ভিউ এখন ‘প্রশ্নবোধক চিহ্নে’ এসে দাঁড়িয়েছে: চঞ্চল চৌধুরী

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক, ওটিটিরি গণ্ডি পেরিয়ে এখন সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তিনি। ভিউয়ের অস্থির প্রতিযোগিতার মাঝেও বেছে বেছে কাজে যুক্ত হন তিনি। তবে দেশের বিনোদন অঙ্গনে ভিউ, বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি।
তার মতে, বর্তমানে যে ভিউয়ের প্রতিযোগিতা চলছে তা অনেকটাই প্রশ্নবিদ্ধ, আর ওটিটি প্ল্যাটফর্মেও আগের মতো মানসম্মত কাজ ও বাজেট নেই। ফলে শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন।
সম্প্রতি দেশের অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আড্ডায় অংশ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিউ একটা প্রশ্নবোধক চিহ্নে এসে দাঁড়িয়েছে-এটা আসলে প্লাস করছে, নাকি মাইনাস করছে। তবে নাটক থেকে সবাই একটু একটি ওটিটি বা সিনেমার দিকে যাচ্ছে। আমি বলছি না সবাই যাচ্ছে। যারা যাচ্ছে তার কোয়ালিটিফুল কাজ করতেই সেখানে যাচ্ছে। কিন্তু তাদের কারও আকাঙ্ক্ষা কি পূরণ হচ্ছে?”
ওটিটির উত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওটিটির উত্থানটা যেভাবে হয়েছিল, সেই জায়গায় আবার আমি গত দুই বছরে দেখলাম যে অনেকটা পড়ে গেছে।
এর কারণ ব্যাখ্যা করে চঞ্চল বলেন, ‘টেলিভিশনটা একসময় যেরকম উঠেছিল, টেলিভিশনের যে বাজেট ছিল, সেই বাজেটটা তারা আস্তে আস্তে কমিয়ে দেয়। ঠিক ওটিটিরও প্রথম দিকে যে বাজেটটা দিয়ে শুরু করেছিলাম আমরা, সেই বাজেটটা কিন্তু আর বাড়েনি। কিন্তু প্রত্যেক বছরই তো সবকিছুর দামই বাড়ছে।’
কাজের ক্ষেত্রে অর্থের বিষয়টি এখন সবার আগে চলে আসছে বলেও মন্তব্য করেন তিনি। চঞ্চল বলেন, ‘এখন একটা বিষয়, এটা খুবই বলতেও খুব খারাপ লাগে। যেকোনো মাধ্যমে কাজ করতে গেলে টাকার অঙ্কটা আগে উঠে আসে।’
দেশের বিভিন্ন সেক্টরে কাজের যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টিও তুলে ধরেন এই অভিনেতা। চঞ্চল চৌধুরীর ভাষায়, “সব সেক্টরেই আস্তে আস্তে করে ফল করছে এবং যে কাজগুলো একটু ভালো হচ্ছে, এর মধ্যে আপনি ধরে রাখবেন যে ৮০ শতাংশ মানুষ বিনা পয়সায় অথবা শুধু ভালোবেসে এখানে তার শ্রম এবং মেধাটা দিচ্ছে। আদারওয়াইজ সবার মূল্যায়ন কিন্তু কোনোভাবেই না।”
ওটিটিতেও শিল্পীরা তাদের কাজের যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না বলে দাবি করেন চঞ্চল। তিনি বলেন, ‘শ্রম বা মেধার তুলনায় এখন শিল্পীদের মূল্যয়ন বা পারিশ্রমিক কেউ ঠিকমত পাচ্ছের না। ওটিটিতে ১০০ শতাংশ কেউ এটাকে প্রফেশনালি এটা পাচ্ছে না। কারও সম্মানী ঠিক নেই। সিনেমা তো তাই।’
তিনি বলেন, ‘আমি কথাটা খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম। অনেকে মাইন্ড করবে, প্রডিউসার-ডিরেক্টর। কিন্তু এটাই সত্য।’
সবশেষে এ পরিস্থিতির পরিবর্তন চান জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “আমরা আসলে এই জায়গাটা চাই না। আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের যোগ্য সম্মানী এবং সম্মান নিয়ে ঠিকঠাক কাজটা ঠিকঠাক মতো করতে।”