এক মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেলো রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি।
১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির ওপর থেকে অস্থায়ীভাবে তুলে নেয়া হলো নিষেধাজ্ঞা।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় সাড়ে ১২ কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা রয়েছে জাহাজে, যা বিশ্বের ৩০টি স্থানে পৌঁছাবে। বিপুল পরিমাণ এই জ্বালানি মাত্র ৫-৬ দিনের সরবরাহ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছায় সর্বোচ্চ ১২০ ডলারে।
২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক এ সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়ার শঙ্কায় পড়ে বিশ্ব।