২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছে ইউরোপের শীর্ষ লিগে খেলা দলগুলো। স্কালোনি অভিজ্ঞতা ও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভ্যাস—এ দুই বিষয়কে গুরুত্ব দিয়েই দল সাজিয়েছেন; যেখানে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে।
এই ক্লাব থেকে সব মিলিয়ে দলে আছেন সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়। আতলেতিকো থেকে জায়গা পাওয়া সেই খেলোয়াড়েরা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে।

লিগভিত্তিক খেলোয়াড় বণ্টনের ক্ষেত্রে শীর্ষে আছে স্পেনের লা লিগা, যেখানে মোট সাতজন খেলোয়াড় আছেন। এই সাতজনের মধ্যে ছয়জনই আবার আতলেতিকোর। স্প্যানিশ ক্লাব থেকে সুযোগ পাওয়ার অন্যজন হলেন রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো।
দ্বিতীয় স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে আর্জেন্টিনার পাঁচজন খেলোয়াড় খেলছেন। তাঁরা হলেন অ্যাস্টন ভিলার মার্তিনেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং চেলসির এনজো ফার্নান্দেজ।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের লিগ ‘আঁ’, যেখান থেকে পাঁচজন আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বকাপ মিশনে যাবেন—মার্সেইয়ের রুলি, বালের্দি, মেদিনা, স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বার্কো ও লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো।
ইতালির সিরি ‘আ’ থেকে আছেন ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ এবং কোমোর নিকো পাজ, আর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে প্রতিনিধিত্ব করছেন ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল। এ ছাড়া পর্তুগিজ লিগ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি এবং ব্রাজিলিয়ান লিগ থেকে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ।