না করেছেন রাতের ম্যাচে!হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। যে বোলারের বলে ‘ডাক’ মেরেছিলেন, কাল সেই প্রফুল হিঞ্জকে প্রথম ওভারেই মেরেছেন চারটি ছক্কা।

ছক্কা না চার? কী হলাে এই শটে
ছক্কা না চার? কী হলাে এই শটে, এএফপি
 

১৫ বলে ফিফটি। ৩৬ বলে সেঞ্চুরি। সেই সঙ্গে টি-টুয়েন্টি ইতিহাসে দ্রুততম (৪৭৩ বলে) ১০০০ রানের রেকর্ড। সবচেয়ে কম বয়সে ১০০০ রানের মালিক। এ ছাড়া মাত্র ১৫টি আইপিএল ইনিংসেই দুই সেঞ্চুরি।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ৪টি সেঞ্চুরি—দুটিই দ্রুততার রেকর্ড। গত বছর ৩৫ বলে সেঞ্চুরির পর এবার ৩৬ বলে—একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪০ বলের কমে দুটি সেঞ্চুরিও।

এত সব রেকর্ড গড়ার পরও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছেন সূর্যবংশী। রাজস্থানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য হায়দরাবাদ ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতেই।

নাহ! শনিবারের আইপিএলে বোলারদের ওপর যেন নেমে এসেছিল ‘শনির’ দুর্ভাগ্য।

এফএ কাপের সেমিফাইনাল। ওয়েম্বলিতে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটন। ৭৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে বসল সাউদাম্পটন। অঘটনের স্বপ্ন দেখতে শুরু করা সাউদাম্পটন সমর্থকেরা চুপ হয়ে গেলেন আট মিনিট পরেই। সিটি যে এগিয়ে ২-১ গোলে। এই ব্যবধানটা ধরে রেখেই ইতিহাস গড়েছে পেপ গার্দিওলার সিটি। ইতিহাস প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপে ফাইনালে ওঠার।

তাতে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন টিকে থাকল গার্দিওলার দলের। লিগ কাপ চ্যাম্পিয়ন দলটি স্বপ্ন দেখছে আবারও প্রিমিয়ার লিগ জয়েরও।

সিটির প্রথম গোলটি জেরেমি ডোকুর
সিটির প্রথম গোলটি জেরেমি ডোকুর, রয়টার্স
 

পেনাল্টি বক্সের বাইরে থেকে ফিন আজাজের করা দারুণ গোলটির রেশ থাকতেই সমতা ফেরায় সিটি। ৩ মিনিট পরে জেরেমি ডোকুর শট সাউদাম্পটনের এক খেলোয়াড়ের পায়ে লেগে একটু দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। ৫ মিনিট পরে ২০ গজ দূর থেকে গোলার মতো এক শটে সিটিকে এগিয়ে দেন নিকো গঞ্জালেস।

নিকোর গোলের আগে দারুণ এক সেভ করে সিটিকে বাঁচিয়েছেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।

আগামী ১৬ মে ওয়েম্বলিতেই ফাইনাল। চেলসি অথবা লিডসকে প্রতিপক্ষ হিসেবে পাবে সিটি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও লিডস।

হেতাফের এই কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে বারবার পথ হারিয়েছে বার্সেলোনা। টানা ছয় বছর এই মাঠে লিগে কোনো জয় ছিল না বার্সেলোনার। অবশেষে  সেই অপেক্ষা ফুরাল আজ, ধরা দিল কাঙ্ক্ষিত জয়। হেতাফেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

৩৩টি করে ম্যাচ শেষে লিগে এখন বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। শিরোপার হিসেব-নিকেশও এখন বেশ পরিষ্কার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলতে বার্সার প্রয়োজন আর মাত্র দুটি জয়।

ফেরমিন লোপেজের গোল উদযাপন। আজ হেতাফের বিপক্ষে।
ফেরমিন লোপেজের গোল উদযাপন। আজ হেতাফের বিপক্ষে। বার্সেলোনা
 

ম্যাচের শুরু থেকেই হেতাফে তাদের চেনা কৌশলে বার্সাকে আটকে রাখার চেষ্টা করছিল। সুযোগ তৈরিতে ধুঁকতে থাকা বার্সেলোনার হয়ে অচলাবস্থা ভাঙেন ফেরমিন লোপেজ। ৪৪ মিনিটে গাভির বাড়ানো এক দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে এগিয়ে দেন এই স্প্যানিশ উইঙ্গার।

বৈভব সূর্যবংশী ব্যাট করতে নামবেন আর চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে রেকর্ড বইয়ে ওলট-পালট করবেন—এমন দৃশ্য এখন নতুন কিছু নয়। তবে আজ হায়দরাবাদের বিপক্ষে রাজস্থানের ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান যা করেছেন, তা রেকর্ড ছাড়িয়েও যেন বেশি কিছু।

সূর্যবংশী আজ ৩৭ বলে করেছেন ১০৩ রান। টি-টুয়েন্টিতে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। ছেলেদের টি-টুয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে চারটি সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড হয়েছে তাতে। আর রেকর্ডগড়া ইনিংসটিই সূর্যবংশী খেলেছেন অনেকটা ‘প্রতিশোধের’ আবহে।

এবারের আইপিএলে গত ১৩ এপ্রিল প্রথমবার মুখোমুখি হয়েছিল রাজস্থান-হায়দরাবাদ। সে দিন প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন সূর্যবংশী। সেই দলের বিপক্ষে জয়পুরে আজ ১০৩—প্রতিশোধের কথা বলা হচ্ছে এ কারণেই। তবে এটুকুতেই আটকে থাকেননি বিহারের এই বাঁহাতি ব্যাটসম্যান।

সেঞ্চুরির পথে ১২ ছক্কা মেরেছেন সূর্যবংশী
সেঞ্চুরির পথে ১২ ছক্কা মেরেছেন সূর্যবংশী, এএফপি
 

সূর্যবংশী সে দিন শূন্য রানে ক্যাচ তুলে আউট হয়েছিলেন প্রফুল হিঞ্জের বলে। আজ সেই একই বোলারকে প্রথম ওভারে সামনে পেয়ে টানা চারটি ছক্কা মেরেছেন সূর্যবংশী। শুরুতেই অমন ঝড় তোলা এই বাঁহাতি পঞ্চাশ ছুঁয়েছেন ১৫তম বলে। পরের পঞ্চাশে পৌঁছাতে অবশ্য একটু বেশি বলই লেগেছে। তবে ৩৬তম বলে সেই তিন অঙ্কও ছুঁয়েছেন দাপটের সঙ্গে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে। আইপিএলে এটি তাঁর দ্বিতীয় আর সব মিলিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি।

পরিসংখ্যান বলছে, সূর্যবংশী চারটি সেঞ্চুরির মালিক হয়েছেন মাত্র ২৬ ইনিংসে। টি-টুয়েন্টিতে এর আগে সর্বনিম্ন ৩৩ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের উসমান খান। তার চেয়ে ৭ ইনিংস কম খেলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন সূর্যবংশী।

৫ ছক্কা ১২ ছক্কায় করা তাঁর ১০৩ রানের ইনিংসটি থেমেছে সেঞ্চুরির পরের বলেই, সাকিব হুসাইনের বলে এলবিডব্লু হয়ে। টসে হেরে আগে ব্যাট করতে নামা সূর্যবংশীর দল ২০ ওভারে করে ৬ উইকেটে ২২৮ রান।

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিশাদ হোসেন। তাঁর প্রশংসা শোনা যায় নিয়মিতই। আর রিশাদের প্রশংসা করা মানুষটি যদি লেগ স্পিনার হন, তাহলে তো কথাই নেই। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিও ব্যতিক্রম নন।

নিউজিল্যান্ডের হয়ে সোধি খেলছেন তিন সংস্করণেই। এক যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সোধিও উচ্ছ্বসিত রিশাদকে নিয়ে। বাংলাদেশের এই লেগ স্পিনারের ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাও যার একটা কারণ। টি–টুয়েন্টি সিরিজ শুরুর আগে আজ চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সোধির বলা কথাগুলো শুনুন তাঁর মুখেই, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে যে সে কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।’

সোধি এরপর ব্যাখ্যা করেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা (উচ্চতার কারণে) নিচু থেকে (ফ্লাইট কম) বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত ধারার বোলার; সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

২০২৩ সালে অভিষিক্ত রিশাদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বছরেই আলো ছড়ান। বিগ ব্যাশে গিয়েও স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে শুধু ওয়ানডে ও টি–টুয়েন্টিই খেলছেন রিশাদ।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে রিশাদ হোসেন
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে রিশাদ হোসেন
 

প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও এখনো টেস্টে রিশাদকে দেখা যায়নি। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে আগে থেকেই যোগাযোগ আছে সোধির, দুজনের কথা হয়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেও। রিশাদকে টেস্টে দেখার আগ্রহটা আজ জানিয়ে রাখলেন সোধি, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

এত সব প্রশংসার ভিড়েও রিশাদ আছেন উন্নতির খোঁজে। কয়েক দিন ধরে তাঁর সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে। সোধির পর সংবাদ সম্মেলনে এসে মুশতাক জানিয়েছেন সেটির কারণও।

পাকিস্তানের সাবেক এ লেগ স্পিনার বলেন, ‘আমরা আলাদা বৈচিত্র্য নিয়ে কাজ করছি, ক্রিজটাকে কীভাবে আরও ব্যবহার করা যায়, গুগলি নিয়েও। গুগলিতে আরও কিছুটা উন্নতি দরকার তাঁর। ডানহাতি ব্যাটসম্যানকে কোন দিক থেকে বল করবে, স্টাম্পের কাছাকাছি কীভাবে আসা যায়, দূরে যাওয়া, এসব আরকি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ
সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ
 

ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে খেললেও শেষ ম্যাচে একাদশে ছিলেন না রিশাদ। মুশতাকের দাবি, রিশাদ দল থেকে বাদ পড়েননি, এটা তাঁর উন্নতির একটা প্রক্রিয়া। মুশতাকের ভাষায়, ‘আমরা স্পিনারদের দিক থেকে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করেছি শুধু। যদি কিছু হয়…যেন অন্য স্পিনাররা এর আগেই গেম টাইমটা পায়।’

আগামী সোমবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ এপ্রিল চট্টগ্রামেই দ্বিতীয় ম্যাচ এবং ২ মে ঢাকায় হবে তৃতীয় ম্যাচ। এর আগে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

‘দ্য চেজ মাস্টার।’

বিরাট কোহলি কালও আইপিএলে নামের প্রতি সুবিচার করেছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ্য ছিল ২০৬। রান তাড়ায় কোহলি খেলেছেন ৪৪ বলে ৮১ রানের ইনিংস, হয়েছেন ম্যাচসেরা। এমন ইনিংস খেলার পথে নতুন এক মাইলফলকও ছুঁয়েছেন কোহলি।

৮১ রানের ইনিংসে কোহলি ছক্কা মেরেছেন ৪টি। তাতে আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কার ক্লাবে ঢুকেছেন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। ২৬৬ ইনিংসে কোহলির ছক্কা ৩০৩টি। আগে থেকেই এই ক্লাবের সদস্য ক্রিস গেইল ও রোহিত শর্মা।

গেইলের নামটাই সবার ওপরে। আইপিএলে মাত্র ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। ৩১০ ছক্কা নিয়ে দ্বিতীয় রোহিত শর্মা, খেলেছেন ২৭১ ইনিংস। পরিসংখ্যানেই স্পষ্ট, আইপিএলে ছক্কার রাজা গেইলই। রোহিত-কোহলিরা গেইলের ৩৫৭ ছক্কা ছাড়াতে পারবেন কি না, সেটাও দেখার বিষয়।

সে ক্ষেত্রে এখনো তাঁদের কয়েক মৌসুম খেলতে হবে। ৩৫৭ ছক্কার মাইলফলক তাঁরা ছাড়িয়ে গেলেও ছক্কাবাজ হিসেবে গেইলের নামটা ওপরের দিকেই থাকবে। কোহলির প্রশংসাও আলাদা করে করতে হয়। ইনিংস ধরে খেলতে অভ্যস্ত কোহলি প্রয়োজনে যে ছক্কাও মারতে পারেন—এই ক্লাবে নাম লেখানোই তো তার প্রমাণ।

কাল ফিফটির পর কোহলি
কাল ফিফটির পর কোহলি, বিসিসিআই

এবারের টুর্নামেন্টে অবশ্য কোহলি ছক্কার তালিকায় খুব একটা ওপরের দিকে নেই। আইপিএলে এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা অভিষেক শর্মার, ২৭টি। কোহলির ছক্কা ১২টি। অবশ্য সর্বোচ্চ রানে সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেককে ছাড়িয়ে গেছেন কোহলি।

৩২৩ রান নিয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ছিলেন অভিষেক। কাল ৮১ রানের ইনিংসের পর কোহলির রান দাঁড়াল ৩২৮। ৩২০ রান নিয়ে তালিকায় তৃতীয় সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। ৩ জনই খেলেছেন ৭টি করে ম্যাচ।

স্ট্রাইক রেটে অবশ্য কোহলি ও ক্লাসেনের চেয়ে অনেক এগিয়ে অভিষেক। কোহলির স্ট্রাইক রেট ১৬৩.১৮, ক্লাসেনের ১৫৩.১১। অন্যদিকে অভিষেকের স্ট্রাইক রেট ২১৫.৩৩।