FI TV
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ‘স্বেচ্ছাচারীভাবে আটক’ বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জাতিসংঘের মানবাধিকার দপ্তরের

Rupam Tanchangya২ মিনিটের পড়া
শেয়ার:
hh

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ থেকে গণহারে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। নির্বিচারে আটক বিক্ষোভকারীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের এ উদ্বেগকে ‘অমূলক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান এক বিবৃতিতে বলেন, দিল্লিতে শনিবারের বড় বিক্ষোভের আগে ও চলাকালে বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, নাগরিক সংগঠনের সদস্য, আইনজীবী ও সাংবাদিকদের গণহারে আটকের খবরে আমরা উদ্বিগ্ন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচনী সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা জাতীয় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সমালোচনা করছেন। দ্বৈত নাম ও অসংগতি দূর করার লক্ষ্যে এ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কয়েক কোটি নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীতে পূর্বনির্ধারিত স্থানে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া ও সড়ক বন্ধ রাখার খবর পাওয়া গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আন্দোলনের নেতারাও রয়েছেন।

থামিন আল-খিতান বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার পুরোপুরি সম্মান ও বাস্তবায়ন করতে হবে। বিক্ষোভের ওপর যেকোনো বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার কঠোর মানদণ্ড মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। যাঁদের স্বেচ্ছাচারীভাবে আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি জনমনে থাকা উদ্বেগের সমাধানে অর্থবহ সংলাপে বসার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বক্তব্যের কয়েক ঘণ্টা পর জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে এর প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে বলা হয়, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার সুরক্ষিত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতেও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যুক্তিসংগত বিধিনিষেধের আওতায় নাগরিকেরা এ অধিকার প্রয়োগ করেন। কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করে এবং অভিযোগ বা অসন্তোষের প্রতিকার পেতে সবার জন্য আদালতের দ্বার খোলা রয়েছে।

ভারতের স্থায়ী মিশন বলেছে, ‘এ কারণে ওএইচসিএইচআরের উদ্বেগ অমূলক এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ।’


শেয়ার: