হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় মুহাম্মদ আবু আলওয়ান নামের ওই হামাস কর্মকর্তা নিহত হয়েছেন।
২০২৫ সালের অক্টোবর থেকে সামরিক অভিযান বন্ধের আহ্বানে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলি প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই ‘সুনির্দিষ্ট অভিযানের’ জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করা হয়।
এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। তবে নেতানিয়াহুর বিবৃতিতে নির্দিষ্ট করে এই হামলার কথাই বলা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া আলাদাভাবে খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
অন্যদিকে, গাজার অন্যান্য স্থানেও সংঘাত অব্যাহত রয়েছে। গাজা সিটির উত্তর-পূর্বে বাস্তুচ্যুত মানুষের একটি ক্যাম্পে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল-আকসা শহীদ হাসপাতাল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া ওই বিবৃতিতে গাজার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব হতাহতের কোনো উল্লেখ ছিল না।
সূত্র: আল-জাজিরা।