• Colors: Purple Color

নতুন সরকার গঠনের আগের দিন তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ সোমবার সকালে তারা পর্ষদ সভা স্থগিতের দাবি জানায়।

দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হলেও ডিজিটাল ব্যাংকের অনুমোদন হয়নি। শেষ মুহূর্তে সভার কার্যসূচি বদলে পর্ষদ সভায় জানানো হয়, ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলো কে কত নম্বর পেয়েছে।

ফলে প্রতিবাদের মুখে আটকে যায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স বা অনুমোদন দেওয়ার উদ্যোগ। এ নিয়ে আজ বাংলাদেশ ব্যাংকের দিনভর উত্তেজনা চলে।

সকালে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সংবাদ সম্মেলন করার পর বিকেলে বাংলাদেশ ব্যাংক অফিস আদেশে জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো কর্মচারী ব্যক্তিগতভাবে বা ঘরোয়া বৈঠকে, জনসভায়, সংবাদ সম্মেলনে ব্যাংকসংক্রান্ত বা নীতিমালার বিষয়ে বক্তব্য রাখতে পারবেন না।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, পর্ষদের জরুরি সভায় ডিজিটাল ব্যাংকের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সকালে প্রতিবাদ

আজ সকালে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় মাত্র এক দিনের নোটিশে ১৬ ফেব্রুয়ারি একটি জরুরি পর্ষদ সভা ডাকা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও পেশাদারত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সভার মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া, যা নিয়ে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যাকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমান গভর্নর অতীতে সেই গোষ্ঠীর একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কাউন্সিলের মতে, এটি কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতার মৌলিক নীতির পরিপন্থী।

এ ছাড়া গভর্নরের ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রে যোগ্যতাহীন ব্যক্তিদের পরামর্শক ও নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এমনকি বোর্ডের অনুমোদন ছাড়াই বহিরাগত ব্যক্তিকে কার্ড ইস্যু ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘটনাকে নজিরবিহীন অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়।

কাউন্সিল আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একটি ব্যাংক অন্য ব্যাংকের সাবসিডিয়ারি হতে পারে না। পাশাপাশি ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের ক্ষেত্রে সরকারের অনুমোদন বাধ্যতামূলক। বর্তমান রাজনৈতিক অন্তর্বর্তী সময়ে এমন বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া আইন ও প্রথা—উভয়েরই লঙ্ঘন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং খাতে একটি একচেটিয়া বাজার তৈরির ঝুঁকি তৈরি হচ্ছে, যা আর্থিক ব্যবস্থার জন্য অশনিসংকেত।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক ও অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান থাকলেও খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ ছাড়িয়েছে (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)। অনেক ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে। এই বাস্তবতায় নতুন ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা গভীর ও স্বচ্ছ পর্যালোচনার দাবি রাখে।

সংবাদ সম্মেলন থেকে কাউন্সিলের পক্ষ থেকে দাবি জানানো হয়—বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ, ১৬ ফেব্রুয়ারির জরুরি পর্ষদ সভা স্থগিত, স্বার্থের সংঘাত ও স্বজনপ্রীতির নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও পেশাদারত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

অনুমোদন হয়নি ডিজিটাল ব্যাংক

এদিকে গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভা গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল ব্যাংকের জন্য যারা আবেদন করেছে, তাদের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

জানা যায়, প্রথমে ডিজিটাল ব্যাংক অনুমোদনের জন্য কার্যসূচি উপস্থাপন করতে বলা হলেও সভার আগমুহুর্তে তা বদলে ফেলা হয়। তখন কর্মকর্তাদের জানানো হয়, আবেদনকারী কোনো প্রতিষ্ঠান কত নম্বর পেয়েছে, সেই নথিপত্র উপস্থাপন করতে হবে। পরিচালনা পর্ষদের একাধিক সদস্য এই বিষয়ে জরুরি সভা ডাকায় ক্ষুব্ধ হন বলে একটি সূত্র নিশ্চিত করে।

কারা ডিজিটাল ব্যাংক চায়

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৩টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এগুলো হলো ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি। আরও চায় ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, এর উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক; আমার ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা ২২টি ক্ষুদ্রঋণ দাতা সংস্থা; ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসির উদ্যোক্তা ১৬ ব্যক্তি; বুস্টের উদ্যোক্তা রবি আজিয়াটা লিমিটেড; আমার ব্যাংকের উদ্যোক্তা কয়েকটি বেসরকারি সংস্থা; অ্যাপ ব্যাংকের উদ্যোক্তা যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি।

এ ছাড়া নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যাক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার; মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসির উদ্যোক্তা ক্ষুদ্রঋণ দাতা সংস্থা আশা; জাপান বাংলা ডিজিটাল ব্যাংকের উদ্যেক্তা ডিবিএল গ্রুপ; মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা আকিজ রিসোর্স; বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা এবং উপকারী ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা আইটি সলিউশন লিমিটেড।

বড় উত্থানের পর বিক্রির চাপে আজ সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে শেয়ারবাজারে। তাতে এদিন শেয়ারবাজারে সূচক কিছুটা কমেছে। বাজারের এই প্রবণতাকে স্বাভাবিক আচরণই মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ দিন শেষে ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। গতকাল রোববার এই সূচক ২০১ পয়েন্ট বা পৌনে ৪ শতাংশ বেড়েছিল। সূচকের পাশাপাশি ডিএসইতে আজ লেনদেনও কিছুটা কমেছে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। ঢাকার বাজারে সূচক কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৭ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেন কমে নেমে এসেছে ১৪ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।

বাজারের তথ্য অনুযায়ী, নির্বাচন-পরবর্তী প্রথম কার্যদিবসে গতকাল রোববার ব্যাংকসহ ভালো মৌলভিত্তির বেশির ভাগ শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল। তাতে সূচকের বড় উত্থান হয়। তার বিপরীতে আজ ব্যাংকসহ মৌলভিত্তির বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। গত কয়েক দিনের শেয়ারের দামের উত্থানের পর এদিন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। এ কারণে বিক্রির চাপ বেশি থাকায় শেয়ারের দাম কমে। এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২১৮টির দাম কমেছে, বেড়েছে ১৫৩টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দাম।

দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল গ্রামীণফোন, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, রেনাটা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ওয়ালটন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের। এই ১০ কোম্পানির শেয়ারের সম্মিলিত দরপতনে ডিএসইএক্স সূচকটি কমেছে ১৯ পয়েন্টের বেশি। ভালো মৌলভিত্তির এসব কোম্পানির দরপতনের বিপরীতে স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এক্‌মি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, সোনালী পেপার, ঢাকা ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্সের মূল্যবৃদ্ধি সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ডিএসইএক্স সূচকটি বেড়েছে প্রায় ২১ পয়েন্ট।

বড় উত্থানের পরদিন বাজারের এই দরপতনের বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, আগের দিনের বড় উত্থানের পর আজ শেয়ারের দামের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। কারণ, অনেকে মুনাফা তুলে নিয়ে এক শেয়ার থেকে অন্য শেয়ারে বিনিয়োগ স্থানান্তর করেছেন। এটি বাজারের স্বাভাবিক আচরণ। বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন ছিল ইতিবাচক। বাজারের স্বাভাবিক গতি ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে। নতুন কিছু বিনিয়োগকারীর পাশাপাশি পুরোনো নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছেন। বাজারের জন্যও এটি ইতিবাচক।

রোববার ডিএসইতে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে এমন কোম্পানি লেনদেন ও মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল। আর দাম কমেছিল জামায়াতে ইসলামী-সংশ্লিষ্টদের মালিকানা থাকা কোম্পানির শেয়ারদর। আজকের বাজারে এই ধারার কিছুটা বদল হয়। বিএনপি নেতাদের মালিকানাধীন কোম্পানির পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে এমন কোম্পানিরও দর বেড়েছে। আগের দিনের মতো আজও ঢাকার বাজারে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা ব্যাংক। এদিন কোম্পানিটির প্রায় ৪১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দাম কমেছে ৩০ পয়সা বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকায়। পাশাপাশি বেড়েছে আবদুল আউয়াল মিন্টুর মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক, কেঅ্যান্ডকিউ ও দুলামিয়া কটনের শেয়ারের দাম। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের দাম সর্বোচ্চ ১০ শতাংশ, কেঅ্যান্ডকিউর দাম ৫ শতাংশ ও দুলামিয়া কটনের দাম বেড়েছে ৫০ পয়সা। তার বিপরীতে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইবনে সিনা ফার্মার শেয়ারের দাম এদিন ২ শতাংশ বা ৬ টাকা বেড়েছে। তবে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ৩০ পয়সা কমেছে।

দেশের অর্থনৈতিক খাতে এক স্বস্তির সুবাতাস বইছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনেই দেশে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বিশাল রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবারের আয় ২১ শতাংশ বেশি।

প্রবাসী আয়ের এই উল্লম্ফন সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে মোট রিজার্ভ বেড়ে এখন ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে তা ৩১ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ১৬ ফেব্রুয়ারি এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

রিজার্ভের বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট মজুত ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে নিট রিজার্ভেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রবাসী আয়ে এই জোয়ার এসেছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। এর আগে জানুয়ারি মাসে ৩১৭ কোটি ডলার এবং গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

পবিত্র রমজান মাসে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজান মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এই প্রজ্ঞাপন জারি করেছে। বলা হয়েছে, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। বিরতির সময় লেনদেন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম চলবে।

রমজান মাস শেষ হওয়ার পর যথারীতি ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় (রমজান–পূর্ব অবস্থায়) ফিরে যাবে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যায়, ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দুদিন আগে ব্যাংকটিকে এই ধার দেয়। বড় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান হঠাৎ বড় অঙ্কের আমানত তুলে নেওয়ায় ব্যাংকটিতে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। আর সেই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ এই ধার দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পাঁচ হাজার কোটি টাকার এই সহায়তার মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে নগদে। বাকি চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বন্ডের মাধ্যমে। মূলত আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে টাকা সংগ্রহ করতে না পারায় প্রিমিয়ার ব্যাংককে এই বিশেষ সুবিধা দিতে হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার ফলে ব্যাংকটির প্রতি গ্রাহক ও শেয়ারধারীদের আস্থা আরও বাড়বে বলে মনে করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, আগের আমলের তুলনায় ব্যাংকটি এখন অনেক ভালো চলছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো অনিয়ম করছে না, অনিয়মের সুযোগও দিচ্ছে না।

যেভাবে দেওয়া হলো এই অর্থ

বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) এবং ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে সাড়ে ১১ শতাংশ সুদে এই অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকিং পরিভাষায় একে ‘ওভারনাইট-ওডি’ সুবিধা বলা হয়। এই ধারের বিপরীতে ব্যাংকটি সমমূল্যের ‘ডিমান্ড প্রমিসরি নোট’ জমা দিয়েছে। শর্ত অনুযায়ী, কোনো কারণে ব্যাংকটি অবসায়িত বা দেউলিয়া হলে সম্পদ বিক্রি করে সবার আগে কেন্দ্রীয় ব্যাংকের এই পাওনা পরিশোধ করতে হবে। এর আগে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকসহ একীভূত হওয়ার তালিকায় থাকা পাঁচটি ব্যাংকও একইভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থসহায়তা নিয়েছিল।

সংকটের নেপথ্যে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এইচ বি এম ইকবাল। দীর্ঘ সময় ধরে ব্যাংকটির পর্ষদে তাঁর পরিবারের সদস্যদের একচ্ছত্র আধিপত্য ছিল। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের একটি শাখাসহ বেশ কিছু শাখা থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করায় ব্যাংকটি আগে থেকেই অভ্যন্তরীণ সংকটে ছিল।

সম্প্রতি কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের আমানত তুলে নিলে ব্যাংকটির তারল্য পরিস্থিতির চরম অবনতি ঘটে। ফলে ব্যাংকটি সিআরআর (বিধিবদ্ধ নগদ জমা) ও এসএলআর (সহজে বিনিময়যোগ্য সম্পদ) সংরক্ষণেও ব্যর্থ হয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংককে তাদের দায়ের ৪ শতাংশ সিআরআর এবং ১৩ শতাংশ এসএলআর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়।

বাংলাদেশ ব্যাংকের বক্তব্য

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কয়েকটি বড় প্রতিষ্ঠান হঠাৎ করে টাকা তুলে নেওয়ায় ব্যাংকটি তারল্য–সংকটে পড়েছিল। এই সংকট প্রকট হলে পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল। সেই ঝুঁকি এড়াতেই এই ধার দেওয়া হয়েছে। তবে ধারের বড় অংশই বন্ডের মাধ্যমে দেওয়া হয়েছে, নগদ দেওয়া হয়েছে মাত্র এক হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এইচ বি এম ইকবালের সময় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকটির এমন পরিস্থিতি হয়েছে। এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানকে চেয়ারম্যান করে গত বছরের আগস্টে পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর প্রথমবারের মতো সিলেটে এসেছেন। আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে রাজধানী থেকে সিলেটে পৌঁছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই রমজান মাস শুরু হয়েছে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় না থাকলেও দেশে যে পরিমাণ খাদ্যপণ্যের সরবরাহ মজুত আছে, তা দিয়ে বাজারমূল্য স্থিতিশীল রাখা সম্ভব, শঙ্কার কোনো কারণ নেই।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই সংসদ সদস্য বলেন, আগামী পাঁচ বছর ঘোষিত পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করবেন। তাঁর ভাষ্য, এসব উদ্যোগ সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সিলেটে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের প্রসার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপনসহ আধুনিক ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা আছে। উদাহরণ হিসেবে তিনি ভারতের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন। সরকারি কর্মচারীদের এআই প্রশিক্ষণের জন্য সেখানে বিভিন্ন কর্মসূচি আছে বলেও জানান।

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘২০২৬ সালের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিতে আগামী পাঁচ বছরের প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা আমরা পরিকল্পরা বাস্তবায়নের জন্য কাজ করব।’

দেশের রপ্তানি পরিস্থিতি নিয়েও কথা বলেন খন্দকার আবদুল মুক্তাদীর। তাঁর মতে, চার-পাঁচ মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় আছে, যার প্রভাব বাজারে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রপ্তানি খাতে বৈচিত্র্য আনার বিকল্প নেই। আগামী দিনে বিষয়গুলো মোকাবিলা করাই সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

পরে বিমানবন্দরে দলীয় নেতা–কর্মী ও বিভিন্ন সরকারি কর্মকর্তা খন্দকার আবদুল মুক্তাদীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব