‘তিন বছর আগে প্রথম যখন মেরিল-প্রথম আলোতে একদম পিছনে বসেছিলাম, ভয়ে ছিলাম। কারণ, পর্দার সব মানুষগুলো চোখের সামনে। দ্বিতীয়বার আরেকটু ভালো লাগছিল। গত বছর হাজবেন্ডের সঙ্গে এসেছি। সবাই বলত, তোমার হাতেও একটা অ্যাওয়ার্ড দেখতে চাই। আজকের তৃতীয় বছরে এসে পুরস্কারটা আমার হাতে।’ পুরস্কার জেতার পর বলছিলেন শাম্মি ইসলাম নীলা।
পুরস্কার গ্রহণ করে নীলা আরও বলেন, ‘আজ পুরস্কার আমার হাতে। জানি না, এই গল্প কতজনকে অনুপ্রাণিত করবে; কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করবে। আপনাদের কাছে ভালো ভালো কাজ নিয়ে মঞ্চে বারবার ফিরে আসতেই চাই।’
এরপর তিনি ‘ফার্স্ট লাভ’ নির্মাতা হাসিন হোসাইন রাখি, সহ-অভিনেতা তৌসিফ মাহবুবকে ধন্যবাদ জানান। এ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বামী ও পরিবারের সদস্যদের প্রতি।
গত বছরের ২৮ নভেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ফার্স্ট লাভ’। আজ সকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ২৮ লাখের বেশি।