সেই লিওনেল মেসিই ‘এক্স ফ্যাক্টর’।

মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন না মেসি। বিরতির পর মাঠে নামেন। ম্যাচটা ২-১ গোলে জিতলেও ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। আজ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে একাদশে খেলানোর কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সে অনুযায়ী মেসি যেমন শুরু থেকেই খেললেন পুরো সময়, তেমনি আর্জেন্টিনার খেলায়ও ফিরেছে ছন্দে। আফ্রিকান দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় স্কালোনির দল।

দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্জেন্টিনা। অন্য গোলটি আত্মঘাতী। প্রথমার্ধে গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এর ১৮ মিনিট পর আত্মঘাতী গোল জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে (৯৩) ভ্যালেন্টিন বারকো করেন ম্যাচের শেষ গোল।

বুয়েনস এইরেসে লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটোই ছিল আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ।

আর্জেন্টিনার আক্রমণভাগের কেন্দ্রে ছিলেন মেসি
আর্জেন্টিনার আক্রমণভাগের কেন্দ্রে ছিলেন মেসি, এক্স

অন্য অর্থে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সম্ভবত এ কারণেই আটজন বদলি নামান স্কালোনি। এমনকি ম্যাচের ৭৪ মিনিটে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে তুলে সুযোগ দেন হুয়ান মুসোকে।

৪ মিনিটে আলভারেজের প্রথম গোলটির উৎস মেসি। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দূরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে ফেলেন বল। ডান পায়ের জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে গোল পান মেসি। জাম্বিয়ার বক্সে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে গোল করেন। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই হতে পারে মেসির শেষ গোল। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষেও গোল হয়ে গেল মেসির, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।

৫০ মিনিটে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়ার নেপথ্যে থিয়াগো আলমাদা। জাম্বিয়ার বক্সে ফাউলের শিকার হন তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোয় স্পটকিক ওতামেন্দিকে দিয়ে নেওয়ান মেসি। দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে এটাই শেষ ম্যাচ ওতামেন্দির। আর্জেন্টিনা চতুর্থ গোলটি আদায় করেছে ক্রমাগত চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে চান্দার পায়ে লেগে বল জালে ঢোকে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া নিশ্চিত হলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রে। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ ‍যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে এএফসি এশিয়া কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করেও শেষ রক্ষা হয়নি লাল-সবুজদের।

ম্যাচের চিত্র:

খেলার ৩১ মিনিটে সিঙ্গাপুরের হরিশ স্টুয়ার্ট গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন। গোল হজম করার পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ দারুণভাবে নিজেদের গোলবার আগলে রাখলেও, প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হন হামজা-জামালরা। ফলে ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

এবারের বাছাইপর্বে ছয়টি ম্যাচ খেলে বাংলাদেশ মাত্র একটিতে জয় পেয়েছে। বাকি পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে ড্র এবং তিনটিতে হার জুটেছে কপালে। সব মিলিয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলের তিন নম্বরে থেকে মিশন শেষ করল বাংলাদেশ। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও হংকং ও ভারত মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে।

অন্যান্য ম্যাচের খবর:

গ্রুপের অন্য একটি ম্যাচে আজ ভারত ও হংকং মুখোমুখি হতে যাচ্ছে।

সাফ অঞ্চলের আরেক দল শ্রীলঙ্কা দারুণভাবে তাদের মিশন শেষ করেছে। আজ তারা চায়নিজ তাইপেকে ৩-১ গোলে হারিয়েছে। ৬ ম্যাচ থেকে লঙ্কানদের ঝুলিতে জমা হয়েছে ৩টি জয়।

 

চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর বিশ্বাস, শিগগিরই ব্রাজিলের আক্রমণভাগ ছন্দে ফিরবে। ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সে দর্শকদের হতাশার কারণও তিনি বুঝতে পারছেন। পেদ্রোর দাবি, ব্রাজিল দলে রোনালদো নাজারিও, রোনালদিনিও আর রোমারিওর মতো তারকা আছেন। অপেক্ষা শুধু হতাশা ভুলে জ্বলে ওঠার।

গত সপ্তাহে প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সমর্থকেরা অনুপস্থিত নেইমারের নাম ধরে স্লোগান দেন। আর এতেই ফুটে ওঠে দলের গোল করার সক্ষমতা নিয়ে তাঁদের হতাশা।

এই ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি শক্তিশালী আক্রমণভাগই সাজিয়েছিলেন। সেখানে বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেউস কুনহাকে একসঙ্গে দেখা যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পেদ্রো। কিন্তু এই তারকাখচিত আক্রমণভাগ নিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে ব্রাজিল।

তবে দল নিয়ে হতাশ নন পেদ্রো। অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে আগামীকাল ভোরে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে পেদ্রো বলেন, ‘আমরা একে অন্যকে আরও ভালোভাবে চিনতে শুরু করেছি। আমি ইংল্যান্ডে খেলি, ভিনি স্পেনে, রাফিনিয়া অন্য ক্লাবে—সবার পরিবেশ আলাদা। ক্লাবে যেমন সারা বছর একসঙ্গে অনুশীলন করি, জাতীয় দলে সেটা সম্ভব হয় না। এখানে অনেক কিছুই ভিন্নভাবে করতে হয়, তাই দ্রুত মানিয়ে নেওয়া জরুরি। সময় বেশি পেলে সবকিছু আরও মসৃণ হয়ে যায়। ধীরে ধীরে সবকিছু ঠিক জায়গায় বসবে।’

রোনালদো ও রোনালদিনিও যখন ব্রাজিল জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন
রোনালদো ও রোনালদিনিও যখন ব্রাজিল জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন, ফেসবুক

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। এ চোটের পর আর ব্রাজিল দলে ফেরা হয়নি দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতার (৭৯ গোল)। সান্তোসের হয়ে মাঠে ফিরলেও এখনো তাঁকে সেরা ফর্মে দেখা যায়নি। ফলে জায়গা হয়নি আনচেলত্তির দলে।

ক্লাবের হয়ে দারুণ খেললেও ভিনিসিয়ুস ও রাফিনিয়াকে জাতীয় দলের জার্সিতে এখনো তাঁদের সেরা ছন্দে দেখা যায়নি। ভিনিসিয়ুস ব্রাজিলের হয়ে ৪৬ ম্যাচে করেছেন মাত্র ৮ গোল। আর রাফিনিয়া ৩৬ ম্যাচে করেছেন ১১ গোল। ২৪ বছর বয়সী পেদ্রো মনে করেন, ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে না পারার চাপ তাঁদের তারকা ফরোয়ার্ডদের আসল সামর্থ্য দেখানোর পথে বড় বাধা।

ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো
ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোইনস্টাগ্রাম/ জোয়াও পেদ্রো

পেদ্রো বলেন, ‘আগে আমাদের দলে রোনালদো, রোনালদিনিও এবং রোমারিওর মতো তারকা খেলোয়াড় ছিল। এখনকার ব্রাজিল দলেও তেমন মানের খেলোয়াড় আছে। রিয়াল মাদ্রিদে ভিনি, বার্সেলোনায় রাফিনিয়া, চেলসিতে আমি, এস্তেভাও এবং আন্দ্রে সান্তোস আছি। এখানে সবাই শীর্ষ ক্লাবে খেলছে। সমস্যা হচ্ছে, অনেক দিন ধরে আমরা বিশ্বকাপ জিততে পারিনি। আমরা বিশ্বের সেরা জাতীয় দল। কিন্তু দীর্ঘদিন শিরোপা না জিতলে চাপটা বাড়তেই থাকে।’

অরল্যান্ডোয় বাংলাদেশ সময় সকাল ছয়টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২–১ গোলে জয়ের প্রীতি ম্যাচে বিরতির পর বদলি হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। প্রশ্নটি তখনই উঠেছিল, ঘরের মাঠে দর্শকদের সামনে মেসি কেন শুরু থেকে খেললেন না?

উত্তর একাধিক। একে তো তাঁর বয়স ৩৮, মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুম চলছে, তাই খেলার মধ্যে আছেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দলের বিপক্ষে মেসিকে ম্যাচের প্রথমার্ধে বিশ্রাম দেওয়া তাই মোটেই অবাক করা সিদ্ধান্ত ছিল না।

পাশাপাশি আরও একটি কারণ থাকতে পারে। সেটা অবশ্য অনুমান করে নিতে হচ্ছে। মার্চের এই আন্তর্জাতিক বিরতিতে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটাও প্রথম প্রীতি ম্যাচের ভেন্যু লা বোমবেনারো স্টেডিয়ামেই। এখন পর্যন্ত যে সূচি, সে অনুযায়ী—২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হবে আর্জেন্টিনার শেষ ম্যাচ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচে মেসির শুরু থেকে খেলা তো স্বাগতিক দর্শকের কাছে তো প্রত্যাশিতই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আজ সংবাদ সম্মেলনে সেই নিশ্চয়তাও দিলেন।

আর্জেন্টিনার অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি
আর্জেন্টিনার অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি, এএফপি
 

মৌরিতানিয়ার বিপক্ষে হয়তো মেসিকে শুরু থেকেই খেলানো যেত। কিন্তু বয়স, বিশ্রাম ও দুটি ম্যাচের মধ্যে জাম্বিয়া ম্যাচের গুরুত্বটা হয়তো স্কালোনির কাছে বেশি। কারণ, ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮১তম জাম্বিয়া মৌরিতানিয়ার চেয়ে শক্তিশালী দল আর বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে আবেগের ব্যাপারটি তো আছেই। পাশাপাশি আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, জাম্বিয়া ম্যাচ শুরুর আগে একটু সাংস্কৃতিক আয়োজনও নাকি করবে এএফএ। বিশ্বকাপের আগে দলকে বিদায়ী শুভকামনা জানানো আরকি। এসব মিলিয়ে অনেকে হয়তো আগেই আন্দাজ করে নিয়েছিলেন, মৌরিতানিয়া ম্যাচে শুরু থেকে না খেললেও জাম্বিয়া ম্যাচে মেসিকে অবশ্যই শুরু থেকেই মাঠে দেখা যাবে।

জাম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে সে কথাই বললেন স্কালোনি, ‘মেসি আগামীকাল (১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে) শুরু থেকে খেলবে। চেনাজানা বেশির ভাগ খেলোয়াড়ই খেলবে।’

মৌরিতানিয়ার বিপক্ষে নিয়মিত একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন স্কালোনি। সেটা যে ‘অন্যদেরও সুযোগ দিতে’, তা আজ সংবাদ সম্মেলনে বলেছেন তিনি। তবে স্কালোনি বিশ্বকাপ স্কোয়াডের মোটামুটি একটি রূপরেখা দাঁড় করিয়েছেন সেটাও বোঝা গেল তাঁর কথায়, ‘আমরা এরই মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে পাঠিয়ে দিয়েছি। তারা সেটি ফিফার কাছে জমা দেবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তালিকায় কাটছাঁট করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে।’

সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি
সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিএএফপি

মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো খেলতে না পারার অতৃপ্তি আছে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে। স্কালোনি এ নিয়ে বলেছেন, ‘ইতিবাচক বিষয় হলো, খেলোয়াড়েরা নিজেরা বুঝতে পেরেছে যে আমরা ম্যাচটি ভালো খেলিনি। আশা করি সামনের ম্যাচে দল চিরচেনা রূপে ফিরবে।’

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লির সর্বশেষ অবস্থা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল স্কালোনির কাছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাঁর। দুঃখ প্রকাশ করে স্কালোনি বলেন, ‘বিষয়টি মানা খুব কঠিন। সে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল, যা ছিল খুবই হৃদয়বিদারক। এটা তার প্রাপ্য ছিল না। আমরা তাকে বলেছি যে তার সামনে আরও সুযোগ আসবে...সত্যি বলতে, এটা আমাদের জন্য বড় একটি ধাক্কা।’

বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোর ৫টা ১৫ মিনিটে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনি জানান, বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচ হবে সার্বিয়ার বিপক্ষে। অন্য প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এ ম্যাচ দুটির বিশেষত্ব হলো চূড়ান্ত হয়ে যাওয়া ২৬ জনের মূল দল নিয়ে প্রীতি ম্যাচ দুটি খেলবেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ঘরের বাইরে এ দুটি ম্যাচ খেলবে স্কালোনির দল।

থাইল্যান্ডের ক্রাবি! নীল আন্দামান সাগর, দূরে চুনাপাথরের পাহাড় আর মাঝখানে উত্তাল ঢেউ। সেই ঢেউকে সঙ্গী করেই ১০ কিলোমিটারের এক কঠিন যাত্রা শেষ করলেন বাংলাদেশের দুই সাঁতারু মোস্তাফিজুর রহমান ও হোমায়েদ ইসহাক মুন।

২৯ মার্চ অনুষ্ঠিত ওশানম্যান ২০২৬ প্রতিযোগিতায় তাঁরা অংশ নেন ওপেন ওয়াটার সাঁতারের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে। প্রতিযোগিতাটি এমনিতেই পরিচিত কঠিন পরিবেশের জন্য—সমুদ্রের ঢেউ, স্রোত আর অনিশ্চিত আবহাওয়া মিলিয়ে প্রতিটি মুহূর্তই সেখানে চ্যালেঞ্জের।

এই প্রতিকূলতার মধ্যেই নিজের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার পরীক্ষা দিয়েছেন বাংলাদেশি দুই সাঁতারু।

মোস্তাফিজুর রহমান সাঁতার শেষ করেন ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে। আর হোমায়েদ ইসহাক মুন সময় নেন ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড। দুজনই অংশ নেন ২৯ থেকে ৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে।

মোস্তাফিজুর রহমান দেশের পরিচিত একজন অ্যাথলেট। তিনি এর আগে ‘বাংলা চ্যানেল’ জয় করেছেন এবং স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যানও সফলভাবে সম্পন্ন করেছেন। দীর্ঘ দূরত্বের সাঁতার ও সহনশীলতার খেলাধুলায় তাঁর অভিজ্ঞতা এই প্রতিযোগিতায় স্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে হোমায়েদ ইসহাক মুনও দেখিয়েছেন ধৈর্য আর লড়াইয়ের মানসিকতা। তিনিও হাফ আয়রনম্যান ফিনিশার এবং বাংলা চ্যানেলজয়ী সাঁতারু।

ওশানম্যান সিরিজ বিশ্বজুড়ে ওপেন ওয়াটার সাঁতারের অন্যতম বড় আসর হিসেবে পরিচিত। সেখানে বাংলাদেশের দুই সাঁতারুর এই অংশগ্রহণ ও সফল সমাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্যও এক অনুপ্রেরণার গল্প।

আন্দামান সাগরের ঢেউ থামেনি। কিন্তু সেই ঢেউয়ের মধ্যেই নিজেদের ছন্দ খুঁজে নিয়ে সামনে এগিয়েছেন মোস্তাফিজুর ও মুন—দুজনই লিখেছেন এক নীরব কিন্তু দৃঢ় সাফল্যের গল্প।

আদালতে দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার।

আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান তিনি।

মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমা ও নাসিরের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

এ মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী।

 

ব্রাজিলের বিপক্ষে তিন দিন আগে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল ফ্রান্স। সেদিন যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা গতকাল রাতে ফ্রান্স দলকে দেখে একটু চমকে উঠতে পারেন। মাত্র তিন দিনের ব্যবধানে একাদশের ১১ জনের সবাইকে বদলে ফেলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

তবে সম্পূর্ণ নতুন দল নিয়ে মাঠে নামলেও পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্স দেখাল তাদের বেঞ্চের দল আরও বেশি শক্তিশালী। এনএফএলের দল ওয়াশিংটন কমান্ডার্সের মাঠে ৪১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স ম্যাচটি জিতেছে ৩-১ গোলে।

কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন জামিনটন ক্যাম্পাজ। এদিন কিলিয়ান এমবাপ্পে-হুগো একিতিকেরা যখন বদলি হিসেবে মাঠে নেমেছেন, ততক্ষণে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত। এই জয়ে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরটা শতভাগ সাফল্য নিয়েই করল ফ্রান্স।
গতকাল রাতে বদলি হিসেবে মাঠে নেমেছেন এমবাপ্পে
গতকাল রাতে বদলি হিসেবে মাঠে নেমেছেন এমবাপ্পে, এএফপি

এই ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুয়ে। ম্যাচ শেষে সংবাদমাধ্যম টিএফ১কে তিনি বলেন, ‘জয়টা মোটেই সহজ ছিল না। আমার জন্য এটা গর্বের মুহূর্ত, আমি খুবই খুশি।’

দলের খেলার ধরন নিয়ে দুয়ের ভাষ্য, ‘বিশ্বকাপের আগে আমরা দুটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। আজ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটাই করেছি। আমরা বেশ আগ্রাসী হয়ে খেলেছি, অনেক কিছুই ঠিকঠাকমতো হয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে।’

আগামী মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার আগে এটিই ছিল ফ্রান্সের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে পারফরম্যান্সের পর দল বাছাই করতে মধুর সমস্যায়ই পড়তে পারেন দেশম। কাকে বাদ দিয়ে কাকে দলে জায়গা দেবেন, তা নিয়ে দ্বিধায় পড়তে হতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করছে এনএসসির পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। ১১ মার্চ গঠিত কমিটি নিয়ে পরে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বিসিবি বলেছে, আইসিসির কাছে এটি ‘বাইরের হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে, যা আইসিসিতে বাংলাদেশের সদস্যপদ ও ক্রিকেটের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

দেশের বাইরে থাকায় এনএসসির তদন্ত কমিটি এবং বিতর্কের জন্ম দেওয়া বিসিবির ওই বিবৃতি নিয়ে এত দিন বোর্ড সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য জানা যায়নি। তবে পরশু রাতে দেশে ফেরার পর কাল দুপুরে বিসিবি কার্যালয়ে এ নিয়ে তিনি প্রথম আলোসহ কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমিনুলের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে—

তদন্ত কমিটি নিয়ে

পাঁচ মাস হলো বোর্ড স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে চলছে। এর মধ্যে আমরা সিরিজ খেলছি, ঘরোয়া ক্রিকেট চলছে—সবকিছুই হচ্ছে। তারপরও যাঁরা সরকারে আছেন, তাঁরা আমাদের স্পোর্টসের মালিক। শুধু ক্রিকেট না, সবকিছুর মালিক—আমরা তাঁদের সম্মান করি।

বিসিবির বিবৃতি প্রসঙ্গে

আমার মনে হয় বিবৃতির ব্যাখ্যাটা একটু ভুল ছিল, মুখোমুখি (সরকার–বিসিবি) যেটা বলা হচ্ছে। আমরা একটা স্বায়ত্তশাসিত সংগঠন। এ ধরনের সংগঠন স্বাধীনভাবে কাজ করে, তখন মনে হচ্ছিল (সরকারি হস্তক্ষেপ) হয়তো কিছু একটা হতে পারে। আপনি যদি বিবৃতিটা ভালো করে দেখেন, সেখানে লেখা ছিল ‘হতে পারে’, তার মানে এই না যে ‘হয়েছে’। পূর্বসতর্কতা হিসেবে এটা করা। সবার ভালোর জন্য আমরা অবস্থানটা পরিষ্কার করেছি। দিন শেষে আমরা তো বাংলাদেশের সরকারের অধীনই কাজ করি।
বিবৃতির একটা লাইন অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছে। ‘ক্লোজ’ করার একটা কথা উল্লেখ আছে। এটাকে অনেকেই ‘তদন্ত বন্ধ করা’ বলে ব্যাখ্যা দিচ্ছে। ওটা ভুল ব্যাখ্যা।

সংকট কাটাতে কতটা আশাবাদী

আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে আর মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো সংকট নেই। এটা তো নির্বাচিত কমিটি। সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিসিবি পরিচালক নাজমূল আবেদীন
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিসিবি পরিচালক নাজমূল আবেদীনশামসুল হক

দুই পরিচালকের পদত্যাগ

মিডিয়া কমিটির প্রধানের পদ থেকে আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়নি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগটা (পরিচালকের পদ থেকে) সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাঁরা পদত্যাগ করলেও আমরা এখনো তা গ্রহণ করিনি। তাঁদের সঙ্গে কথা বলব।

আইসিসির সঙ্গে টানাপোড়েন

আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনই কাজ করি।

বিশ্বকাপে না খেলা ভুল ছিল কি না

এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার।

বিশ্বকাপ নিয়ে তদন্ত কমিটির আলোচনা

ওইটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব, শুনছি। আবারও বলছি, ফাহিম ভাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল, কোথায় খেলবে, না খেলবে—সবই নির্ধারিত ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন ২০২৪ সালে। আইপিএল ছাড়া অন্য লিগেও খেলেন না। গত বছরের জুন মাসে আইপিএল ফাইনালের পর তাই কালই প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন বিরাট কোহলি।

এত দিন বিরতিও কোহলির টি–টুয়েন্টি ব্যাটিংয়ের ধার কমাতে পারেনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবারের প্রথম ম্যাচেই খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস। তাঁর ৬৪তম ফিফটিতে হায়দরাবাদের ২০২ রানের লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬ বল হাতে রেখেই তাড়া করে জিতেছে।

টি–টুয়েন্টিতে এত দিন পর ফেরা কোহলির জন্য কি বাড়তি চ্যালেঞ্জ ছিল? ম্যাচ শেষে কোহলি বলেন, ‘দেখুন, গত ১৫ বছরে আমাদের যে ধরনের সূচি ছিল এবং আমি যতটুকু ক্রিকেট খেলেছি, তাতে আমার জন্য প্রস্তুতির অভাব হওয়ার চেয়ে বরং ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি সব সময় বেশি ছিল। তাই এই বিরতিগুলো আমাকে দারুণ সাহায্য করেছে। এমন বিরতি আমাকে সতেজ ও রোমাঞ্চিত রাখে। যখনই আমি খেলায় ফিরি, সেটা ১২০ শতাংশ শক্তি নিয়েই ফিরি। আমার প্রস্তুতির ঘাটতি নেই।’

জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছেন কোহলি
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছেন কোহলি,এএফপি
 

১০ মাস বিরতির পর খেলা কোহলির জন্য ম্যাচটি ছিল রেকর্ডের। আইপিএলে তিনি প্রথম ক্রিকেটার, যিনি ২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত হওয়া ১৯টি আসরেই খেললেন। আর খেলার রেকর্ডের এই ম্যাচেই ব্যাটে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।

ফিফটির পথে রানতাড়ায় ৪০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন। আইপিএলে রানতাড়ায় চার হাজারের মাইলফলকে তিনিই প্রথম। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি টুর্নামেন্টটিতে তাঁর মোট রান ৮৭৩০, এটিই সর্বোচ্চ।

টি–টুয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি গত জানুয়ারিতে ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ৯৩, ২৩ ও ১২৪ রান করেন তিনি। ওই সিরিজে ভারতের সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তার আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ৩০২ রান (দুই সেঞ্চুরিসহ) করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। গত বছর খেলেছেন ১৩টি ওয়ানডে। মানে খেলার মধ্যেই আছেন তিনি।

আর প্রশ্নটা যখন রানতাড়ার, তখন কোহলিই সবার ওপরে মনে করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার, ‘বিরাট কোহলি আমাদের ১ নম্বর রানতাড়ার মাস্টার। তিনি যেভাবে খেলেন, যে শটগুলো বেছে নেন এবং যেভাবে পরিস্থিতি বুঝতে পারেন, তা আমি সব সময় ডাগআউট থেকে উপভোগ করি। আমার মনে হয়, তিনি নিজের সেরা ছন্দে আছেন। নেটে আমি যা দেখেছি, পারফর্ম করার এবং দাপট দেখানোর সেই একই শক্তি ও আগ্রহ এখনো ওনার মধ্যে আছে।’

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও।

ম্যাচ শুরুর আগে সমীকরণ ছিল পরিষ্কার—আজকের জয়ী দল সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ভুটানকে। গ্রুপ রানার্সআপ হলে লড়তে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। বাংলাদেশের যুবারা ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। শুরুর দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল। কিন্তু ভারতের গোলকিপার দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফয়সালের শট তাঁর গায়ে লেগে প্রতিহত হয়।

ম্যাচের প্রথম ১৫ মিনিট বাংলাদেশের দাপট থাকলেও ১৭ মিনিটে গোল করে বসে ভারত। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভেতরে একেবারে অরক্ষিত অবস্থায় ছিলেন বিশাল যাদব। দারুণ এক হেডে তিনি বল জালে জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় মাঠের উত্তেজনার আঁচ লাগে ডাগআউটেও। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স।

প্রথমার্ধের অতিরিক্ত আট মিনিট সময়ের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভানের কর্নার থেকে বক্সে উড়ে আসা বল বাতাসে রেখেই জালে পাঠান ডিফেন্ডার আবদুল রিয়াদ ফাহিম। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়লেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।

এর আগে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে ২-০ গোলে, অন্যদিকে ভারত তাদের বিপক্ষে জিতেছে ৩-০ ব্যবধানে।

প্রথম ম্যাচে জিতেই দুই দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। আজকের ম্যাচটি ড্র হওয়ায় দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৪। গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ (+২) হয়েছে রানার্সআপ।

চার বছর আগে কাতার বিশ্বকাপের নকআউটে ইংল্যান্ড দল ছেড়ে চলে গিয়েছিলেন বেন হোয়াইট। তখন এ নিয়ে বেশ হইচই হলেও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, ‘ব্যক্তিগত কারণে’ এ সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট।

পরে ব্রিটিশ সংবাদমাধ্যমের কল্যাণে জানা যায়, হোয়াইটের জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার নেপথ্যে রয়েছে ইংল্যান্ডের সহকারী কোচ স্টিভ হল্যান্ডের সঙ্গে বাদানুবাদ।

ইংল্যান্ডের তখনকার কোচ গ্যারেথ সাউথগেট যদিও ব্যাপারটা সব সময়ই অস্বীকার করে এসেছেন। ২০২৪ সালে তিনি দাবি করেন, হোয়াইট ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছেন।

সাউথগেটের জায়গায় গত বছরের জানুয়ারিতে স্থলাভিষিক্ত হন টমাস টুখেল। ইংল্যান্ড কোচের দায়িত্ব নিয়ে এই ডিফেন্ডারকে জাতীয় দলে ‘দ্বিতীয় সুযোগ’ দেওয়ার পক্ষে ছিলেন টুখেল। শেষ পর্যন্ত সে সুযোগ গতকাল রাতে ওয়েম্বলিতে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পেলেন হোয়াইট। কিন্তু ইংল্যান্ডের সমর্থকেরা হোয়াইটকে সম্ভবত সহজে ক্ষমা করতে পারেননি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে হোয়াইট এর আগে সর্বশেষ মাঠে নামেন ২০২২ সালের মার্চে। সে বছর বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান। চার বছর পর জাতীয় দলের হয়ে তাঁর মাঠে নামার এ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ৬৯ মিনিটে বদলি হিসেবে নেমে ২০ মিনিটের একটু বেশি সময় মাঠে ছিলেন হোয়াইট। খুব অল্প এ সময়টুকু বেশ ঘটনাবহুল। ৮১ মিনিটে ইংল্যান্ড গোল পায় তাঁর কাছ থেকে।

যেভাবে গোল করেছেন  হোয়াইট
যেভাবে গোল করেছেন হোয়াইটএএফপি

দেশের হয়ে ৫ ম্যাচের ক্যারিয়ারে প্রথম গোল পাওয়ার পর স্টেডিয়ামের স্পিকারে তাঁর নাম উচ্চারিত হতেই দুয়োতে ফেটে পড়ে গ্যালারি। বদলি হিসেবে মাঠে নামার সময়ও একইভাবে হোয়াইটের প্রত্যাবর্তনকে বরণ করে ইংলিশ গ্যালারি।

ব্যাপারটা আরও নির্মম হয়ে ওঠে ম্যাচের যোগ করা সময়ে হোয়াইটের কারণে ইংল্যান্ড পেনাল্টি হজম করার পর। ফেদেরিকো ভালভের্দে স্পটকিক থেকে উরুগুয়েকে সমতায় ফেরানোয় সেই রাগটাও হোয়াইটের ওপর ঝেড়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা।

ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে বলেন, ‘আগেও এখানে কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে এমনটা ঘটেছে, যা সত্যিই দুঃখজনক। কারণ, এতে কারও কোনো লাভ হয় না। দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র।’ হোয়াইটের গোলটি নিয়ে টুখেল যোগ করেন, ‘যখন “জয়সূচক” গোলটি করল, মনে হচ্ছিল সব বুঝি ঠিক হয়ে গেল। যদিও শেষ পর্যন্ত সেটি আর জয়সূচক গোল থাকেনি। রক্ষণ সামলাতে গিয়ে সে হয়তো কিছুটা মরিয়া হয়ে উঠেছিল, তবে আমার মনে হয় ওটা পেনাল্টি ছিল না।’

দেড় বছর পর ইংল্যান্ড জাতীয় দলে ফেরা হ্যারি ম্যাগুয়ারও হোয়াইটের পাশে দাঁড়িয়েছেন। ম্যাগুয়ার বলেন, ‘প্রত্যাবর্তনেই প্রথম গোল করাটা অবিশ্বাস্য। সে দুর্দান্ত খেলেছে। পুরো সপ্তাহজুড়েই সে খুব হাসিখুশি ছিল, দলে একটা ইতিবাচক শক্তি নিয়ে এসেছে। আজ গোল করে তার পুরস্কারও পেল।’

পেনাল্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ম্যাগুয়ার বলেন, ‘হাস্যকর এক পেনাল্টি ছিল। সে (প্রতিপক্ষ খেলোয়াড়) বল উড়িয়ে মারার পর বেন কেবল শটটি আটকানোর চেষ্টা করেছিল। বাজে ট্যাকল ছিল না, কোনো অসৎ উদ্দেশ্যও ছিল না। বক্সের ভেতর রক্ষণের কাজ করতে গেলে এমন সামান্য শারীরিক সংস্পর্শ তো হবেই।’

অন্য প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩–০ গোলে হারায় স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ৪–৩ গোলে জেতে জার্মানি, নরওয়েকে ২–১ গোলে হারায় নেদারল্যান্ডস।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নতুন ‘নু স্টেডিয়াম’–এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে।

সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ঐতিহ্যগতভাবে সম্মাননা দেওয়া হয় অতীতের অবদানকে মাথায় রেখে। এগুলো তৈরি হয় নস্টালজিয়া থেকে। স্মৃতি থেকে। কিন্তু এই সিদ্ধান্তটি বর্তমানের কথা ভেবে নেওয়া হয়েছে। এ মুহূর্তে যা ঘটছে, তা থেকে নেওয়া হচ্ছে। প্রতিবার লিও যখন মাঠে নামে, আমরা যা অনুভব করি, এটি তারই বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়। কখনো কখনো এটি হলো আপনি যে অনন্য কিছুর সাক্ষী হচ্ছেন, সেটি উপলব্ধি করা।’

এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি। স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭-২৩৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’।

আগামী ৪ এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মাধ্যমে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচে যাঁরা ‘লিও মেসি স্ট্যান্ড’–এ বসে খেলা দেখবেন, তাঁদের জন্য বিশেষ কিছু চমক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

২০২৩ সালের গ্রীষ্মে যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামিকে বদলে দিয়েছেন মেসি। তাঁর নেতৃত্বে ক্লাবটি এ পর্যন্ত লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স শিল্ড (২০২৪) এবং এমএলএস কাপ (২০২৫) জিতেছে। পাশাপাশি এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডও গড়েছে তাঁর দল।

নিওয়েল’স ওল্ড বয়েজে মেসির নামে স্ট্যান্ড।
নিওয়েল’স ওল্ড বয়েজে মেসির নামে স্ট্যান্ড।এক্স/নিওয়েল’স ওল্ড বয়েজ

এখন পর্যন্ত মায়ামির হয়ে ৯৪ ম্যাচ খেলে ৮২ গোল করেছেন মেসি। গোলে সহায়তা করেছেন ৫৩টি। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার এমএলএসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

মেসির জন্য যদিও এই সম্মান নতুন নয়। এর আগে গত বছরের জুনে তাঁর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজও তাদের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করেছিল মেসির নামে।