বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
আজ সোমবার বিকেল চারটার দিকে বান্দরবান–রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের অন্তর্গত হলেও রুমা উপজেলা সদরের কাছাকাছি।
নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পায়। তাঁর কাছ থেকে ১টি এসএমজি, ২টি ম্যাগাজিন, ১৪৩টি গুলি ও অন্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দিলীপ চৌধুরী বলেন, নিরাপত্তা বাহিনী একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, বিকেলে সড়কে গাড়ি থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি চাঁদাবাজি করছিল। এ সময় বান্দরবান থেকে রুমার দিকে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা প্রথমে গুলি চালায়। পরে পাল্টা গুলি চালালে একজন আহত হন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাবের আহমেদ বলেন, একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
[caption id="attachment_267948" align="alignnone" width="1037"]
বান্দরবান সদর হাসপাতাল, ছবি: সংগৃহীত[/caption]এদিকে রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আজ বিকেল পাঁচটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএসের (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়। এ সময় সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করতে সক্ষম হন। পরিস্থিতি বিবেচনায় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। প্রাথমিকভাবে তারা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের একজন সশস্ত্র জেএসএস সদস্যকে অস্ত্র–গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, এসএমজির ১৪৩টি গুলি, পিস্তলের ১৪টি গুলিসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।