আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটগ্রহণের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত এবং এখন কেবল ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা। 

বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। ভোটাররা এখন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে তাদের রায় দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।

ইসি কমিশনার জানান, দেশের ১১৬টি সংসদীয় আসনে ইতিমধ্যেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে যাবে। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে কয়েকটি আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে, যার ফলে সরবরাহে সামান্য বিলম্ব হয়েছে বলে ইসি সচিবালয় জানিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই তা রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছাবে বলে আশ্বস্ত করা হয়েছে।

কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো নির্বাচনী মাঠে দেখা যায়নি। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের সাতদিন আগে থেকেই সেনাবাহিনী মাঠে থাকবে এবং আনসার সদস্যরা আটদিন দায়িত্ব পালন করবেন। পুলিশ বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই দেশজুড়ে সক্রিয় রয়েছেন। এছাড়া নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখতে ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের ওপরে। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। 

গাজীপুর-২ আসনে সবচেয়ে বেশি ৮ লাখ ৪ হাজার ভোটার এবং ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ২ লাখ ২৮ হাজার ভোটার রয়েছেন। প্রায় ২ হাজার ৩৪ জন প্রার্থী ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপি ২৮৮ জন প্রার্থী নিয়ে সবচেয়ে এগিয়ে। তবে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন প্রত্যাশা করছে এবারের নির্বাচনে অন্তত ৫৫ শতাংশ বা তার বেশি ভোটার উপস্থিত হতে পারেন। দেশি ও বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক এই গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

প্রবাসীদের সুবিধার্থে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই বড় সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সকল প্রচার-প্রচারণা বন্ধ হবে, এর ঠিক ৪৮ ঘণ্টা পর ১২ ফেব্রুয়ারি দেশবাসী তাদের পরবর্তী সরকার নির্ধারণে ভোট দেবেন।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, এ নিয়ে আলোচনা চলছিল কদিন ধরে। সংসদ সচিবালয়-ও এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে বলে খবর প্রকাশিত হয়।

সংবিধান অনুযায়ী, আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন। তিনি এখনো পদত্যাগ করেননি।

সংবিধানের ৭৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন।

এই অবস্থায়ই শপথ পড়ানো নিয়ে প্রশ্ন যেমন আছে, তেমিন সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগও আইনি প্রশ্নের জন্ম দেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশন অবস্থান পরিষ্কার করলো। ইসি আব্দুর রহমানেল মাছউদ আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জানালেন, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন সিইসি।

এদিকে, বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) ও ১৪৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণত স্পিকার বা স্পিকারের মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ না থাকায় কার্যকর হচ্ছে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ।

এই অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পাঠ না করালে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই এমপিদের শপথ পড়াতে পারবেন।

এছাড়া, সংবিধানের তফসিল-৩ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দায়িত্বে না থাকলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে তিনি এই অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে তাঁর নির্বাচনী এলাকায় কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। আগে বারবার বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

রুমিন ফারহানা মুঠোফোনে বলেন, ‘তিনি (ইউএনও) আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁর কথাবার্তায় মনে হয়েছে, তিনি দলীয় কোনো প্রার্থীর হয়ে কাজ করছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী ও একজন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার সঙ্গে কি তিনি এমনটি করতে পারেন? প্রতিকার চেয়ে আমি বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

সরাইলের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘বুধবার দুপুরে তাঁর (রুমিন ফারহানা) সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে এবং আমার পক্ষ থেকে কোনো অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রাজধানী ঢাকাতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার তৈরির যাবতীয় তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে গুছিয়ে আনা হয়েছে। 

তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ এবং প্রত্যাশার কথা শুনেছে। জনগণের এই সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহারটি চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস।

মাহদী আমিন আরও বলেন , বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং ‘২৭ দফা’র মূল ভিত্তিগুলোর আলোকেই দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। ওইসব কর্মসূচির অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে ইশতেহারটি প্রণীত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ, প্রযুক্তি, মেধা এবং যুবকদের প্রাধান্য ও নারীদের নিরাপত্তাসহ নানা বিষয়কে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এই পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করে দলটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। একইসঙ্গে বহু রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা সমুহের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

জামায়াত সূত্রে জানানো হয়, মোট ২৬টি অগ্রাধিকারসূচি নিয়ে ইশতেহারটি তৈরি করা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে, যেখানে শাসনব্যবস্থা সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নত আইন ও বিচারব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্ব দেয়া হয়েছে।

ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় ভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতেও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।

এ ছাড়া ইশতেহারে কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুব প্রযুক্তি নেতৃত্বের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পেয়েছে।

জামায়াত দাবি করেছে, ‘জনতার ইশতেহার’ তৈরিতে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামত প্রতিফলিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদা বিবেচনা করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

নির্বাচনি ইশতেহারে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে, বাংলাদেশ জামায়াত ইসলামী সেগুলো হলো-

১. ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’- এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন।

২. বৈষমাহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন।

৩. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া।

৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন।

৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্রে বিনির্মণ।

৬. প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন।

৭. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকরিতে বিনামূলো আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ।

৮. ব‍্যাংকসহ সার্বিক আর্থিক খ্যাত সংস্কারের মাখায়ে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও বাবসাবান্ধব টেকসই এ স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ।

৯. সমানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনসহ সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা।

১২. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা।

১৩. ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং ‘তিন শূনা ভিশন’ (পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা-ঝুঁকির শূন্যতা। বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়া।

১৪. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠা, দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপকভিত্তিতে শিল্পায়ণ ও কর্মসংস্থান তৈরি।

১৫. শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা।

১৬. প্রবাসীদের ভোটাধিকারসহ সব অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা।

১৭. সংখ্যাগুরু-সংখ্যালঘু (মেজরিটি-মাইনরিটি) নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণি-গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা।

১৮. আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

১৯. সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা।

২০. দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা।

২১. যাতায়াতব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরগুলোর সড়ক/রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে দুই-তিন ঘণ্টায় নামিয়ে আনা। দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াতব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা।

২২. নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জনা স্বল্পমূলো আবাসন নিশ্চিত করা।

২৩. ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা।

২৪. সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সব নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

২৫. সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা।

২৬. সব পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।

ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ভোটগ্রহণের আগে ও পরে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলার সার্বিক তদারকি করবেন। মূলত নির্বাচনের ময়দানে অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান কাজ।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তবে দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে তারা নির্বাচনী আইন ও বিধিনিষেধগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। তারা নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনাও প্রদান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত হবেন। তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় অবস্থান করবেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং এলাকা নির্ধারণ করে দেবেন। এর ফলে নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে মনে করছে সরকার।

 

এক জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে চান। আর ৮ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখনো ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন না। অন্যদিকে আগে যাঁরা আওয়ামী লীগকে ভোট দিতেন, তাঁদের ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন।

‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফল তুলে ধরা হয়। ফল তুলে ধরেন সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ। তিনি জানান, তাঁরা দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে ভোটারদের ওপর এই মতামত জরিপ করেছেন। মতামত জরিপে অংশ নিয়েছেন ১১ হাজার ৩৮ জন ভোটার। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে জরিপটি করা হয়।

জাকারিয়া পলাশ বলেন, জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে দুর্নীতির ইস্যু। জরিপে ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির ইস্যুটিকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মকে গুরুত্বের সঙ্গে নেবেন বলে মত দিয়েছেন।এ ছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন বলে জরিপে এসেছে।

আগে যাঁরা আওয়ামী লীগকে ভোট দিতেন, তাঁদের ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন বলে জরিপে উঠে এসেছে—সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ ছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এমন ২৯ দশমিক ৯ শতাংশ ভোটার জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন বলে জানিয়েছেন। ১৩ শতাংশ ভোটার অন্যদের ভোট দেবেন। ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

জরিপের ফল অনুযায়ী, ২০০৮ সালের পর প্রথম ভোট দেবেন—এমন ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা এবার জামায়াতকে ভোট দেবেন। ২৭ শতাংশ বিএনপি, ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আর ১৮ দশমিক ৬ শতাংশ এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন।

জাকারিয়া পলাশ বলেন, মতামত জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে মানুষ এমন নেতাদের ভোট দিতে চান, যেই নেতা মানুষের কথা ভাবেন, আর শক্তিশালী নেতৃত্ব দিতে পারবেন। এ ক্ষেত্রে ভোটাররা ব্যক্তিগত বিশেষ যোগ্যতার তুলনায় জনদরদি প্রার্থীকে বেশি পছন্দ করছেন বলে জানিয়েছেন।

জরিপের ফলের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দল ও প্রার্থী দুটিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে—এমনটা জানিয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার। ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার শুধু দলকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। শুধু প্রার্থীকে গুরুত্ব দেবেন ৩০ দশমিক ২ শতাংশ ভোটার। আর ৬ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দেবেন, তাঁরা এখনো তা ঠিক করেননি বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ভিজিটিং প্রফেসর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো এম নিয়াজ আসাদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তাই তাদের ভোট এবার কোন দিকে যাবে, সেটি এখন গুরুত্বপূর্ণ। জরিপের সবচেয়ে ইতিবাচক দিক হলো এবারের নির্বাচনে অনেক মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে, সেটা গুরুত্বপূর্ণ। কারণ, যে ৮ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন—নিরাপত্তা ও পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকলে তাঁদের অনেকে ভোটকেন্দ্রে না–ও যেতে পারেন। তখন এই ৮ শতাংশ হয়ে যেতে পারে ৮০ শতাংশ।

ভোটের দিনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন এম নিয়াজ আসাদুল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যাতে কোনোভাবেই উদ্বিগ্ন না থাকেন, বিশেষত নারী ও বয়স্ক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন।
এই অধ্যাপক মনে করেন, জরিপের ফল যেমনই হোক, নির্বাচনের দিন পরিস্থিতি কেমন হবে, ভোটাররা কতটা নিরাপত্তা পাবেন, ভোট গ্রহণ কতটা সুশৃঙ্খল থাকবে—এসব বিষয়ের ওপর নির্ভর করবে কত মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, যেটা অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি।

মানুষের মধ্যে ভোট নিয়ে এখনো উদ্বেগ আছে বলে উল্লেখ করেন অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, মানুষের মধ্যে একধরনের টেনশন কাজ করছে যে ভোটটা সুষ্ঠু হবে কি না, নিরপেক্ষ হবে কি না, ব্যালট বাক্স দখল হয়ে যায় কি না, কোনো ধরনের সংঘাত হয় কি না। এই উদ্বিগ্নতা মানুষের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি ও সাধারণ ভোটারও আছেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ আগের চেয়ে ধর্মকে কম গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন এই অধ্যাপক। তিনি বলেন, ‘বেশি মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে না; বরং তাঁরা দুর্নীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে—প্রার্থী বা প্রার্থীর দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন পর্যবেক্ষক যোগ দেবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে।

আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।

এর আগে ১২তম, ১১তম ও ১০তম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র চারজন।

ওআইসির নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মুরশেদ বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে, কারণ যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কয়েকটি এখনও প্রতিনিধি দলের নাম নিশ্চিত করেনি।

এখনো যেসব দেশ প্রতিনিধি নিশ্চিত করেনি, সেগুলো হলো—ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম (ফেম্বোসা) শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

 

ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার। কিন্তু বাস্তবে রেমিট্যান্স যোদ্ধারা সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বিগত সময়ে একটি ভোটও বিদেশ থেকে আসেনি।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে। সেই ব্যালটে নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত ১০টি প্রতীক দেয়া থাকবে।

পুরো প্রক্রিয়াটি পোস্ট অফিসের মাধ্যমেই সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় পাবেন। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন তারা।

তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে। এটি বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে, প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠাতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও রাখতে হবে।

নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলেন, বহুবছর থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলা হলেও তা হয়নি। এই বিষয়টি প্রধান উপদেষ্টার অগ্রাধিকারে রয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেকক্ষেত্রে তা স্বাভাবিক। কারচুপি ঠেকাতে কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণের সময় অন্তত ৩০ দিন করতে হবে। যাতে প্রবাসীদের কাছে ব্যালট পৌঁছায় এবং সময়মতো ভোট ফেরত আসে। তবে অনেক অসুবিধার মধ্য দিয়ে হলেও প্রথমবারের মতো এটি চালু হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো রিটার্নিং অফিসার প্রভাবিত হলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে হেরফের করতে পারে। এরকম একটি ফাঁক থেকে যায়। কিন্তু এবারের ভোটে সেরকম ফাঁক ফোকর থাকার কথা নয়।

তবে অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যিই প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কি না তার উত্তর ব্যালট ফেরার পরই মিলবে।

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। রোববার (২০ এপ্রিল) কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। তারা দলীয় নিবন্ধনের জন্য সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল।

আজই (রোববার) রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার শেষ দিন ছিল। এ উপলক্ষে নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ দলের পাঁচ সদস্য। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এরআগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে দল নিবন্ধনে ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দলটি।

একটি শান্তিপূর্ণ নির্বাচন হলো। ভোটাররা অধিকার প্রয়োগের স্বাধীনতা অনেকে অনুভব করলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। ভোটের হার স্বস্তিদায়ক বলা যায়। জয়ী দল বিএনপি বড় ধরনের ম্যান্ডেট পেল। আবার ১১–দলীয় নির্বাচনী ঐক্য তাদের আসন ও ভোটের হার উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে সার্থক হলো।

নির্বাচনের আগে অনেক আলাপ-আলোচনা ছিল, সংঘাত হতে পারে। নিরাপত্তার বিষয়টি নিয়ে ভোটারদের মনে বড় আশঙ্কা ছিল। কিন্তু সেনাবাহিনীর জোরালো ভূমিকা সেই শঙ্কা অনেকটা কেটে দেয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়ে আছে। এবার আমরা যেটা দেখতে পেলাম, ভবিষ্যতেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা হয়তো জরুরি হবে।

অন্তর্বর্তী সরকার, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল—সবাই মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাইলফলক অতিক্রম করলাম। একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাপ্ত করলাম। আরেকটা হচ্ছে নির্বাচনের ফলাফলটাও মেনে নেওয়ার মাধ্যমে কার্যকর সংসদ তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক দূর এগিয়ে গেল। এই নির্বাচনের মাধ্যমে সার্বিকভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক নবায়নের একটা সুযোগ তৈরি হলো। জনচাহিদার কেন্দ্রবিন্দুতে আছে এই স্থিতিশীল উত্তরণ। অর্থাৎ যাঁরা সরকার গঠন করতে পারছেন না, তাঁরাও ফলাফল মেনে নিয়েছেন। যদিও তাঁদের অভিযোগ আছে। সেই অভিযোগগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিষ্পত্তি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে।

মোটাদাগে আমরা দেখেছি মানুষ একটা মধ্যপন্থার দিকে এবং স্থিতিশীল উত্তরণের জন্য ভোট দিয়েছেন। কিন্তু আসনভিত্তিক ফলাফল একধরনের বার্তা দিচ্ছে, আবার ভোটের বিন্যাস আরেক ধরনের বার্তা দিচ্ছে। ঢাকার মধ্যে তীব্র প্রতিযোগিতামূলক ভোট হয়েছে। আবার কিছু কিছু জায়গায় একদম একচেটিয়াভাবে হয়েছে—যেমন চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বিএনপি এবং খুলনা, রংপুর ও রাজশাহীর একটা অঞ্চলে জামায়াত একচেটিয়া আসন পেয়েছে। এই ভোটের বিন্যাসের তাৎপর্য বোঝাটা খুব জরুরি। মানুষ এগুলোর মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন। বিশেষ করে ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীর মনোভাবটা কেমন ছিল। মধ্যবিত্তের মনোভাব কেমন ছিল। এগুলো থেকে অন্য কোনো বার্তা আছে কি না।

ঢাকায় যাঁরা জিতেছেন, তাঁরা কম ভোটের ব্যবধানে জিতেছেন। বিজয়ীদের জন্য এটি গুরুত্বপূর্ণ বার্তা; বিশেষ করে ভবিষ্যৎ স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে। অন্য একটি এজেন্ডাও এখানে গুরুত্বপূর্ণ—বিকেন্দ্রীকরণ। অন্তর্বর্তী সরকারের সময়ও বিকেন্দ্রীকরণের বিষয়ে জোরালো পদক্ষেপ তো দূরের কথা, কোনো বক্তব্যও শোনা যায়নি। এই সময়ে এসে বিকেন্দ্রীকরণ শুধু একটি প্রশাসনিক এজেন্ডা নয়, খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডাও। ঢাকায় সবকিছু হয়—এই ধারণাটা ভেঙে দেওয়া দরকার। স্থানীয় পর্যায়ে আমাদের সার্বিক রাজনৈতিক-অর্থনৈতিক জীবনটা যে সফল করা দরকার, সেই বিষয়টাও অগ্রাধিকারে থাকা জরুরি।

গণভোটের বিষয়টাকে যদি দেখি, এখানে ‘না’ ভোটের চেয়ে ‘হ্যাঁ’ ভোট বেশি এসেছে। কিন্তু প্রায় ৭৪ লাখ ভোট বাতিল হয়েছে। তার মানে এটা অনেকটা ‘না’ ভোটের মতোই। হ্যাঁ, না ও বাতিল—তিনটাকে মাথায় রেখে গণভোটের বিষয়ে সতর্কতার সঙ্গে, সুচিন্তিতভাবে এগোনো ভালো হবে। একদিক থেকে এটা ভালো যে এত দিন গণভোট নিয়ে কী হবে না হবে, তা ঐকমত্য কমিশনের পরিধির মধ্যেই হচ্ছিল। এর বাস্তবায়ন কীভাবে হবে—এখানে রাজনীতিবিদদেরই মুখ্য ভূমিকায় থাকা উচিত। সংসদেই এটার মূল সুরাহা হওয়া উচিত।

এখন আমাদের বহু কাজ করার আছে। দল ও তাদের মন্ত্রিসভা ইত্যাদির যেমন কাজ করার আছে, সংসদে যাঁরা যাচ্ছেন, তাঁদেরও অনেক কাজ করার আছে। নাগরিক যাঁরা, আমরা যাঁরা ভোটার, আমাদেরও কিন্তু অনেক কাজ করার আছে। নাগরিক সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অগ্রাধিকার থাকবে এই পরবর্তী পর্যায়ে।

এখানে তরুণদের একটি বিষয় আছে। তরুণদের একাংশের একটি দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন জিতেছেন। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা যেন একটা সুষ্ঠু ভূমিকা পালন করতে পারেন। তরুণদের যে রাজনৈতিক সক্রিয়তা এবং সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক সক্রিয়তার এজেন্ডা—এটা বড় এজেন্ডা হিসেবে উন্মোচিত হলো। এটাকে শুধু এনসিপির ভবিষ্যৎ কী, এই প্রশ্নের সঙ্গে সমার্থক দেখাটা উচিত হবে না। তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ একটি দলের ভবিষ্যতের চেয়ে আরও বৃহত্তর। তরুণেরা আরও উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসতে পারেন।

এই নির্বাচনে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও তাঁরা নির্বাচনে প্রতিযোগী হিসেবে সংখ্যায় নিতান্তই অপ্রতুল ছিলেন।

আমি অগ্রাধিকার হিসেবে যদি চিহ্নিত করি, তাহলে আমাদের জাতীয় ঐক্য সংহত করা খুব জরুরি। এই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফলাফল এল এবং সেটা গ্রহণ করা হলো, এটা জাতীয় ঐক্য সংহত করার গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। এগোনোর পথে প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, কিন্তু জাতীয় ঐক্য বিনষ্ট করার যেকোনো ধরনের প্রবণতাকে পরিহার করা খুবই জরুরি। এখানে অবশ্যই প্রতিহিংসা পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর আমি অগ্রাধিকার হিসেবে বলব, আমাদের অর্থনীতি খুবই সঙিন অবস্থায় আছে। অন্তর্বর্তী সরকার একধরনের সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করেছে। কিন্তু তারা বড় ধরনের তৈরি করা অর্থনীতি দিয়ে যাচ্ছে না। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের উচ্চতর আকাঙ্ক্ষা যেগুলো ছিল, সেগুলো বাস্তবায়নের প্রয়োজন এখনই দেখা দিচ্ছে। অর্থনৈতিক কার্যক্রম—এগুলো তো হবেই ধাপে ধাপে। সেই সঙ্গে নতুন সরকারের প্রথম দিকেই অর্থনৈতিক ‘সিগন্যালিং’ (সংকেত দেওয়া) দেওয়াটা খুব জরুরি। ব্যবসায়িক পরিবেশে আস্থার জায়গায় তৈরি হবে কি না, সেটার চাহিদা থাকবে। মন্ত্রিসভা এবং যাঁরা চালাবেন রাষ্ট্র—তাঁদের বাস্তবভিত্তিক দক্ষতার বিষয়টাও গুরুত্বপূর্ণ ‘সিগন্যালিং’ বিষয় হবে।

অনেক গোষ্ঠী থাকে যারা চাপ দেওয়ার চেষ্টা করে। তা ছাড়া এখন এই অর্থনীতি পুনর্নির্মাণের বিষয় আছে। বিশেষ করে ব্যবসায়ী মহলের মধ্যে সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য পদক্ষেপের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আরেকটা দিক হলো ঋণের বোঝা। এটা বড় ধরনের অর্থনীতির বাস্তবতা হিসেবে দেখতে হবে। সঠিকভাবে সম্মিলিত শক্তিটা জড়ো করা গেলে এবং সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এগুলো সবই অতিক্রম করা সম্ভব। এখানে ‘ম্যাজিকের’ খোঁজ করাটা সঠিক হবে না। আসলে ম্যাজিক করে বাস্তবে সমাধান হয় না। বাস্তবতা বুঝে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে—অর্থনৈতিক সিগন্যালিংয়ের মাধ্যমে সেই ধারণা দেওয়াটা অত্যন্ত জরুরি।

কার্যকর সংসদও দরকার। অনেক সময় আমরা সংসদের গুরুত্ব ভুলে যাই। ‘স্টাইল অব গভর্ন্যান্স’কেও (রাষ্ট্র পরিচালনার ধরন) অগ্রাধিকার দিতে হবে। মানুষের কথা শুনতে হবে। আবার সংকীর্ণ কোনো গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। প্রশাসন যন্ত্রকে নিজের সুবিধার জন্য সব সময় না রেখে জনগণের চাহিদা বাস্তবায়নে ব্যবহার করা। প্রশাসন যন্ত্রের দক্ষতা, উন্নতিও গুরুত্বপূর্ণ। ভালো নীতি নিলাম, সেটা বাস্তবায়ন হলো না—এই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে।

দুই-তৃতীয়াংশ জেতাটা আমাদের রাজনৈতিক ইতিহাসে একটা বড় ধরনের বোঝাও হয়ে যায় অনেক সময়। কারণ, এর সঙ্গে আত্মতুষ্টির মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। তোষামোদির সংস্কৃতি গেড়ে বসার আশঙ্কাও থাকে। সেখানে সতর্ক থাকা খুব জরুরি। আশা করি, যাঁরা জিতেছেন, তাঁরা এগুলো পরিহার করে সুষ্ঠুভাবে, দক্ষতার সঙ্গে এগোবেন। যাঁরা জেতেননি, তাঁরা প্রথমেই দায়িত্বশীলতার একটা পরিচয় দিয়েছেন। তাঁরা ফলাফল প্রত্যাখ্যান করেননি। এ জন্য তাঁরা অভিনন্দন পাওয়ার যোগ্য। তাঁদের প্রাথমিক পদক্ষেপগুলো অভিনন্দনযোগ্য ও স্বস্তিদায়ক।

আমাদের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে যাঁরা প্রশাসনিক ক্ষমতার দায়িত্বে আছেন, তাঁরাই সর্বেসর্বা। আমাদের একটা সুযোগ এসেছে কার্যকর সংসদের বাস্তবতা তৈরি করা। এখানে যাঁরা সরকার গঠন করেননি, কিন্তু সংসদে যাবেন, তাঁরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

  • হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা