পুলিশের ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করেছে সরকার, তাঁদের মধ্যে ৬ জন ডিআইজি ও ৩ জন পুলিশ সুপার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এক প্রজ্ঞাপনে পুলিশের ছয়জন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে। এতে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশালের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশালের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠীর পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।