ফ্রান্স ৪ : ১ (ফুলটাইম)
প্রথমার্ধে ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪–১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।
দেম্বেলের তিনটি গোলই ছিল চোখজুড়ানো। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে দর্শনীয়। দূরপাল্লার নিচু শটে তিনি এমনভাবে বল জালে পাঠান যে নরওয়ের গোলরক্ষকের কিছুই করার ছিল না। যোগ করা সময়ে চতুর্থ গোল করেন দেজিরে দুয়ে।
নরওয়ের হয়ে একটি গোল শোধ দেন থেলো আসগার্ড। এরপর পেনাল্টি থেকে ব্যবধান আরও কমানোর সুযোগ পান ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তবে তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।
গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২-এ ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে নকআউট পর্বে ভিন্ন অংশে থাকা নরওয়ের সামনে অপেক্ষা করছে আইভরি কোস্ট।
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক
লিওনেল মেসির পর এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটি আদায় করলেন। এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন ব্যালন ডি’অরজয়ী তারকা দেম্বেলে।
সেনেগাল ৫ : ০ ইরাক (ফুলটাইম)
সেনেগাল ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দলটি।
১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা ধুঁকতে হলেও বিরতির পর দারুণ ছন্দে খেলে একের পর এক গোল করেছে আফ্রিকান কাপ অব নেশনসের বর্তমান রানার্সআপরা। ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে তারা এখন শেষ ৩২-এ ওঠার একেবারে দ্বারপ্রান্তে।