শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচি থেকে এবার সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়ক ও বায়েজিদ বোস্তামী সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
এর আগে একই দাবিতে বেলা আড়াইটার দিকে সড়কের একাংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, গতকাল মঙ্গলবার তাঁরা ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন। তাঁদের দাবি মানা হয়নি; বরং ঢাকায় তাঁদের কর্মসূচিতে হামলা হয়েছে। তাই তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে এখন আন্দোলন করছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তাঁরা।
বিকেল পৌনে পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে দুটি সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের কেউ সড়কে দাঁড়িয়ে, কেউ বসে স্লোগান দিচ্ছেন।
গতকালও চট্টগ্রামে সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রামে দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা কর্মসূচি শেষ করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গতকাল পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন।