চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সহায়তায় মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় আটক করা হয় ৭ জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদক সেবনের দায়ে দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. আবদুল কাদের (৪২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো. আজিজ (২০), মো. ছাবের আহমেদ (৩৪) ও মো. আলাউদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে কাদের, আজিজ ও ছাবেরকে তিন মাস এবং অন্যদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুয়া খেলার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদকে (৪২)। তাঁদের মধ্যে দিদারুলকে ছয় মাস, আজগরকে তিন মাস এবং অন্যদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বিভিন্ন মেয়াদে ১৩ জনকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলাকে মাদক ও জুয়ার থাবা থেকে মুক্ত করতে ইউনিয়নভিত্তিক অভিযান চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব