• Colors: Green Color

গত টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবি ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
 

এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কার কারণে আইসিসির কাছে টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। তবে আইসিসি সে অনুরোধ না রাখায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বলেন, নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।

এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের ওই সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড, তবে সেটি বিবেচনায় নেয়নি আইসিসি।

গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার তিন সদস্যের তদন্ত কমিটিও করা হলো।

ওয়েস্ট হাম ০–১ আর্সেনাল

নাটক, নাটক আর নাটক! লন্ডন স্টেডিয়ামে রোববার রাতে কী নাটকই না মঞ্চস্থ হলো।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা চলছে। আর মিনিট দেড়েক পরেই শেষ বাঁশি বাজার কথা। এমন সময়েই কিনা গোল করে বসলের ওয়েস্ট হামের ক্যালাম উইলসন। ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখা আর্সেনালকে হতাশায় ডুবিয়ে যে সমতা ফেরাল ওয়েস্ট হাম।

নাটকের শেষ অঙ্কের শুরু তখনই। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানাল আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়াকে সম্ভবত ফাউল করা হয়েছে গোলের বিল্ডআপে। অনেক অ্যাঙ্গেলের ভিডিও দেখেও যখন তাঁরা সিদ্ধান্ত দিতে পারেনি, মাঠের পাশের মনিটর দেখতে ছুটলেন রেফারি ক্রিস কাভানা। সময় নিয়েই রিপ্লে দেখে মাঠে ফিরে মাইকে ঘোষণা দিলেন ফাউলের শিকার রায়া, গোল বাতিল, ফ্রিকিক পেয়েছে আর্সেনাল।

ভিএআরে কপাল পুড়েছে ওয়েস্ট হামের
ভিএআরে কপাল পুড়েছে ওয়েস্ট হামের, এএফপি
 

ফল, ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে আর্সেনাল। আর অবনমনের শঙ্কা আরেকটু বেড়ে গেল ওয়েস্ট হামের। এই জয়ের পর ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলা নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে দলটি। নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই ২২ বছর পর আবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে দলটি। অন্যদিকে ৩৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হাম। ১৭ নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৩৭, তবে স্পাররা ম্যাচ একটি কম খেলেছে।

নাটক কম হয়নি আগেও। আক্রমণের পর আক্রমণ গড়েও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। ৮৩ মিনিটে অবশেষে গোল পায় গানাররা। মার্টিন ওডেগার্ডের পাস থেকে লিয়ান্দ্রো ত্রোসারের নেওয়া শট ওয়েস্ট হামের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে।

এই গোলটা ধরে রেখেই আর্সেনাল যখন জয়ের খুব কাছে, তখনই আবার নাটক।
ওয়েস্ট হামের গোল, গোল বাতিল, শিরোপার আরও কাছে আর্সেনাল।

অভিষেক ইনিংসেই সেঞ্চুরি আওয়াইসের

 

তৃতীয় দিনের পঞ্চম ওভারে সেঞ্চুরিতে পৌঁছে গেছেন আজান আওয়াইস। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ৫১তম ওভারে নাহিদ রানার পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান। ১৫৩ বল খেলা ইনিংসটিতে আছে ১৪টি চার।

এর পরের বলে আব্দুল্লাহ ফজল সিঙ্গেল নিলে পাকিস্তানের দলীয় রান দুই শ রানের ঘর ছুঁয়েছে।

পাকিস্তান ১ম ইনিংস: ৫১ ওভারে ২০০/১। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।

১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।

১১৮তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে স্লিপে দারুণ ডাইভে তাসকিনের ক্যাচ নেন সৌদ শাকিল। এই আউটের মধ্য দিয়ে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হলো বাংলাদেশ।

শেষ উইকেটে তাসকিন–নাহিদের ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর চার শ পার করতে পেরেছে বাংলাদেশ। এই জুটিতে তাসকিনের অবদান ১৬ বলে ২৪, নাহিদের ২৩ বলে ৪।

১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হলেন তাসকিন। আগের দিন একটি এবং আজ চারটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ন্যূনতম ৫ উইকেট পেলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। তাঁর বোলিং ফিগার ৩৪–৮–৯২–৫।

তাসকিন–নাহিদের জুটিতে চার শ পার হয় বাংলাদেশ
তাসকিন–নাহিদের জুটিতে চার শ পার হয় বাংলাদেশ
 

৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ ৩২.১ ওভার ব্যাট করে বাকি ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক আজ ৭১ রানে আউট হন। লিটন করেন ৩৩ রান। দলীয় ৩৭৮ রানে ২৪ বলের মধ্যে তাইজুল, মুশফিক ও ইবাদতকে হারায় বাংলাদেশ।

৫ উইকেট নেন আব্বাস। বাংলাদেশ অলআউট হওয়ার পর বলটি কি স্যূভনির হিসেবে রেখে দিলেন আব্বাস
৫ উইকেট নেন আব্বাস। বাংলাদেশ অলআউট হওয়ার পর বলটি কি স্যূভনির হিসেবে রেখে দিলেন আব্বাসশামসুল হক

নেইমারের সঙ্গে বন্ধুত্ব কতটা গাঢ়, তার প্রমাণ আরও একবার রাখলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা বলেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে দেখতে চান তিনি। এই চাওয়ার পেছনে একটা কারণ নেইমারের সামর্থ্য; তবে দুজনের বন্ধুত্বের প্রসঙ্গ টেনে মেসি অকপটেই বলেছেন, নেইমারের ক্ষেত্রে তিনি মোটেও ‘নিরপেক্ষ’ নন।

সম্প্রতি পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের আবেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন মেসি। চোট আর ফর্মহীনতায় দীর্ঘ সময় ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।’

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি–নেইমার। সেই সুবাদে খুব কাছ থেকে একে অপরকে চেনেন তাঁরা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা হবে কি না—নেইমার যখন এমন অনিশ্চয়তায়, তখন মেসি তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘নেইমার আমার খুব ভালো বন্ধু। আমি অবশ্যই তাকে বিশ্বকাপে দেখতে চাই। মানুষ হিসেবে সে যেমন চমৎকার, তাতে তার সঙ্গে সব সময় ভালো কিছু হওয়া উচিত। তবে নেইমারকে নিয়ে কথা বলার সময় আমি মোটেও নিরপেক্ষ হতে পারি না। কারণ, সে সেখানে (বিশ্বকাপে) থাকুক, এটা আমি মনেপ্রাণে চাই।’

ব্রাজিল ফুটবলে নেইমারের প্রভাব নিয়ে মেসি আরও যোগ করেন, ‘ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমার যে অর্থ বহন করে, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না।’

মেসি ও নেইমার যখন জাতীয় দলের জার্সিতে
মেসি ও নেইমার যখন জাতীয় দলের জার্সিতে, ছবি: এএফপি

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। বর্তমানে তিনি স্বদেশি ক্লাব সান্তোসে খেলছেন। আনচেলত্তি গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারকে ডাকেননি।

অবশ্য গত মাসে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারকে শতভাগ ফিট পাওয়া যাবে আশা প্রকাশ করেছিলেন। গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার।

বিপিএলের সর্বশেষ দ্বাদশ (২০২৫–২৬ মৌসুম) আসরে আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি মিলিয়ে ৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিবি। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে বলে আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে, কথিত বেটিং-সংশ্লিষ্ট কার্যক্রম, দুর্নীতিমূলক যোগাযোগ, কোডের ৪.৩ ধারার অধীনে জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা এর তদন্তে অসহযোগিতা।

অভিযুক্তরা হলেন চিটাগং রয়্যালসের লজিস্টিক ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ–মালিক মো. তৌহিদুল হক, ক্রিকেটার অমিত মজুমদার ও সিলেট টাইটানসের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী।

এছাড়া বিসিবি তাদের ‘এক্সক্লুডেড পারসন পলিসি’র আওতায় সামিনুর রহমানকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ বিপিএলে তিনি চট্টগ্রাম রয়্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরসহ একাধিক আসরের সঙ্গে সংশ্লিষ্ট কথিত দুর্নীতিমূলক কার্যক্রমের তদন্তের পর তাঁর ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছেন, দ্বাদশ বিপিএলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তাঁদের বিরুদ্ধে তদন্তটি করেছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান পরামর্শক অ্যালেক্স মার্শাল। তবে এর আগে একাদশ বিপিএলে ওঠা ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ তদন্ত করে গত বছরের অক্টোবরে বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছিল একটি স্বাধীন তদন্ত কমিটি।

ফারুক আহমেদ সভাপতি থাকার সময় গত বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠিত সেই তদন্ত কমিটিতে আরও ছিলেন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেসব অভিযোগ নিয়েও অধিকতর তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল। তবে সেই তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। আজ বিপিএল নিয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবির অন্তবর্তী সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে, তবে পরবর্তি নোটিস না দেওয়া পর্যন্ত তাঁরা ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান প্রধান ফাহিম সিনহাকে সঙ্গে নিয়ে করা আজকের সংবাদ সম্মেলেনে দ্বাদশ আসরের আরও কিছু অনিয়ম তুলে ধরেন তামিম। এসব অনিয়মের কথা এর আগেও বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে, তবে বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিপিএলের দ্বাদশ আসরে বিসিবি সভাপতি ছিলেন আমিনুল ইসলাম, বিপিএল গভর্নিং কাউন্সিলেরও প্রধান ছিলেন তিনি। সদস্য সচিব ছিলেন ইফতেখার রহমান।

দ্বাদশ আসরের অনিয়ম সম্পর্কে তামিম বলেছেন, ‘অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ইওআইর আগে দুজন ব্যক্তির ব্যাপারে ইনটিগ্রিটি ইস্যু বলে বলা হয়েছিল তাদেরকে যেন ফ্র্যাঞ্চাইজি না দেওয়া হয়। কিন্তু তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব জোর করে একজনকে বাধ্য করেছে তাদেরকে টিম দিতে এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে। ওই ব্যক্তি নিজে সামনে না থেকে পেছনে থেকে আরেকজনকে সামনে দিয়ে দিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘সবচাইতে বিস্ময়কর জিনিস যেটা দেখলাম, দুইটা দলের সঙ্গে এখন পর্যন্ত চুক্তিই হয়নি, অথচ একটা সংস্করণ খেলে ফেলেছে!’ ফ্র্যাঞ্চাইজি দুটির নামও বলেছেন তামিম—সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
বিপিএল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
 

বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির ১৪ থেকে ১৬ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তামিম। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি বাছাই, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি প্রদান, খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম আর সমস্যার কথাও তুলে ধরেন তামিম। তাঁর মতে এসব সমস্যা দূর না হলে এবং ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল না হওয়াই ভালো, তাতে অন্তত দেশের ক্রিকেটের দুর্নাম হবে না। এসব সমস্যার পেছনে ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায় দেখেন তিনি।

তামিমের প্রশ্ন, ‘কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পেছনে কি কারণ, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলো তুলে ধরার এটাই সময়। যদি (বিপিএল) পরিচ্ছন্ন করতে হয়, উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ধরতে হবে। কারণ বিসিবি সব দিক থেকে এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এসবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা বা সব ঠিক না হলে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত অন্তবর্তী বোর্ড নেবে কিনা, এমন এক প্রশ্নে তামিম বলেছেন, ‘একদমই না। আমি এই সিদ্ধান্ত নিব না। যেটা করার সময় আমার হাতে নেই ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। তবে এই জিনিসগুলো প্রকাশ করাটাও সমান গুরুত্বপূর্ণ। কেন বিপিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা জানার অধিকার সবাই রাখে।’

তামিমের আশা ভবিষ্যতে যারাই বোর্ডে আসবেন, এ বিষয়টা মাথায় রাখবেন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব