মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে গ্যালারিতে থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ আনহেল ডি মারিয়া। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় বলবেন মেসি। বিষয়টি ইতোমধ্যে এএফএ ও ফিফাও নিশ্চিত করেছে।
রোসারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর রেসিং ক্লাবের বিপক্ষে ম্যাচের পর বুয়েনস এইরেসেই থেকে যাবেন তিনি। পরদিন মনুমেন্তালে গিয়ে মেসির বিদায়ী ম্যাচ দেখার পরিকল্পনা তার।
ডি মারিয়ার ভাষায়, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলা রয়েছে, তাই হয়তো সেখানেই থেকে যাব। আমার পথেই পড়ে, আমি নিশ্চিতভাবেই যাব।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা কঠিন হবে বলেও মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে। এত বছর পর আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে তিনি যা দিয়েছেন, এরপর লিওকে ছাড়া একটা দল কল্পনা করা কঠিন। তবে শেষ দিনটা আমরা সবাই উপভোগ করব।’
তিন ম্যাচের সিরিজে কেবল বেনিনের বিপক্ষের প্রীতি ম্যাচটিতেই মাঠ মাতাবেন মেসি। রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো দীর্ঘদিনের সতীর্থরা এই বিশেষ দিনে মাঠে তার সঙ্গী হবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের বাকি সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
ঘরের মাঠেই যে ফুটবল ঈশ্বর বিদায় নিচ্ছেন, তা নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি বলেন, ‘২০২২ কাতার বিশ্বকাপে তার সঙ্গে খেলা সব বিশ্বজয়ীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে পরিবার নিয়ে তারা এই অবিস্মরণীয় ক্ষণের অংশ হতে পারেন। প্রতিটি আর্জেন্টাইনের জন্য রাতটি চিরস্মরণীয় হয়ে থাকবে।’