ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ খবর জানান।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাঁদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবেন না।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন।... ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।’

ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে, গতকাল লেভিট এমন দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে। তারা বলেছে, আপাতত তাদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্ব ইরানের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ইসলামাবাদ আসেন। আজ তাঁরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক পাকিস্তান ত্যাগ করেছেন। বৈঠকে তাঁরা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের নীতিগত অবস্থান ও আপত্তি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা ও ফক্স নিউজ

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব