মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে।
এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটার প্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ মে থেকেও বলবৎ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়েই প্রতি মাসে মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।