জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আরেকটি দলকে ব্যান করা কোন দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। দেশে নব্য মবতন্ত্র সৃষ্টি হচ্ছে। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করতে পারেনি। তারা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীর হায়দার পাটওয়ারী।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কথা আবারও জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন প্রতিহত করবে এমন কোনো শক্তি নেই।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আপনারা পুলিশ সদর দফতর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন; পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।

নুরুল হক নুরের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরকে দেশের বাইরে নেয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলছেন এবং হামলার প্রতি সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। ফোনালাপে গতকালের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গতকাল রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল যান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। তারা প্রত্যেকেই জঙ্গল সলিমপুরের ৯ নম্বর সমাজের বাসিন্দা। তাদের মধ্যে কামরুল হাসান ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, ছিন্নমূল দিনার ঘোনা এলাকার একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময়, ঘরটিতে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া যায়।

অপরদিকে, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাইের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

কক্সবাজারে কোনো হোটেলের বিরুদ্ধে নদী বা পরিবেশদূষণের অভিযোগ উঠলে শুধু জরিমানা না করে, তা বন্ধ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক ‘বিশেষ সমন্বয় সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নির্দেশনার কথা জানান তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ময়লা ফেলার কারণে প্রতিনিয়ত নদী দূষণ ও পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেলগুলোতে পরিবেশ অধিদফতর বছরের পর বছর লাখ লাখ টাকা জরিমানা করে আসলেও আবর্জনা ফেলা বন্ধ হয়নি। এ সময়, জরিমানা না করে অভিযুক্ত হোটেলগুলো একেবারে বন্ধ করে দিতে হবে বলে জানান তিনি। সেইসাথে প্রথমে নদী দখলমুক্ত করে, পরে দূষণমুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (৩০ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ২৫ আগস্ট বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এবং মাই টিভির পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে লাইভে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন এবং সেলিব্রেটি ও অন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেছে। এক্ষেত্রে যারা দ্বিমত পোষণ করে তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন তিনি।

এতে আরও বলা হয়, আসামির উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণে মামলার ভিকটিম আসাদুল হক বাবু (২৪) মৃত্যুবরণ করে বলে তদন্তে প্রকাশ পায়। মামলার প্রকৃত ঘটনা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে জন্য সাতদিনের রিমান্ড প্রয়োজন।

আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যায় সহায়তার অভিযোগ আনেন। এসময় তৌহিদ আফ্রিদি কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেন।

প্রসঙ্গত, একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন।

সবজির বাজারে উত্তাপ যেন কমছেই না। যোগান সংকটের অজুহাতে দামও বেড়েছে কয়েকগুণ। প্রায় ২ মাসের বেশি সময় ধরে বাজারে বাড়তি দাম যাচ্ছে সব ধরনের সবজির। চড়া দামের কারণে কমেছে বিক্রিও। সেই সঙ্গে এবার ক্রেতার ওপর চাপ বাড়াচ্ছে ডাল। ডিমের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত ব্রয়লার মুরগির দর।

শুক্রবার (২৯ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরবরাহে খুব একটা ঘাটতি আছে—  তেমনটি চোখে পড়ে না। তবুও, বিক্রেতাদের দাবি, বাজারে সবজির যোগান কম। আর এমন অজুহাতে চলছে লাগামছাড়া দাম বৃদ্ধি।

কখনও বৈরি আবহাওয়া, আবার কখনও মৌসুম শেষ, এমন বাহানা খুচরা বিক্রেতাদের। গোল বেগুনের দাম ১৬০ টাকা কেজি। এক কেজি লম্বা বেগুন, করলা কিনতেও বেরিয়ে যাবে একশো টাকা। কিছুটা কমলেও, আড়াশো গ্রাম কাঁচামরিচের জন্য গুনতে হবে ৬০ টাকা। কাঁচা পেঁপে আর আলু ছাড়া ৮০ টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। বাজারে এমন অস্থিরতার জন্য নজরদারির দুর্বলতাকে দুষছেন ক্রেতারা।

কেজিতে ২০ টাকা বেড়ে চড়া মূল্যে স্থির হয়ে আছে পেঁয়াজের বাজার; কিনতে হবে ৮০ টাকায়। কেজিতে ১০ টাকা দাম বেড়েছে আদা-রসুনেরও। নতুন করে অস্থিরতা দেখা দিয়ে ডালের বাজারে। ২০ টাকা বেড়েছে এক কেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমায় বাজারে দাম বাড়ছে ডালের। ছোট দানার মসুর ডালের দাম বেড়েছে বেশি। মোটা দানার ডালের দামও বেড়েছে। ফলে আমাদেরও দাম বাড়াতে হচ্ছে।

বাজারে খোলা আটা এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায় কেজিতে, যা আগে ছিল ৪০-৪২ টাকা। প্যাকেটজাত আটার দামও বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকায়। আর খোলা ময়দা এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল ৫০ টাকা। প্যাকেটজাত ময়দা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৩০ টাকা।

প্রতি আঁটি পুঁইশাক ৫০-৬০ টাকা, ডাটাশাক ২০-৩০, কলমি শাক ২০ টাকা পর্যন্ত, লাল শাক ২৫-৩০, লাউশাক ৪০-৬০, পাটশাক ২০-২৫ এবং কচুশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

পুরোপুরি স্বস্তি না এলেও, কিছুটা উত্তাপ কমেছে ডিমের বাজারে। গত সপ্তাহের তুলনায় লাল ডিমে ডজন প্রতি দাম কমেছে ১০ টাকা, মিলছে ১৪০ টাকায়।

এদিকে, ভরা মৌসুমে বাজারে ইলিশের দেখা নেই বললেই চলে। চাহিদা মেটাতে সবাই ঝুঁকছেন চাষের জাতে। আর তাতেই বিপত্তি। বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। রুই-পাঙ্গাস-তেলাপিয়ার মতো চাষের মাছও কেজিতে বেড়েছে প্রায় ৫০-১০০ টাকা।

অপরিবর্তিত রয়েছে মুরগির বাজার। এক কেজি ব্রয়লারের জন্য গুণতে হবে ১৭০ টাকা। আর সোনালি মিলছে ৩২০ টাকা কেজিতে।

উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গনতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে৷

এসময় সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি, ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিই বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনারদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। এটা কমিশনের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রত্যাশার তুলনায় ভোটার সংখ্যা বেশি হতে পারে। প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছেন।

ক্রমেই বাড়ছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবহর পাঠানোর জবাবে ব্যাপক সামরিক মহড়া আয়োজন করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ তাদের সম্পদে নজর যুক্তরাষ্ট্রের; আর তাই সামরিক উত্তেজনা তৈরি করে উপনিবেশ স্থাপন করতে চায় তারা। এদিকে, সার্বভৌমত্ত্ব লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিয়েছে দক্ষিণ আমেরিকান দেশটি।

মূলত দেশের উপকূলে মার্কিন নৌ বহর দৃশ্যমান হওয়ার পরই সামরিক শক্তি প্রদর্শনে মহড়া দেয় ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরোর সরাসরি তত্ত্বাবধানে এতে অংশ নেন স্পেশাল রেভ্যুলুশনারি অপারেশনস বাহিনীর কয়েক হাজার সদস্য।

দেশটির পাহাড়ি অঞ্চলে বিশেষ পোশাকে বিভিন্ন সামরিক দক্ষতা দেখান সেনারা। ছিল চোখ জুড়ানো প্যারেড। অত্যাধুনিক অস্ত্র দিয়ে লাইভ ফায়ারিংয়েও অংশ নেন স্পেশাল বাহিনীটি। এসময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ করেন, দেশটির সম্পদ লুটের জন্য উসকানি তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত ভেনেজুয়েলার মানুষ।

নিকোলাস মাদুরো বলেন, সাম্রাজ্যবাদী গ্রিংগোরা কী চায়? ভেনেজুয়েলার সম্পদ, উপনিবেশ স্থাপন করা এবং ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করতে চায় তারা। একটানা হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ, ভেনেজুয়েলা জাতির বিরুদ্ধে অবরোধের পরও আমি বলতে পারি, আমরা আগের চেয়েও শক্তিশালী। শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আরও বেশি প্রস্তুত।

চলতি সপ্তাহে আরও একটি সামরিক মহড়া হবে বলে জানিয়েছে মাদুরো প্রশাসন। লাতিন ও ক্যারিবীয় উপকূলে নৌবহর পাঠানোর ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে কারাকাস। এরই মধ্যে, জাতিসংঘের কাছে পাঠিয়েছে অভিযোগপত্রও।

জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মোনকাদা বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ক্রমাগত হয়রানিমূলক নীতি এবং সাম্প্রতিক বিপজ্জনক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। তাদের এই সামরিক তৎপরতা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

এর আগে, মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপকূলে তিনটি ডেস্ট্রয়ার, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অ্যাটাক সাবমেরিনসহ সাড়ে চার হাজার নৌসেনা পাঠায় যুক্তরাষ্ট্র। জবাবে, সারাদেশে মিলিশিয়া মোতায়েনসহ, জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করে ভেনেজুয়েলাও।

প্রসঙ্গত, মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান শাসক নিকোলাস মাদুরোকে ‘বৈধ প্রেসিডেন্ট’ মনে করে না। তার সঙ্গে লাতিনের বিভিন্ন মাদকচক্র ও অপরাধী গোষ্ঠীগুলোর যোগসাজশ আছে বলেও অভিযোগ ওয়াশিংটনের।

নিরপেক্ষতার সঙ্গে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেখানে বলেন, সরকার দাবিগুলো গুরুত্বের সাথে নিয়েছে। এখন তো আন্দোলন করে লাভ নেই। আমাদের সময় দিতে হবে। একদিকে ৩ দফা, আরেকদিকে ৭ দফা আছে। এর মাঝে ব্রিজ হিসেবে কাজ করবে কমিটি। কেননা এক গ্রুপের দাবি মানলে আরেক গ্রুপ খেপবে।

তিনি বলেন, সমস্যার সমাধানে ১৪ সদস্যের ওয়াকিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রকৌশল সংক্রান্ত সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা থাকবেন। এই গ্রুপের কাছে দাবি তুলে ধরতে পারবে আন্দোলনকারীরা।

উপদেষ্টা বলেন, কমিটি আন্দোলনকারী, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবকদের সাথে বৈঠক করা হবে। প্রকৌশল সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ ধাপে ভোটের কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে কমিশন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

তিনি বলেন, তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ মহিলা ভোটার রাখার চিন্তা করছি।

নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগে শেষ করার চেষ্টা থাকবে। কর্মপরিকল্পনায় বিভিন্ন সংযোজন হবে। ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

ইসির সিনিয়র সচিব আরও বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে শুনানির পর তথ্য পর্যালোচনা চলছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত করতে পারব বলে আশা করছি। আর ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক ম্যাপ প্রকাশ করা হবে।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরার বিষয়ে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এটা আমাদের চাহিদা না। এআই ও অপতথ্য একটা চ্যালেঞ্জ। কমিশন এটি নিয়ে কাজ করছে। এ সময় নিশ্চিন্তে ভোট দিতে পারার পরিবেশ সৃষ্টি করা চ্যালেঞ্জ বলেও জানান তিনি।