প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকে এ সুবিধা কার্যকর হবে।
আজ রোববার রেলপথ মন্ত্রণালয় ও মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামীকাল দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বিশেষ এই সেবা কার্যক্রম উদ্বোধন করবেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলমান মেট্রোরেলে ৬৫ বছর বা এর বেশি বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। ৬৫ বছরের বেশি বয়সী যাত্রীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে। স্টেশনের কাউন্টারে এনআইডি দেখালে বয়স যাচাই করে ছাড়ে টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের এই সুবিধা পেতে হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র থাকতে হবে এবং তা কাউন্টারে প্রদর্শন করতে হবে।