ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে মোকাররম হোসেন চৌধুরীকে পদোন্নতি দেওয়া হয়েছে। ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মোকাররম হোসেন চৌধুরী এর আগে ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রয়েছে ৩৪ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা।
মোকাররম হোসেন চৌধুরী ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময় দেশি–বিদেশি বিভিন্ন ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্স, ক্রেডিট অপারেশনস ও শাখা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন।
২০০১ সালের ২৫ মার্চ মোকাররম হোসেন ঢাকা ব্যাংকে যোগ দেন। এর পর থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ট্রেড ফাইন্যান্সপ্রধান, আরএমজি ডিভিশনপ্রধান, ক্রেডিটপ্রধান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন।
মোকাররম হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।