• Colors: Purple Color

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটিকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

বেনজীর আহমেদকে ১২ জুন গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগির তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। ওই রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের অনুরোধ জানায়।

১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই–মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয় বলেও মন্ত্রী জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাবে। এনসিবি (পুলিশ সদর দপ্তরের একটি শাখা যারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে) আমিরাতের রাজধানী আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। অতি দ্রুতই বেনজীর আহমেদকে বাংলাদেশে নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। 

ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (১৪ জুন) নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়। ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেফতার করে।

২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন সাবেক এ আইজিপি। 

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই পদে বহাল ছিলেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সরকার নতুন একটি বিকেন্দ্রীকরণ ব্যবস্থা চালু করছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হচ্ছে। যারা নির্দিষ্ট সময় অন্তর বসে বদলির আবেদনগুলো পর্যালোচনা করবে। পরে তার ভিত্তিতে বদলি করা হবে।

এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটি উপজেলা পর্যায়ের আবেদন যাচাই–বাছাই করবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন। একইভাবে জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পাঁচ থেকে ছয় সদস্যের কমিটি থাকবে, যারা সংশ্লিষ্ট বদলির আবেদন যাচাই–বাছাই করে বদলির ব্যবস্থা করবে। সিটি করপোরেশন, বিভাগীয়, জেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই–বাছাই ও নিষ্পত্তি–বিষয়ক কমিটিতে যথাক্রমে অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সভাপতি থাকবেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান।

আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১২ জুন সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার।

বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা রয়েছে উল্লেখ করে আকতারুল ইসলাম বলেন, এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং সেই মামলার বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান। এসব মামলায় তাঁর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে আকতারুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা হওয়ার পরও বেনজীর আহমেদ জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট গ্রহণ করেছিলেন।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। পরে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগে একাধিক মামলা করা হয়।

মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এর মধ্যে ঢাকায় একাধিক ফ্ল্যাট, বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি, কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। পরে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার আশা করছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুতই তাঁকে বাংলাদেশে আনা সম্ভব হবে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন।

শিক্ষার সুযোগ অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে সুপ্ত প্রতিভা বিকাশের পথ তৈরি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।

জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর ঢাকা জেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জুবাইদা রহমান।

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে ঢাকার মোট ৩৭টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে প্রথম হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, দ্বিতীয় হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ এবং তৃতীয় হয়েছে হলি ক্রস কলেজ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জুবাইদা রহমান।

কেবল ঢাকা নয়, আজ সারা দেশেই জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ঢাকার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেশের প্রান্তিক এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, তারপরও কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া থামায়নি। হয়তো তাদের মধ্যেই কেউ হবে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করা ভবিষ্যৎ বিজ্ঞানী।

জুবাইদা রহমান বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, অসাধারণ সাফল্য যেন তোমাদের জীবনকে আলোকিত করে, সেই আলোর আলোকচ্ছটায় আগামীর বাংলাদেশ যেন বিশ্বে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হয়।

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর ঢাকা জেলার অনুষ্ঠানে প্রতিযোগী দলগুলোর সঙ্গে কথা বলে তাদের প্রকল্পগুলো সম্পর্কে ধারণা নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। আজ রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে
স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর ঢাকা জেলার অনুষ্ঠানে প্রতিযোগী দলগুলোর সঙ্গে কথা বলে তাদের প্রকল্পগুলো সম্পর্কে ধারণা নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। আজ রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা আর চাই না সেই পুরোনো দিনের শিক্ষাব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।...আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা করব।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, সারা দেশে এ প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ১২ হাজার দল অংশ নিয়েছে। এতে অংশ নেন প্রায় ৩৬ হাজার ছাত্রছাত্রী এবং প্রায় ২৪ হাজার শিক্ষক।

মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও বেশি সৃজনশীল হিসেবে গড়ে তোলা হবে, যাতে ছাত্রছাত্রীরা দক্ষ ও যোগ্য হয়।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিএএফ শাহীন কলেজের ছাত্রী আয়াত সিমরান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র মো. শাফায়েত বিশ্বাস। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক খুঁজে বের করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দেশব্যাপী এই উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতা ঘিরে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ ধারণার প্রদর্শনী যেন পরিণত হয়েছে তরুণ মেধার এক প্রাণবন্ত উৎসবে।

তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম ধাপে গত শুক্রবার অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। তাতে প্রতিটি উপজেলা থেকে সেরা একটি দল এবং মহানগর এলাকার শিক্ষা থানা থেকে সেরা দুটি দল আজ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। একেকটি দল গঠিত হয় তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকের সমন্বয়ে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান আজ রোববার ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর ঢাকা জেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। রাজধানীর বিএএফ শাহীন কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান আজ রোববার ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’–এর ঢাকা জেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। রাজধানীর বিএএফ শাহীন কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
 
অতিথি ও আয়োজকদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। ১৪ জুন
অতিথি ও আয়োজকদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। ১৪ জুন
 

সারা দেশে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা থেকে বাছাই করা হচ্ছে সেরা ১০০টি দল। তাদের নিয়ে ২৮ জুন রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দলগুলো তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। বিজয়ী শিক্ষার্থীরা পাবে ২০ হাজার টাকা ও সনদ। আর বিজয়ী শিক্ষকেরা পাবে ৩০ হাজার টাকা ও সনদ।

মন্ত্রণালয়-সম্পর্কিত আরও দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম পৃথকভাবে কমিটি দুটি গঠনের প্রস্তাব করেন। পরে প্রস্তাব দুটি কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিতেই সদস্য হিসেবে বিরোধী দল জামায়াতে ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে সংসদ সদস্য আছেন। অন্য সদস্যরা ক্ষমতাসীন দল বিএনপির।

এর আগে ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হলো।

অর্থের সংসদীয় কমিটিতে যাঁরা

অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।

এই কমিটির সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবদীন (ঢাকা-৪) এবং কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

আইনের সংসদীয় কমিটির সদস্য যাঁরা

আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে।

এই কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সংরক্ষিত নারী আসনের সদস্য শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) ও আল ফারুক আবদুল লতিফ (নীলফামারী-২) এবং এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪)।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব