বেলজিয়ামের অবিশ্বাস্য জয়
বেলজিয়াম ৩ : ২ সেনেগাল (ফুল টাইম)
বিশ্বকাপের শেষ ৩২–এ সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বেলজিয়াম। প্রথমে ২–০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। এরপর ম্যাচের ৮৬–৮৯ এই তিন মিনিটে দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় ইউরোপিয়ান দেশটি।
নির্ধারিত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পেনাল্টি পায় বেলজিয়াম। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর নতুন একটি কীর্তি গড়ল তারা। সেনেগালকে কান্নায় ভাসিয়ে বেলজিয়াম ম্যাচ জিতেছে ৩–২ গোলে।
৩–২ গোলে এগিয়ে বেলজিয়াম
১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এখন জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইউরি টিলেমান্স।
পেনাল্টি পেল বেলজিয়াম
অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে এখন পেনাল্টি পেল বেলজিয়াম।
ডোডি লুকেবাকিওর সামনে ছিল সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ। গোল থেকে মাত্র ১১ গজ দূরে দাঁড়িয়ে তিনি শট নেন, কিন্তু বল আড়াআড়ি দণ্ডের ওপরের অংশে লেগে ফিরে আসে। ডান দিক থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রসটি তাঁর কাছেই এসেছিল। কিন্তু শট নেওয়ার সময় শরীর একটু বেশি পেছনে হেলে যাওয়ায় বল বার ঘেঁষে বাইরে চলে যায়। এদিকে ক্রসটি আসার সময় বেলজিয়ামের খেলোয়াড়েরা দাবি করেন, টিলেমান্স ফাউলের শিকার হয়েছেন। রিপ্লেতে দেখা যায়, লামিনে কামারা বলে স্পর্শই করতে পারেননি। পরে মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।
২–২ সমতায় সেনেগাল–বেলজিয়াম ম্যাচ
নিশ্চিত হারের পথে থাকা বেলজিয়াম তিন মিনিটের কম সময়ে দুই গোল শোধ করে সমতা ফেরায় ম্যাচে। এখন ২–২ সমতায় শেষ হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধও। দ্বিতীয়ার্ধে গোল আসবে নাকি ম্যাচ চলে যাবে টাইব্রেকারে?
খেলা গড়াল অতিরিক্ত সময়ে
সেনেগাল ২ : ২ বেলজিয়াম
৯০ মিনিটের খেলা শেষ। স্কোরলাইনে সমতা। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে দুই অর্ধে খেলা হবে ৩০ মিনিট।
বেলজিয়ামের দুর্দান্ত ফেরা
সেনেগাল ২ : ২ বেলজিয়াম
অবিশ্বাস্য! ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ম্যাচে ফিরল দারুণভাবে। ৮৬–৮৯ এই তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ২–২ সমতা ফিরিয়েছে তারা। বেলজিয়ামের হয়ে দারুণ এক হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স।