• Colors: Purple Color

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত জানাজায় নানান শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জানাজা শেষে মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ির উদ্দেশে। এ সময় জানাজাস্থলে উপস্থিত কিছু লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন।

গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। এ সময় সেখানে শোকের আবহ তৈরি হয় উপস্থিত মানুষের মধ্যে। সাবেক এই মন্ত্রীর জানাজাকে কেন্দ্র করে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকায় জোরদার করা হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।

জানাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। সাবেক এই মন্ত্রীর রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করতে দেখা যায় তাঁদের।

জানাজা শেষে লাশ মিরসরাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে
জানাজা শেষে লাশ মিরসরাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে
 

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি ও সিটি করপোরেশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। রাজনৈতিক ক্যারিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। মিরসরাইয়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন। চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের জন্য মানুষ তাঁকে স্মরণ করবেন।’

বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। তাঁরা মহান মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের ভূমিকা এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

পরিবারের পক্ষে মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তাঁর বাবার আচরণে কেউ কষ্ট পেলে এর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আজ আমাদের অনেক কষ্টের দিন। বাবা অনেক দিন হাসপাতালে ছিলেন। বাঁচানোর অনেক চেষ্টা করেছি। সব ব্যর্থ হয়েছে।’

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দলে সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান এই নেতা।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরও বেশ কিছু মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২০২৫ সালের ১৪ আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর থেকে শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে এত দিন ধরে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপকদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে অব্যাহতি ও নতুন উপাচার্য নিয়োগের তথ্য জানানো হয়।

বুয়েটে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক একরামুল হক। তিনি পুরকৌশল বিভাগের অধ্যাপক।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল (সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি উপাচার্যের দায়িত্বরত), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সবার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে নিয়োগ দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

এর আগে গত মার্চে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ ছাড়া একই সময় উচ্চশিক্ষা তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়।

পবিত্র ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই প্রজ্ঞাপনে ২৩ মের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ মে (শনিবার) অফিসগুলো খোলা থাকবে। ২৪ মে (রোববার) পবিত্র ঈদুল আজহার আগে শেষ অফিস।

যা যা ছুটির আওতামুক্ত

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ; পানি; গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ; ফায়ার সার্ভিস; বন্দর কার্যক্রম; পরিচ্ছন্নতা সেবা; টেলিফোন ও ইন্টারনেট; ডাক এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা।

ব্যাংক ও বেসরকারি খাতের জন্য আলাদা নির্দেশনা

এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

বেসরকারি খাতের সাধারণ ছুটি নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোটও।

উল্লেখ্য, সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল নীল, সবুজ ও লাল-সবুজ প্যানেলের প্রার্থীদের মধ্যে।

নেত্রকোনার মদন উপজেলায় প্রায় ২০ টন সরকারি চাল কালোবাজারে বিক্রিচেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাঁসকুঁড়ি মৈদাম এলাকায় নেত্রকোনা-মদন সড়কে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে পুলিশ।

আটক চালকের নাম শামিম মিয়া (৩২)। তিনি সদর উপজেলার ছোট গাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তাঁর সহকারী হলেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ছপিল উদ্দিন আকন্দের ছেলে শাহিন মিয়া (৩৪)। আজ শুক্রবার সকালে নেত্রকোনা পুলিশ সুপার তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে নিয়ে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে বিক্রির করা হচ্ছিল—এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে হাঁসকুঁড়ি মৈদাম এলাকার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিল যুক্ত ৬৬৭ বস্তা চালবোঝাই ট্রাকটি জব্দের পর চালক ও সহকারীকে আটক করা হয়।

খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন, চালগুলো সরকারি। পরে তিনি সেগুলো জব্দের নির্দেশ দিলে পুলিশ ট্রাকভর্তি চালসহ চালক ও সহকারীকে থানাহেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে মদন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

এ বিষয়ে জানতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, চালকের ভাষ্যমতে, চালগুলো মদন খাদ্যগুদাম থেকে বারহাট্টা উপজেলার বাউসি তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল। এ নিয়ে কোনো কাগজপত্র দেখাতেও পারছিলেন না তিনি। মূলত কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব