আইফোন ১৭, ১৭ প্রো এবং আইফোন এয়ার ব্যবহারের সময় অদ্ভুত সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। তাদের অভিযোগ, আইফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেলে চার্জে দেওয়ার পরও সেটি দ্রুত চালু হচ্ছে না। রেডিটসহ বিভিন্ন অনলাইন ফোরামে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ব্যবহারকারীরা জানিয়েছেন, চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর চার্জারে সংযুক্ত করলেও আইফোনে চার্জ হওয়ার কোনো সংকেত দেখা যায় না। এমনকি অ্যাপলের লোগোও আইফোনের পর্দায় ভেসে ওঠে না। ফলে চার্জ দেওয়ার সময় আইফোনের পর্দা দীর্ঘ সময় কালো দেখা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের সাংবাদিক বেঞ্জামিন মায়ো নিজের অভিজ্ঞতার তুলে ধরে জানান, রাতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর দ্রুত চার্জে সংযুক্ত করা হলেও কয়েক মিনিট ফোন চালু হয়নি, এমনকি ম্যাক কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করলেও সেটি শনাক্ত হয়নি। ফোর্স রিস্টার্ট বা একাধিক ইউএসবি-সি কেব্ল ব্যবহার করেও কাজ হয়নি।
আইফোন ১৭, ১৭ প্রো এবং আইফোন এয়ার সিরিজের ফোনগুলোতে এই সমস্যা দেখা দিচ্ছে। তবে এটি সবার ক্ষেত্রেই ঘটছে না, আবার সব সময় ব্যাটারি শূন্যে নেমে এলেই যে এমন হবে, তা–ও নিশ্চিত নয়। কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে এটি একবার ঘটেছে, আবার কারও কারও ক্ষেত্রে ঘটনাটি বারবার ঘটছে।
রেডিটসহ বিভিন্ন অনলাইন ফোরামের ব্যবহারকারী ও মায়োর মতো ভুক্তভোগীরা এই সমস্যার একটি সমাধান বের করেছেন। তারা বলছেন, সাধারণ কেব্ল বা তারের চার্জার বাদ দিয়ে বরং ম্যাগসেফ বা ওয়্যারলেস চার্জার ব্যবহার করলে এ ধরনের সমস্যা হচ্ছে না। ওয়্যারলেস চার্জিং প্যাডে ১০ থেকে ১৫ মিনিট চার্জ করার পর আইফোন সাধারণ তারের মাধ্যমে সহজেই চার্জ করা সম্ভব। অ্যাপল স্টোরের টেকনিশিয়ানরাও এখন এই সমাধানের কথাই পরামর্শ দিচ্ছেন।
সূত্র: ম্যাশেবল
আহসান হাবীব