• Colors: Yellow Color

অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি নির্বাক চলচ্চিত্র ‘গান্ধী টকস’-এ অভিনয় করে নতুন করে আলোচনায়। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বিজয় সেতুপতি। ভারতীয় দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছেন, কেন এই নির্বাক ছবি তাঁর কাছে এতটা বিশেষ। পাশাপাশি গত কয়েক বছরে হিন্দি ছবিতে তুলনামূলক কম কাজ করার কারণ নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

নির্বাক ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অদিতি বলেন, ‘আমার সব সময়ই ইচ্ছা ছিল কোনো নির্বাক ছবিতে কাজ করার। যখন এই সিনেমার প্রস্তাব আসে, সত্যিই খুব খুশি হয়েছিলাম। পরিচালক কিশোর পাণ্ডুরং বেলেকর যেভাবে ছবির কাঠামো দাঁড় করিয়েছেন, এ আর রাহমান যেভাবে সংগীত দিয়েছেন, সেটা দারুণ। তা ছাড়া বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী ও সিদ্ধার্থ যাদবের মতো শিল্পীরা যুক্ত হয়েছেন—সব মিলিয়ে ছবিটা আমার কাছে বিশেষ হয়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার চরিত্রটি শুধু প্রেমের আকর্ষণে সীমাবদ্ধ নয়; গল্পের আবেগের গুরুত্বপূর্ণ অংশ।’

নির্বাক ছবির চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন অদিতি। তাঁর ভাষায়, ‘একজন অভিনেতার কাছে প্রতিটি ছবিই চ্যালেঞ্জিং। তবে নির্বাক ছবির চ্যালেঞ্জ আলাদা। এখানে সংলাপ নেই, তাই শরীরী ভাষা, চোখের অভিব্যক্তি আর ভেতরের অনুভূতির প্রকাশই হয়ে ওঠে প্রধান মাধ্যম। কিছু না বলেও অনুভূতি প্রকাশ করার প্রক্রিয়াটা আমি ভীষণ উপভোগ করেছি।’

‘গান্ধী টকস’–এ বিজয় ও অদিতি। এক্স থেকে
‘গান্ধী টকস’–এ বিজয় ও অদিতি। এক্স থেকে

নিরীক্ষাধর্মী ছবি নিয়ে দর্শকের মনোভাব প্রসঙ্গে অদিতি বলেন, ‘নির্বাক ছবি অনেক দর্শকের কাছেই নতুন অভিজ্ঞতা, তাই এর গতি কিছুটা ধীর মনে হতে পারে। কিন্তু আমরা প্রায়ই শুক্রবার মুক্তির পরই একটি ছবির ভাগ্য নির্ধারণ করে ফেলি। সত্যিটা হলো, এ ধরনের ছবির জন্য সময় দরকার। মন দিয়ে অনুভব করে দেখতে হয়।’
গত চার বছরে হিন্দি ছবিতে তাঁকে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অদিতি বলেন, ‘বিষয়টা খুব সহজ। ভালো কাজ পেলে তবেই আমি হিন্দি ছবি করি। যারা বাইরে থেকে বলিউডে আসে, তাদের প্রতিটি ছবিতে নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়। এটা কোনো অভিযোগ নয়, বাস্তবতা। আমাদের একসঙ্গে পাঁচটি ছবির চুক্তি হয় না। প্রতিটি নতুন কাজেই নিজেকে আবার প্রতিষ্ঠা করতে হয়। ২০১১ সাল থেকে কাজ করছি। আমার বিশ্বাস, প্রতিভা শেষ পর্যন্ত নিজের পথ নিজেই তৈরি করে নেয়।’

ভারতে বিনোদন–দুনিয়ায় কাজের সময়সীমা ও দীর্ঘ শিফট নিয়ে চলমান বিতর্কেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অদিতি। তিনি বলেন, ‘আমরা কেউই যন্ত্র নই। দিনের পর দিন দীর্ঘ সময় কাজ করা মানসিক ও শারীরিকভাবে ক্লান্তিকর। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করা স্বাভাবিক, কিন্তু তারপর কাজের মানও প্রভাবিত হয়। শিল্পীরা মন আর শরীর—দুটো দিয়েই কাজ করেন। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া টানা কাজ করা কারও পক্ষেই সম্ভব নয়।’

অদিতির মতে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সময়ের ভারসাম্য অত্যন্ত জরুরি। ‘কাজের প্রতি দায়বদ্ধ থাকা যেমন প্রয়োজন, তেমনি নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত। ইন্ডাস্ট্রিতে এ বিষয়ে আরও সংবেদনশীল হওয়া দরকার,’ বলেন তিনি।

অদিতি রাও হায়দারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অদিতি রাও হায়দারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নির্বাক ছবির মতো ভিন্ন ঘরানায় কাজের মাধ্যমে অদিতি আবারও জানিয়ে দিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করতেই তিনি স্বচ্ছন্দ। এখন দেখার, দর্শক ‘গান্ধী টকস’কে কতটা সময় ও মনোযোগ দেন।

আবার আলোচনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত বছরের একটি ঘটনাকে ঘিরে সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদে বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার সময় মেহজাবীনের লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী ছবি : শিল্পীর ফেসবুক থেকে

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গত বছরের আগস্টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরার সময় মেহজাবীন চৌধুরীকে আটক করা হয়। অভিযোগ করা হয়, এ সময় তাঁর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

 মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরীছবি: ফেসবুক থেকে

কয়েক মাস পর বিষয়টি গণমাধ্যমে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন দাবি করেছেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

ফেসবুক পোস্টে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী ছবি : শিল্পীর ফেসবুক থেকে

একই পোস্টে তিনি সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে নারী শিল্পীদের সম্মানহানির প্রসঙ্গও তোলেন। তাঁর ভাষায়, ‘সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

‘মিডটার্ম’-এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী টিয়ার চরিত্রে অভিনয় করে রাতারাতি পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন ইয়াসমিনা এল-আব্দ। মিসরীয় টিভি সিরিজটি অভিনেত্রী ও সংগীতশিল্পীকে জেন–জি দর্শকের মধ্যে আলাদা পরিচিতি দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে সিরিজটির প্রচার শেষ হয়েছে। তবে চরিত্রের ঘোর থেকে এখনো বের হতে পারেননি তিনি। টিএন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টিয়াকে কিছুতেই ভুলতে পারছি না। আগে কখনো এমনটা ঘটেনি। অন্য কোনো চরিত্র নিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি।’

ইয়াসমিনা এল-আব্দ
ইয়াসমিনা এল-আব্দশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবনের গল্প নিয়ে নির্মিত সিরিজটি মিসরের তরুণদের মধ্যে আলোচনার ঝড় তোলে। আগে পার্শ্বচরিত্রে কাজ করলেও সিরিজটিতে প্রথমবারের মতো মূল চরিত্র করেছেন ইয়াসমিনা। ১৯ বছর বয়সেই এটা তাঁকে এনে দিয়েছে তারকাখ্যাতি।

ইয়াসমিনার ভাষ্য, ‘মিডটার্ম–এর শুটিংয়ে উদ্বেগের মধ্যে ছিলাম। এত বড় প্রজেক্টে যুক্ত হওয়ার বিশাল ঝুঁকি ছিল।’ ঝুঁকিটা নিয়েছিলেন, ফলও পেয়েছেন। তিনি বলেন, ‘আমার বয়সের উপযোগী চরিত্র খুঁজে পেতে ভীষণ কষ্ট হচ্ছিল। হয় অনেক বড় বয়সের চরিত্র যা করা কঠিন, নয়তো অনেক ছোট। আমি তৃপ্তি পাচ্ছিলাম না।’

ইয়াসমিনা এল-আব্দ
ইয়াসমিনা এল-আব্দশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

শেষ পর্যন্ত মিডটার্ম দিয়ে অভিনেত্রী ইয়াসমিনার পুনর্জন্ম ঘটেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, মানুষের আস্থা অর্জন করেছি। এটা হালকাভাবে নেওয়ার নয়। আমি এটা অর্জন করেছি, এখন ধরে রাখতে হবে।’

ইয়াসমিনা এল-আব্দ
ইয়াসমিনা এল-আব্দশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের পাশাপাশি সংগীতও নতুনভাবে জীবনে ফিরে এসেছে। গত ডিসেম্বরে তিনি ‘ডাম্মা’ প্রকাশ করেন। গানটি বিলবোর্ডের তালিকায় উঠেছিল।

মাত্র ৯ বছর বয়সে ইয়াসমিনার অভিনয়ে অভিষেক। ১২ বছর বয়সে গান শুরু করেন। সুক্কার, ইন ব্লুম, শ্যাডো অব কায়রোসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি টেলিভিশনেও তাঁকে নিয়মিত দেখা গেছে।

বার্লিনের গুপ্তচর জগৎকে পটভূমি করে তৈরি নতুন থ্রিলার সিরিজ ‘আনফ্যামিলিয়ার’ মুক্তির প্রথম সপ্তাহেই নন–ইংরেজি কনটেন্টের তালিকায় বিশ্বব্যাপী শীর্ষ স্থানে উঠে এসেছিল। ৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। মুক্তির পর এ পর্যন্ত ২৫ মিলিয়ন ঘণ্টার বেশি ভিউ হয়েছে সিরিজটির। আন্তর্জাতিক দর্শকের আগ্রহ প্রমাণ করে দিয়েছে—ইউরোপীয় পটভূমির গোয়েন্দা গল্পও আজ বৈশ্বিক বিনোদনের কেন্দ্রে জায়গা করে নিতে পারে।

সিরিজের কেন্দ্রে রয়েছেন সাবেক শীর্ষ দুই গোয়েন্দা কর্মকর্তা—মেরেট ও সিমন। মেরেট চরিত্রে অভিনয় করেছেন সুসান উলফ আর সিমনের ভূমিকায় ফেলিক্স কারমার। একসময় তাঁরা ছিলেন জার্মান গোয়েন্দা সংস্থার দক্ষ অপারেটিভ; এখন বার্লিনে একটি গোপন ‘সেফ হাউস’ পরিচালনা করেন। কিন্তু অতীতের এক অন্ধকার হুমকি হঠাৎ ফিরে এলে তাঁদের শান্ত জীবন ভেঙে পড়ে। চুক্তিভিত্তিক খুনি, রুশ এজেন্ট ও নিজেদের সাবেক নিয়োগকর্তা জার্মান ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি)—সবাইকে মোকাবিলা করতে হয় তাঁদের। আর সেই লড়াই শুধু দায়িত্বের নয়, নিজেদের পরিবার ও জীবনের সুরক্ষারও।

‘আনফ্যামিলিয়ার’ আসলে প্রযোজনা সংস্থা গোমোঁ জার্মানির নেটফ্লিক্সের সঙ্গে দ্বিতীয় বড় প্রকল্প, রোমান সাম্রাজ্যকে ঘিরে নির্মিত ‘বারবারিয়ানস’–এর পর। সেই সিরিজের পরিকল্পিত তৃতীয় মৌসুমের জন্য কাজ শুরু করেছিলেন নির্মাতা পল কোটস। কিন্তু সেটি বাতিল হলে তিনি নতুন এক গুপ্তচর গল্পের ধারণা দেন, যা থেকে জন্ম নেয় ‘আনফ্যামিলিয়ার’।

কোটসের ভাষায়, এই সিরিজের ভেতরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপ রয়েছে। তিনি নিজেও পঞ্চাশোর্ধ্ব, তাই মেরেট ও সিমনের বয়সও জীবনের বাস্তবতা তাঁকে টেনেছে। সাধারণত গুপ্তচর কাহিনিতে তরুণ, শক্তিশালী, প্রায় অতিমানবীয় চরিত্র দেখা যায়। কিন্তু এখানে দুই মধ্যবয়সী মানুষের শারীরিক সীমাবদ্ধতা, বয়সজনিত ক্লান্তি ও মানসিক টানাপোড়েন গল্পকে আলাদা মাত্রা দিয়েছে। বেরাইসও মনে করেন, বয়সকে গল্পের অংশ করে তোলার মধ্যেই রয়েছে মৌলিকতা ও বাস্তবতা।

‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি
‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি

সিরিজ নির্মাণে বাস্তবতার ছোঁয়া আনতে সরাসরি সহযোগিতা চাওয়া হয়েছিল জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডির কাছ থেকে। প্রযোজকেরা গল্পের খসড়া তাঁদের সঙ্গে ভাগ করেন, যাতে উপস্থাপনা বিশ্বাসযোগ্য হয়। অভিনয়শিল্পীরাও সংস্থার প্রতিনিধিদের কাছে প্রশ্ন করার সুযোগ পান। এমনকি বার্লিনে বিএনডির সদর দপ্তরের বাইরে শুটিংয়ের অনুমতিও মিলেছিল, তবে কড়া নিরাপত্তা বিধিনিষেধ মেনে। সপ্তাহান্তে শুটিং করতে হয়েছে, যাতে সংস্থার কর্মীদের স্বাভাবিক যাতায়াত চিত্রায়িত না হয়।

গোমোঁর জন্য ‘আনফ্যামিলিয়ার’ ছিল এক উচ্চাভিলাষী আন্তর্জাতিক প্রকল্প। তাদের আগের সফল সিরিজগুলোর মতো ‘নার্কোস’ বা ‘লুপিন’—এখানেও নির্মাতারা একটি স্বতন্ত্র জগৎ তৈরি করতে চেয়েছেন। বার্লিনের ইতিহাস, শীতল যুদ্ধের স্মৃতি, আধুনিক ইউরোপীয় রাজনীতির উত্তাপ—সব মিলিয়ে এক বাস্তব অথচ উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, যেখানে গল্প স্বাভাবিকভাবেই বিস্তার লাভ করেছে।

কোটস জানান, শুরুতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তারিক সালেহ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘দ্য কন্ডাক্টর’ থেকে। বিশেষ করে একটি দৃশ্যে আহত নায়ককে একটি ফোন নম্বর দেওয়া হয়, সেই রহস্যময় সেফ হাউসের ধারণাই তাঁকে ভাবায়। সেখানে সংক্ষিপ্ত উপস্থিতি ছিল এডি মারসনের। সেই চরিত্রটির অদেখা জীবন, অজানা অতীত—এসব প্রশ্ন থেকেই সিরিজটির জন্ম।

সিরিজটির নির্মাণভঙ্গি ধীর ও সংযত। প্রথম পর্বেই সব রহস্য উন্মোচন না করে দর্শককে ধাপে ধাপে তথ্য দেন। চমকপ্রদ টুইস্টের বদলে তাঁরা বেছে নিয়েছেন ‘স্লো–বার্ন’ পদ্ধতি—চাপ জমতে থাকে, উত্তেজনা বাড়ে এবং দর্শক অনিবার্য পরিণতির অপেক্ষায় থাকেন। এই ধৈর্যশীল গতি সবার কাছে সমান আকর্ষণীয় না–ও হতে পারে, কিন্তু অনেকেই এই সংযমকেই সিরিজটির শক্তি হিসেবে দেখছেন।

‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি
‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি

নেটফ্লিক্স সাম্প্রতিক বছরগুলোয় স্পাই থ্রিলারকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে দক্ষতা দেখিয়েছে। ‘আনফ্যামিলিয়ার’ সেই ধারাতেই নতুন সংযোজন। অল্প পর্বসংখ্যা সিরিজটিকে সহজে টানা দেখার সুযোগ করে দিয়েছে। জার্মান গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাস্তবধর্মী উপস্থাপন সিরিজটিকে বিশ্বাসযোগ্যতা দিয়েছে, যা অনেক কল্পনাপ্রবণ স্পাই ড্রামার ভিড়ে আলাদাভাবে চোখে পড়ে।

তবে বিতর্কের জায়গাটিও স্পষ্ট। অনেক দর্শকের কাছে এটি পরিচিত ফর্মুলার পুনরাবৃত্তি—অবসরপ্রাপ্ত গুপ্তচর, অতীতের ব্যর্থ মিশন, ভুয়া পরিচয়ে গড়া পরিবার। নতুনত্বের সন্ধানীরা হয়তো এটিকে ‘রিমিক্স’ বলবেন। কিন্তু চরিত্রকেন্দ্রিক উত্তেজনা, আবেগের ধীরে জমাট বাধা স্তর ও মধ্যবয়সী জীবনের বাস্তব সংকট—এই উপাদানগুলোই সিরিজটিকে অন্যদের কাছে আলাদা করে তুলেছে। মুক্তির পর প্রথম সপ্তাহেই বৈশ্বিক সাফল্য প্রমাণ করে দিয়েছে, দর্শক এখন এমন গুপ্তচর কাহিনি দেখতে চায়, যেখানে আছে মানবিক দুর্বলতা, বয়সের বাস্তবতা ও রাজনৈতিক জটিলতার সমন্বয়।

‘আনফ্যামিলিয়ার’–এর পোস্টিার। আইএমডিবি
‘আনফ্যামিলিয়ার’–এর পোস্টিার। আইএমডিবি

এটি শুধু অ্যাকশন নয়; বরং মধ্যবয়সী দুই মানুষের টিকে থাকার গল্প; অতীতের ছায়া থেকে বর্তমানকে বাঁচানোর লড়াই। আর বার্লিন গুপ্তচর ইতিহাসের চিরন্তন শহর—এই লড়াইয়ের জন্য যেন আদর্শ মঞ্চ।

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো আমন্ত্রণপত্র ও ঘনিষ্ঠ সূত্রের তথ্য মিলিয়ে এখন প্রায় নিশ্চিত ধরা হচ্ছে, এই বহুল আলোচিত তারকা–বিয়ের আয়োজন। এই দুই তারকা প্রকাশ্যে এখনো কিছু না বললেও প্রতিটি আপডেটে খবর রাখছেন ভক্তরা। এ কারণেই সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আগামী সপ্তাহে উদয়পুরে হতে যাওয়া বিয়েকে ঘিরে তাঁর বিলাসবহুল বাড়িটি সাজানো হয়েছে জমকালো আলোকসজ্জায়।

সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি
সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি

আর মাত্র এক সপ্তাহ, শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন এই জুটি। সেই বিয়ের অনুষ্ঠান সামনে রেখে ‘অর্জুন রেড্ডি’খ্যাত অভিনেতার হায়দরাবাদের বিলাসবহুল বাড়িটি সাজানো হয়েছে অসংখ্য ফেয়ারি লাইটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে, পরিচ্ছন্নতা তাঁবু টানানোসহ নানা প্রস্তুতির কাজ করতে দেখা গেছে তাঁদের।

কয়েক দিন আগে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হবু এই তারকা দম্পতিকে। যদিও তাঁরা একসঙ্গে আসেননি, তবে একই সময়ে একই জায়গায় তাঁদের উপস্থিতি নজরে পড়ে পাপারাজ্জিদের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের কার্ডও ভাইরাল হয়, যেখানে উল্লেখ করা হয়—২৬ ফেব্রুয়ারিতে বিয়ে করছেন বিজয় ও রাশমিকা।
কার্ডে আরও বলা হয়েছে, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টা থেকে হায়দরাবাদের বানজারা হিলসের তাজ কৃষ্ণা হোটেলে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। কার্ডে লেখা ছিল, ‘পরিবারের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে রাশমিকা ও আমি ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের বিবাহোত্তর সংবর্ধনায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭টা থেকে। তাজ কৃষ্ণা, বানজারা হিলস, হায়দরাবাদ। একসঙ্গে উদ্‌যাপনের অপেক্ষায় রইলাম। শুভেচ্ছান্তে, বিজয় (রাশমিকা ও আমার পক্ষ থেকে)।’

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা, ছবি : ইনস্টাগ্রাম থেকে

তবে কার্ডটি সত্যিই এই তারকা জুটির সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত নয়।
‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটি বরাবরই ব্যক্তিগত বিষয় গোপন রাখতে পছন্দ করেন। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি খুব ছোট পরিসরে এবং সীমিত অতিথি তালিকা নিয়ে আয়োজন করা হবে। ইন্ডিয়া টুডেকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘অতিথির সংখ্যা খুবই কম থাকবে। কোনো মোবাইল ফোনের অনুমতি থাকবে না। এমনকি যাঁরা বিয়ের ভিডিও ধারণ করবেন, তাঁদেরও চুক্তিতে সই করতে হচ্ছে।’পিঙ্কভিলা অবলম্বনে

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে। 

বুধবার ১৯ (ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলমকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গণমাধ্যমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ করা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় এক মামলায় হিরো আলমের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ সংক্রান্ত চিঠি সম্প্রতি আমাদের কাছে আসে। সম্প্রতি জানা যায়, হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে হিরো আলম। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় গ্রেপ্তার করি আমরা। এরপর তাকে আদালতে নেওয়া হয়েছে।

জানা গেছে, সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ অভিযোগ অস্বীকার করলে তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিথিলা। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব