সেই লিওনেল মেসিই ‘এক্স ফ্যাক্টর’।
মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন না মেসি। বিরতির পর মাঠে নামেন। ম্যাচটা ২-১ গোলে জিতলেও ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। আজ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে একাদশে খেলানোর কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সে অনুযায়ী মেসি যেমন শুরু থেকেই খেললেন পুরো সময়, তেমনি আর্জেন্টিনার খেলায়ও ফিরেছে ছন্দে। আফ্রিকান দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় স্কালোনির দল।
দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্জেন্টিনা। অন্য গোলটি আত্মঘাতী। প্রথমার্ধে গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এর ১৮ মিনিট পর আত্মঘাতী গোল জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে (৯৩) ভ্যালেন্টিন বারকো করেন ম্যাচের শেষ গোল।
বুয়েনস এইরেসে লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটোই ছিল আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ।

অন্য অর্থে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সম্ভবত এ কারণেই আটজন বদলি নামান স্কালোনি। এমনকি ম্যাচের ৭৪ মিনিটে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে তুলে সুযোগ দেন হুয়ান মুসোকে।
৪ মিনিটে আলভারেজের প্রথম গোলটির উৎস মেসি। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দূরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে ফেলেন বল। ডান পায়ের জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে গোল পান মেসি। জাম্বিয়ার বক্সে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে গোল করেন। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই হতে পারে মেসির শেষ গোল। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষেও গোল হয়ে গেল মেসির, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।
৫০ মিনিটে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়ার নেপথ্যে থিয়াগো আলমাদা। জাম্বিয়ার বক্সে ফাউলের শিকার হন তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোয় স্পটকিক ওতামেন্দিকে দিয়ে নেওয়ান মেসি। দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে এটাই শেষ ম্যাচ ওতামেন্দির। আর্জেন্টিনা চতুর্থ গোলটি আদায় করেছে ক্রমাগত চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে চান্দার পায়ে লেগে বল জালে ঢোকে।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া নিশ্চিত হলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রে। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।