বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস যুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির ক্ষেত্রে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রতিনিধিরা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কার্স্টেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন উপস্থিত ছিলেন।