রেফারির শেষ বাঁশি বাজতেই দুহাত প্রসারিত করে স্বস্তির নিশ্বাসই ছেড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কার। এএফসি নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন চীনকে ২-১ গোলে হারিয়ে আট বছর পর ফাইনালের টিকিট কেটেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। সেই খুশিতে শুধু স্যাম নয়, পুরো অস্ট্রেলিয়া দলেরই এমন স্বস্তি পাওয়ার কথা।

নয়বারের চ্যাম্পিয়ন চীন, এশিয়ান কাপ জেতাটা রীতিমতো অভ্যস দলটির। ১৯৮৬ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা সাত আসরের শিরোপা গেছে চীনের শোকেসে। এরপর কিছুটা ছন্দপতন হলেও ২০০৬ সালে আবার চ্যাম্পিয়ন হয়ে দলটি। সর্বশেষ ২০২২ সালেও ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারায় চীন। এমন দাপুটে দলটাই এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারল।

পার্থে ম্যাচ শুরুর ১৭ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া
পার্থে ম্যাচ শুরুর ১৭ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া, এএফপি
 

পার্থে ম্যাচ শুরুর ১৭ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মেরি ফ্লাওয়ারের বাড়ানো বল বক্সের মাঝখান থেকে নিখুঁত শটে জালে জড়ান ক্যাটলিন ফোর্ড। ২৬ মিনিটে জ্যাং লিনইয়ান গোল করে চীনকে সমতায় ফেরানোর পর ম্যাচটা আরও জমে উঠে।

প্রথমার্ধের শেষ দিকে তিনটি চমৎকার আক্রমণ করেও দ্বিতীয় গোলটি আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয়ার্ধে সেই প্রত্যাশাটা ঠিকই পূরণ হয়েছে স্বাগতিকদের, অধিনায়ক স্যাম কারই গোল এনে দেন। ক্যাটলিন ফোর্ডের পাস ধরে গোলকিপারের বাধা পেরিয়ে দুরূহ কোন থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্যাম। এই গোলই অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছে দিয়েছে।

২০১৪ ও ২০১৮ সালে দুবার ফাইনাল খেলেও  আর ট্রফির দেখা পায়নি অস্ট্রেলিয়া
২০১৪ ও ২০১৮ সালে দুবার ফাইনাল খেলেও আর ট্রফির দেখা পায়নি অস্ট্রেলিয়া, এএফপি
 

এশিয়ান কাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০১৪ ও ২০১৮ সালে দুবার ফাইনাল খেলেও  আর ট্রফির দেখা পায়নি তারা। এবার নিশ্চয়ই সেই আক্ষেপ দূর করতে চাইবে।

আগামী শনিবার ফাইনাল। তার আগে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-জাপান। সেই ম্যাচের জয়ী দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে লড়বে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব