মিরপুর টেস্ট জেতার জন্য বিশ্বরেকর্ড গড়তে হত আইরিশদের। এর আগে, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েছিল ক্যারিবিয়ানরা। তবে আয়ারল্যান্ডের সেই লক্ষণ না থাকলেও টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগাচ্ছে বাংলাদেশকে। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান। ম্যাচ জেতার সঙ্গে সিরিজ নিশ্চিতে আর মাত্র ২টি উইকেট প্রয়োজন নাজমুল শান্তর দলের।

মূলত, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিরপুরের উইকেটে বাংলাদেশর স্পিনারদের ঘূর্ণি জাদুতে একের পর এক পরাস্ত হয়েছেন আ‌য়ারল্যান্ডের ব্যাটাররা। আইরিশ ব্যাটারদের বিপক্ষে দাপটের সঙ্গে শুরুটা করেন তাইজুল।

লক্ষ্য তাড়ায় নামা আইরিশদের প্রথম দুই উইকেটই নেন তাইজুল। ২৬ রানে দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। আইরিশ দুই ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ১৩  আর পল স্টার্লিং ৯ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর পর ৫১ রানের জুটি গড়েন টেক্টর ও কারমাইকেল। ১৯ রান করা কারমাইকেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন মুরাদ।

তৃতীয় সেশনে কার্টিস ক্যাম্ফার- হ্যারি টেক্টর বড় জুটি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন। তবে ৫০ রান করা ক্যাম্ফারকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি স্পিনার মুরাদ। দুই স্পিনারের পর এবারের আইরিশদের ব্যাটিংয়ে আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। ৩৭ তম ওভারের উইকেটরক্ষক-ব‍্যাটার লরকান টাকারকে ফেরান ৭ রানে।

ইনিংসের ৪৯তম ওভারে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে স্টিফেন ডোহেনিকে আউট করেছেন তাইজুল। ৫২ বলে ১ ছয়ে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান।

ক্রিজে রয়েছেন অর্ধশতক তুলে নেয়া ক্যাম্পার। তাকে সঙ্গ দিচ্ছেন গ্যাভিন।

উল্লেখ্য, প্রথম ইনিংস ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড পেয়েছিল টাইগাররা।

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করলো বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশের করা ১৯৪ রানের জবাবে সমান ১৯৪ রান করে থামে ভারত। পরে সুপার ওভারে ওয়াইডের কল্যাণে জেতে লাল-সবুজের দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। ৬৫ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় ভারত। ৩৮ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন ৪৪ রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার ৩৩ রান করা জিতেশ শর্মা।

নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম ২ বলেই আউট ভারতের ২ ব্যাটার। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১ রান। কিন্তু ব্যাট করতে নেমেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ইয়াসির আলী। পরের বল ওয়াইড হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 'এ' দল।

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানান, পরিবারকে সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলজাজিরার এক রিপোর্টে একথা জানা গেছে। 

৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।‘

তিনি জানান, অনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। ‘২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, কিন্তু সব কিছুরই শেষ আছে,’ বলেন রোনালদো।

আল নাসর ক্লাবের এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত মাসে তিনি জানিয়েছিলেন, ১ হাজার গোলের লক্ষ্য পূরণের পরই বিদায় নিতে চান।

অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য বেশি সময় দিতে চাই।’

এই পর্তুগিজ তারকা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। তবে ইউনাইটেডের বর্তমান অবস্থা তাকে হতাশ করেছে। বলেন, ‘দুঃখ লাগে, কারণ এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু তাদের এখন কোনো সঠিক কাঠামো নেই’, বলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমরিমকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু একা কেউই অলৌকিক কিছু করতে পারে না।’

থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

থাইল্যান্ড সফরের মাধ্যমে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের মতো শক্তিশালী দল না হলেও ম্যাচটি বাংলাদেশই জিতবে এমনটিই বিশ্বাস করেন দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।

দীর্ঘ এক যুগ পর গত শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচটিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৩-০ গোলে হারে আফঈদারা।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে এই প্রীতি ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকারা।

২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।

১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।

শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। ফলে ২-০ তে সিরিজ জিতলো ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

জাপানের বিমানবন্দরে ধরা পড়লো নকল পাকিস্তানি ফুটবল দল। ২২ জন পাকিস্তানি নাগরিককে জাপানে অবৈধভাবে প্রবেশ করাতে নকল ফুটবলার সাজিয়ে নিয়ে যায় পাকিস্তানের একটি মানব পাচার চক্র।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, মানব পাচারের উদ্দেশ্যে ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি। এফআইএ’র বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজসহ শীর্ষ গণমাধ্যমগুলো।

এফআইএ আরও জানায়, মানব পাচার চক্রের মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই পদ্ধতিতে ১৭ জনকে জাপানে পাঠানো হয়েছিল।

তদন্তে জানা যায়, প্রত্যেকের কাছ থেকে ৪০ লাখ রুপি করে নিয়েছিল চক্রটি। এরপর এই ২২ জনকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল, যাতে তাদের পেশাদার ফুটবলার মনে হয়। তবে তাদের জাল নথিপত্র ধরা পড়ে বিমানবন্দরে। এরপর ওই ব্যক্তিদের জেরা করার পর পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে কর্তব্যরত কর্মকর্তারা।

শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং।

এই এই ম্যাচে জয়ের টার্গেট থাকলেও সব ডিপার্টমেন্টে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, তার ওপর আমাদের কাজ করতে হবে। তিনটি বিভাগেই ভালো করতে হবে।

২০১৪ টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্নবিশ্বাস বাড়াচ্ছে প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন টাইগার ক্যাপ্টেন।

ম্যাচে সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। আবুধাবির প্রচণ্ড গরম বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হচ্ছে টাইগারদের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।

এশিয়া কাপ খেলতে প্রথম বহরে অধিনায়ক লিটন দাসসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
অধিনায়ক লিটনসহ প্রথম ভাগে দেশ ছেড়েছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে এশিয়া কাপে খেলার উদ্দেশে টাইগারদের প্রথম বহর ঢাকা ত্যাগ করে।

দ্বিতীয় গ্রুপটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত যাত্রা করবে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই এবং অনুশীলন। 

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের। 

প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার।

হালনাগাদ হওয়া আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে– ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে ১৫১ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ১৫১ ও ১০৬.৩৩। সিরিজে একটা উইকেটও শিকার করেন তিনি।

রাজা দুই ধাপ এগোনোয় পিছিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। ২৯৬ ও ২৯২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে তারা। এই তালিকার চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।

এদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তার রেটিং পয়েন্ট ৬৯০। এক ধাপ নিচে নামা মাহেশ থিকসানার চেয়ে ৩১ পয়েন্ট বেশি মহারাজের।

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে অবশ্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্কালোনি। সেখান থেকে দু’জনকে বাদ দিয়ে আলবিসেলেস্তেরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ম্যানুয়েল লোপেজ শেষ পর্যন্ত এই স্কোয়াডেও আছেন।

এর আগে প্রাথমিক স্কোয়াডে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও এনজো ফার্নান্দেজসহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি।

বাছাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, তাই বাকি ম্যাচের জন্য তাকে ডাকেননি আর্জেন্টাইন কোচ।

এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় ডাক পাননি পাওলো দিবালাও।

আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।

উল্লেখ্য,  আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে স্বাগতিক হয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। এ সময়, দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে লড়বে সেলেসাওরা। মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচ ছাড়াও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনাল ম্যাচে টিগ্রেসকে ২-১ গোলে হারায় মায়ামি। পেনাল্টি থেকে দলের দুটি গোলই করেন সুয়ারেজ। টিগ্রেসের পক্ষে একটি শোধ দেন অ্যাঞ্জেল কোররেয়া।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। প্রতিপক্ষের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে মায়ামির স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলবা, যার কারণে তিনি আর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি।

দ্বিতীয় ধাপের শুরুতেই রেফারিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ মাশ্চেরানো। এরপর তাকে ভিআইপি আসন থেকে সহকারী কোচকে ফোনে কৌশল জানাতে দেখা যায়, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ফলে সেমিফাইনালে ডাগআউটে থাকবেন না এই আর্জেন্টাইন কোচ।

৬৭তম মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরেয়া গোল করে সমতা ফেরালেও, আবারও হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ দ্বিতীয়বারের মতো গোল করে দলকে লিডে ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে।

সেমিফাইনালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে।