FI TV
ব্রেকিং
সারাদেশ

সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

Rupam Tanchangya২ মিনিটের পড়া
শেয়ার:
মুহাম্মদ শফিকুর রহমান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শফিকুর রহমান নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, পার্লামেন্ট জানালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭০ সালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পেশাগত জীবনের সূচনা হয় তার। স্বাধীনতার পর ইত্তেফাকে পূর্ণাঙ্গ সাংবাদিক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ ৩২ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ইত্তেফাক থেকে অবসর নেওয়ার পর স্বাধীন কলামিস্ট হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।

সাংবাদিকতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি ১৯৮৫ সালে জাপানের টোকিও, ১৯৯১ সালে জার্মানির বার্লিন এবং যুক্তরাজ্যে উচ্চতর সাংবাদিকতা প্রশিক্ষণ ও পড়াশোনা সম্পন্ন করেন। শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সংগঠনটির নেতৃত্বে ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবার এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

শফিকুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং ধীরে ধীরে দেশের গণমাধ্যম অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন।

শেয়ার: